বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ১২ আইনজীবীর জামিন নামঞ্জুর

বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ১২ জন আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া আইনজীবীরা হলেন—বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, মো. মজিবর রহমান, মো. হুমায়ুন কবির, মো. নুরুল ইসলাম, মো. মজিবুল হক কিসলু, হুমায়ুন কবির পল্টু, জুনায়েদ হোসেন জুয়েল, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসাইন, সাইমুল ইসলাম রাব্বি, আবদুর রহমান জুয়েল ও আমিরুল ইসলাম মিলন। বিষয়টি রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমীন নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৭ মার্চ জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৫ সালের ৩০ এপ্রিল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম বরগুনা থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীরসহ ১৫৮ জন নেতাকর্মীর নেতৃত্বে হামলায় প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার পর আসামিরা চলতি বছরের ২ জুলাই হাইকোর্ট থেকে আট সপ্তাহের জন্য আগাম জামিন পান। তবে মেয়াদ শেষ হলে পুনরায় জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা নাকচ করেন।

আসামিপক্ষের আইনজীবীরা জানান, মামলাটি দুই বছর আগের ঘটনা নিয়ে করা হয়েছে এবং আসামিরা নিয়মিত আইনজীবী হওয়ায় পালানোর কোনো সম্ভাবনা নেই। তাই তারা পুনরায় জামিনের আবেদন করবেন। তবে রাষ্ট্রপক্ষের দাবি, মামলাটি বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়ায় এটি জামিনযোগ্য নয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে বিএনপি নেতার ঘোষণায় আলোচনার ঝড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের ব্যতিক্রমী ঘোষণা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তিনি বলেছেন, “দল থেকে মনোনয়ন পেলেও যদি মানুষ মনে করে আমি সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার বা সংখ্যালঘু নির্যাতনে জড়িত, তাহলে আমাকে ভোট দেবেন না। খারাপ মানুষ হলে আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই।”

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী উপজেলা সদরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ মানুষের কাছে এই বক্তব্য প্রশংসিত হয়েছে। রিকশাচালক কালাম সিকদার বলেন, “এভাবে খোলামেলা কথা বলার মতো সাহসী নেতাকে আগে দেখিনি। নিশ্চয়ই তিনি সৎ বলেই এ কথা বলতে পেরেছেন।”

এর আগে ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শেষে গৌরনদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সোবহান বলেন, “ভোট জনগণের পবিত্র আমানত। এ আমানতের খেয়ানতকারীদের ভোট দেবেন না। দলের কোনো বেঈমান বা দুর্নীতিবাজকে ভোট দিয়ে উৎসাহিত করবেন না।”

তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য হলো জনগণের অধিকার আদায়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।

খালেদা জিয়াকে “গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী” আখ্যা দিয়ে তিনি নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বরের এই দিনটি শুধু বিএনপির নয়, বরং বাংলাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান। প্রধান বক্তা ছিলেন তরুণ রাজনীতিবিদ পারভেজ সোবহান।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রাঙ্গাবালীতে গরু চুরির সময় ৫ চোর হাতেনাতে আটক

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে রশির ফাঁদ পেতে গরু চুরির সময় জনতার হাতে ৫ চোরকে ধরা পড়েছে। স্থানীয়রা চোরদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে রাঙ্গাবালী থানার পুলিশ ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন:

  • চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামের মো. সাইদুল বয়াতী (৩৫)
  • টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের মো. ফেরদাউস সিকদার (৩৫)
  • কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি গ্রামের মুজাম্মেল হোসেন সিকদার (৪৮)
  • ধানখালী ইউনিয়নের ছইলাবুনিয়া গ্রামের মো. আবু কালাম আজাদ (৪১)
  • পৌরসভার চিংগুড়িয়া গ্রামের শ্রী সুভাষ বেপারী (৫৫)

পুলিশ জানিয়েছে, এই মামলায় আরও দুইজন পলাতক রয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদী মো. ইমাম হোসেনের ২৪টি গরু জাহাজমারা চরে ছিল। ভোর রাতে স্থানীয়রা দেখেন, কয়েকজন চোর ওই গরুর মধ্যে থেকে দুটি গরু নিয়ে পালানোর চেষ্টা করছে। স্থানীয়দের চিৎকারে পাঁচজনকে আটক করা হয় এবং চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। একই সঙ্গে রশির ফাঁদও জব্দ করা হয়েছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “গ্রেপ্তার পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের ধরার চেষ্টা চলছে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চোর চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে গবাদিপশু চুরি করছে। পুলিশ ও স্থানীয় জনগণ যৌথভাবে এই চোর চক্রের কার্যক্রম নিয়ন্ত্রণে চেষ্টা করছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



