জাহাঙ্গীর কবির নানক জাহিদ ফারুক সহ মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন যারা

বরিশাল অফিস :: টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। আজ বুধবার সকল সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর গঠন হবে মন্ত্রীসভা। নির্বাচন শেষ হওয়ার পর সবার নজর এখন মন্ত্রীসভার দিকে। সবার মুখে একটাই আলোচনা কে বা কারা হতে যাচ্ছেন নতুন মন্ত্রীসভার সদস্য। বরিশালেও এ আলোচনা সভার মুখে মুখে। এবারের মন্ত্রীসভা গঠনে বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান মন্ত্রীসভার ৩ জন সদস্য নির্বাচনে মনোনয়ন পাননি। আবার মনোনয়ন পেয়েও ৩ জন নির্বাচনে বিজয়ী হতে পারেননি। ফলে এই ৬ পদে স্বাভাবিক কারণেই দেখা যাবে নতুন মুখ।

এছাড়া পুরনো মন্ত্রীসভার অনেকের কর্মকান্ডে বিরক্ত প্রধানমন্ত্রী। তাদের বিষয়েও নতুন করে সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে পুরনো অনেক মন্ত্রীই ছিটকে পড়তে পারেন। এছাড়া প্রমোশন পেয়ে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হবেন অনেকে। এই প্রমোশনের তালিকায় আছেন ঢাকা-১৩ আসনের এমপি জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

নির্বাচনের আগে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জাহিদ ফারুক কে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমান করেছে প্রধানমন্ত্রী তাকে কতটা ভালবাসেন ও পছন্দ করেন। দলের হাই কমান্ড ও নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছেন জাহিদ ফারুকের উপর প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ^াস শতভাগ। যে কারনে জাহিদ ফারুক মন্ত্রীসভা থেকে বাদ পড়ার কোন সম্ভাবনা তো নেই বরং তার প্রমোশন হতে পারে।  সূত্রটি আরো জানিয়েছে জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালে তার সার্বিক কাজে প্রধানমন্ত্রী বেশ সন্তুষ্ট। তাই মন্ত্রণালয় পরিবর্তন না করে এই মন্ত্রণালয়েই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। মন্ত্রীপরিষদে নতুন মুখ হিসেবে আসছেন  আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আওয়ামীলীগের একাধিক নেতা বলেন, জাহাঙ্গীর কবির নানক দলের সাধারন সম্পাদক হওয়ার তালিকায় সর্বাগ্রে ছিলেন। কিন্তু ওবায়দুল কাদের বহাল থাকায় বঞ্চিত হন নানক। আওয়ামী লীগের এ নেতার উপর প্রধানমন্ত্রীর আস্থা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুড লিষ্টে আছেন তিনি।  এ কারণে তিনি যে মন্ত্রী হচ্ছেন এটা প্রায় নিশ্চিত।

 

 

এর বাইরে মন্ত্রীসভায় যুক্ত হতে পারেন বর্ষীয়ান রাজনীতিবিদ ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু, পটুয়াখালীর আ স ম ফিরোজ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, পিরোজপুরের শ ম রেজাউল করিম। শারিরিক অসুস্থতার কারনে ভোলার তোফায়েল আহমেদ কে মন্ত্রী সভায় আনার সম্ভাবনা অনেকটাই কম। আগামী ১১ জানুয়ারী মন্ত্রীসভা গঠন হবে।




বরিশালে নির্বাচন পরবর্তী পোস্টার অপসারণ করছে বিডি ক্লিন

বরিশাল অফিস :: শহরের সৌন্দর্য রক্ষায় নাগরিক দায়িত্ববোধ থেকে নির্বাচন পরবর্তী পোস্টার অপসারণ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশাল টিমের সদস্যরা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনভর বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকদের নিয়ে এ কার্যক্রমের শুরু করে বিডি ক্লিন।

বিডি ক্লিন বরিশাল টিমের অতিরিক্ত সমন্বয়ক জায়েদ ইরফান জাগো নিউজকে বলেন, ৭ জানুয়ারি নির্বাচন শেষ হলেও নগরীর বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো রয়ে গেছে। তাই শহরের সৌন্দর্য রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে ৮ জানুয়ারি সকাল থেকে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকদের নিয়ে পোস্টার অপসারণ শুরু করা হয়। নগরীর সবখানের পোস্টার অপসারণ না করা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, শুধু আমাদের রাস্তাঘাটের পরিচ্ছন্নতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের মনও পরিষ্কার রাখতে হবে। যাতে দেশে কোনো ধরনের আবর্জনা জমতে না পারে।




বরিশালে আসামি বাদ না দেওয়ায় হত্যা মামলা নিচ্ছে না পুলিশ!

