বরিশালে ১১ বার প্রতিদ্বন্দ্বিতায় আমু তোফায়েল,আটবার আবুল হাসানাত

এস এল টি তুহিন,বরিশাল:: দক্ষিণাঞ্চলে অন্যান্য রাজনৈতিক নেতাদের চেয়ে বেশিবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বর্ষীয়ান দুই আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ। ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত যতগুলো জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে তার সবগুলোতে দলের মনোনয়ন পেয়েছেন আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ মোট ১১ বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এরমধ্যে আমির হোসেন আমু সাতবার আর তোফায়েল আহমেদ নয়বার বিজয়ী হয়েছেন।

দলীয় সূত্রমতে, এ দুই বর্ষীয়ান নেতা ষাটের দশকে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রনেতা হিসেবে ছাত্রসমাজকে নেতৃত্ব দিয়ে রাজনীতিতে হাতেখড়ি। আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদের সমকক্ষ রাজনীতিবিদ এখন আর দক্ষিণাঞ্চলে নেই। দুজনেরই রাজনীতির সূচনা হয়েছিল বিএম কলেজের ছাত্রলীগের হাত ধরে।

আমির হোসেন আমু ষাটের দশকে বিএম কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। প্রায় একই সময়ে ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তোফায়েল আহমেদ। আমির হোসেন আমু ১৯৭০ সালের প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বরিশাল সদর আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পরিষদেও তিনি নির্বাচিত হন ১৯৭৩ সালে। তখন তিনি ঝালকাঠি-২ (সদর-নলছিটি) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

একই আসনে ৭৯, ৮৬, ৯১ ও ৯৬ সালে নির্বাচন করে পরাজিত হন। ১৯৯৮ সালে ঝালকাঠি-২ এর উপনির্বাচনে আমির হোসেন আমু এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আবারও তিনি পরাজিত হন। ২০০৮ সালে ঝালকাঠী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ২০১৪ সালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আমির হোসেন আমু সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে ঝালকাঠি-২ এর পাশাপাশি বরিশালের বানারীপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠি সংসদীয় আসনে এবং ১৯৯৬ সালে ঝালকাঠি-২ এর সঙ্গে ১ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমির হোসেন আমু।

একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এ নিয়ে আমির হোসেন আমু সাতবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তোফায়েল আহমেদ। তিনি দ্বীপজেলা ভোলা-১ (সদর) থেকে নির্বাচিত হয়েছিলেন। একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৭৩, ’৯১, ’৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে। ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ভোলা-২ আসন থেকে। ওই আসন থেকে ৯১ ও ৯৬ সালেও বিজয়ী হন তোফায়েল আহমেদ।

অর্থাৎ ওই বছরগুলোতে তিনি দুটি করে আসনে বিজয়ী হয়েছিলেন। তোফায়েল আহমেদ ভোলা-১ আসন থেকে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে নয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রী হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আটবার আবুল হাসানাত আব্দুল্লাহ: জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনসহ আটবার অংশগ্রহণ করেছেন বঙ্গবন্ধুর ভাগ্নে বর্তমান বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ। ১৯৭৩ সালে মাত্র ২৬ বছর বয়সে স্বাধীন বাংলাদেশে বরিশাল পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন আবুল হাসানাত আব্দুল্লাহ। ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে আবুল হাসানাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

’৮৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বরিশাল-১ আসন থেকে তিনি এমপি নির্বাচিত হন। ’৯৬ সালে বরিশাল-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়ে চিফ হুইপের দায়িত্ব পালন করেন।




তাইওয়ানে চীনবিরোধী নেতা প্রেসিডেন্ট নির্বাচিত

চন্দ্রদীপ ডেস্ক: তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চীনবিরোধী নেতা হিসেবে পরিচিত উইলিয়াম লাই। তিনি তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী ছিলেন। শনিবার দেশটিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উইলিয়াম লাইয়ের প্রধান বিরোধী প্রতিদ্বন্দ্বী দল কুমিংতাংয়ের প্রার্থী হো ইই-ইহ নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন।

উইলিয়াম লাইয়ের দল তাইওয়ানকে একটি স্বাধীন ও স্বায়ত্ত শাসিত অঞ্চল হিসেবে উপস্থাপন করে। তারা চায় তাইওয়ান যেন চীনের প্রভাব মুক্ত থাকে। এবারের নির্বাচনে জয়ের মাধ্যমে দলটি  টানা তৃতীয়বারের মতো তাইওয়ানের ক্ষমতায় আসল।

