পিরোজপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জুনিয়া গ্রামে নিজের বসতঘরে নামাজ আদায়রত অবস্থায় এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার পর রাত ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়। নিহত আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য ও নিহতের চাচাতো ভাই মো. শহিদুল ইসলাম জানান, মাগরিবের নামাজ শেষে জায়নামাজে বসে ছিলেন আসমা। কিছুক্ষণ পর তার ছেলের বউ ঘরে এসে দেখেন, আসমার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।

তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. এনামুল হক বলেন, গৃহবধূকে একা অবস্থায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। মরদেহের সুরতহাল করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো উদঘাটন হয়নি।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী—তা তদন্তের পর জানা যাবে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দেওয়া হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন।

রোববার (৩১ আগস্ট) তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এর আগে অনিয়মের অভিযোগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল বিচারপতি আখতারুজ্জামানকে তলব করে। তাকে গত ১ জুলাই সরাসরি হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। ওই ব্যাখ্যা দেওয়ার পরই তিনি পদত্যাগপত্র জমা দেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতির নির্দেশে গত ২৩ মার্চ বিচারপতি আখতারুজ্জামানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়। পরবর্তীতে দুর্নীতি ও ক্ষমতাসীন সরকারের স্বার্থে কাজ করার অভিযোগে গত বছরের ১৬ অক্টোবর প্রধান বিচারপতি তাকে আরও ১১ জন বিচারপতির সঙ্গে ছুটিতে পাঠান।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে বিচারপতি মো. আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল।

এ ঘটনার মাধ্যমে আলোচিত বিচারপতি আখতারুজ্জামানের বিচারিক জীবনের সমাপ্তি ঘটল।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় বিএনপির সাবেক এমপির ওপর হামলা মামলায় সাত আসামির জামিন বাতিল

বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় আওয়ামী লীগের সাত নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (৩১ আগস্ট) সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন।

আসামিরা হলেন—পাথরঘাটা উপজেলার আওয়ামী লীগ কর্মী মো. জাকির হোসেন লাভু (লাভু মিয়া), গোলাম মাওলা মিলন, মারজান আবদুল্লা আল মারজান, জাকারিয়া সুমন, মো. নিজাম, মো. নিজাম উদ্দিন তালুকদার, কিবরিয়া ও মো. খলিল। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি তার পূর্ব ঘোষিত সভায় যোগ দিতে গাড়িবহর নিয়ে ঢাকা থেকে পাথরঘাটা যাচ্ছিলেন। বহরটি রায়হানপুর ইউনিয়নের সিএন্ডবি বাজার এলাকায় পৌঁছালে তৎকালীন সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে আওয়ামী লীগের ১০৫ জন নেতা-কর্মী ও আরও প্রায় ২০০ অজ্ঞাত কর্মী হামলা চালান। এতে নুরুল ইসলাম মনি গুরুতর আহত হন এবং তার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পরে বিএনপি কর্মী সোলায়মান বাদী হয়ে ২০২৪ সালের ৪ অক্টোবর পাথরঘাটা থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত সাত আসামি চলতি বছরের ২৮ মে হাইকোর্ট থেকে আট সপ্তাহের অগ্রিম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা রোববার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. নাসির উদ্দিন সোহাগ জানিয়েছেন, তার মক্কেলরা পুনরায় হাইকোর্টে জামিনের আবেদন করবেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল, বরিশাল সফরে আসেননি আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বরিশাল সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকলেও তিনি নির্ধারিত সময়ে আসেননি। শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে তার বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, ড. আসিফ নজরুল কেন সফরে আসেননি সে বিষয়ে জেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই।

কর্মসূচি অনুযায়ী, সকালে বরিশালে পৌঁছে তিনি লিগ্যাল এইড কার্যক্রম পরিদর্শন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখা, জেলা জজ আদালতের উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং সাম্প্রতিক আইনি সংস্কার নিয়ে বিচারকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা ছিল।

এছাড়া ভোলাতেও তার সফরসূচি ছিল বলে জানা গেছে। তবে সব কর্মসূচি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভুয়া প্রজ্ঞাপন তৈরির অভিযোগে প্রতারক মিজানুর গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামের মিজানুর রহমানকে ভুয়া সরকারি প্রজ্ঞাপন তৈরির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম। তিনি জানান, সাইবার সুরক্ষা আইনসহ পাঁচটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মিজানুর রহমানের বিরুদ্ধে পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয়দের সঙ্গে প্রতারণা করে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নামে ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেছিলেন। ওই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল—সুইডেন ও স্পেনের দুটি আন্তর্জাতিক সংস্থার সহায়তায় বাবুগঞ্জের মাধবপাশায় শিল্পাঞ্চল নির্মাণ করা হবে, যার জমি অধিগ্রহণ ও জনবল নিয়োগ কার্যক্রমে এইচআর বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান। এই ভুয়া প্রজ্ঞাপনটি নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করলে তা ভাইরাল হয় এবং বিষয়টি পাট অধিদপ্তরের মহাপরিচালকের নজরে আসে।

সূত্র জানিয়েছে, প্রতারণার এই ফাঁদ যদি আগে ধরা না পড়ত, তবে শিল্পাঞ্চল প্রকল্পের জমি অধিগ্রহণ ও নিয়োগের নামে শত শত মানুষ সর্বস্বান্ত হতো।

পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “গত ২৮ আগস্ট সকালে মহাপরিচালক আমাকে বিষয়টি অবহিত করেন। পরে ঘটনাস্থল মাধবপাশা বাজারে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে মিজানুর রহমানের নাম ও পরিচয় নিশ্চিত হই। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, ভুয়া প্রজ্ঞাপন তৈরির মাধ্যমে তিনি প্রতারণার চেষ্টা করেছিলেন।”

