প্রধানমন্ত্রীর লড়াইয়ে প্রার্থী নওয়াজ়

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০১৭ সালে পানামা পেপার-সহ একাধিক দুর্নীতিতে শরিফকে তাঁর দফতর থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানের শীর্ষ আদালত। ২০১৮ সালে আদালতেরই নির্দেশে দু’দফায় দশ বছর ও সাত বছরের জেল হয় তাঁর।

লন্ডনে চার বছর স্বেচ্ছানির্বাসনের পরে গত অক্টোবরে পাকিস্তানে ফিরেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফ। চর্চা শুরু হয়েছিল তার পরেই, নওয়াজ় কি আগামী ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মসনদের লড়াইয়ে যোগ দেবেন। চর্চাকে সত্যি করে বুধবার তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ় জানিয়ে দিল, আসন্ন নির্বাচনে দলের সর্বসম্মতিক্রমে নওয়াজ়ই প্রার্থী।

২০১৭ সালে পানামা পেপার-সহ একাধিক দুর্নীতিতে শরিফকে তাঁর দফতর থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানের শীর্ষ আদালত। ২০১৮ সালে আদালতেরই নির্দেশে দু’দফায় দশ বছর ও সাত বছরের জেল হয় তাঁর। সেই সময় থেকেই লন্ডনে স্বেচ্ছানির্বাসনে ছিলেন শরিফ। প্রাথমিক ভাবে হৃদ্‌রোগের চিকিৎসার জন্য ছ’সপ্তাহের জামিন নিয়ে লন্ডনে গিয়েছিলেন তিনি। জামিনের মেয়াদ ফুরোনোর পরেও না ফেরায় আদালত তাঁকে ফেরারি আসামির তকমা দেয়।

সংবাদমাধ্যম সূত্রে খবর, গত অক্টোবরে দেশে ফিরে আদালতে তাঁকে দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করেন শরিফ। গত ১২ ডিসেম্বর ইসলামাবাদ হাই কোর্ট তাঁকে নির্দোষ সাব্যস্ত করে। শরিফ যে প্রধানমন্ত্রী নির্বাচনে লড়বেন, ইঙ্গিত জোরালো হয় তার পরেই। পিএমএল-এনের এক শীর্ষ নেতা রানা সানাউল্লা খানের কথায়, এই নির্বাচনে শরিফ ছাড়া আর কাউকে প্রার্থী হিসেবে ভাবতেই পারছেন না তাঁরা।

পাকিস্তানের রাজনীতিতে তিন তিন বার প্রধানমন্ত্রীর পদ সামলেছেন নওয়াজ় শরিফ। ১৯৯০ সালে দেশের ১২তম প্রধানমন্ত্রী হন তিনি, গুলাম ইশাক খান তখন প্রেসিডেন্ট। ১৯৯৩ সালে গদিচ্যুত হয়ে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন গুলাম ইশাক। তখন থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তৎকালীন বেনজির ভুট্টো সরকারের বিরোধীপক্ষের প্রধান হিসেবে পরিচিত ছিলেন শরিফ। তিনি ফের প্রধানমন্ত্রী হন ১৯৯৭ সালে। ১৯৯৯ সালে এক সেনা অভ্যুত্থানে গদিচ্যুত হন তিনি। তার প্রায় এক দশক পরে ফের ২০১৩ সালে শরিফ প্রধানমন্ত্রী হন।

প্রসঙ্গত, আস্থাভোটে ইমরান খানকে গদিচ্যুত করার পরে ২০২২ সালে প্রধানমন্ত্রী হন নওয়াজ় শরিফের ভাই শাহবাজ় শরিফ। ২০২৩ সালের অগস্ট মাস পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি। তাঁর সময়েই পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পেশ করা হয় নির্বাচনী সংশোধনী বিল, ২০২৩। সেখানে প্রস্তাব রাখা হয়েছিল, পাক আইনসভার কোনও সদস্যের পদ যেন পাঁচ বছরের অতিরিক্ত খারিজ করা না হয়। বিশেষজ্ঞদের দাবি, এই বিল পেশ করা থেকেই স্পষ্ট, নওয়াজ়কে প্রধানমন্ত্রীর পদের লড়াইয়ে ফেরাতে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছে তাঁর দল।




লাইবেরিয়ায় গ্যাট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৪০

চন্দ্রদ্বীপ ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-মধ্যাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে লোয়ার বং কাউন্টিতে গ্যাস ট্যাঙ্কারতে সংঘর্ষ হয়। এরপরেই এতে বিস্ফোরণ ঘটে। ফলে ঘটনাস্থলে থাকা অনেকেই হতাহত হয়।