প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম লাইয়ের বিরুদ্ধে লড়াই করেছেন কুমিংতাংয়ের হো ইহ-ইহ এবং রাজধানী তাইপের সাবেক মেয়র কো ওয়েন-জে।

তিনি ২০১৯ সালে প্রতিষ্ঠিত তাইওয়ান্স পিপলস পার্টির হয়ে নির্বাচন করেছেন।

তাইওয়ানকে নিজেদের অঞ্চল দাবী করা চীন— নবনির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম লাইকে ‘ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে অভিহিত করে থাকে। লাই চীনের সঙ্গে তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে একাধিকবার কথা বলতে চাইলেও; তার এ আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি।

লাই নির্বাচনের আগে জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতা এবং এটির প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধি নিয়ে কাজ করবেন।

তাইওয়ানের নির্বাচন ঘিরে সরব ছিল চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, নির্বাচনের দিনও তাদের ভূখণ্ডে বেলুন উড়িয়েছে বেইজিং।




এবার রোজা কতদিন, কত ঘণ্টা জানাল আরব আমিরাত

চন্দ্রদীপ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে রজব মাস। অর্থাৎ রমজান মাসের বাকী আর মাত্র ৬০ দিন বা দুই মাস। ইসলামের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস থাকেন।

সাধারণত এ মাসে বিভিন্ন মুসলিম দেশে অফিসের সময় কমে আসে। সেইসঙ্গে একটি আধ্যাত্মিক পরিবেশও বিরাজ করে। এবার কতদিন এ মাস স্থায়ী থাকবে সে ব্যাপারে আগামবার্তা প্রকাশ করেছে আরব আমিরাত।

২০২৪ সালের রমজান কবে থেকে শুরু হবে: দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ১২ মার্চ থেকে রোজা শুরু হবে।

রোজার সময়কাল কত হবে : ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে রোজার সময় কম হবে। পবিত্র রমজান মাসের প্রথম দিন মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিটের জন্য খাওয়া-দাওয়া থেকে বিরত থাকবেন।

মাস শেষে রোজার সময় প্রায় ১৪ ঘন্টায় পৌঁছে যাবে। ২০২৩ সালে রোজার সময় ছিল ১৩ ঘণ্টা থেকে ৩৩ মিনিট এবং ১৪ ঘণ্টা ১৬ মিনিট।

রমজান কবে শেষ হবে: আইএসিএডি ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস ২৯ দিন থাকবে বলে আশা করা হচ্ছে। শেষ রোজার দিনটি মঙ্গলবার ৯ এপ্রিল।

সূত্র: খালিজ টাইমস

 




দক্ষিণাঞ্চলে নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করে হাজারও পরিবার

বরিশাল অফিস :: নদীবেষ্টিত দক্ষিণাঞ্চলে বৃহৎ জনগোষ্ঠী সমুদ্রসহ নদ-নদী থেকে মৎস্য আহরণের পেশার সঙ্গে জড়িত। মৎস্য আহরণের কাজে জাল আর নৌকার ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে।

আর এ নৌকা তৈরি করে জীবিকা ও নির্বাহ করছেন এ অঞ্চলের অনেকেই। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার পাশাপাশি প্রযুক্তির ব্যবহারও হচ্ছে মাছ ধরার নৌকাগুলোতে, তবে নৌকা তৈরির সরঞ্জামের দাম বাড়ায় দিন দিন বেড়েই চলছে নৌকা দাম। তারপরও পেশা ও প্রয়োজনের তাগিদে নতুন নতুন মাছ ধরার নৌকার চাহিদা কখনও কমেনি বলে দাবি এর কারিগরদের।

বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় যুগের পর যুগ ধরে বিভিন্ন ধরনের মাছ ধরার নৌকা তৈরি করা হয়ে থাকে। এখানকার তৈরি নৌকা দিয়ে বৃহত্তর মেঘনা, কালাবদর, আড়িয়াল খাঁ, কীর্তনখোলা, তেতুলিয়াসহ বিভিন্ন নদ-নদী এমনকি বঙ্গোপসাগরেও মাছ শিকারে যান জেলেরা।

