দক্ষিণাঞ্চলে ধানের লুটিয়ে পড়ায় নিরাশ কৃষি যোদ্ধারা

বরিশাল অফিস:: একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বরিশাল কৃষি অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল আমনের ক্ষতিতে কৃষকের দু:শ্চিন্তার মাত্রা ক্রমশ বাড়ছে। সদ্য সমাপ্ত খরিপ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলের ১১ জেলায় ৮ লাখ ৬০ হাজার হেক্টর আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রায় ৮ লাখ ৮২ হাজার হেক্টরে আমন আবাদ হলেও পর পর ৩টি ঘূর্ণিঝড়ে উৎপাদন বিপর্যয়ের কথা স্বীকার করে লক্ষ্য অর্জন নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছে ডিএই।

অপরদিকে ঘূর্নিঝড় ‘মিগজাউম’ দুর্বল হয়ে মিলিয়ে যাবার পরে অগ্রহায়ণেই তাপমাত্রার পারদ ক্রমশ নামতে শুরু করায় বোরো বীজতলা নিয়েও দুঃশ্চিন্তা বাড়ছে। গত এক সপ্তাহে বরিশালে তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেয়ে সোমবার ১৪ ডিগ্রীর কাছে ঘোরাফেরা করছিল। তবে তাপমাত্রার এ অবস্থার চেয়েও উত্তর-পশ্চিমের কনকনে হাওয়া জনজীবনে বিপর্যয় সৃষ্টি করছে। বেলা বাড়ার আগে কৃষি শ্রমিকরা ধান কাটতে আমনের পানি ভরা জমিতে নামতেও পারছেন না। সাথে শেষরাত থেকে মাঝারী কুয়াশা বোরো বীজতলার ঝুঁকি বৃদ্ধি করছে। বরিশাল অঞ্চলের ১১ জেলায় লক্ষ্যমাত্রার প্রায় ৩৫ ভাগ জমিতে ইতোমধ্যে বোরো বীজতলা তৈরী হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক জানান, এ অঞ্চলে লক্ষ্যমাত্রার অতিরিক্ত আবাদ হলেও প্রায় ৫০ ভাগ ধানই মাটিতে লুটিয়ে পড়ায় উৎপাদন লক্ষ্য অর্জনই কষ্টকর হবে। সদ্য সমাপ্ত খরিপ-২ মৌসুমে দেশে ৫৯.৯০ লাখ হেক্টরে আমন আবাদের মাধ্যমে ১ কোটি ৭২ লাখ টন চাল পাবার লক্ষ্য স্থির করে কৃষি মন্ত্রণালয়। কিন্তু আবাদ লক্ষ্য অতিক্রম করলেও একের পর এক প্রাকৃতিক দুর্যোগে উৎপাদন কোন পর্যায়ে পৌঁছবে সে হিসেব নিশ্চিত হবে বরিশাল অঞ্চলের পুরো আমন ঘরে তোলার পরে।

গত ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় ‘হামুন’এর মাঝারি বর্ষণে আমনের কোন ক্ষতি না হলেও আগাম সবজি আবাদ পিছিয়ে যায়। কিন্তু গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় ‘মিধিলি’ প্রায় ৭৫ কিলোমিটার বেগের ঝড় নিয়ে বরিশাল উপকূলে আছড়ে পড়ায় আমনের যথেষ্ট ক্ষতি হয়েছে। ঐ ঝড়ের প্রভাবে মাত্র ১২ ঘন্টায় বরিশালে ২শ’ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এর ২২ দিনের মাথায় চলতি মাসের প্রথম সপ্তাহে আরেক ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আমাদের দক্ষিণ উপকূল থেকে সাড়ে ১২শ’ কিলোমিটার দূরে উপকূলে আঘাত হানলে তার প্রভাবে টানা ৫ দিনের মেঘলা আবহাওয়ার সাথে অগ্রহায়ণের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমনের আগের ক্ষতিকে আরো তড়ান্বিত করেছে বলে মাঠ পর্যায়ের কৃষিবিদরা জানিয়েছেন।