ফ্রান্সিস কাতেহ জানিয়েছেন, গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তিত করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী, সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং অবকাঠামোর ত্রুটির কারণে দুর্ঘটনার জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত হয়েছে সাব-সাহারান আফ্রিকা। সেখানে মৃত্যুর হার ইউরোপীয় দেশগুলোর চেয়ে গড়ে তিনগুণ বেশি।

এর আগে গত সেপ্টেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাইজেরিয়ার সীমান্তবর্তী সেমে-পডজি শহরের একটি জ্বালানির গুদামে আগুন লাগার ঘটনা নিশ্চিত করেন স্থানীয়রা। ওই গুদামে চোরাই পথে জ্বালানি সরবারহ করা হতো। গাড়ি, মোটরবাইক এবং ট্রাইসাইকেল ট্যাক্সি সেখান থেকে জ্বালানি নেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।




২০২৩ সালে জয়জয়কার ছিল ঢাকাই সিনেমার

বিগত একদশকের বেশি সময় ধরে দেশের সিনেমা শিল্প তার জৌলুস হারিয়েছে। বিভিন্ন কারণে সিনেমা তার দর্শকদের ধরে রাখতে পারেনি। কিন্তু করোনার পর থেকে দেশের সিনেমা শিল্প কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

বেশ কয়েকটি সিনেমা দেশের চলচ্চিত্রপ্রেমীদের মাঝে আলোড়ন তুলেছে। কোনো সিনেমা দেখার জন্য আগের মতো প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড় দেখা গেছে। বলা চলে ২০২৩ সালটি ছিল ঢাকাই সিনেমার জয়জয়কার।

চলতি বছর অর্ধশতাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্য থেকে কিছু সিনেমা দর্শকদের হলমুখী করেছে। এবার জেনে নিন ২০২৩ সালের আলোচিত কয়েকটি সিনেমা সম্পর্কে-

‘মুজিব: একটি জাতির রূপকার’: এ সিনেমাটির জন্য দেশের মানুষ মুখিয়ে ছিলেন নাম ঘোষণার পর থেকেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। সঙ্গত কারণেই সিনেমাটি নিয়ে সবার আগ্রহ ছিল। এটি একসঙ্গে দেশের ১৫৩টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আরিফিন শুভ, তিশা, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া প্রমুখ। এর চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারী ও শামা জাইদি। চলতি বছরের ১৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পায়।

‘প্রিয়তমা’: চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’ শিরোনামের এ সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সিনেমাটি মুক্তির পর রীতিমতো দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল। নির্মাতা হিমেল আশরাফ সিনেমাটি পরিচালনা করেছেন। এটি শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নতুন লুক দর্শকদের মাঝে সাড়া ফেলেছিল। এ সিনেমার ‘ও প্রিয়তমা’ও ‘ঈশ্বর’ শিরোনামের দুটি গান সুপার-ডুপার হিট হয়। শাকিব খান ছাড়াও এ সিনেমায় ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, কাজী হায়াৎসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমাটি ২৯ জুন মুক্তি পায়।

‘সুড়ঙ্গ’: এ সিনেমাটিও চলতি বছরের ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পায়। এর মাধ্যমে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রথম সিনেমায় ভক্তদের চমকে দেন এ অভিনেতা। ঈদুল আজহায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘সুড়ঙ্গ’দেখতে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ‘সুড়ঙ্গ’ সিনেমাটি নির্মাণ করেছেন ‘পরাণ’ খ্যাত পরিচালক রায়হান রাফি। এতে আরও অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফী।

‘লিডার: আমিই বাংলাদেশ’: চলতি বছরের ২২ এপ্রিল মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরেছিলেন শাকিব খান। এ সিনেমা নিয়েও দর্শকের মাঝে আগ্রহের কমতি ছিল না। তপু খান নির্মিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। ‘লিডার: আমিই বাংলাদেশ’সিনেমায় শাকিবের অ্যাকশন ও রোমান্টিক মুডে দেখেছে তার ভক্তরা। শাকিব খান ও বুবলী ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

