পাথরঘাটায় চিকিৎসা শেষে বনে অবমুক্ত সেই হরিণ

বরিশাল অফিস :: বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া হরিণটি সুস্থবোধ করছে। এটিকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্কের জঙ্গলে হরিণটি অবমুক্ত করা হয়।

এর আগে গত মঙ্গলবার বিষখালী নদীতে ভাসমান অবস্থায় হরিণটিকে উদ্ধার করে কোস্টগার্ড। পরে উদ্ধারকৃত হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ সময় হরিণটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের গুরুতর জখম দেখা যায়। বন বিভাগ অসুস্থ হরিণটিকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় নেয়। তিন দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে হরিণটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ, অমল তালুকদার, জাকির হোসেন খান ও ইমরান হোসাইন প্রমুখ।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় হরিণটি উদ্ধার করে কোস্টগার্ড। হরিণটি অসুস্থ থাকায় তিন দিন চিকিৎসা শেষে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

 




বরিশালের এডিসি রূম্পা বিটিভির রবীন্দ্র সঙ্গীত শিল্পী মনোনীত

বরিশাল অফিস :: বাংলাদেশ টেলিভিশনের রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রূম্পা শিকদার।

তিনি ৩১ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাদারীপুরে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি বরিশালের উজিরপুরে সহকারী কমিশনার (ভূমির) দায়িত্ব পালন করেন।

রূম্পা ৩ বছরের বেশি সময় ঝালকাঠির নলছিটি উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য রূম্পা সিকদার ২০১৫ সাল থেকে বরিশাল বেতারে রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবে নিয়মিত সংগীত চর্চা করে আসছেন।

রুম্পা শিকদার বলেন, সংগীত গুরুমুখী শিক্ষা, আমি শ্রদ্ধা জানাই আমার সঙ্গীত জীবনের সব শিক্ষককে। চাকরির ও দুই সন্তানের মায়ের দায়িত্ব পালন করে সঙ্গীত চর্চা করা কঠিন। তারপরেও আমি সঙ্গীতকে ভালোবাসার চেষ্টা করে যাচ্ছি।




বরিশালে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

বরিশাল অফিস :: বরিশাল বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড ঘরামী বাড়ির পোল এলাকায় গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১০ জানুয়ারি) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম, (৪৫) নগরীর ২৩ নং ওয়ার্ড ঘরামী বাড়ির পোল মৃধা বাড়ীর মসজিদ সংলগ্ন এলাকার আবুল হোসেনের স্ত্রী।

নিহতের মেয়ে আখি আক্তার বলেন, রাত সাড়ে সাতটার সময় নাতিকে বাড়ির সামনে খালের পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আখি তার মেয়েকে ধরে ঘরে উঠায়।

এনিয়ে আখি ও তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় অখিকে ঘর থেকে বের করে দেওয়ায় চেষ্টা করে তার মা। সে ঘর থেকে বের হবে না বলায় তার মা নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পড়ে মেয়ে মাকে ডাকলে কোনো উত্তর না দিলে চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে দেখে আরার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

এসময় স্থানীয়রা সরকারি ৯৯৯ নাম্বারে কল করে বিষয়টি জানান।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, বিষয়টি শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




নেতাকর্মীদের সতর্ক করে জাপার জরুরি বিজ্ঞপ্তি

চন্দ্রদীপ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলের সব পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়ার পর এবার এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলটি।

শুক্রবার (১২ জানুয়ারি) দলের পক্ষ থেকে যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এ জরুরি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

জাতীয় পার্টির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর আহ্বান ছাড়া অন্য কারো আহ্বানে দল সংশ্লিষ্ট ঢাকায় কোনো সভা, সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করতে কেন্দ্রীয়, জেলা, মহানগর ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির সব স্তরের নেতাকে কোনো কুচক্রী মহলের অবৈধ ও অসাংগঠনিক প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে, জাতীয় পার্টির দুই নেতাকে অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় পার্টির (জাপা) পরাজিত প্রার্থীরা বুধবার (১০ জানুয়ারি) দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। এ বিক্ষোভে নেতৃত্ব দেন দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।




বিসিবির পরবর্তী প্রধান কে, জানালেন পাপন

চন্দ্রদীপ নিউজ: ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ও বিসিবি সভাপতির পদ একই সঙ্গে চালানো নিয়ে নাজমুল হোসেন পাপন বলেছেন, আইনে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে বড় কথা। কথা হচ্ছে একসঙ্গে যদি দুটোতে থাকি তাহলে একটা স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সবার ধারণা এটা অস্বাভাবিক কিছু না।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পর শুক্রবার দুপুরে গণমাধ্যমে মুখোমুখি হয়ে পাপন এ কথা বলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। বুধবার মন্ত্রী হিসেবে তার নাম ঘোষিত হওয়ার পর থেকেই ক্রীড়াঙ্গনে আলোচনা চলছিল তবে কী বোর্ড সভাপতির পদটা ছেড়েই দেবেন পাপন। যদি ছেড়েই দেন, তবে কে হবেন নতুন সভাপতি।