বরিশাল অফিস :: বরিশাল মুলাদীতে এজাহার থেকে আসামির নাম বাদ না দেওয়ায় হত্যার ৭ দিনেও মামলা নিচ্ছে না পুলিশ। উপজেলার টুমচর গ্রামের রুবেল শাহ হত্যার এজাহার থেকে খালেকুজ্জামান হিরন, মনিরুজ্জামান হাওলাদার এবং কাওসার হাওলাদারের নাম বাদ না দেওয়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত মামলা করতে পারেননি নিহতের স্ত্রী ইউপি সদস্য নারগিস বেগম। কয়েকবার থানায় গিয়েও মামলা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

নারগিস বেগমের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত ৩ ব্যক্তিকে বাদ দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা করতে নির্দেশ দিয়েছেন।

তবে মুলাদী থানার ওসি মো. জাকারিয়ার দাবি, ন্যায়বিচারের স্বার্থে হত্যার ঘটনায় জড়িত প্রকৃত দোষী ব্যক্তিদের নামে মামলা দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের রুবেল শাহকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ তয়কা গ্রামের মোতালেব রাড়ীর ছেলে আবদুর রহিম রাড়ীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী নারগিস বেগম জানান, রুবেল শাহ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করতে ৩১ ডিসেম্বর নরসিংদী থেকে বাড়ি আসেন। ৩ জানুয়ারি সকালে তিনি বাড়ি থেকে জাগরণী বাজারে যাওয়ার পথে পূর্বশত্রুতার জেরে শান্তিচুক্তির শর্ত ভেঙে ৩৫-৪০ জন লোক রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। ওই ঘটনায় ৩৫ জনকে আসামি করে গত ৬, ৭ ও ৮ জানুয়ারি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

তিনি জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার থেকে খালেকুজ্জামান হিরন, মনিরুজ্জামান হাওলাদার এবং কাওসার হাওলাদারের নাম বাদ দিতে বলেছেন। কিন্তু তারা রুবেল শাহ হত্যায় জড়িত ছিলেন। ওই আসামি বাদ না দিলে পুলিশ মামলা নেবে না বলে জানিয়েছে। বিষয়টি বরিশাল পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, রুবেল শাহকে কুপিয়ে হত্যার বিষয়টি খালেকুজ্জামান হিরন প্রথমে পুলিশকে অবহিত করেছিলেন। মনিরুজ্জামান হাওলাদারেরর ঢাকায় অবস্থানের বিষয়ে প্রমাণ রয়েছে। ন্যায়বিচারের স্বার্থে নিহতের স্ত্রীকে প্রকৃত দোষীদের নামে মামলা করতে বলা হয়েছে।

বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় শত্রুতার জেরে ভোটার তালিকা দেখে আসামি দিয়ে মামলা করলে বাদীর ন্যায়বিচার বিলম্বিত হতে পারে। রুবেল শাহ হত্যার ঘটনায় আজ-কালের মধ্যে মামলা করা হবে।




মাকে হারিয়েছেন, বোনের অনুপ্রেরণায় ক্যাডার বরিশালের মেহেদী

বরিশাল অফিস :: ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মেহেদী হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম ক্যাডার। তার আগে কেউ বিসিএস ক্যাডার হননি। শিক্ষা ক্যাডারে ষষ্ঠ হয়েছেন তিনি। বর্তমানে তিনি ‌বরগুনা ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন‌্যান্স অ‌ফিসে অডিটর হিসেবে কর্মরত আছেন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে ২ হাজার ৮০৫ জনকে। গত ২৬ ডিসেম্বর বিকালে এ ফল প্রকাশ করা হয়। এতে মেহেদী হাসান শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মেহেদীর বাড়ি বরিশালের বাকেরগঞ্জের উত্তর কাটাদিয়াতে। বাবা মো. নুরুল ইসলাম। মায়ের নাম নাসিমা আক্তার। ২০০৫ সালে তিনি ষষ্ঠ শ্রেণিতে থাকা অবস্থায় মা মারা যান। তিনি কাটাদিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং বেতাগী সরকারি কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। মেহেদীর এক বড় বোন রয়েছে।