অনুসন্ধান করে দেখা গেছে, চলতি বছর ৫০টিরও বেশি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরমধ্যে অল্প সংখ্যক সিনেমা লাভের মুখ দেখেছে। বছরের বিভিন্ন সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে- ‘মন দিয়েছি তারে’, ‘বুবুজান’, ‘মায়ার জঞ্জাল’, ‘ওরা ৭ জন’, ‘জে কে ১৯৭১’, ‘একটি না-বলা গল্প’, ‘রেডিও’, ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘লোকাল’ , ‘ব্ল্যাকওয়ার’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘সাঁতাও’, ‘ভাগ্য’, ‘বীরকন্যা’ ‘প্রীতিলতা’, ‘কথা দিলাম’, ‘জ্বীন’, ‘শত্রু’, ‘আদম’, ‘কিল হিম’, ‘পাপ’, ‘আমি টোকাই’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘ফিরে দেখা’, ‘ফুলজান’, ‘লাল শাড়ি’, ‘ক্যাসিনো’, ‘মাইক’, ‘গোয়িং হোম’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘আম কাঁঠালের ছুটি’, ‘এমআর-৯’, ‘ঘর ভাঙা সংসার’, ‘সুজন মাঝি’, ‘অন্তর্জাল’, ‘বৃদ্ধাশ্রম’, ‘দুঃসাহসী খোকা’, ‘ইতি চিত্রা’, ‘মুজিব: একটি জাতির রূপকা ‘, ‘মেঘের কপাট’, ‘অসম্ভব’, ‘যন্ত্রণা’, ‘আজব ছেলে’, ‘মৃত্যুঞ্জয়ী’, ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘আদিম’, ‘মা’ ও ‘সুলতানপুর’।




বাউফলে জোড়া খুনে মা-মেয়ে গ্রেপ্তার

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে জোড়া খুনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে বুধবার (২৭ ডিসেম্বর) একটি মামলায় মা ও মেয়েকে পুলিশ গ্রেপ্তার করে পটুয়াখালী আদালতে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে খোরশেদ মুন্সীর ছেলে সেলিম মুন্সীর সঙ্গে আমীর হোসেন মুন্সীর ছেলে আলাউদ্দিন মুন্সীর বিরোধ চলছিল। ঘটনার দিন মঙ্গলবার রাত ১০টার দিকে সেলিম মুন্সী একই ইউনিয়নের মাধবপুর গ্রামের নিমাই কবিরাজের বাড়িতে নৌকার ক্যাম্পেইন করে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে আলাউদ্দিন, তার ছেলে সাকিল ও রাকিবসহ ৩-৪ জন সেলিম মুন্সীকে কুপিয়ে ও পিটিয়ে খুন করে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এ সময় প্রতিপক্ষ আলাউদ্দিন মুন্সীও মারা যান। সুরতহাল রিপোর্টে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় বাউফল থানায় নিহত সেলিম মুন্সীর স্ত্রী মমতাজ বেগম ও নিহত আলাউদ্দিনের স্ত্রী ফুলভানু বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা করেছেন।

এর মধ্যে নিহত সেলিম মুন্সীর মামলায় আলাউদ্দিনের স্ত্রী ফুলভানু ও তার মেয়ে মর্জিনাকে ঘটনার রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে।




নির্বাচনী প্রচারে শুক্রবার বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আগামীকাল শুক্রবার বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেলে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে ভাষণ দেবেন তিনি। নেতা-কর্মীরা বলছেন, জনসভায় অন্তত ১০ লাখ লোকের সমাগম ঘটবে। শেখ হাসিনার এ সফরকে কেন্দ্র করে উজ্জীবিত দলের নেতা-কর্মীরা।

পাঁচ বছর পর শুক্রবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফর ঘিরে নতুন সাজে সাজানো হচ্ছে বরিশাল নগরী। বিকেল ৩টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেবেন  আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সরকারের উন্নয়ন তুলে ধরে ভোট চাইবেন নৌকায়।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বরিশালবাসীর প্রত্যাশা অনেক। ভোলার গ্যাস বরিশালে আনা, ইপিজেড নির্মাণসহ নানা দাবি তুলে ধরবেন তারা।

বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা যায়, জনসভায় দশ লাখ লোকের সমাগম ঘটবে।

বরিশাল-৫ আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের প্রত্যাশা, শুক্রবারের জনসভায় নৌকার প্রার্থীসহ অনেক সাধারণ মানুষও উপস্থিত থাকবেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সবশেষ বরিশাল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




রাঙ্গাবালীতে মোটরসাইকেল শোডাউন করায় নৌকার কর্মীকে জরিমানা

মো: আল-আমিন (পটুয়াখালী): মোটরসাইকেল নিয়ে শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের নিজকাটা বাজারে গিয়ে আচরণবিধি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ এ জরিমানা করেন ।