নৌকার কারিগর মোজাম্মেল হক বলেন, কদর কমেনি মাছ শিকারের কাজে ব্যবহৃত নৌকার, তবে কাঠসহ নৌকা তৈরির সব সামগ্রীর মূল্য বাড়ায় তুলনামূলক কমেছে কারিগরদের শ্রমের মজুরি।

তিনি বলেন, বাংলাবাজার এলাকায় নৌকা তৈরির কাজ যুগের পর যুগ ধরে চলছে। এ কাজে কোনো সহযোগীর প্রয়োজন হয় না, তাই এখানে একজন মহাজনের অধীনে বর্তমানে আটজন কারিগর কাজ করছি। প্রতিদিন মজুরি ছয় থেকে আটশ’ টাকা পর্যন্ত। তবে বর্তমান বাজারে এ বেতন দিয়ে সংসার চালানো দায়।

মামুন হোসেন নামে অপর নৌকার কারিগর বলেন, ‘৮০ টাকার ধূপ এখন দেড়শ’ টাকায় কিনতে হয়। আবার ৪-৬ শ’ টাকার কাঠ কিনতে হয় দুই থেকে আড়াই হাজার টাকায়। নৌকা তৈরির সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় দুই লাখ টাকার নৌকা বানাতে এখন সাত লাখ পড়ে যায়। যখন কোনো কিছুর দাম আর কমানো যাচ্ছে না, তখন সবার হাতটা পড়ে আমাদের মজুরির ওপর। ’

যদিও মৌসুমে ২০-২৫টি ছোট ও বড় মাছ ধরার নৌকা বানিয়ে বিক্রি করতে পারলে মহাজন ও কারিগরদের বছরটা তেমন একটা খারাপ যাবে না বলে জানিয়েছেন লাল চান।

তিনি বলেন, এখানে চিকন বা ছোট ডালি আর মোটা বা বড় ডালি এ দুই ধরনের মাছ ধরার কাজ বেশি হয়। সেক্ষেত্রে চিকন ডালি অর্থাৎ ২৫-২৬ হাত লম্বা নৌকার মূল্য ৮০ হাজার থেকে দুই লাখ পর্যন্ত পড়ে যায়, আবার ৪০-৫০ হাত লম্বা নৌকার মূল্য পাঁচ থেকে আট লাখ পর্যন্ত পড়ে যায়।

২৫-২৬ হাত একটি নৌকা বানাতে ২০-২৫ দিন সময় লাগে জানিয়ে লাল চান বলেন, সারাবছরই বাংলা বাজারে আমরা নৌকা তৈরির কাজ করি। বিক্রিও সারা বছর ধরে হয়। তবে মৌসুমে ২০-৩০টি নৌকা বিক্রি হলে বছরটা ভালো যায়।

আর পূর্ব পুরুষদের কাছ থেকে নৌকা বানানোর কাজটি শিখেছেন জানিয়ে সাহাবুদ্দিন ও সাইফুল নামে অপর দুই নৌকার কারিগর বলেন, এখন যে অন্য কাজ করবো তারও সুযোগ নেই। নৌকার কাজ না থাকলে বসে বসে খেতে হয়, আর কাজ থাকলে তো ভালো।

তবে সারাবছর এ কাজ থাকে না জানিয়ে তারা বলেন, যখন কাজ থাকে না তখন অন্য কাজে গেলে এ স্থায়ী কাজটি হারানোর ভয়ও থাকে।

তবে সামনে ছোট মাছের মৌসুম হওয়ায় বেশ কিছু চিকন ডালির নৌকা বিক্রি হবে জানিয়ে আলাউদ্দিন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে নৌকার তৈরির সামগ্রী আমাদের এখানে বানানো হয়। তাই এখানের নৌকার মান ভালো হওয়ায় তুলনামূলক কাজ বছরজুড়েই থাকছে। অনেকে তো আগাম তৈরি করতে দেয়। এ সময়ে চিকন ডালির নৌকা বেশি বিক্রি হবে। আর এখানকার তৈরি নৌকা মেহগনি গাছের হওয়ায় এগুলো দীর্ঘস্থায়ীও হয়। তবে চাহিদা অনুযায়ী অন্য গাছের কাঠও নৌকা তৈরিতে ব্যবহার করি।

প্রসঙ্গত, বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন জায়গা থেকে বছরে শুধু মাছ ধরার নৌকা বিক্রি হয় প্রায় দুই শতাধিক।