সোমবার পর্যন্ত বরিশাল অঞ্চলের ১১ জেলার মধ্যে ৫ জেলায় আবাদকৃত ১ লাখ ৮০ হাজার হেক্টর আমনের প্রায় ৯৫ ভাগ ধান কর্তন হলেও অবশিষ্ট ৬ জেলায় যে ৭ লাখ ২ হাজার হেক্টরে আবাদ হয়েছে, সেখানে মাত্র ৩৫ ভাগ ধান কর্তন সম্ভব হয়েছে। মাঠে থাকা অবশিষ্ট ৬৫ ভাগ ধানের অন্তত ৮০ ভাগই মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে এসব ধানের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবার আশংকার কথা বলেছেন কৃষকরা। এমনকি পর পর ৩টি ঘূর্ণিঝড়ের কারণে বরিশাল অঞ্চলে আগাম শীতকালীন সবজির প্রায় পুরোটাই ক্ষতিগ্রস্ত হবার সাথে সবজি সহ অন্যান্য রবি ফসলের আবাদ পিছিয়ে গেছে। ফলে এবার বরিশাল অঞ্চলের কৃষকরা আমনের ক্ষতি পুষিয়ে নিতে রবি ফসল আবাদের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার সম্ভাবনাও ক্রমশ ক্ষীন হয়ে আসছে।

এসব ব্যাপারে ডিএই’র বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক জানান, আমরা রবি মৌসুমে ১ লাখ ৭০ হাজার কৃষককে সার, বীজ সহ বিভিন্ন ধরনের প্রনোদনা দেবো। সেখানে আমনের ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে সরেজমিনে ঘুরে মাঠ পর্যায়ের একাধিক কৃষিবিদ পর পর ৩টি ঘূর্ণিঝড় এবার বরিশাল অঞ্চলের কৃষি অর্থনীতিকে যথেষ্ঠ বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বলে আশংকা প্রকাশ করেছেন। এর পরেও চলতি রবি মৌসুমে বোরো এবং গমের আবাদ লক্ষ্য অর্জিত হলে ক্ষতি অনেকটাই পুষিয়ে নেয়া সম্ভব হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষিবিদগন।




ভোলায় সার কারখানা স্থাপনে সমীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর




গোপন দল তৈরি করেছেন নেতানিয়াহু




ভোলায় অচল মালামাল সচলে জীবিকা

বরিশাল অফিস::  দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময়ই নষ্ট হয়ে যায় বাসার বিভিন্ন ইলেকট্রনিক্স মালামালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। ভোলার লালমোহন উপজেলার পৌরশহরের মহাজন পট্টিতে বিগত বেশ কয়েক বছর ধরে এসব ইলেকট্রনিক্স মালামাল ও পুরোনো জিনিসপত্র মেরামত করে জীবিকা জোগাচ্ছেন মেকানিকরা। পুরোনো এসব নষ্ট মালামাল মেরামতের জন্য মহাজন পট্টিতে রয়েছে ১২টির মতো দোকান।

এসব দোকানে মেরামত করা হয়; ইলেকট্রনিক্সের রাইস কুকার, বেলেন্ডার, প্রেশার কুকার, গ্যাসের চুলা, টর্চ লাইট, বৈদ্যুতিক বাতি ও তালা-চাবিসহ বিভিন্ন সরঞ্জাম। এসব জিনিসপত্র মেরামতের জন্য সর্বনিম্ন ৫০ টাকা থেকে ২ হাজার টাকা নেন মেকানিকরা। এই অচল জিনিসপত্র সচল করেই লালমোহনের মহাজন পট্টির এসব মেকানিকরা সংসার চালাচ্ছেন।

নষ্ট মালামাল মেরামত করা এমনই এক মেকানিক চল্লিশ বছর বয়সী পলাশ। ছোট বেলায় খালুর কাছ থেকে পুরোনো নষ্ট জিনিসপত্র মেরামতের কাজ রপ্ত করেন তিনি। প্রথম দিকে এসব মালামাল মেরামত করার পাশাপাশি অন্যান্য কাজ করলেও গত ১০ বছর ধরে এটিকেই পেশা হিসেবে নিয়েছেন পলাশ। তিনি পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার বাসিন্দা।

পলাশ জানান, প্রতিদিন সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে এসে দোকান খুলি। বন্ধ করি রাত ৯ টা থেকে ১০ টার মধ্যে। এতে করে দৈনিক দুই থেকে আড়াই হাজার টাকা উপার্জন হয়। যেখান থেকে বিভিন্ন খরচ বাদে ৭ থেকে ৮শ টাকা আয় হয়। আর এ দিয়েই চলে সংসার।

