পটুয়াখালীতে ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিকের মৃত্যু

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে পূর্ব বিরোধের জের ধরে সহকর্মী মো. জহিরুলকে (২৭) ধারোলো দা দিয়ে আঘাত করে হত্যা করেছে  শ্রমিক মো. কাওসার (২৫)।

এসময় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছে একই পিকআপে থাকা অপর দুই সহকর্মী শ্রমিক সাইফুল (২৩) ও সাকিব (২০)। তাদেরকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাতক কাওসারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৮ টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার কহিনুর অটো রাইসমিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামের জাকির আকনের ছেলে।

নিহতের স্বজন হাসপাতাল ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত জহিরুল, আহত দুজন ও ঘাতক কাওসারসহ ৭ জন পল্লী বিদ্যুৎ-এর পিকআপ ভ্যানে করে সকালে গলাচিপার বদুরা বাজারে দিকে যাচ্ছিলো লাইনের উপর ঝুলে পড়া গাছের ডালপালা কাটতে। পথে জহিরুলের সাথে তর্ক-বিতর্ক হয় কাওসারের। এক পর্যায়ে গাছের ডাল কাটার জন্য আনা দা দিয়ে জহিরুলের বামপাশের কানের নীচে ঘাঢ়ে আঘাত করে কাওসার। এসময় থামাতে গিয়ে কাওসারের হাতে থাকা দায়ের আঘাতে গুরুতর জখম হন অপর দুই সহকর্মী সাইফুল ও সাকিব।
তাদেরকে রক্তাক্ত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল নয়টায় চিকিৎসার জন্য আনা হয়। জরুরী বিভাগ থেকে ওয়ার্ডে নেয়ার পথে জহিরুলের মৃত্যু হয়। অপর দুই আহতকে তাৎক্ষনিক ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়।

গ্রেপ্তার ঘাতক কাওসারের দাবি নিহত জহিরুল প্রায়ই তাকে বিরক্ত করতো। হামলার কথাও স্বীকার করেন কওসার।

হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার জানান, ঘাড়ের বাম পাশে গুরুতর জখম নিয়ে আসার পর ওয়ার্ডে নেয়ার পথে মৃত্যু হয় জহিরুলের।

এলাকাবাসী ও স্বজনরা জানায়, পল্লী বিদ্যুতের লাইন পরিস্কার রাখার জন্য গাছের ডাল কাটার শ্রমিক হিসাবে কাজ করা সবাই একই গ্রামের বাসিন্দা। পিকাপে বসে তর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার তুষার কান্তি মন্ডল জানান, নিহত জহিরুলসহ পিকাপে থাকা ৭ জন গাছের ডাল কাটার জন্য বাদুরার উদ্দেশ্যে রওনা দেয়। পথে তাদের মধ্যে তর্কের জেরে এ ঘটনা ঘটে। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে অবিহিত করা হয়। এরা দৈনিক মজুরিতে পল্লী বিদ্যুতের লাইনের গাছ অপসারণের কাজে নিয়েজিত ছিল।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, নিজেদের মধ্যে তর্কের জেরে এ হত্যাকান্ড ঘটে। ঘাতক কাওসারকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।




আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: নামের ভারে ২০২৪ আইপিএলের নিলামকে বলা হয়েছিল মিনি নিলাম। তবে শেষ দুই ঘণ্টায় দুবাইয়ের কোকাকোলা অ্যারিনায় যা দেখা গেলো, তাকে মিনি বলার আর উপায় থাকলো না। দেড় ঘণ্টার মধ্যে দুই অজি তারকা মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স পালটে দিলেন পুরো আইপিএল নিলামের ইতিহাস। দুপুরেই ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হয়েছিলেন কামিন্স। বিকেলে তা ভাঙলেন স্টার্ক।



শেখ হাসিনা নির্বাচনী প্রচার শুরু করবেন আগামীকাল

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামীকাল বুধবার থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি আগামীকাল সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন।



নির্বাচনী পোস্টার কেমন হবে জানালো ইসি

এতে বলা হয়েছে, প্রার্থীরা দলীয় প্রতীক, দলীয় প্রধান ও নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। তবে স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান সই করা পরিপত্রে এ কথা জানানো হয়। একই সঙ্গে নির্বাচনী প্রতীক, পোস্টার ও পোর্ট্রেটের (ব্যক্তির প্রতিকৃতি) সাইজ নির্ধারণ করে দিয়েছে ইসি।