রাঙ্গাবালীতে অস্ত্রসহ তরুণ আটক

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালীতে হাতে তৈরি অস্ত্রসহ রাব্বি মীর (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের খালগোড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাব্বি ওই ইউনিয়নের খালগোড়া বাজারের সোহেল মীরের ছেলে এবং রাঙ্গাবালী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, লম্বা একটি রডের সঙ্গে চেইন স্প্রোকেটস ঝালাই করে এই  অস্ত্রটি বানায় রাব্বি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার খালগোড়া খেয়াঘাট এলাকায় তার বাবার চায়ের দোকান থেকে রাব্বিকে আটক করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘রড এবং চেইন স্প্রোকেটস দিয়ে এটি বানানো হয়েছে। সেটি দিয়ে নাকি মানুষকে সে ভয়ভীতি দেখায়, এমন অভিযোগে তাকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’




বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে এলেন নববধূ

 

মো:আল-আমির, পটুয়াখালী : বাবার স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে পুত্রবধূ বাড়ি নিয়ে আসবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন চিকিৎসক পুত্র তৌফিকুল ইসলাম রনি।

আজ দুপুর ২টায় প্রথবারের মতো কুয়াকাটার নববধূ চিকিৎসক নীলিমা আফরিন নওমীকে নিয়ে হেলিকপ্টার চড়ে নিজের বাড়ির পাশের মাঠে নিয়ে আসেন।

হেলিকাপ্টারে চড়ে নতুন বউ আসায় বধূ ও বরকে একনজর দেখতে এলাকায় জড়ো হয় শত শত মানুষ। বর-কনেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বরপক্ষের স্বজনরা।

কনের জা ইশরাত জাহান তমা বলেন, আমাদের জাদের সংখ্যা আরও একজন বৃদ্ধি হলো। আমরা খুশি, সকলে আনন্দিত। সকলে নতুন দম্পতির জন্য দোয়া করবেন।

বরের বোন ফারজানা আক্তার সাথী বলেন, রনি যখন ছোট তখন থেকেই কাকার স্বপ্ন ছিল ছেলে বউকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে আনবেন। কাকার সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। হেলিকপ্টারে বউ নিয়ে আসায় সকলের মাঝে আনন্দ বিরাজ করছে।

তৌফকিুল ইসলাম রনির বন্ধু মো. শামীম বলেন, বন্ধু বিয়েতে নববধূকে হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে এসেছে। সত্যি ভালো লাগছে। আমরা সকলে খুশি।

জানা যায়, ডিসেম্বরে পারিবারিকভাবে কুয়াকাটা এলাকারে বাসিন্দা চিকিৎসক তৌফিকুল ইসলাম রনির সঙ্গে শরিয়তপুরের নড়িয়া-নিবাসী চিকিৎসক নীলিমা আফরিন নওমীর বিয়ে হয়।

কনে চিকিৎসক নীলিমা আফরিন নওমী জানান, আমার স্বামী আজ তার বাবার স্বপ্ন পূরণ করেছে। এতে আমি অনেক আনন্দিত।

হেলিকাপ্টারে বউ আনার বিষয়ে চিকিৎসক তৌফকিুল ইসলাম রনি বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই আমার বাবার খুব ইচ্ছা আমি চিকিৎসক হব এবং বিবাহের পরে আমি যেন হেলিকপ্টারে করে বউ নিয়ে আসি। আজ বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকাপ্টারে করে বউ আনলাম।




হিমেল বাতাস উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে পর্যটকরা

 

মো:আল-আমিন, পটুয়াখালী: কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও পটুয়াখালীতে তীব্র শীতের সঙ্গে বইছে হিমেল বাতাস। তবে শীত উপেক্ষা করে কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে বেরাচ্ছেন ভ্রমণে আসা পর্যটকরা। আগত পর্যটকদের সেবা দিতে ব্যস্ত সময় পার করছে ব্যবসায়ীরা।

ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক সিয়াম বলেন, শীতে ঘুরতে ভালো লাগে। এতে অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। শীতের সমুদ্র সৈকত সত্যি অন্য রকম।

রাজশাহী থেকে আসা মুনতাসির বলেন, পরিবার নিয়ে প্রথমবারের মতো কুয়াকাটা ভ্রমণে এসেছি। আশার পর সত্যি ভালো লাগছে। তবে বিচটা একটু নোংরা মনে হলো, পরিষ্কার হলে ভালো হতো।