তিনি আরো জানান, সংসারে মা, স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে একজন ছেলে, একজন মেয়ে। এই দুই সন্তানই স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে। তাদের পড়ালেখা আর সংসারের খরচ জোগাড় হয় এই পুরোনো মালামাল মেরামত করে। ১০ বছর ধরেই এ কাজ করছি। এখন উপার্জনের জন্য এটিই পেশা।

নষ্ট হওয়া গ্যাসের চুলা ঠিক করতে আসা মো. জাহিদুল ইসলাম বলেন, প্রায় দুই বছর আগে চার হাজার টাকা দিয়ে একটি গ্যাসের চুলা কিনি। তবে হঠাৎ করে এটি নষ্ট হয়ে যায়। এ জন্য এখানে মেরামত করতে এনেছি। যার জন্য আমাকে গুণতে হয়েছে প্রায় ১৫ শ টাকা। তবে এই মেরামতের মাধ্যমে আগামী তিন বছর আর কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন মেকানিক। এছাড়া এখানে এসে দেখেছি নষ্ট অনেক জিনিসপত্রই মেরামত করা হয়।

লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তফা মিয়া জানান, বাজারের ছোট-বড় সকল ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা পরিচালনা করছেন। তাদের যেকোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে তা আমরা সমাধানের চেষ্টা করি। লালমোহন বাজার ব্যবসায়ী সমিতি সব সময় ব্যবসায়ীদের পাশে রয়েছে।




কৃষকের বাড়ির উঠোনে পাটি বিছিয়ে খাবার খেলেন কাদের সিদ্দিকী

বরিশাল অফিস :: সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে প্রার্থী হয়ে উজিরপুর উপজেলায় ঘর নির্মাণের কাজ শুরু করেছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। ভক্তের উপহার দেওয়া জমিতে রোববার (১১ ডিসেম্বর) ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নকুল কুমার।
তার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। সেখানে গিয়ে এক দরিদ্র কৃষকের বাড়ির উঠোনে পাটি বিছিয়ে দুপুরের খাবার খেয়েছেন তিনি।

নকুল কুমার বিশ্বাস বলেন, তার পূর্ব পুরুষের বাড়ি ছিল যশোর। সেখান থেকে তারা উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় এসেছিলেন। এখান থেকে মাদারীপুর গিয়ে বাড়ি করেছেন। তাই পূর্ব পুরুষের এলাকা বরিশাল-২ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে নির্বাচন করবেন তিনি। উপজেলার বামরাইল ইউনিয়নের মুলপাইন গ্রামের বাসিন্দা তার ভক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু সিকদারের দান করা ২১ শতাংশ জমিতে ভবন নির্মাণ করবেন তিনি।

নকুল কুমার বিশ্বাস বলেন, আজ (রোববার) প্রাচীর দেওয়ার কাজ শুরু করা হয়েছে। এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বেলা ১১টার সময় তিনি উজিরপুর এসে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হরনাথ বাইনের বাসভবনে যান। সেখানে গিয়ে তার স্মৃতিচারণ করেন। পরে বঙ্গবীর হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় গ্রামে এক দরিদ্র কৃষকের বাড়ির উঠোনে পাটি বিছিয়ে দুপুরের খাবার খেয়েছেন।

খাবারের আয়োজন জানিয়ে তিনি বলেন, ডিম ভাজি, আলুর তরকারি ও সাদাভাত খেয়েছেন বঙ্গবীর। তার সঙ্গে থাকা সবাই পাটিতে খাবার খেয়েছেন তৃপ্তিভরে। সাধারণ মানুষের সঙ্গে বঙ্গবীরের পাটিতে খাবার খাওয়ার বিষয়টির প্রশংসা করেছেন সবাই।

নুকুল কুমার বিশ্বাস জানান, উজিরপুর উপজেলার বড়া কোঠা, ওটরা, হারতা, সাতলা ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষক শ্রমিক জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বঙ্গবীর। বিকেল ৪টার দিকে বঙ্গবীর উজিরপুর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করেন।

এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে দলের যুব কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক হাবিবুর নবী সোহেল, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের সহধর্মিনী গৌরি রানী বিশ্বাসসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতারা ছিলেন।




বরিশালে বিএনপি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

বরিশাল অফিস ::  বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

১০ ডিসেম্বর রবিবার রাতে নগরীর নূরিয়া স্কুল এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শাকিল হোসেন পলাশের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপি ছেড়ে আওয়ামী লীগ যোগদান করেন তারা।