লোহালিয়া-বাউফল সড়ক মরণফাঁদে, প্রতিদিন দুর্ঘটনা

পটুয়াখালীর লোহালিয়া-দশমিনা-বাউফল সড়ক এখন যেন দুর্ঘটনার মরণফাঁদ। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত, ভাঙা পিচঢালাই আর খানাখন্দে পরিণত হয়েছে এই ২৩ কিলোমিটার পথ। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে ছোট ছোট পুকুর তৈরি হয়। ফলে প্রতিনিয়ত আটকে যাচ্ছে বাস, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। এ কারণে ঘন ঘন ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন যাত্রীরা। কাদাপানির ছিটায় নষ্ট হচ্ছে পথচারী ও স্থানীয় দোকানপাটের পোশাক ও পণ্যসামগ্রী।

এই সড়কটি লোহালিয়া নদীর পূর্ব প্রান্ত দিয়ে সদর উপজেলার সঙ্গে দশমিনা, বাউফল, গলাচিপা এবং ভোলা জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। জেলা সদরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য ২০০৫ সালে সড়কটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। পরে তা এলজিইডির কাছে হস্তান্তর করা হয়। সড়কটি চালু হওয়ার পর বাউফল যেতে সময় লাগে মাত্র ৪৫ মিনিট, দশমিনা এক ঘণ্টা এবং গলাচিপা সোয়া ঘণ্টা। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন পুরোপুরি ভাঙাচোরা হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সড়কের শৌলা থেকে দশমিনা সংযোগস্থল পর্যন্ত অন্তত ২০টি বড় গর্ত ও দুই শতাধিক ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। এসব গর্তে বাস-ট্রাক আটকে গিয়ে প্রায়ই যান চলাচল বন্ধ হয়ে পড়ে। যাত্রীরা নেমে গাড়ি ধাক্কা দিয়ে তুলতে বাধ্য হন। বিশেষ করে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে এই পথে যাতায়াত করা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

অটোবাইকচালক সুভাষ কুমার বলেন, “এ রাস্তা হইছে ঠিকই; কিন্তু হওয়ার মতো হয় নাই। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়।” মিশুক চালক টিটু মিয়ার অভিযোগ, “রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। দুই ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় অর্ধেক। তাই এক বছরের মধ্যেই রাস্তায় গর্ত সৃষ্টি হয়।”

স্থানীয় যাত্রী রফিকুল ইসলাম বলেন, “বিশাল বিশাল গর্তে গাড়ি পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যাত্রীদের নামিয়ে গাড়ি তুলতে হয়। বৃষ্টির সময় তো পুরো রাস্তাই পুকুর হয়ে যায়।” মোটরসাইকেলচালক মোহাম্মদ মহিবুল্লাহ জানান, “নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সড়ক সংস্কারের পরও তা বেশিদিন টেকে না।”

এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর বলেন, অতিবৃষ্টির কারণে সড়কটির ব্যাপক ক্ষতি হয়েছে। চালক, যাত্রী ও স্থানীয়দের ভোগান্তি নিরসনে জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করে সংস্কারকাজ শুরু হবে।

বর্তমানে এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তাঁদের অভিযোগ, প্রতিদিন দুর্ঘটনা আর যানজটের কারণে এই সড়ক দিয়ে চলাচল এখন দুর্ভোগের অন্য নাম।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



গলাচিপায় জাল টাকাসহ যুবক আটক

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকাসহ মো. ইয়াসিন তালুকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রোববার বিকেলে গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম তুষারের নেতৃত্বে পুলিশের একটি টিম রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়ার ফুলখালী সুইসগেট এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াসিনের কাছ থেকে ১৩টি এক হাজার টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়।

আটক ইয়াসিন রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সলেমন তালুকদারের ছেলে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াসিনকে জাল টাকা পাচারের সময় আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে জাল টাকা পাচারের সঙ্গে জড়িত। এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

✍️আল-আমিন, স্টাফ রিপোর্টার,
চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আগামী ফেব্রুয়ারিতেই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন কমিশনকে ইতোমধ্যে সব প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের জন্য সব প্রস্তুতি সরকার বাস্তবায়ন করছে।”

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতবিরোধ থাকলেও প্রয়োজনীয় মুহূর্তে ঐক্য দেখা যাবে। আগে যেসব বিষয় নিয়ে মতবিরোধ ছিল, তা ইতিমধ্যে সমাধান হয়েছে। নির্বাচনের সময়সূচি পেছানোর কোনো সম্ভাবনা নেই।”

নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে জানতে চাইলে ড. আসিফ জানান, এ ধরনের কোনো আলোচনা নেই। এনসিপি জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চাইলেও সরকার তার পক্ষ থেকে স্পষ্ট অবস্থান দিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত এক বছরে আইনশৃঙ্খলা কিছুটা উত্থান-পতন করেছে। বিপ্লব পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা স্বাভাবিক। তবে আমরা এ ধরনের পরিস্থিতি আগে নিয়ন্ত্রণ করেছি এবং আবার নিয়ন্ত্রণ করতে সক্ষম হব।”