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে নতুন বিসিবি সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার নামটাই ভেসে আসছে সবার আগে। জাতীয় ক্রিকেটের সঙ্গে লম্বা সময় ধরে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া সদ্য সংসদ সদস্য হওয়া টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েও গুঞ্জন আছে।

পাপন বলেন, আইসিসির মেয়াদটা শেষ হয়ে গেলে তখন একটা চিন্তা করে ওদের সঙ্গে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডিরেক্টর আছে তাদের মধ্যে থেকে একজন হবে। মানে বাইরে থেকে কারও আসার কোনো সুযোগ নেই।




হাঁড় কাঁপানো শীতে বিপর্যস্ত বরিশালের জনজীবন, রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

বরিশাল অফিস :: হাঁড় কাঁপানো তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পরেছে বরিশালের জনজীবন। বিশেষ করে ঠান্ডাজনিত নানারোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। যারমধ্যে অধিকাংশ শিশুদের ভর্তি করা হচ্ছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুদের চিকিৎসায় কর্তৃপক্ষ সর্বাধিক চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩৬ শয্যার বিপরীতে শুক্রবার চিকিৎসাধীন ছিলো আড়াই শতাধিক শিশু। বর্হিবিভাগেও চিকিৎসা নিয়েছে দুইশতাধিক শিশু। যাদের বেশিরভাগই গ্রামের বাসিন্দা। পিরোজপুর থেকে নিজের শিশু সন্তানকে নিয়ে চিকিৎসা নিতে আসা তহমিনা বেগম জানান, গ্রামে প্রচুর ঠান্ডায় গত পাঁচদিন আগে তার শিশু সন্তানের ডায়রিয়া হয়। স্থানীয়ভাবে চিকিৎসায় সুস্থ্য না হওয়ায় গত বুধবার তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ভর্তি করা হয়।

বরিশাল উজিরপুরের রেহানা বেগম জানান, শীতের কারণে তার শিশু সন্তান ডায়রিয়া, জ্বর ও বমিতে আক্রান্ত হয়। উপায় না পেয়ে দুইদিন আগে তাকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি রোগী থাকার পরেও শিশু ওয়ার্ডে সুষ্ঠু চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। ঠান্ডাজনিত রোগ থেকে শিশুদের রক্ষায় গরম কাপড়ে শিশুদের আবৃত রাখাসহ অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

 




গৌরনদীর গরীবের ডাক্তার রনবীরের ম্যুরালে শ্রদ্ধা

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রয়াত চিকিৎসক

দাস রনবীবের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বিল্বগ্রাম বাজারে দাস রনবীরের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু।

এসময় প্রয়াত চিকিৎসকের স্ত্রী জয়িতা রায় তমা, ভাই অনুপ কুমার দাস, মুক্তিযোদ্ধা শান্তি রঞ্জন কর, ইউপি সদস্য মিজানুর রহমান, নুর আলম সরদার সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অসহায়-দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে এলাকায় গরীবের ডাক্তার হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন চিকিৎসক দাস রনবীর।




কলাপাড়ায় পুকুর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় পুকুর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

শুক্রবার সকালে মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে বাড়ির পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করে।

নিহত তরুণী হাফসা বেগম (১৮) ওই গ্রামের হাফেজ মাতুব্বরের মেয়ে।

নিহতের পিতা জানান, ভোর ছয়টার দিকে হাফসা অজু করতে পুকুরের ঘাটে যায়। এরপর আর তাকে দেখা যায়নি। কিছুক্ষণ পর হাফসার মা পুকুর পাড়ে গেলে কন্যার ডুবন্ত দেহ দেখতে পায়। এসময় তিনি চিৎকার করলে প্রতিবেশী ও স্থানীয়রা পুকুরে নেমে হাফসার মরদেহ উদ্ধার করে। নিহত হাফসা শিশুকাল থেকেই মৃগী রোগী ছিলেন বলেও জানান তিনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজু করতে গিয়ে পুকুরে পড়ে ডুবে হাফসার মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।
তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




বাউফলে সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে প্রতি বছরের ন্যায় স্বেচ্ছাসেবী সংগঠন “বাউফল বয়েজ-০৮ পাবলিক ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্বরে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ডাঃ মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, সাধারণ সম্পাদক মোঃ রেদোয়ান রাকিব, উপদেষ্টা আব্দুল্লাহ আল ফাহাদ, সাইদুল ইসলাম মেহেদী প্রমুখ।




অস্কারে শাহরুখের ডাঙ্কি!

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সমালোচক থেকে সাধারণ দর্শক, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ নিয়ে বিভিন্ন মতামত সামনে এসেছে। বক্স অফিসে ৪৫০ কোটির দোরগোড়ায় এই সিনেমা। এবার সামনে এল বড় খবর। শোনা যাচ্ছে অস্কারের মনোনয়নে পাঠানো হচ্ছে রাজকুমার হিরানির সিনেমা ‘ডাঙ্কি’কে।