মির্জাগঞ্জে নারী হত্যার দেড় মাস পর মামলা, গ্রেপ্তার ১

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাড়ির পাশ থেকে সেলিনা বেগম (৭০) নামের এক নারীর লাশ উদ্ধারের দেড় মাস পর হত্যা মামলা করা হয়েছে। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাশ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৫ জুলাই দুপুরে উপজেলার তারাবুনিয়া গ্রামের বাড়ির পাশের নির্জন এলাকা থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায়, গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাঁকে।

পরে নিহতের ছেলে মো. জলিল বাদী হয়ে শনিবার অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে রোববার সকালে তারাবুনিয়া এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “নিহত সেলিনা বেগম দরিদ্র ছিলেন এবং বাড়িতে একাই থাকতেন। তাঁর দুই ছেলে ঢাকায় থাকেন। সেলিনার গায়ে থাকা স্বর্ণালঙ্কার লুট করতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ বাড়ির পাশের তালগাছের নিচে ফেলে রাখা হয়।”

তিনি আরও জানান, স্থানীয়দের সাক্ষ্য–প্রমাণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

✍️ আল-আমিন, স্টাফ রিপোর্টার
চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল জাপা: এনসিপি নেতার অভিযোগ

জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবিতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ দাবি জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সঠিকভাবে নিশ্চিত হয়নি। শহীদ পরিবারের দাবিতে আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জের ঘটনাকেও তিনি দুঃখজনক হিসেবে উল্লেখ করেন।

আরিফুল ইসলাম আদীব আরও বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রবাসীদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটক কিছু লোককে ছাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও এখনো ২৫ জন আইনি জটিলতায় রয়েছেন। এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপি নেতা অভিযোগ করেন, গুম কমিশনের প্রতিবেদনে গত ১৫ বছরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রীয় সংস্থার সংশ্লিষ্টতা উঠে এসেছে। তাই সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, এসব ঘটনায় যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে স্পষ্ট ব্যবস্থা নিতে।

তিনি আরও বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় সংস্থার প্রভাব ছিল এবং জাতীয় পার্টি সরাসরি ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে অংশ নিয়েছে। এমনকি জাপার নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রচার চালানো হয়েছিল, যা দুই দলের মধ্যে কোনো পার্থক্য রাখে না। সেই যুক্তিতে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হলে জাপার ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে এনসিপি।

এছাড়া নারীর আসনে সরাসরি ভোট ও নতুন ভোটার তালিকা প্রণয়নে বয়সসীমা শিথিল করার বিষয়েও সরকারকে পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।




সিপিএলে সাকিবের ঝড়ো ফিফটি, বড় সংগ্রহ ফেলকন্সের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে ঝড় তুললেন সাকিব আল হাসান। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ২০ বলে অর্ধশতক হাঁকিয়ে দলকে বড় সংগ্রহ এনে দিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। তার ব্যাটিং নৈপুণ্যে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফেলকন্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে সংগ্রহ করে ২০৪ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় ফেলকন্স। ওপেনার আমির জাঙ্গু ও জুয়েল এন্ডুর ৫১ রানের জুটিতে ভীত গড়ে ওঠে। তবে জুয়েল ২৫ রানে ফেরার পর এবং কারিম ঘোর গোল্ডেন ডাকের শিকার হলেও চারে নামা সাকিব ম্যাচের রঙ বদলে দেন।

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ২০ বলেই ফিফটি স্পর্শ করেন সাকিব। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা। শেষ পর্যন্ত ২৬ বলে ৬১ রানে থামেন তিনি।

তার সঙ্গে সমানতালে খেলেন ওপেনার আমির জাঙ্গু। ৪৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। আর ইনিংসের শেষভাগে ফ্যাবিয়েন অ্যালেনের ১৭ বলে ৩৮ রানের ঝড়ো ব্যাটিং দলীয় সংগ্রহকে ২০০ পেরিয়ে নিতে সাহায্য করে।




ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার আশ্বাসে ফখরুল

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন—এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ফখরুল বলেন, “বিএনপি আশা করে প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।”

জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বৈঠকে আলোচনা হয়নি বলেও জানান বিএনপি মহাসচিব।

সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন—এ নিয়ে জামায়াতের অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা যেকোনো দলের প্রধানের সঙ্গে বসার এখতিয়ার রাখেন। এটি তার একান্ত ব্যক্তিগত বিষয়।”

তিনি আরও জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়েও বিএনপি তাদের উদ্বেগ প্রধান উপদেষ্টাকে জানিয়েছে। ফখরুল বলেন, “এটি অত্যন্ত গর্হিত ও উদ্বেগজনক ঘটনা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা প্রয়োজন। নির্বাচন বিলম্বিত করার জন্য কোনো মহল এমন ঘটনা ঘটাতে পারে।”

বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।




প্রধান উপদেষ্টা : নির্বাচন ছাড়া অন্য বিকল্প ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন, “নির্বাচনের কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজে নিতে চায়, তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।”

রোববার (৩১ আগস্ট) রাতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন—ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সময়মতো হবে এবং এ বিষয়ে সব রাজনৈতিক দলকে তিনি আশ্বস্ত করেছেন।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার অংশ নেন। জুলাই সনদ চূড়ান্তকরণ ও রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েও আলোচনা হয়।

দুর্গাপূজা ঘিরে সম্ভাব্য ষড়যন্ত্র ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “দেশে যেন কোনো গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।”

জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনায় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, গত ১৩ মাস ধরে সরকার ধারাবাহিকভাবে রাজনৈতিক সংলাপ চালিয়ে যাচ্ছে এবং সব দলের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

বৈঠকে উপদেষ্টা আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল ও ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।




যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্ব আজ সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলীয় সূত্র বলছে, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে আলোচনা হওয়ার কথা। এছাড়া প্রশাসনে এখনো বিদ্যমান ‘ফ্যাসিবাদের দোসরদের’ একটি তালিকাও প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।




তিন দফা দাবিতে পবিপ্রবি শিক্ষার্থীদের পায়রা সেতু অবরোধ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে পায়রা সেতুর টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। এতে সেতুর দুই প্রান্তে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১️⃣ কৃষি-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে (ডিএই, বিএডিসি ইত্যাদি) ১০ম গ্রেডের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা ও সমমানের পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২️⃣ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে কোটার মাধ্যমে ৯ম গ্রেডে (বিএডিসি) পদোন্নতির সুযোগ বাতিল করতে হবে।
৩️⃣ কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া কেউ নামের সঙ্গে ‘কৃষিবিদ’ উপাধি ব্যবহার করতে পারবে না।

শিক্ষার্থীরা সরকারের প্রতি দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান জানান।

বিক্ষোভে বক্তব্য দেন কৃষি অনুষদের শিক্ষার্থী গাজী রিজওয়ান, জাকির হোসেন, শাজনীন রিংকু ও সুমাইয়া সূচনা। তাঁরা জানান, সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনা করে আন্দোলন থেকে সরে আসা হয়েছে। তবে দাবি আদায়ে আগামী মঙ্গলবার ঢাকামুখী লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

অবরোধ চলাকালে মহাসড়কে বহু যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে দুমকি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কথা বলার পর তারা অবরোধ প্রত্যাহার করে।”

পটুয়াখালী সড়ক বিভাগের সার্ভেয়ার মো. নাজমুল হুদা জানান, প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

✍️ মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পিরোজপুরে আশ্রয়ণ প্রকল্পে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুরে আশ্রয়ণ প্রকল্পের জন্মগত বাকপ্রতিবন্ধী এক নারীকেই ধর্ষণের অভিযোগে মো. মফিজুল সিকদার (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মফিজুল সিকদার নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত সেকেন্দার আলী সিকদারের ছেলে।

নাজিরপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী জন্মগতভাবে কথা বলতে পারে না। আঙ্গিক ও ইঙ্গিতে তিনি তার কথা বোঝাতে পারেন। ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে মফিজুল সিকদার ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রোববার (৩১ আগস্ট) মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশের অভিনব কৌশলে আসামি মফিজুল সিকদারকে গ্রেপ্তার করে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে বন্ধুর ছুরিকাঘাতে মোটর মেকানিকের মৃত্যু

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে মোটর মেকানিক ইয়াসিন (২৪) নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বাবা মানিক হোসেন এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাত আরও ১০–১৫ জনকে আসামি করা হয়েছে।

নিহতের সঙ্গে খোঁজখবর অনুযায়ী, ইয়াসিন ও মূল আসামি মমিনুল ইসলাম লিমন দুই বন্ধু ছিলেন। লিমন আগে ইয়াসিনের কাছ থেকে মোটরসাইকেল কেনার জন্য ১৫,০০০ টাকা ধার নেন। টাকা ফেরত না দেওয়ায় ইয়াসিন একটি মোবাইল ফোন নিয়ে নেন। ২২ আগস্ট লিমন ইয়াসিনকে মোবাইল ফেরত নেওয়ার প্রলোভনে নদীর পারে ডেকে নিয়ে মারধর করেন।

পরবর্তীতে রাত ১০টা ৪৫ মিনিটে ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়ির সামনে থেকে ইয়াসিনকে আটকিয়ে ৪–৫ জন মারধর করেন। মমিনুল ইসলাম লিমন ধারালো ছুরি দিয়ে ইয়াসিনের পেটে আঘাত করে। ডাকচিৎকারে ইউপি সদস্য এগিয়ে এসে তাকে আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন। অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

নিহতের বাবা মানিক হোসেন বলেন, “আমার একমাত্র ছেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি চাই, হত্যাকারীরা শাস্তি পাক। আমরা কোনো মিমাংসা চাই না।”

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ধারের টাকা নিয়ে দ্বন্দের কারণে বন্ধুর হাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মামলার নম্বর-২৫ ধার্য করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




৬ দিন ধরে বিদ্যুৎহীন মেহেন্দিগঞ্জ, চার লাখ মানুষ দুর্ভোগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ছয় দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। গজারিয়া নদীর তলদেশে বিদ্যুতের সাবমেরিন কেব্‌ল ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলার প্রায় চার লাখ বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছেন।

বিদ্যুৎ না থাকায় সাধারণ জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও মোবাইল যোগাযোগ প্রায় অচল। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে জরুরি ওষুধ, যেমন ইনসুলিন, টিকা ও অ্যান্টিবায়োটিক সংরক্ষণে সমস্যা দেখা দিয়েছে। ৫০ শয্যার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও প্রায় ভেঙে পড়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, গত সপ্তাহে মঙ্গলবার রাতে একটি মালবাহী জাহাজের নোঙরের আঘাতে কেব্‌লটি ছিঁড়ে যায়। মেহেন্দিগঞ্জ নদীবেষ্টিত হওয়ায় ২০০৪ সালে নলবুনিয়া এলাকায় গজারিয়া নদীর তলদেশ দিয়ে কেব্‌ল সংযোগ স্থাপন করা হয়েছিল।

স্থানীয় ব্যবসায়ী সঞ্জীব কর্মকার বলেন, “ভেবেছিলাম কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ ফিরে আসবে, কিন্তু পাঁচ দিন পেরিয়ে গেছে। জীবন অসহনীয় হয়ে উঠেছে।”

মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, “ডুবুরিরা ত্রুটি শনাক্ত করেছে এবং মেরামতের কাজ চলছে। যদি কেব্‌ল মেরামত সম্ভব না হয়, নতুন কেব্‌ল স্থাপন করতে হবে।”

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ গোলাম রাব্বানী জানান, ডুবুরিরা টানা চার দিন ধরে কাজ করছেন, কিন্তু সাড়ে চার কিলোমিটার প্রশস্ত নদীর প্রবল স্রোতের কারণে মেরামত কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