মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর লেবুখালী- দুমকি- চরগরবদি সড়ক খানাখন্দে ভরে গেছে। ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই এ সড়কে ছোট-বড় দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, পথচারী ও পরিবহন চালকরা।
এ সড়ক দিয়ে দূরপাল্লার পরিবহন ও অভ্যন্তরীণ রুটের যানবাহন বাউফল, দশমিনা, কালাইয়া, গলাচিপাসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। এ ছাড়া উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বেশ কয়েকটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেুণী-পেশার লোকজন নিত্য যাতায়াত রয়েছে এ সড়কে।
সাপ্তাহিক হাটবারে (রোববার ও বুধবার) প্রত্যন্ত এলাকা থেকে পণ্য আনা নেয়ার কাজেও এ রাস্তা ব্যবহার হয়।
সরেজমিন দেখা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাত্র ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেশির ভাগ অংশ ছোট বড় অসংখ্য গর্তে ভরে গেছে। এসব গর্তে চাকা পড়ে ছোট বড় যানবাহন উল্টে যাচ্ছে। ঘটছে দুর্ঘটনাও। ফলে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে বৃষ্টি হলে গর্তের গভীরতা বুঝতে পারেন না চালকরা, তখনই ঘটে দুর্ঘটনা।
গত ছয় মাসে লেবুখালীর পাগলাসংলগ্ন কাঁঠালতলা, সাতানী বাইপাস মোড়, লালখার সেতু এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনায় মোটরসাইকেল চালক, বাসের হেলপারসহ তিনজন নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে।
এ ছাড়া সম্প্রতি সরকারি জনতা কলেজের ২০/২৫ শিক্ষার্থী পিকআপ ভ্যানে পটুয়াখালী যাওয়ার পথে লালখার সেতু এলাকায় গাড়ি উল্টে গিয়ে ২০ শিক্ষার্থী আহত হন।
যানবাহন চালক ইকবাল, জাহিদ, মোহসিনসহ কয়েকজন জানান, দুমকি থেকে লালখা সেতু, দুমকী সাতানীসহ বেশ কয়েকটি স্পটে গর্তের কারণে গাড়ি নষ্ট হয়ে যায়। সড়কটি দ্রুত সংস্কার হলে আমরা উপকৃত হবো।
উপজেলা এলজিইডি প্রকৌশলী সাদ মোহাম্মদ জগলুল ফারুক জানান, সড়ক ও জনপথ বিভাগের সড়ক হওয়ায় তাদের কিছুই করার নেই। বিষয়টি সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে যানবাহন ও পথচারীদের ভোগান্তি দূর করতে মাঝে মধ্যে সড়ক বিভাগের লোকজন এসে এসব গর্ত ভরাটের মাধ্যমে সড়কটি যানবাহন চলাচল সচল রাখার চেষ্টা করলেও তা স্থায়ী হচ্ছে না। ফলে ভোগান্তি কমছে না। অপর দিকে সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত ডিভাইডার নির্মাণেও ভোগান্তি বেড়েছে।
এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম আতিকুল্লাহ মাসুদ বলেন, সড়ক ও জনপথ বিভাগের নিয়মিত মেইনটেন্যান্স টিমের মাধ্যমে এসব ছোটখাটো মেরামতের কাজ অব্যাহত আছে। শিগগিরই দুমকীর এই সড়কটির মেরামতের কাজ করা হবে। সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত ডিভাইডার নির্মাণ প্রশ্নে তিনি বলেন, সরজমিন দেখে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।