জরিমানা করা নৌকা প্রতীকের ওই সমর্থক রওশন আহম্মেদ মৃধা উপজেলা শ্রমিক লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, রওশন মৃধার নেতৃত্বে মৌডুবিতে মোটরসাইকেল নিয়ে নৌকার পক্ষে শোডাউন করা হচ্ছিল। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, লোকজন নিয়ে মোটরসাইকেল শোডাউন করছিলেন রওশন মৃধা। এটি বিধিসম্মত নয়। তাই তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।




তামিম ইকবালের হুইল চেয়ারে ঘুরে বেড়ান বরিশালের ১৮ ইঞ্চির শাহীন

এস এল টি তুহিন, বরিশাল :: বরিশাল মুলাদী উপজেলার বাসিন্দা ১৮ ইঞ্চি উচ্চতার শাহীন ফকির ক্রিকেটার তামিম ইকবালের দেওয়া মোটরচালিত আধুনিক হুইল চেয়ারের মাধ্যমে এখন কারো সহায়তা ছাড়াই চলাফেরা করতে পারেন। চলাচলে অক্ষম ত্রিশোর্ধ্ব শাহীন ক্রিকেটার তামি ইকবালের ভক্ত। তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর তামিম ইকবাল শাহীন ফকিরকে সিলেটে নিয়ে সাক্ষাত করেন।

তামিম ইকবাল জাতীয় দলের ক্রিকেটারদের সাথে সাক্ষাত করিয়ে দেন। এছাড়াও সিলেট ষ্টেডিয়ামে একটি খেলা দেখারও ব্যবস্থা করে দিয়েছিলেন। তখন একটি মোটরচালিত হুইল চেয়ারের আবদার করেছিলেন শাহীন ফকির। সেই আবদার পূরন করেন তামিম ইকবাল।

শাহীন ফকির বলেন, গত আগষ্টে তাকে খবর দিয়ে ঢাকা নিয়ে মোটরচালিত হুইল চেয়ার দিয়েছেন। এখন হুইল চেয়ারে করে বাড়িতে আসা যাওয়া করেন। জন্মের পর পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা শাহীনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার চরকমিশনার গ্রামে। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হায়াতসার গ্রামের ফুলতলা বাজারের পূর্বে ছোট একটি দোকান দিয়ে ব্যবসা করেন। মাত্র ১৮ ইঞ্চি উচ্চতার ত্রিশোর্ধ্ব বয়সী শাহীন ফকির তার দোকানে মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিংসহ চকলেট ও বিস্কুট বিক্রি করেন। প্রায় ৬ বছর পূর্বে দেওয়া দোকান থেকে প্রতিদিন বেচা-বিক্রি করে ৩০০ টাকা আয় হয়। এরআগে প্রতিদিন দোকান থেকে বাড়ি ও বাড়ি থেকে নিয়ে আসার জন্য মাসিক ৫০০ টাকা বেতনে লোক রেখেছিলেন শাহিন ফকির। ক্রিকেটার তামিম ইকবালের দেওয়া মোটরচালিত হুইল চেয়ারে এখন একা একা চলাচল করেন তিনি।

মঙ্গলবার  বিকালে তার দোকানে গিয়ে দেখা গেছে, ৮/১০ জন শিশু-কিশোর তার দোকান ঘিরে খোশগল্প করছে। তার কাছে যেতেই ‘মোটরচালিত হুইল চেয়ার পাওয়ার বিষয়টি জানিয়ে উচ্ছাস প্রকাশ করেন।

শাহীন ফকির জানান, হুইল চেয়ার পেয়ে মসজিদে মিলাদ পড়িয়েছি। তামিম ইকবালের জন্য দোয়া করেছি। তামিম ইকবালকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বলেন, আল্লাহ যেন তাকে সব সময় ভালো রাখেন সেই দোয়াও করেছি। নিজেকে ক্রিকেট পাগল দাবি করে শাহীন ফকির বলেন, গত বিশ্বকাপে তামিম ইকবালকে ষড়যন্ত্র করে রাখা হয়নি। এ জন্য অনেক কষ্ট পেয়েছেন।

তামিম ইকবাল যেন মনে কষ্ট না নেন জানিয়ে বলেন, আমরা দোয়া করি তিনি আবার ফিরে আসবেন।

 




বছরজুড়ে আলোচনায় সেরা ৫ এআই




নির্বাচনী মাঠ কাঁপাচ্ছেন ফেরদৌস!




ব্যস্ত জীবনে সুস্থ থাকার সহজ ৭ উপায়