৪১তম বিসিএসে প্রথম অংশগ্রহণ করেছিলেন। তবে মাস্টার্সের শিক্ষার্থী থাকাকালীন থিসিসের কার্যক্রমের জন্য ভালোভাবে লিখিত প্রস্তুতি নিতে পারেননি। ফলাফল নন-ক্যাডার আসে। ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৪১তম এর চেয়ে ভালো হয়। তবে লিখিত আন্তর্জাতিক বিষয়ের পরীক্ষা দিয়ে কেঁদেছিলেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি হন মেহেদী। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বলছিলেন, স্নাতকে পড়া অবস্থায় তৃতীয় বর্ষে এসে বিসিএস এর প্রস্তুতি শুরু করি। গতানুগতিক গাইড বই অনুসরণ না করে মূল বা বেসিক বইগুলোতে জোর দিয়েছি। সেগুলো ভালোভাবে আয়ত্ত করি। স্নাতকোত্তরে থাকাকালীন টিউশনি করেছি। তাই গণিত অংশে আলাদা করে বেশি প্রস্তুতি নিতে হয়নি।

৪১তম বিসিএসে প্রথম অংশগ্রহণ করেছিলেন। তবে মাস্টার্সের শিক্ষার্থী থাকাকালীন থিসিসের কার্যক্রমের জন্য ভালোভাবে লিখিত প্রস্তুতি নিতে পারেননি। ফলাফল নন-ক্যাডার আসে। ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৪১তম এর চেয়ে ভালো হয়। তবে লিখিত আন্তর্জাতিক বিষয়ের পরীক্ষা দিয়ে কেঁদেছিলেন তিনি। পরীক্ষাও ভালো হয়নি বলে।

বাকি পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করবেন না বলে ভেবে নিয়েছিলেন জানিয়ে মেহেদী বলেন, এক বন্ধুর পরামর্শে বাকি পরীক্ষায় অংশগ্রহণ করি। লিখিত পরীক্ষায় পাস করলেও ভাইভায় আশানুরূপ ফলাফল না পাওয়ায় আশাহত হয়েছিলাম। নন-ক্যাডারের জটিলতা চলমান থাকায় চূড়ান্ত ফল দেখব না বলে সিদ্ধান্ত নিই। পরে এক বন্ধু ও এক ছোট ভাই আমার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ফল দেখে। বন্ধু ফোন করে বোনকে জানায়।

বোন ফোন দিয়ে ফলাফল জানানোর সময় ছোট ভাইয়ের অভিনন্দনের মেসেজ পান। এরপর নিজেও দেখে নিশ্চিত হন। এ ফল দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি জানিয়ে তিনি বলেন, আনন্দে কেঁদে ফেলেছিলাম, ভাষা হারিয়ে ফেলেছি। ছোটবেলায় মাকে হারিয়ে নানা প্রতিকূলতার মাঝেও দমে যাইনি। সহযোগিতাকারী হিসেবে পেয়েছি বড় বোনকে। হতাশ হলেই বড় বোন ও প্রিয় মানুষের অনুপ্রেরণা নতুন করে লড়তে শিখিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ধৈর্য, অধ্যবসায়, উৎসর্গ- এগুলো যদি কারোর মধ্যে থাকে, তবে তারা সফল হবেন বলে বিশ্বাস করি। বিসিএস একটি দীর্ঘ ও অনিশ্চিত যাত্রা। এ যাত্রায় জয়ী গন্তব্যে পৌঁছাতে পরিকল্পিত ও গোছানো প্রস্তুতি সবচেয়ে বেশি জরুরি। শিক্ষাজীবনে কখনো কোথাও কোচিং করিনি। তবে নিজের সাজেশন অনুসরণ করেছি। সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে চেষ্টা করেছি। আল্লাহ কখনো নিরাশ করেননি।