সৈকতে ঝিনুক বিক্রেতা মো. শামিম বলেন, দীর্ঘ এক মাস পরে গতকাল থেকে সৈকতে কিছু পর্যটক আসছে। আগত পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেলে ব্যবসা ভালো হতো। বিদেশি পর্যটকরা এলে বিক্রি ভালো হয়।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, জাতীয় নির্বাচনের পরে পর্যটক বৃদ্ধি পাচ্ছে। সামনের দিনে পরিবেশ ভালো থাকলে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. হাসনাইন পারভেজ বলেন, আগত পর্যটকদের নিরাপত্তা দিতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ সদস্যরা।

পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন, শনিবার জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিলো ৯৩ শতাংশ।




হিমেল হাওয়ায় পটুয়াখালীর জনজীবন স্থবির

 

মো:আল-আমিন, পটুয়াখালী: তীব্র শীতের সাথে হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে পটুয়াখালীর উপকূলীয় জনপদ। ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে জনপদ থেকে জনপদ। বেলা বারোটায়ও দেখা মেরেনি সূর্যের।

হাড় কাপানো শীতে সবচেয়ে দুর্ভোগে রয়েছে চরাঞ্চলে বসবাসকারীরা। চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। জেলার হাসপাতালগুলো বেড়েছে শীত জনিত শিশু রোগীর সংখ্যা। রাস্তায় চলাচল কমে গেছে মানুষের।

আজ শনিবার সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন ১২.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিল ৯৩ শতাংশ।

কলাপাড়া পৌরশহরের কুমারপট্টি এলাকার বাসিন্দা নাইমুর রহমান বলেন, টানা পাঁচদিন চলা তীব্র শীতের সাথে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাপন ব্যহত হয়ে পড়েছে।

ঘাট শ্রমিক সোবাহান বলেন, পেটের টানে কাজ করতে হচ্ছে। ভোগান্তির শেষ নেই। কতক্ষন কাজ করি, যখন টিকতে না পারি তখন আগুন জ্বালিয়ে শরীরে তাপ দেই।

মাদ্রাসা রোড়ের বাসিন্দা নুর জাহান বেগম বলেন, শীতে দৈনন্দিন কাজ করতে কষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে বাচ্চাদের নিয়ে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, শীতের প্রকোপের কারণে বেড়ে গেছে শীত জনিত রোগের প্রার্দুভাব। প্রতিদিন হাসাপাতালে এসব উপসর্গ নিয়ে বর্হি বিভাগ, জরুরী বিভাগে আসছে অসংখ্য রোগী। হাসপাতালে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। পর্যাপ্ত ঔষধ রয়েছে। আগত রোগীদের নিবিরভাবে পরিচর্য়া দেয়া হচ্ছে।




গৌরনদীতে আবুল হাসনাত আব্দুল্লাহ’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদীতে ৪৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

মন্ত্রীর পদমর্যাদায় থাকা বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে শনিবার সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদার। এসময়

স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




বরিশালে হাড়কাঁপা শীতে অসহায় নিম্ন আয়ের মানুষ

এস এল টি তুহিন, বরিশাল ::বরিশাল জেলায় গত ৩ দিনে শীতে কাবু হয়ে পড়েছে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে নগরের নিম্ন আয়ের মানুষ। তিন দিনের শীতে তারা বিপর্যস্থ হয়ে

পড়েছে। অন্যদিকে বেচে থাকা ও সংসারের নিত্য প্রয়োজনীয় অর্থের তাগেদায় নিম্ন শেণির মানুষ শীত উপেক্ষা করে সকাল বেলায় যে যার মত করে কাজে নেমেছে। এ অবস্থা আরো ৪/৫ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। তাদের দেয়া তথ্যে শৈত্য প্রবাহের শংকাও রয়েছে।

আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান ৮ /১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু শৈত্য প্রবাহ বলে। ৬/৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারী ও ৬ ডিগ্রির হলে তীব্র শৈত্য প্রবাহ বলা হয়। বরিশালে এখনো শৈত্য প্রবাহ হয়নি। শীত অনুভূত হওয়ার বেশি কারণ হলো আকাশ মেঘলা ও উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল হাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। এখন শৈত্য প্রবাহ না থাকলেও আশংকা রয়েছে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আজ শনিবার এ মৌসুমে বরিশালে এখন পর্যন্ত সর্বনিম্ন১০ ডিগ্রি ৭ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের এ তীব্রতা আরো ৪/৫ দিন থকার সম্ভবনা রয়েছে তবে মাঝে মধ্যে এর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তারপরে শীতের তীব্রতা থাকার পর এ অঞ্চলে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