ইসি জানায়, প্রার্থীদের প্রতীকের সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা তিন মিটারের বেশি হবে না। নির্বাচনী পোস্টার সাদা-কালো রঙের হবে। আয়তন হতে হবে অনধিক ৬০ সেন্টিমিটার × ৪৫ সেন্টিমিটার। কাপড় ব্যানার ছাড়া প্লাস্টিকের ব্যানার সাদা-কালো রঙের ও আয়তন অনধিক তিন মিটার × এক মিটার হতে হবে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ  বলেন, নির্বাচনী বিধি অনুসারে জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীরা পোস্টারে নিজের ছবি ও দলীয় প্রধানের ছবি ব্যবহারসহ প্রতীকের ছবি ব্যবহার করতে পারবেন। এর বাইরে অন্য কারও ছবি ব্যবহার করতে পারবেন না। তবে স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন।

ইসি জানায়, দ্বাদশ সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দলের এক হাজার ৫১২ জন প্রার্থী অংশ নিচ্ছেন। আর স্বতন্ত্র প্রার্থী আছেন ৩৮২ জন।




বরখাস্তের হিড়িক, ভারতের সংসদ প্রায় বিরোধীশূন্য

ফলে চলতি অধিবেশনের মতো সংসদের আর কোনো অধিবেশনে এত জন সংসদ সদস্যকে এক সঙ্গে সাসপেন্ড হয়নি। অনেকেই মনে করছেন মঙ্গলবার কার্যত বিরোধীশূন্য হয়ে গেছে ভারতের সংসদ।

মঙ্গলবার সাসপেন্ড হওয়া সংসদ সদস্যদের তালিকায় রয়েছেন তৃণমূলের মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের শশী থারুর, কার্তি চিদম্বরম, এনসিপির সুপ্রিয়া সুলে, এনসি-র ফারুক আবদুল্লা, এসপির ডিম্পল যাদব, ডিএমকে-র এস সেন্থিলকুমার, বিএসপির সাসপেন্ড হওয়া সদস্যরা হলেন দানিশ আলি, আপের সুশীল কুমার রিঙ্কু প্রমুখ।

সংসদের ভেতরে অভব্য আচরণ, সংসদের গরিমা নষ্ট ও স্পিকারকে অবমাননার অভিযোগে এই সদস্যদের সাসপেন্ড করা হচ্ছে বলে জানানো হয়েছে। সাসপেন্ড করার প্রস্তাবটি লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।

সংসদ সদস্যদের সাসপেন্ড করার প্রসঙ্গে সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, বলা হয়েছিল হয়েছিল সংসদে প্ল্যাকার্ড আনা যাবে না। কিন্তু নির্বাচনে হারার পরে তারা (বিরোধী সদস্যরা) মরিয়া হয়ে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তাই আমরা এই (সাসপেন্ড করার) প্রস্তাব আনছি।

গত বুধবার লোকসভায় ‌‘রংবোমা’ বোমা হামলার ঘটনার পর থেকেই সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অধিবেশনে সরব হয়েছেন বিরোধীরা। গত সপ্তাহের পর সোমবারও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে স্লোগান তোলেন তারা। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট ১৪১ জন সংসদ সদস্য সাসপেন্ড হলেন।

শুক্রবার পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন চলার কথা। তার আগে কার্যত বিরোধীশূন্য হয়ে গেলো ভারতীয় সংসদের দুই কক্ষ।




নির্বাচনী প্রচারণায় সরব দৌলতখান

বরিশাল অফিস::  নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় সরব হয়ে ওঠে ভোলা-২ এলাকার দৌলতখান উপজেলা। সোমবার প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় নামেন প্রার্থীরা। প্রচার প্রচারণায় মাইকিং ছাড়া ও লটকানো পোস্টরে পোস্টারে ছয়ে গেছে উপজেলার শহর বাজার হাটঘাট। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আলী আজম মুকুল এমপি নেতা কর্মীদের নিয়ে প্রচারণায় নামেন।

এর আগে এমপি মুকুল দৌলতখানের তার বাসভবনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি নেতা কর্মীদের সাথে নিয়ে দৌলতখান শহরে নির্বাচনী লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচার ও গণ সংযোগে নামেন। নৌকা প্রতীকের প্রচার প্রচারণা ও নেতা কর্মীদের আনন্দে উৎসব মুখর হয়ে ওঠে দৌলতখান উপজেলা।

অপর দিকে জাতীয় পার্টি-জেপি মনোনীত প্রার্থী বাইসাইকেল প্রতীকের মোঃ গজনবী ও প্রচার প্রচারণায় গণ সংযোগ শুরু করেছেন। তিনি মঙ্গলবার দৌলতখান উপজেলার প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান চরখলিফা মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুরের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি প্রচারণায় নামেন। দৌলতখান উপজেলার বিভিন্ন জায়গায় বাইসাইকেল প্রতীকের লটকানো পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন সাইকেল প্রতীকের এপ্রার্থী।




