রাঙ্গাবালীতে শিক্ষকের লাঞ্ছনার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সহকারী শিক্ষক মো. আবু হানিফের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বস্তরের শিক্ষক সমাজের মধ্যে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার সদরে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষককে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করা শুধু নিন্দনীয় নয়, এটি গোটা শিক্ষা ব্যবস্থার জন্য অপমানজনক। বক্তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, “একজন শিক্ষককে এভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আমরা মর্মাহত। সহকর্মীর উপর হামলার বিচার না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
ঘটনাকে কেন্দ্র করে উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীরা মানববন্ধনে অংশ নেন। এতে শিক্ষার্থীরাও হাতে হাত মিলিয়ে শিক্ষকদের পাশে দাঁড়ায়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ঘটনার পর নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন গ্রামে শিক্ষক মো. আবু হানিফকে স্থানীয় বিএনপি নেতা ও চর বেষ্টিন ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল প্যাদা মারধর করেন বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় শিক্ষককে ২৫ আগস্ট পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আবু হানিফ লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।
অভিযুক্ত মোজাম্মেল প্যাদা ঘটনার ব্যাখ্যায় দাবি করেন, ব্যক্তিগত দেনাপাওনার জেরে শিক্ষককে ডেকে কথা বলার সময় উত্তেজনার মধ্যে তিনি একটি থাপ্পড় দেন। তবে এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং সাধারণ মানুষ একে অগ্রহণযোগ্য আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