মা-বাবার কোলেই শেষ নিশ্বাস ত্যাগ করলো ফ্রান্স ফেরত ভোলার ইব্রাহিম

বরিশাল অফিস :: ক্যান্সার আক্রান্ত ফ্রান্স প্রবাসী ইব্রাহিমের ইচ্ছা ছিল ফ্রান্সে উচ্চ শিক্ষা শেষ করে অর্থ উপার্জন করে পরিবারের পাশে দাড়াবেন। কিন্তু সেই স্বপ্ন শেষ করে দিয়েছে মরণব্যাধি ক্যানসার। ইব্রাহিম ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বাবা—মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে ২০ ডিসেম্বর ভোলার চরফ্যাসন নিজ বাড়িতে আসেন।

সোমবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির নিজ বাড়িতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইব্রাহিমের বাবা কান হাওলাদার। ক্যানসারে আক্রান্ত ফ্রান্স প্রবাসী ইব্রাহিম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির মোঃ কা ন হাওলাদারের ছেলে।

জানা গেছে, ২০২২ সালের প্রথম দিকে উচ্চ শিক্ষার জন্য ফ্রান্সে পাড়ি জামান ভোলার চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ এলাকার বাসিন্দা কা ন হাওলাদারের ছেলে মোঃ ইব্রাহিম। ফ্রান্সে যাওয়ার ৭ মাসের মধ্যেই তিনি ক্যানসারে আক্রান্ত হন। ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় নিজ মাটিতে বাবা—মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, এমন ইচ্ছা থাকলেও তাকে দেশে নিয়ে আসার মতো ছিল না কেউ। তার এ ইচ্ছা পূরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তাকে দেশে নিয়ে আসেন ফ্রান্সের চিকিৎসক ড. ম্যাথিউ জামেলট। প্রবাসে চিকিৎসাসেবা শেষে বাবা—মায়ের কাছে ফেরেন ২০ ডিসেম্বর। বাংলাদেশে এসেও দীর্ঘদিন চিকিৎসা নেন। সোমবার ভোরে মারা যান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুড়ো এলাকায়।

ইব্রাহিমের বাবা মো. কান হাওলাদার বলেন, ছেলের ইচ্ছা পূরণে ধারদেনা করে তাকে ফ্রান্সে পাঠাই। ইব্রাহিম আর বেঁচে নেই। সোমবার ভোরবেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ধারদেনা কীভাবে পরিশোধ করব তা জানি না। যদি সরকার আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারব।




নিজের প্রতীকে ভোট না দিয়ে নৌকায় সিল মারলেন প্রার্থী,পটুয়াখালীতে সমর্থকদের ক্ষোভ

বরিশাল অফিস :: পটুয়াখালী-২ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে প্রার্থী হয়েছিলেন জোবায়ের হোসেন ওরফে রাসেল। প্রতীক ছিলো টেলিভিশন। তবে নিজের প্রতীকে ভোট না দিয়ে নৌকায় সিল মেরে আলোচনার জন্ম দিয়েছেন এই প্রার্থী।

নৌকা প্রতীকে সিল মারা একটি ব্যালট পেপার হাতে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন টেলিভিশন প্রতীকের প্রার্থী রাসেল। এ ঘটনায় হাস্যরসের পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন কয়েকজন ভোটার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার ক্ষোভের সঙ্গে বলেন, ‘ভাবতে পারেন, টেলিভিশন মার্কায় ভোট দিলাম আমি, কিন্তু যাকে দেখে ভোট দিলাম সে কিনা ভোট দেয় নৌকায়। একে কি বলা যায়?’

এর আগে জোবায়ের রাসেল প্রচার-প্রচারণার জন্য নিজেকে অনিরাপদ ভেবে প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছিলেন। সেই প্রেক্ষিতে পুলিশ নিয়ে প্রচারণাও চালিয়েছেন তিনি।

নৌকায় ভোট দিলেন কেন- এমন প্রশ্নের জবাবে জোবায়ের হোসেন রাসেল বলেন, ‘আমি তো নৌকার লোক। আমার রক্তে আওয়ামী লীগ। আমি নির্বাচন করেছি দেশের স্বার্থে।’