ড. আসিফ নজরুল আরও বলেন, “সরকার সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন নির্ধারিত সময়েই আয়োজন করার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। এখানে কোনো ধরনের দেরি বা বাধা হওয়ার সুযোগ নেই।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশের মধ্যে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন জেলা ও মহানগরের নেতাকর্মীরা। দিনটি ঘিরে সকাল থেকেই কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও সমাবেশ।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মণি বলেন, “বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না। আগামী নির্বাচন হবে কেবল তারেক রহমানের নেতৃত্বে। বরগুনার দুটি আসনের জনগণ বিএনপির নেতৃত্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুধু বরগুনা নয়, পুরো দেশ এখন তাকিয়ে আছে তারেক রহমানের দিকে।”

তিনি আরও বলেন, সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে আর কোনো অবস্থাতেই স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. সফিকুজ্জামান মাহফুজ, হুমায়ূন হাসান শাহীন, অ্যাডভোকেট মো. রেজবুল কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

দীর্ঘ দেড় যুগ পর অনুকূল রাজনৈতিক পরিবেশে উদযাপনে নেতাকর্মীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নানা আয়োজনে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে ঘিরে ভোর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে পৃথক পৃথক র‌্যালি বের করা হয়। এসব র‌্যালি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

এছাড়া মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালিও অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এদিকে বিকেলে বরিশাল জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মিছিলের আয়োজন করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




মেঘনা নদীতে সিরামিক জাহাজ ডুবে যাওয়ার আশঙ্কা

ভোলার মেঘনা নদীতে সিরামিক কোম্পানির কাঁচামালবাহী জাহাজ ডুবে যাওয়ার পথে রয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় অন্য একটি জাহাজের ধাক্কায় এমভি রেক্সগ্লোরি-১ জাহাজের তলা ফেটে যায়, ফলে জাহাজটি ধীরে ধীরে ডুবতে শুরু করে। সূত্র মতে, আজ রোববার সন্ধ্যার মধ্যে পুরো জাহাজটি ডুবে যেতে পারে।

জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিল। জাহাজের কর্মচারীরা জানিয়েছে, মালিকপক্ষকে অবহিত করা হয়েছে এবং উদ্ধারকারী জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজ বিপদমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো সরকারি কর্তৃপক্ষ বিষয়টি জানে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় জেলে ও জাহাজের সুকানি মো. শহিদুল ইসলাম বলেন, “রেক্সগ্লোরি-১ চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। শুক্রবার রাতে ভোলার কাচিয়া ঘাটে নোঙর করার পর শনিবার রাত সাড়ে তিনটায় নোঙর তুলে ঢাকার পথে যাত্রা করছিল। বিপরীত দিক থেকে আসা ‘সুলতানা বক্কর’ নামের আরেকটি জাহাজ ধাক্কা দেয়, ফলে জাহাজের তলা ফেটে ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে।”

জাহাজে থাকা ১৩ জন কর্মচারী স্থানীয় একটি ট্রলারের সাহায্যে তীরের তুলাতুলি মাছঘাটে নিরাপদে পৌঁছান। সরেজমিনে দেখা যায়, জাহাজটি পুরোপুরি ডুবে যেতে আরও ২ থেকে ৩ হাত পানি বাকি আছে।

ভোলা নদীবন্দর উপপরিচালক মো. রিয়াদ হোসেন ও ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানিয়েছেন, বিষয়টি তাদের জানানো হয়নি। তারা বলেন, “এই ঘটনায় খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, ছাত্রদল-যুবদল ৫ জনের বিরুদ্ধে মামলা

ভোলার বোরহানউদ্দিনে এক শ্রমিক দল নেতাকে হত্যার চেষ্টা ও অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা হয়েছে ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তানজিল সহ আরও চারজনকে।

মামলার বাদী নাজিমুদ্দিন জানান, ২৮ আগস্ট তিনি ভোলা-২ আসনের মনোনয়নপ্রত্যাশী জাহাঙ্গীর মোহাম্মদ আলমকে ইলিশা লঞ্চঘাট থেকে বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার সময় পথরোধ করা হয়। বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের মানিকা বাজার এলাকায় ৫টি মোটরসাইকেলে ছয় থেকে সাতজনের একটি দলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁকে আক্রমণ করা হয়।

হামলায় যুবদল নেতা রিয়াজ হাওলাদার তাঁকে মাথায় আঘাত করার চেষ্টা করলে বাদী হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার ডান হাতের একটি আঙুল গুরুতরভাবে জখম হয় এবং আটটি সেলাই প্রয়োজন হয়। একই সময়, মানিকা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনির হাওলাদার মো. সুমনকে এসএস পাইপ দিয়ে আঘাত করা হয়, ফলে তার মাথা ফেটে যায়।

বাদী অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং চারটি মোটরসাইকেল নিয়ে যায়। মামলার আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে মামলা না করার চেষ্টা করেন। স্থানীয়রা পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

বোরহানউদ্দিন থানার এসআই জি এম শাহাবুল জানান, ‘মারামারির ঘটনায় মামলা ৩১ আগস্ট দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।’

অপরদিকে, মামলার নাম উল্লেখিত ছাত্রদল নেতা মো. তানজিল অভিযোগ ও ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই ঘটনায় ভোলার রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত তদারকি করছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