২৪ ঘণ্টার আলটিমেটাম, দক্ষিণবঙ্গ অচলের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষার্থীরা নতুন আলটিমেটাম দিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রতিনিধি আলোচনায় না বসলে অনির্দিষ্টকালের জন্য বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তাঁরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। দীর্ঘ ৩৪ দিন ধরে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ, মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি চালিয়ে এলেও এখনো ইউজিসির কোনো প্রতিনিধি তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, “দ্বিতীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য অনুমোদিত সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ৯ মাসের পরিবর্তে তিন মাসে শেষ করতে হবে। এরপর দ্রুত একনেকে অনুমোদনের উদ্যোগ নিতে হবে। অন্যথায় দক্ষিণবঙ্গ অচলের মতো কঠোর কর্মসূচি ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না।”
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আয়তন বাড়ানো ও ১৫০ একর জমি দ্রুত অধিগ্রহণ।
২. অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন।
৩. বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসন না হওয়া পর্যন্ত বিআরটিসির মাধ্যমে শতভাগ পরিবহন নিশ্চিতকরণ।
আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান বলেন, “১৪ বছর আগে প্রতিষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়টি এখনো পরিপূর্ণ হয়নি। ১০ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র চারটি হল, যেখানে দেড় হাজার শিক্ষার্থী জায়গা পান। বাকিদের বাইরে থাকতে হয়। শ্রেণিকক্ষ, আবাসন, শিক্ষক ও গ্রন্থাগারের সংকট চরম আকার ধারণ করেছে। ফলে শিক্ষার্থীরা বারবার সেশনজটে পড়ছেন।”
এদিকে গত ২৮ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠক হয়। বৈঠকে উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে স্বীকার করেন। তিনি জানান, অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে ইউজিসির সঙ্গে যোগাযোগ করা হবে। জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে এবং পরিবহন সংকট মোকাবেলায় আরও কয়েকটি বিআরটিসি বাস ভাড়া করা হবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