খোঁজ নিয়ে জানা গেছে, একসময় বরিশালের সুরভী লঞ্চ কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন মিজানুর রহমান। সেখানে নানা অভিযোগ ওঠায় চাকরি হারান তিনি। এরপর মাধবপাশায় এসে বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নিজেকে ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত করার চেষ্টা চালান।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কীর্তনখোলা নদীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৩০ আগস্ট) রাত প্রায় ১২টার দিকে স্থানীয়রা নদীর তীরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে সদর নৌ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, লাশটি লঞ্চ টার্মিনালের পাশে ভেসে ছিল। মৃত ব্যক্তির পরনে ছিল একটি শার্ট ও টয়রা ট্রাউজার। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত এসআই শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে সিআইডিকে অবহিত করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। ইতোমধ্যে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ আন্দোলন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার (৩১ আগস্ট) রাতে একাডেমিক ভবন-১ এবং রোববার সকালে একাডেমিক ভবন-২ তালাবদ্ধ করে তারা এ কর্মসূচি শুরু করেন।

অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিচ্ছেন। সকাল থেকে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি একত্রে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয়। এতে চাকরির ক্ষেত্রে দুটি পদে আবেদন করার সুযোগ থাকে। কিন্তু পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে একক ডিগ্রি দেওয়া হচ্ছে, ফলে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি জানান, “আমাদের আন্দোলনের প্রেক্ষিতে ১০ দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু নির্ধারিত সময়ে প্রতিবেদন প্রকাশ করা হয়নি, এমনকি একাডেমিক কাউন্সিলও গঠন করা হয়নি। তাই আমরা বাধ্য হয়ে শাটডাউনের ঘোষণা দিয়েছি।” তিনি আরও বলেন, “একাডেমিক কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী আবুবকর সিদ্দিক, তাহসিন হোসাইন, মাহমুদুল হাসান তানভির, অর্জুন দাস ও সীমান্তসহ অনেকেই।

এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলী আজগরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। শিক্ষার্থীরা দ্রুত কার্যকর সিদ্ধান্ত ও প্রশাসনের সুস্পষ্ট পদক্ষেপ প্রত্যাশা করছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নুরের ওপর হামলার প্রতিবাদে বাবুগঞ্জে মহাসড়ক অবরোধ

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে নেতাকর্মীরা।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বাবুগঞ্জের রামপট্টি এলাকায় উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালে মহাসড়কের দুই পাশে প্রায় হাজারো যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলায় জাতীয় পার্টি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী জড়িত। বক্তারা বলেন, প্রথমে পুলিশ ও সেনা সদস্যরা হামলা চালায়, এরপর জাতীয় পার্টির কর্মীরা নুরের ওপর অতর্কিত আঘাত হানে। তারা অভিযোগ করেন, নুর মাটিতে লুটিয়ে পড়ার পর লাল টি-শার্ট পরা এক যুবক তাকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে ওই হামলাকারীকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

এসময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে সহযোগীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় আমরান (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান।

নিহত আমরান উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত অসীম হাওলাদারের ছেলে। সে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তার বাবা মারা যান। পরে মা সাবিরা সুলতানা লিয়া অন্যত্র বিয়ে করলে আমরান নানি নাজমুন নাহারের সঙ্গে শেরে বাংলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বড় ভাই ঢাকায় চিকিৎসা কাজে নিয়োজিত।

ঘটনার দিন দুপুরে নানি বাসার বাইরে গেলে আমরান একা ছিল। বিকেলে ফিরে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন তিনি। তখন শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আমরানের মরদেহ দেখতে পান। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

✍️ মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শাপলার রক্তেই চব্বিশের চেতনার সূচনা: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শাপলা স্মৃতি সংসদের সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, শাপলা চত্বরে প্রবাহিত রক্তধারাই চব্বিশের চেতনার ভিত্তি স্থাপন করেছে। তিনি মনে করেন, শাপলার চেতনাকে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রার মাইলফলক হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শাপলা স্মৃতি সংসদের আয়োজিত “শাপলা কেন্দ্রীক বিভিন্ন কাজে অংশীজনের সম্মাননা ও সম্মিলনী–২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মামুনুল বলেন, জুলাই ঘোষণাপত্রে শাপলার প্রসঙ্গ অনুপস্থিত থাকার দায় শুধু ড. ইউনূসের নয়, পুরো অন্তর্বর্তী সরকারেরও। তিনি আরও জানান, শাপলা স্মৃতি সংসদ শহীদ পরিবারের অভিভাবকত্ব গ্রহণের জন্য শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম গঠন করেছে।

অনুষ্ঠানে শাপলার ঘটনাকে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে অভিহিত করে বক্তারা বলেন, ইতিহাস মুছে ফেলার চেষ্টা চললেও শাপলার রক্ত শহীদদের আত্মত্যাগকে অমর করে রেখেছে। ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ পথচলায় এ ত্যাগ প্রেরণা হিসেবে কাজ করবে।

আলোচনায় হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী, এনসিপি ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা জোর দিয়ে বলেন, ইতিহাস সচেতন প্রজন্ম গড়তে শাপলার শহীদদের স্মৃতি সংরক্ষণ অপরিহার্য।

সম্মাননা ও ক্রেস্ট প্রদান
২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, চিকিৎসা সহায়তা, মানবাধিকার রক্ষা ও পুনর্বাসনে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আলজাজিরা, দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, ইসলামী ব্যাংক হাসপাতাল, মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এবং হেফাজতে ইসলাম ঢাকা মহানগর (২০১৩ সালের কমিটি) প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কৃত হয়।
এছাড়া ২১ জন ব্যক্তিকে পৃথকভাবে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়। শহীদ মতিউর রহমান, মুক্তার মিয়া ও ইউনুছ আলীর পিতারা বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।