সন্ধ্যায় নৌকা ডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

বরিশাল অফিস :: জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ট্রলারের সাথে সংঘর্ষে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তিনদিন পর রণজিত হালদার রঞ্জনের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তার চাচাতো ভাই লিঙ্কন হালদার (৩৫)।

সোমবার দিবাগত রাতে সন্ধ্যা নদীর নলশ্রী এলাকা থেকে জেলের জালে জড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সনাক্ত করে পুলিশকে খবর দেয়। বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানিয়েছেন, রণজিতের লাশের ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মাছ শিকারের ছোট আকারের ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সুজন হালদার, তার চাচাতো ভাই রণজিৎ হালদার ও লিঙ্কন হালদার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে সন্ধ্যা নদীর দিদিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্বরূপকাঠিগামী কাঠবাহী ট্রলারের সাথে তাদের ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়।

একে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় সুজন নদীর তীরে উঠতে পারলেও রণজিৎ ও লিঙ্কন নিখোঁজ হয়।




বরিশালে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সিটি মেয়র

বরিশাল অফিস :: বরিশাল সিটি করপোরেশনের মেয়র বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে প্রধান উপদেষ্টা করে বরিশাল-৫ (সদর) আসনে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে। এছাড়াও নগরীর প্রতিটি ওয়ার্ড ও সদর উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে।

কমিটির নেতৃবৃন্দরা ইতোমধ্যে নৌকার প্রচার-প্রচরনায় মাঠে নেমেছেন। মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, প্রতীক পেয়েই বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষে নির্বাচনী প্রচারনা শুরু হয়েছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় নৌকার পোস্টার সাটানো হয়েছে। মঙ্গলবার বিকেলে নৌকার প্রার্থী নিজেই আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নেমেছেন। ৩০টি ওয়ার্ডে একযোগে মিছিল

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন জানিয়েছেন, সোমবার প্রতীক বরাদ্দের পর ওইদিন সন্ধ্যায় বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা একযোগে নৌকার পক্ষে মিছিল করেছেন। একইসাথে ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রতিটি ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে গণসংযোগ ও প্রচার-প্রচারনা শুরু করেছেন।

কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ান বলেন, প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য গঠিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক কমিটির নেতৃবৃন্দরা কাজ শুরু করেছেন। পাশাপাশি সবাইকে নির্বাচনী আচারনবিধি মেনে চলার জন্যও বলা হয়েছে।




হাইকোর্টের আদেশ স্থগিত, নির্বাচনে অংশ নিতে পারছেন না সাদিক

বরিশাল অফিস :: বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তিনি (সাদিক) নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার সুযোগ পাচ্ছেন না। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দিয়েছেন।

আদালতে সাদিক আব্দুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। এর আগে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

সোমবার সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছিলেন। সূত্রমতে, গত ১৫ ডিসেম্বর বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। তার আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম।




বরিশালে নৌকার সভা চলাকালীন আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

বরিশাল অফিস :: বরিশাল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় বানারীপাড়া পৌর এলাকার খেয়াঘাট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে। ওইদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী রাশেদ খান মেনন।

এ সময় নৌকা প্রতীকের এই প্রার্থীর সমর্থকদের সাথে তর্কে জড়ায় আসনটির বর্তমান সংসদ সদস্য শাহে আলমের অনুসারীরা। একপর্যায়ে বাগ্বিতন্ডা সংঘর্ষে রূপ নেয়। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক বলেন, কিছু লোক সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল। নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে।

বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম বলেন, দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন। মতবিনিময় সভা শেষে নির্বাচনী প্রচারনায় বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী রাশেদ খান মেনন বলেন, এবারের নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। তাই তিনি সকল বিরোধ ভুলে সবাইকে এক হয়ে নৌকাকে বিজয়ী করার আহবান করেন। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ

বরিশাল-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমের কর্মীদের প্রচারনার সময় সোমবার সন্ধ্যা রাতে স্বতন্ত্র প্রার্থী (মঙ্গলবার স্থগিত) সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কর্মীরা উস্কানিমূলক কথা বলার জেরধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় প্রার্থীর ১০ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুত্বর আহত নৌকার সমর্থক আবদুল হালিম, রবিউল ইসলাম, মেহেদী হাসান, রফিকুল ইসলাম এবং সাদিক আব্দুল্লাহর সমর্থক রাব্বি ইসলাম, আমিন ও আসিফকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউনিয়া থানার পলাশপুরের এই সংঘাতের খবরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পরেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম জানিয়েছেন, খবর পেয়ে পলাশপুর এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।