এছাড়া শুক্রবার সকাল থেকে তাপমাত্রা ছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ২টার পর রোদের দেখা মেলে। তাই তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস হয়। কিন্তু সূর্য ডোবার সাথে সাথে আবারো শীতের প্রকোপ বাড়তে থাকে।

আজ শনিবার বেলা সাড়ে ১২টা সময় অতিক্রম হওয়ার পরও মেঘলা আবহাওয়া ও কুয়াশার চাঁদরে শহরকে ঘিড়ে রেখেছে।
শীতের প্রকোপের মধ্যে আজ শনিবার সাধারনত ব্যবসা বাণিজ্য খোলা থাকার পরও নগরীতে সাধারন মানুষের চলাচল তেমন নেই। বেলা ১২টার দিকেও নগরীর প্রধান প্রধান সড়কে সাধারন মানুষের চলাচল বেশি নেই। যারা শহরে বেড় হয়েছে অধিকাংশ মানুষ তাদের গরম জ্যাকেট চাদর পেছিয়ে চলাচল করছে।

অন্যদিকে শনিবার বেলা ১২ টার দিকে বরিশাল নদী বন্দর এলাকায় ঘুড়ে দেখা যায় একেকটি ভ্যানের উপর নিম্ন শ্রেণির শ্রমিকরা গরম বস্ত্র পেছিয়ে শুয়ে যা দুর থেকে দেখলে মনে হয় ভ্যান গাড়ির উপর কোন মালামালের বস্তা পড়ে রয়েছে।

বরিশাল নগরীর ডিসি ঘাট পাইকারী কাঁচা বাজার এলাকার চায়ের দোকানী মো. সোলায়মান জানিয়েছেন, বাজারে পাইকাররা তেমন আসেনি। তাই সবজি কম দামে বিক্রি হয়েছে।

চায়ের দোকানেও তেমন কোন বেচা বিক্রি হয়নি। রিকশাচালক জলিল বলেন, এমনিতে শীতে কাবু হয়ে আছি। তার পর রাস্তায় যাত্রী তেমন নেই। কোন আয় নেই। মালিককে ভাড়া দিয়ে কিভাবে বাজার করবেন সেই চিন্তা রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

অপরদিকে ছিন্নমূল ও অসহায় মানুষরা আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকে। তাদেরই একজন বলেন, বিভিন্ন স্থান থেকে কাগজ কুড়িয়ে এনে আগুন জ্বালিয়েছি। খাইতেই কষ্ট হয়, শীতের কাপুড় কেনার টাকা পামু কই।

আবহাওয়া বিভাগ থেকে আগামী কয়েক দিনে দিন ও রাতের তাপমাত্রার পারদ হ্রাস পাবার কথাও বলা হয়েছে। সাথে গত কয়েকদিন ধরে রাতের শেষ প্রহর থেকে মেঘনা অববাহিকা সহ বরিশাল অঞ্চল মাঝারী থেকে ঘন কুয়াশার চাঁদরে ঢেকে থাকছে অনেক বেলা পর্যন্ত। এমনকি গত মঙ্গলবার রাতের প্রথম প্রহরে দুটি যাত্রিবাহী বেসরকারী নৌযানের সংঘর্ষে মেঘনার হাইমচরে ‘এমভি সুরভী-৮’এর ব্যাপক ক্ষতি ছাড়াও নৌযানটির এক যাত্রী নিহত হয়েছেন।


এ বিরুপ আবহাওয়ায় শিশু ও বয়োবৃদ্ধদের ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হবার প্রবনতাও বাড়ছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতাল সহ বরিশাল অঞ্চলের সব হাসপাতালেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ সময়ে শিশু ও বয়স্কদের ঠান্ডা এড়িয়ে চলার পাশাপাশি হালকা গরম পানিতে গোসল করারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি সব বয়সী মানুষকেই যতটা সম্ভব গায়ে রোদ লাগানোরও পরামর্শ দিয়েছেন।