এ সময় ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।




ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বরিশাল অফিস::  মাঠে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফারুক (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার উত্তর দিঘলদী এলাকায় এ ঘটনা ঘটে। মো. ফারুক উপজেলার উত্তর দিঘলদী এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বসতঘর থেকে বের হয়ে মাঠে যাচ্ছিলেন ফারুক। পথে একটি খুঁটিতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার এসআই মো. আকবর হোসেন জানান, মরদেজ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।




বরিশালে জেঁকে বসেছে শীত

বরিশাল অফিস:: সম্প্রতি ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দেশে বৃষ্টিপাত হয়। এই ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পর সারা দেশে শীত শীত অনুভব শুরু হয়েছে।

দু-য়েক দিনের মধ্যে আরও কমে যেতে পারে রাতের তাপমাত্রাও। তবে এরইমধ্যে উত্তরে জেঁকে বসেছে শীত। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) বরিশালে ভোর থেকে ঘন কুয়াশার পাশাপাশি ছিলো হিমেল হাওয়া।

আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের শুরুতেই শীত নামার কথা থাকলেও ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তা দেরি হয়েছে। মেঘ পুরোপুরি কেটে যাওয়ার পর বেড়েছে শীতের তীব্রতা।

দু-য়েক দিনের মধ্যেই তাপমাত্রা আরও কমতে পারে। এ ছাড়া ডিসেম্বরের মাঝামাঝিতে দেশের তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।আবহাওয়া অফিস আরও জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত ৫ দিন তাপমাত্রা আরও কমতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিনাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শীত ও ঘন কুয়াশায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

একই সাথে কন কনে শীতে দুর্ভোগে পড়েছেন এ জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা।বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক বশির আহমেদ জানান, সোমবার সকাল ৬টায় বরিশাল জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে রাতে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা উঠানামা করতে পারে। ফলে এসময় শীতের দাপট আরও বেড়ে যাবে।

আগামীতে তাপমাত্রা আরও কমে আসবে বলেও জানান তিনি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিনাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং জেলার অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




পটুয়াখালীতে ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ২

বরিশাল অফিস::  পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাছ ধরার ট্রলারে আকস্মিক বিস্ফোরণে ট্রলারটির একাংশ বিধ্বস্ত হয়ে ২ জেলে আহত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার ধোলাই মার্কেট সংলগ্ন এলাকায় মাছ ধরার ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধকৃত দুই জেলে হলেন হারুন পহলান ও হাবিব। তারা উভয়েই কলাপাড়া উপজেলার ধুলাস্বার ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ট্রলারটি ৬ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ট্রলারটির সামনের অংশ ভেঙে উড়ে যায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ট্রলারের গ্যাস সিলিন্ডারটি অক্ষত অবস্থায় রয়েছে, ট্রলারে রাখা মালামাল এলমেলো অবস্থায় পড়ে রয়েছে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা জানাতে পারেনি প্রত্যক্ষদর্শীরা।

বিস্ফোরণে দগ্ধ ২ জেলেকে প্রথমে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শঙ্কাজনক অবস্থায় হারুন পহলানকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেলে এবং পরে সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রেরণ করা হয়। তার পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। অপর জেলে হাবিবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ধুলাস্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বার্তা২৪.কম’কে বলেন, সোমবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে। সিলিন্ডারটি রয়েছে ট্রলারের পিছনের দিকে আর বিধ্বস্ত হয়েছে ট্রলারের সামনের দিক। তবে কীভাবে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ট্রলারে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তদন্ত চলমান, পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।




বরিশালে ১০৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করলেন ভ্রাম্যমাণ আদালত

বরিশাল অফিস::  বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারি বাজারে অভিযান চালিয়ে ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করেছেন ভ্রাম্যমাণ আদালত। ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি হওয়ার খবরে শত শত ক্রেতা তখন বাজারে ভিড় জমান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, ব্যবসায়ীরা পাইকারিতে ৯৫ টাকায় কেনা পেঁয়াজ খুচরা বাজারে ১৮০ টাকা দরে বিক্রি করছিলেন। জরিমানা না করে ব্যবসায়ীদেরকে ১০৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করা হয়।

ন্যায্য দামে পেঁয়াজ পেয়ে খুশি মনে বাজার থেকে ফিরতে দেখা যায় ক্রেতাদেরকে।

বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় বরিশালের গৌরনদীতে ১১ জন পেঁয়াজ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী বন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযান চালিয়ে আট ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বিকেলে গৌরনদীতে মাহিলাড়ায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেন।