ভোক্তা না কেনায় গুদামে নষ্ট হচ্ছে পেঁয়াজ

চন্দ্রদীপ নিউজ : এবার পেঁয়াজের দাম বাড়িয়ে অসহায় হয়ে পড়েছে সেই শক্তিশালী আড়তদার সিন্ডিকেট। তাদের কারসাজিতে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০০-২৪০ টাকা ঠেকানো হয়, যা ১১০-১৩০ টাকা ছিল। এবারই প্রথম নীরব প্রতিবাদ হিসাবে বাড়তি দাম দিয়ে পেঁয়াজ কেনা থেকে মুখ ফিরিয়ে নেন ভোক্তা। ফলে পণ্যটি না কেনায় আড়ত থেকে সরবরাহ কমে যায়।অনেক গুদামেই নষ্ট হচ্ছে পেঁয়াজ। বস্তাবন্দি থাকায় পচন ধরেছে পেঁয়াজে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর থেকেই বাজারে নৈরাজ্য চলছে। তবে এবারই প্রথম ভোক্তারা এক হয়েছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পেঁয়াজ কেনা থেকে বিরত থাকতে প্রচারণা চালানো হয়েছে। একই সাথে সরকারের পক্ষ থেকেও নেয়া হয় নানা উদ্যোগ। ফলে ক্রেতারা বাড়তি দরে পেঁয়াজ কেনা থেকে বিরত ছিলেন। অতিপ্রয়োজন না হলে কেউ পেঁয়াজ কেনেননি। পাশাপাশি দেশি নতুন পেঁয়াজ পুরোদমে বাজারে আসতে শুরু করেছে। ফলে দিশেহারা হয়ে সেই শক্তিশালী সিন্ডিকেট পেঁয়াজের দাম কমাতে শুরু করেছে।

মঙ্গলবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮০-২০০ টাকা। একদিন আগে ২২০-২৪০ টাকা ছিল। তবে বৃহস্পতিবার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৩০ টাকা। পাশাপাশি আমদানি করা ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাজার খুব কম। তবে যেসব দোকানে পাওয়া যাচ্ছে, সেখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা, যা একদিন আগে ২০০ টাকা ছিল। আর বৃহস্পতিবার বিক্রি হয়েছিল ১১০ টাকা। এছাড়া রাজধানীর খুচরা বাজারে পাতাসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি। মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০-১৪০ টাকা।




পটুয়াখালীর জেলেদের জালে বিপুল সামুদ্রিক মাছ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে জেলেদের জালে ধরা পড়ছে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ। মৎস্য বন্দর ও মাছ ঘাটগুলোতে এসব মাছে সয়লাব। ইলিশ মাছ কম ধরা পরলেও বিভিন্ন সামুদ্রিক মাছ ও চিংড়ি ধরা পরায় খুশি জেলেরা। বাজারে সামুদ্রিক মাছের দামও কম।

মৎস্য বিভাগ বলছে, বিগত কয়েক বছরে মৎস্য সম্পদ উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপে দেশের সমুদ্র এলাকায় মাছের মজুৎ ও উৎপাদন বেড়েছে।

মৎস্য বিভাগের তথ্য মতে, বাংলাদেশে ২৬০ প্রজাতির স্বাদুপানির এবং ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। পটুয়াখালীর জেলেদের জালে ইলিশের পাশপাশি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পরছে। ইলিশের প্রধান প্রজনন মওসুমকে নিরাপদ রাখতে দেশের সকল নদ নদী ও সাগর মোহনায় ২২ দিন মাছ শিকার বন্ধ থাকার পর বেশ মাছ পাচ্ছেন জেলেরা।

মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় আড়ৎ গুলোতে শ্রমিকরা মাছ প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে ব্যস্ত।
মাছের উৎপাদন ও মজুৎ বৃদ্ধি করতে সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে। পাশপাশি জেলেদের প্রশিক্ষণ, বিকল্প কর্মসংস্থান এবং বৈধ জালের ব্যবহার নিশ্চিত করতে জোরালো পদক্ষেপ নেয়ায় সামুদ্রিক মাছের উৎপাদন বাড়ছে বলে জানান, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম ।
২০২২-২০২৩ অর্থ বছরে পটুয়াখালী জেলায় ১ লাখ ১৫ হাজার মেট্রিকটন ইলিশসহ অনান্য সামুদ্রিক মাছ শিকার করা হয়েছে। চলতি অর্থ বছরে এই পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে মৎস্য বিভাগ।




দৃষ্টির আড়ালে বরিশাল অঞ্চলের ডেঙ্গু পরিস্থিতি

বরিশাল অফিস:: বরিশাল অঞ্চলে অগ্রহায়ণের প্রবল বর্ষণের পরে শীতের দাপটের মধ্যেই শুধু সরকারি হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২শ ছাড়াল। ভর্তিকৃত রোগীর সংখ্যা প্রায় ৩৮ হাজার। নভেম্বরের মধ্যভাগ থেকে হাসপাতালে আগত রোগীর সংখ্যা কমতে শুরু করলেও মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। এমনকি চলতি মাসের ১২ দিনেই সরকারি হাসপাতালে মারা গেছে আরো অন্তত ১০ জন। এখনো প্রতিদিনই সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৩Ñ৪শ। স্বাস্থ্য বিভাগের হিসেবেই এখনো ঢাকার পরে বরিশালেই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশী। বরিশাল অঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে অক্টোবরে প্রায় ৮ হাজার ডেঙ্গু রোগীর মধ্যে ৪৮ জনের মৃত্যুর পরে নভেম্বরেও ভর্তিকৃত আরো ৪ সহ¯্রাধিকের মধ্যে মৃত্যুর মিছিলে ৪০ জনের নাম যোগ হয়েছে।

নভেম্বরের বেশ কয়েক দিনই দৈনিক ৪-৬ জনের মৃত্যু হয়েছে। যার বেশীরভাগই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ১৭ জনের মৃত্যু হয়েছে বরিশাল অঞ্চলে। বিগত বছরগুলোতে সারা দেশের মত বরিশাল অঞ্চলে সেপ্টেম্বরের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রনে আসলেও এবছর ডিসেম্বরে দক্ষিণাঞ্চল জুড়ে ডেঙ্গু হানা দিচ্ছে। নভেম্বরের প্রথমভাগে প্রতিদিন ২শর ওপরে ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হলেও মাসের শেষভাগে তা কিছুটা কমে এসেছে। গত ২৪ নভেম্বর বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে প্রবল বর্ষণকে আশীর্বাদ বলছেন স্বাস্থ্য বিভাগের অনকেই। তাদের মতে ঐ ঝড়ের প্রভাবে মাত্র ১২ ঘন্টায় বরিশাল মহানগরীতে প্রায় ৩শ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এত অল্প সময়ের টানা প্রবল বর্ষণে পুরো দক্ষিণাঞ্চলে এডিস মশা ও তার লার্ভা ধুয়ে মুছে অনেকটাই সাফ হয়ে গেছে বলে মনে করছেন সিটি করপোরেশন সহ স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল মহল। তবে মৃত্যুর মিছিল প্রতিদিনই ক্রমশ দীর্ঘতর হচ্ছে।

অপরদিকে এ উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে এখনো অন্তত তিনগুন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালের বাইরে চিকিৎসা নিচ্ছেন বলে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন। এমনকি এখনো ঢাকা ও চট্টগ্রামের পরে বরিশালেই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার বেশী।

গত ১ অক্টোবর পর্যন্ত দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলার সরকারি হাসপাতাল গুলোতে ভর্তিকৃত প্রায় ২৫ হাজার ডেঙ্গু আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছিলেন ২৩ হাজার ৫৯০ জন। কিন্তু ১৮ অক্টোবর এ অঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৩০ হাজার অতিক্রম করে। ঐদিন পর্যন্ত মৃত্যু হয় ১০২ জনের। যারমধ্যে ৭২ জনই বরিশালে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসেবে অক্টোবরের শেষ দিন পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ভর্তিকৃত ৩২ হাজার ৭৩২ জন রোগীর মধ্যে দেড়শ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। ১২ ডিসেম্বর সকাল পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ভর্তিকৃত প্রায় ৩৮ হাজার ডেঙ্গু রোগীর মধ্যে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৮ হাজার সহ বরিশাল জেলায়ই ভর্তিকৃত রেগীর সংখ্যা ১৪ হাজার। যার মধ্যে মৃত্যু হয়েছে ১৬৩ জনের। মৃতের এ সংখ্যার মধ্যে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ১৫৯ জন। এখনো শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে মৃতদের বেশীরভাগই ভর্তির ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে মারা যাচ্ছেন। পাশাপাশি দক্ষিণাঞ্চলের মধ্যে এ হাসপাতালেই মৃত্যুহার সর্বাধিক বলে স্বাস্থ্য বিভাগ সূত্র বলছে। কর্তৃপক্ষের দাবী, ‘সমগ্র দক্ষিণাঞ্চলের সর্বাধিক জটিল ও মুমূর্ষু রোগীদেরই এ হাসপাতালে পাঠান হচ্ছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলাটিতে ভর্তিকৃত প্রায় ৮ হাজার ডেঙ্গু রোগীর মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। ভোলাতে ৪ হাজার ভর্তিকৃত রোগীর মধ্যে ১০জন মারা গেছেন। পিরোজপুরে প্রায় সাড়ে ৭ হাজার ভর্তিকৃত রোগীর মধ্যে ১২ জনের মৃত্যুর কথা বলেছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। বরগুনাতেও সরকারি হাসপাতাল গুলোতে ভর্তিকৃত প্রায় সাড়ে ৪ হাজারেরও বেশী ডেঙ্গু রোগীর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। আর মাত্র ৪ উপজেলা নিয়ে গঠিত সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীর সরকারি হাসপাতালগুলোতে ভর্তিকৃত প্রায় ১১শ ডেঙ্গু রোগীর মধ্যে ১ জনের মৃত্যুর কথা বলছে স্বাস্থ্য দপ্তর। তবে বরিশাল মহানগরীর পাশের এ জেলাটির সিংহভাগ রোগীই শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে ভর্তিকৃত প্রায় ৩৮ হাজার ডেঙ্গু রোগীর মধ্যে ৩৭ হাজার ৩৯৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। শনিবার বরিশাল বিভাগের ২টি মেডিকেল কলেজ হাসপাতাল ও ৫টি জেনারেল হাসপাতাল ছাড়াও ৩৬টি উপজেলা হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা যথেষ্ট হ্রাস পেয়ে মাত্র পৌনে ২শতে নেমে এসছে। যা আগের মাসের এ সময়ে ছিল প্রায় তিনগুন। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, ‘এডিস মশা নির্মূল ছাড়া ডেঙ্গু থেকে পরিত্রানের কোন বিকল্প পথ চিকিৎসা বিজ্ঞানে আপাতত নেই। বরিশাল সিটি করপোরেশন সহ বিভিন্ন পৌরসভা ও স্থানীয় সরকার প্রশাসনকে এ বিষয়টি বার বারই স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। এ লক্ষ্যে সবাইকে আন্তরিক পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানান এ কর্মকর্তা।




শিশু ও বয়স্কদের ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ অগ্রহায়ণের কুয়াশাচ্ছন্ন দক্ষিণাঞ্চল

বরিশাল অফিস::  অগ্রহায়ণের কুয়াশাচ্ছন্ন হিমেল হাওয়ার সাথে কনকনে ঠান্ডায় সমগ্র বরিশাল অঞ্চলের জনজীবন বিপর্যস্ত। অতি জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না। এমনকি মঙ্গলবার অনেকেই দুপুরের আগে ঘরের দড়জা জানালা পর্যন্ত খোলেননি। আবহাওয়া বিভাগের হিসেবে ডিসেম্বরে বরিশালে সর্বনি¤œ তাপমাত্রা ১৩.৩ ডিগ্রী সেলসিয়াসের কাছে থাকলেও উত্তর-পশ্চিমের হিমেল হাওয়ায় শীতের অনুভূতি যথেষ্ট বাড়িয়ে দিচ্ছে।

আবহাওয়া বিভাগ থেকে আগামী ৩দিনে দিন ও রাতের তাপমাত্রা আরো ২-৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পাবার কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ বাংলাদেশ উপকূল থেকে প্রায় সাড়ে ১২শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আছড়ে পরে দুর্বল হয়ে ক্রমশ উত্তরে এগিয়ে স্থল নিম্নচাপ আকারে মিলিয়ে যাবার পরেই সাইবেরিয়ান বায়ু দক্ষিণাঞ্চল সহ সারা দেশে ঢুকে পড়েছে। ফলে মাত্র ৪৮ ঘন্টায় বরিশালে তাপমাত্রার পারদ প্রায় ৯ডিগ্রী সেলসিয়াস হ্রাস পাবার সাথে উত্তর-পশ্চিমের কনকনে হাওয়ায় জনজীবন ক্রমশ বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি মাসের শেষ দিকে ১-২টি মৃদু থেকে মাঝারী শৈত্য প্রবাহ বয়ে যাবার খবর দিয়ে রেখেছে আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চল কুয়াশার চাঁদরে ঢাকা ছিল। মেঘনা অববাহিকা মধ্য রাতের আগেই কুয়াশায় ঢেকে যাচ্ছে। এমনকি মঙ্গলবার রাতের প্রথম প্রহরে ভোলা-ঢাকা রুটের দুটি যাত্রিবাহী বেসরকারী নৌযানের সংঘর্ষে মেঘনার হাইমচরে ‘এমভি সুরুভী-৮’ নৌযানের এক যাত্রী নিহত হয়েছেন।

এ বিরুপ আবহাওয়ায় শিশু ও বয়োবৃদ্ধদের ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হবার প্রবনতা বাড়ছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতাল সহ বরিশাল অঞ্চলের ৬টি জেলা ও সব উপজেলা হাসপাতালেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এসময়ে শিশু ও বয়স্কদের ঠান্ডা এড়িয়ে চলার পাশাপাশি হালকা গরম পানিতে গোসল করা সহ ঠান্ডা পানীয় সম্পূর্ণভাবে পরিহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাাশাপাশি সব বয়সী মানুষকেই যতটা সম্ভব শরীরে রোদ লাগানোরও পরামর্শ দিয়েছেন।




বরিশালের দুই ইউনিয়নে স্বাস্থ্য বিষয়ক সভা

বরিশাল অফিস:: বরিশাল সদর উপজেলার রায়পাশা এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ব্যক্তিদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে রায়পাশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা হয়। এর আয়োজন করেছে বরিশাল মহিলা কল্যাণ সংস্থা ও তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম। অধিকার এখানে এখনই (আরএইচআরএন-২) প্রকল্প নারীপক্ষের সহযোগিতায় সভা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ইউপি সদস্য জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রায়পাশা ইউনিয়ন পরিষদের সচিব ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটি সদস্য সচিব কামাল হোসেন, কাশিপুর ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব আব্দুল করিম প্রমুখ।

বক্তারা ইউনিয়ন শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন।
বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার।

জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেয়া হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কিশোর কিশোরীদের সেবা ও পরামর্শের গ্রহণের সংখ্যা কম। এক্ষেত্রে আমাদের পারিবারিক ও সামাজিক জনসচেতনতা তৈরি করতে হবে।




প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়লেন শাম্মী

বরিশাল অফিস:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। এসংক্রান্ত আবেদন গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকার গ্রহণ করেছে। শাম্মীর ওই আবেদনের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ড. শাম্মী বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে নৌকার প্রার্থী ছিলেন।মনোনয়ন বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম তার প্রার্থিতা বাতিল করেন। তবে ইসিতে করা তার আপিলের শুনানি হবে বুধবার (১৩ ডিসেম্বর)।

সংশ্লিষ্টদের মতে, সাংবিধানিক আইন অনুযায়ী দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে মনোনয়ত্র দাখিলের আগে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হয়। ড. শাম্মী গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেছেন।

তখনও তিনি অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন। সামাজিক যোগোযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আবেদনের কপিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ান সরকার ড. শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করার আবেদন গত ৮ ডিসেম্বর গ্রহণ করেছে।

এ বিষয়ে ড. শাম্মী বলেন, তিনি ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। সে দেশের সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহণ করেছে।প্রমাণপত্র প্রসঙ্গে শাম্মী বলেন, যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন, তাই এ নিয়ে কোনো মন্তব্য করছি না। ইসির রায় ঘোষণার পর সংবাদ সম্মেলন করব।

ড. শাম্মীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকা অবস্থায় শাম্মী নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাংবিধানিকভাবে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ নেই।

 




পর্যটক না থাকায় হতাশ কুয়াকাটার শুঁটকি ব্যবসায়ীরা

বরিশাল অফিস:: বিএনপির ডাকা অবরোধের কারণে পর্যটক না থাকায় কোটি টাকার প্রস্তুতকৃত শুঁটকি নিয়ে হতাশ কুয়াকাটার শুঁটকি ব্যবসায়ীরা। প্রতি বছরের ন্যায় এ বছরও মৌসুমের শুরুতেই তাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের শুঁটকি নিয়ে তারা তাদের ব্যবসা চলমান রেখেছেন। কিন্তু অবরোধের কারণে শুঁটকি মাছ নিয়ে তারা হতাশ হয়ে পড়েছেন।

সরেজমিনে ঘুরে জানা যায় যে, প্রতিটি ব্যবসায়ী তারা তাদের সাধ্যমত বিভিন্ন ধরনের শুঁটকি মাছ নিয়ে পর্যটকদের কাছ থেকে লাভের আশায় দোকান চালু করেছেন। চলমান অবরোধ তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।তারই ধারাবাহিকতায় চলমান অবরোধের কারণে খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী উভয়েই হতাশ হয়ে পড়েছেন।

কুয়াকাটা শুঁটকি ব্যবসায়ী ও মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ সোহেল মাহমুদ বলেন, অবরোধের ধারাবাহিকতা চলতে থাকলে আমাদের পাশাপাশি হাজার হাজার লোকও তাদের কর্মসংস্থান হারাবে। শুঁটকি পল্লীর শ্রমিক ইব্রাহিম বার্তা২৪.কমকে বলেন , মালিকদের বেসা কিনা না হলে মোগো বেতন দেবে কি দিয়ে মোরা খামু কি,পোলাপানরে কি খাওয়াবো,আল্লাহ ভাল জানেন কি হবে!

কুয়াকাটা শুঁটকি পাইকারি মহাজন ইসমাইল বলেন, ‘আমাদের কোটি কোটি টাকার শুঁটকি মাছ প্রস্তুত করা আছে আমরা যদি খুচরা দোকানে বিক্রি না করতে পারি তাহলে আমাদের মাছ পচে নষ্ট হয়ে যাবে এবং আমরা পথের ভিখারি হয়ে যাব, কে দিবে আমাদের ক্ষতিপূরণ এটাই এখন চিন্তার বিষয়।’

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় তারা তাদের শুঁটকি প্রস্তুত করে রেখেছেন কিন্তু প্রত্যাশিত পর্যটক না হওয়ার কারণে তারা একটু হতাশ। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব, কিভাবে তাদের তৈরিকৃত মাছ সংরক্ষণ করে রাখা যায় সে বিষয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব।




কাউখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

বরিশাল অফিস:: পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার সকালে (১২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সহধর্মিনী কৃষিবিদ চাঁদ সুলতানা জুঁই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,

সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, এমটি ইপি আই আনিসুল হক। উপজেলার ১২২টি কেন্দ্রে ৭হাজার ৮শত ৫৬জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি শিশুকে আমাদের যত্ন সহকারে লালন-পালন করতে হবে। শিশুরাই হলেন জাতির ভবিষ্যৎ।




বরিশালের মুক্তিযোদ্ধাদের বাড়িতে উপহার নিয়ে জেলা প্রশাসক শহিদুল ইসলাম

বরিশাল অফিস:: বিজয় দিবসের প্রাক্কালে জেলা প্রশাসক বরিশালের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি বাড়ি গিয়ে এই শুভেচ্ছ বিনিময় করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ কে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ ১০ জন মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে পরিদর্শন করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি, পোশাক প্রদান করা হয়।

এবার যে ১০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হলো তাদের মধ্যে ৫ জন বরিশাল মহানগরীর এবং ৫ জন বরিশাল সদর উপজেলার বাসিন্দা তাঁরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মৃত মোঃ আঃ জলিল বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মালিক শিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মানিক হাওলাদার।

সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খান, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) এম এ মলেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হোসেন গাজী ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুব ইসলাম।

এসময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশালরা, বীর মুক্তিযোদ্ধারা।




নলছিটিতে ধান ক্ষেতে পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ

বরিশাল অফিস:: ঝালকাঠির নলছিটিতে ধান ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের শ্রীরামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শ্রীরামপুর এলাকায় একটি ধান ক্ষেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশি ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় চৌকিদার মোহাম্মদ তৈয়ব আলী জানান, গত ১৫ দিন ধরে এই এলাকার রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেছে তাকে। ধারণা করা হচ্ছে, গত সোমবার (১১ ডিসেম্বর) বিকেল থেকে সকাল পর্যন্ত যেকোনো সময় তার মৃত্যু হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।