জানা গেছে, আসনটিতে প্রার্থী হয়েছিলেন চারজন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আ স ম ফিরোজ (নৌকা প্রতীক), জাতীয় পার্টি মনোনীত মো. মহসিন হাওলাদার (লাঙ্গল প্রতীক), তৃনমূল বিএনপি মনোনীত মাহবুবুল আলম (সোনালী আঁশ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট জোবায়ের হোসেন রাসেল (টেলিভিশন প্রতীক)।

নৌকার প্রার্থী আ সম ফিরোজ ১ লাখ ২৪ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। টেলিভিশন প্রতীক পায় ২ হাজার ২৩১ ভোট।

 




পটুয়াখালীতে গোলের গুড় বানিয়ে জীবন চলে অনেকের

বরিশাল অফিস :: কৃষি কাজের পাশাপাশি গোল গাছের রস থেকে গুড় উৎপাদন করে জীবিকা নির্বাহ করে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের কৃষকরা। প্রতি বছর শীত মৌসুমে গোল গাছের রস সংগ্রহ করে বড় চুলায় জ্বাল দিয়ে গুড় উৎপাদন করে তারা। এছাড়া গোল গাছের পাতা দিয়ে ঘরের ছাউনি তৈরি ও ডাল জ¦ালানি হিসেবে ব্যবহৃত হয়।

গোল গাছ উপকূলীয় অঞ্চলে লোনা পানিতে জন্ম নেয়া একটি বিশেষ প্রজাতির গাছ। এ গাছের নাম গোলগাছ হলেও দেখতে কিছুটা নারিকেল পাতার মত। এর ডগা থেকে বেরিয়ে আসে মিষ্টি রস। সেই রস দিয়ে তৈরি হয় গুড়। সুস্বাদু এই গুড়ের চাহিদাও রয়েছে ব্যাপক। পটুয়াখালীর কুয়াকাটায় উপকূলীয় অঞ্চলের প্রায় শতাধিক কৃষক এই গুড় তৈরির কাজে জড়িত।

প্রতি বছরই শীত মৌসুমে সূর্য ওঠার সাথে সাথে কৃষক বেড়িয়ে পড়েন এ গাছের রস সংগ্রহ করতে। এরপর বাড়ির উঠানে বসে শুরু হয় রস দিয়ে গুড় তৈরির কাজ। আর সেই গুড় স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয় করেন তারা।

গোল গাছের রস থেকে উৎপাদিত গুড়ের অনেক পুষ্টিগুণ রয়েছে বলে জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার।

সরকারিভাবে গোল গাছ রোপনের উদ্যোগ নিয়েছে স্থানীয় বন বিভাগ।

গোল গাছের ঐতিহ্য রক্ষা ও উপকূলীয় গুড় উৎপাদনকারীদের সহায়তার করার কথাও জানিয়েছে বন বিভাগ।

 




ডেভিড মিলারকে আনছে বরিশাল

বরিশাল অফিস :: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলার। ফরচুন বরিশাল উড়িয়ে আনছে কিলার মিলারকে। ড্রাফটের বাইরে থেকে মিলারের সাথে চুক্তি করেছে বরিশাল। তবে কতদিন মিলারকে পাওয়া যাবে তা এখনও বলতে রাজি নয় ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী বুধবার শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি। টুর্নামেন্ট শেষ হবে ১০ ফেব্রুয়ারি। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ১৯ জানুয়ারি থেকে। এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালের ক্যাপ্টেন মিলার। নিজের দেশের টুর্নামেন্ট শেষ করে তাকে উড়াল দিতে হবে বাইরে।

এর আগে একাধিকবার মিলার আসার সরগোল উঠলেও কোনবার তাকে খেলাতে পারেনি কেউ। এবার বরিশাল তাকে দলে নিয়ে নতুন করে আলোচনা উঠলো। শেষ পর্যন্ত থাকে খেলাতে পারে কী না সেটা দেখার।

এদিকে ড্রাফটের বাইরে আরও তিন ক্রিকেটারকে নিয়েছে বরিশাল। মোহাম্মদ ইমরান, আকীফ জাভেদ ও নুয়ান থুশারা।

ফরচুন বরিশালের স্কোয়াড: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিত ওয়েলালাগে, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল ও দীনেশ চান্দিমাল।




একদিনে ২২ জনের করোনা শনাক্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৪৪০ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনেই রইল।



নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার সন্ধ্যায়

চন্দ্রদ্বীপ ডেস্ক: নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।