নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ চার নারী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ নারী রয়েছেন চারজন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। শপথের পর তাদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

নারীদের মধ্যে ডা. দীপু মনিকে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আগের মন্ত্রিসভায় তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

সিমিন হোসেন রিমিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সিমিন হোসেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা।

অপর নারী প্রতিমন্ত্রী রুমানা আলীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। রুমানা আলী গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রয়াত সদস্য অ্যাডভোকেট রহমত আলীর কন্যা রুমানা আলী।




ইয়েমেনে ব্যাপক হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বার্তাসংস্থা রয়টার্সকে শুক্রবার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তা।



তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ এ আরাফাত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নতুন সরকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।



প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ছয়জন : নতুন মুখ কামাল আবদুল নাসের

চন্দ্রদীপ ডেস্ক : কামাল আবদুল নাসের চৌধুরী ও সালমান এফ রহমানসহ ছয়জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে কামাল আবদুল নাসের চৌধুরীকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাকিরা উপদেষ্টারা হলেন- তারেক আহমেদ সিদ্দিকী, মসিউর রহমান, তৌফিক ইলাহী চৌধুরী এবং গওহর রিজভী।

 




কুয়াকাটায় উজাড় হচ্ছে গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চলের গাছ

মো: আল-আমিন (পটুয়াখালী):  কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকার সংরক্ষিত বনাঞ্চলের গাছ আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বা বন বিভাগের কর্মীদের সঙ্গে যোগসাজশে কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সাগরের কোল ঘেঁষে প্রাকৃতিক দেওয়াল হিসেবে পরিচিত এ বনাঞ্চল এভাবে উজাড় হওয়ায় উপকূলবাসী শঙ্কিত।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শুধু গঙ্গামতি এলাকায় সাগরের কোল ঘেঁষে ২০০৮-০৯ সালে প্রায় ১০ হাজার আকাশমণি গাছ সৃজন করা হয়। এ বনে আকাশমণি ছাড়াও হরতকী, বহেরা, রেইনট্রি, গামারিসহ নানা প্রজাতির গাছ আছে। সৈকতের মাটির ক্ষয়রোধ, বন্যা-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় মানুষের জান-মাল রক্ষায় এ সব গাছ কার্যকর ভূমিকা রেখে আসছিল।

কিন্তু সাম্প্রতিক সময়ে জলোচ্ছ্বাসের সময় চলে আসা বালুতে গাছের শ্বাসমূল ঢাকা পড়লে, কিছু গাছ মরে যায়। স্থানীয় একটি চক্র এ সব মরা গাছসহ বাগান থেকে বিনা বাধায় গাছ কেটে নিয়ে বিক্রি করছে।

সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তারা প্রথমে নাম,পরিচয় জানাতে রাজি হননি। পরে তাদের ২ জন নিজেদের নাম বেল্লাল হোসেন ও আলম এবং তাদের বাড়ি চর গঙ্গামতি এলাকায় বলে পরিচয় দেন।

তারা বলেন, ‘এ সব গাছ জোয়ারের পানির চাপে উপড়ে গেছে। কিছু গাছ আগেই মরে গেছে। তা ছাড়া এগুলো ভালো জাতের নয়। এগুলো কাটলে বনের তেমন ক্ষতি হবে না।’

বেল্লাল হোসেন বলেন, ‘আমরা বন বিভাগের লোকজনকে বলেই গাছগুলো কাটছি। তারাই এসব গাছ কেটে নিতে বলেছে।’

স্থানীয় বাসিন্দা ফেরদৌস হাওলাদার বলেন, ‘গাছ কেটে নেওয়ার ঘটনা শুধু এক দিনের নয়। প্রায়ই বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কখনো দিনে গাছ কাটে, কখনো রাতে কাটে।’

বন বিভাগের কর্মীদের সঙ্গে যোগসাজশে এ কাজ চলে বলে দাবি করেন তিনি।

ওই এলাকার বাসিন্দা তোফাজ্জেল মৃধা বলেন, ‘উপকূলীয় এলাকায় আমরা প্রতি বছর বর্ষা মৌসুমে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগের ঝুঁকিতে থাকি। সাগর পাড়ের এ সব গাছ প্রাকৃতিক দেওয়াল হিসেবে আমাদের জান-মাল রক্ষা করে। এ সব গাছ নিধন হলে আমাদের দুর্যোগ ঝুঁকি বাড়বে।’

জানতে চাইলে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘সংরক্ষিত বনের গাছ এভাবে কাটা হচ্ছে, তা আমি জানতাম না। যারা এর সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
গত ২ বছরে গঙ্গামতি এলাকায় গাছ কাটার ঘটনায় ২০টির মতো মামলা করা হয়েছে এবং মামলাগুলো চলমান আছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলার) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, ‘এমনিতেই উপকূলীয় এলাকা দুর্যোগের ঝুঁকিতে থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বেশি বেশি গাছ রোপণ করা দরকার। গাছ কাটা কোনোভাবেই কাম্য নয়। পরিবেশ সুরক্ষায় কর্তৃপক্ষকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গাছ কাটার ঘটনায় দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে বন বিভাগের কেউ জড়িত থাকলে তাদেরও ছাড় দেওয়া হবে না।’




বাউফলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মো: আল-আমিন (পটুয়াখালী): আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকায় আসাদুল তালুকদার (৩৭) নামে এক ব্যবসায়ীকে বুধবার রাতে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আসাদুল নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের মো. মানিক হোসেন তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়হিস্যা বাজারে সার ও কীটনাশকের ডিলারশিপ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আসাদুলের। বুধবার রাতে ওই প্রতিষ্ঠান বন্ধ করে আসাদুল তার এক আত্মীয়কে নিয়ে অটোগাড়িতে করে বাড়ি ফিরছিলেন। রাত সোয়া সাতটার দিকে জব্বার তালুকদার বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় শামিম গাজীর (২৭) নেতৃত্বে আট-দশজনের একটি দল অটোগাড়ির গতিরোধ করে আসাদুলকে জোরপূর্বক টেনে-হেচড়ে উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত আসাদুল অভিযোগ করেছেন, ২০২২ সালের নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন করেন। স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন। এ নিয়ে স্থানীয়ভাবে নৌকার কয়েক কর্মীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে এর আগেও কয়েক দফায় তার ওপর হামলা হয়েছে এবং তার সব্জির খেতের শতাধিক পেঁপে ও লাউ গাছ কেটে অনেক ক্ষতি করেছে। এবার তাকে মেরে ফেলার জন্য উঠিয়ে নিয়ে পিটিয়ে ও কুপিয়েছে। হামলাকারীরা তার সঙ্গে থাকা প্রায় ৪৮ হাজার টাকা ও দুটো মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে।

এ বিষয়ে জানার জন্য শামিমের বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। তার বড় ভাই মো. জাকির গাজী বলেন,‘এ বিষয়ে তারা কিছুই জানেন না।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,‘খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছেন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এ বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’




দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হলেন পটুয়াখালীর মহিববুর রহমান

বরিশাল অফিস :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হলেন মহিববুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে নির্বাচিত মো. মহিববুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শেষে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে মন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে ৫৬ হাজার ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন মো. মহিববুর রহমান। এ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ৬৯২ জন।

গত ৯ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি (বুধবার) শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরা।




পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে বহাল জাহিদ ফারুক

এস এল টি তুহিন, বরিশাল :: বরিশাল-৫ আসন থেকে বিজয়ী জাহিদ ফারুক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে মন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

জন্ম ও শিক্ষাজীবন : জাহিদ ফারুক শামীমের জন্ম ২৬ নভেম্বর ১৯৫০ সালে বরিশালের নবগ্রাম রোডে। বরিশাল জিলা স্কুলের ছাত্র ছিলেন তিনি। পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রিধারী অর্জন করেন। তার পিতা খন্দকার মজিবুর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী। মা আম্বিয়া বেগম ছিলেন গৃহিণী। তার স্ত্রী লায়লা শামীম সম্প্রতি ইন্তেকাল করেছেন। তার এক সন্তান রয়েছে।

কর্মজীবন : জাহিদ ফারুক ছাত্রজীবনই তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করেন। ২০০৪ সালে তিনি কর্নেল পদে দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

রাজনৈতিক জীবন : জাহিদ ফারুক ২০০৪ সালে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে হয়ে বর্তমানে বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বরিশাল-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন। তিনি প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বরিশাল-৫ আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী ৬২ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের বরিশাল-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের ফলাফলে জাহিদ ফারুক পান ৯৭ হাজার ৭০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন রিপন পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

এস এল টি/ চন্দ্রদ্বীপ নিউজ /




দশমিনায় যুবলীগ নেতাসহ ৫ জন কারাগারে

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগের দ্বিতীয় স্ত্রী মৌসুমি আক্তার হত্যা মামলায় যুবলীগ নেতাসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আসামিদের জেলহাজতে পাঠান।

জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের স্থানীয় আ.লীগ নেতা মনিরুজ্জামান বিপ্লবের বোন মৌসুমি আক্তারের সঙ্গে চাচাত ভাই ফেরদৌস রাঢ়ির ১৫ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তানও রয়েছে। বহরমপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ মৌসুমিকে ব্ল্যাকমেল করে স্বামীকে তালাক দিতে বাধ্য করে জোর করে বিয়ে করে। ৫ নভেম্বর চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ মৌসুমিকে হত্যা করে বাথরুমে ফেলে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেন।




মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

চন্দ্রদীপ নিউজ: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)। এ ছাড়া ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন।

কে কোন মন্ত্রণালয় পেলেন: পূর্ণ মন্ত্রীদের মধ্যে আ ক ম মোজাম্মেল হককে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়; ওবায়দুল কাদেরকে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়; আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয়; আনিসুল হককে আইন মন্ত্রণালয়; নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে শিল্প মন্ত্রণালয়; আসাদুজ্জামান খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়; মো. তাজুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়; মুহাম্মদ ফারুক খানকে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়; মোহাম্মদ হাছান মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়; দীপু মনিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়; সাধন চন্দ্র মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়; আবদুস সালামকে পরিকল্পনা মন্ত্রণালয়; মো. ফরিদুল হক খানকে ধর্ম মন্ত্রণালয়; র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; নারায়ণ চন্দ্র চন্দকে ভূমি মন্ত্রণালয়; জাহাঙ্গীর কবির নানককে বস্ত্র ও পাট মন্ত্রণালয়; মো. আবদুর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; মো. আবদুস শহীদকে কৃষি মন্ত্রণালয়; ইয়াফেস ওসমানকে (টেকনোক্র্যাট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; সামন্ত লাল সেনকে (টেকনোক্র্যাট) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়; মো. জিল্লুল হাকিমকে রেলপথ মন্ত্রণালয়; ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়; নাজমুল হাসানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; সাবের হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।