২ মাস পর পর্যটকে মুখরিত কুয়াকাটা

মো: আল-আমিন (পটুয়াখালী): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই প্রথম কুয়াকাটা ফিরেছে তার নিজস্ব রূপে। টানা দুই মাস পরে পর্যটকে মুখরিত কুয়াকাটা। হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। দুই মাসের লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী তারা।

শুক্রবার সকাল থেকেই কুয়াকাটা মুখরিত হয় পর্যটকদের পদচারণায়। হোটেল-মোটেল, রিসোর্ট, বিনোদন কেন্দ্রসহ সৈকতের বিভিন্ন পয়েন্টে লক্ষ্য করা যায় পর্যটকদের চোখে পড়ার মতো ভিড়। ছয়দিনের মেঘাচ্ছন্ন আকাশ আজ পুরোপুরি পরিষ্কার। সূর্য উদয় এবং অস্তের সাধও নিয়েছেন পর্যটকরা মন ভরে।

বরিশাল থেকে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক নূরে জান্নাত মিমি বলেন, শীতকালীন সমুদ্র দেখার খুব ইচ্ছে ছিল তাই কুয়াকাটা সৈকতে আসলাম। আমরা পরিবারের মোট বারো জন সদস্য এসেছি। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখলাম সমুদ্রে গোসল করলাম এবং বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরলাম। সব মিলিয়ে খুবই সুন্দর সময় কাটালাম কুয়াকাটায়।

খুলনা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা রাব্বিকুল বলেন, সমুদ্র বাংলাদেশের অনেক জায়গা থেকেই দেখা যায় তবে কুয়াকাটা থেকে দেখার সাধ একটু আলাদা। কারণ কুয়াকাটা থেকে সূর্য উদয় এবং অস্থ দুটোই দেখা যায়। তাই বার বার সমুদ্রের প্রেমে ছুটে আসি কুয়াকাটায়। কুয়াকাটা খুবই সুন্দর এবং ভালো লাগার মতো জায়গা।

এ বিষয় হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক ইব্রাহিম ওয়াহিদ বলেন, গত দুমাসে এবার আমাদের হোটেলে শতভাগ বুকিং রয়েছে। এখন থেকে পর্যটক বাড়বে বলে মনে করছি আমরা।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পর্যটন খাতের। তারই ধারাবাহিকতায় গত দুমাসে তেমন একটা পর্যটন আসেনি কুয়াকাটায়। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষ্যে কুয়াকাটায় ৮০ শতাংশ হোটেল বুকিং আছে। পর্যটক আসার এ ধারাবাহিকতা থাকলে লোকসান কাটিয়ে উঠতে পারবে কুয়াকাটার ব্যবসায়ীরা।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক আবু হাসনাইন পারভেজ বলেন, কিছু দিন পর্যন্ত কুয়াকাটায় তেমন বেশি পর্যটকের চাপ না থাকলেও ববর্তমানে চোখে পড়ার মতো পর্যটক কুয়াকাটায়। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।




ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গতকাল  (২০ জানুয়ারি) পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক উৎস-২০২৪ এর। দেশ-বিদেশের আড়াই শতাধিক সিনেমা নিয়ে এ উৎসবের আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি। রাজধানীর আটটি মিলনায়তনে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত বিনা মূল্যে দেখানো হবে সিনেমাগুলো।
জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, বাংলাদেশের দর্শকেরা অনেক অগ্রসর। ছবির দুনিয়ায় কী হচ্ছে সেসবের খবর তারা রাখেন। পৃথিবীর বড় বড় উৎসবে কী হচ্ছে সে খবরও তারা রাখেন। এই উৎসবে অনেক দেশের সিনেমা রয়েছে, যা তাদের আনন্দ দেবে। বিভিন্ন দেশ থেকে যারা এ উৎসবে এসেছেন, তাদের ঢাকা শহর ও এর আশপাশ ঘুরে দেখার ও স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করার আহ্বান জানান অর্থমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমহাদেশের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, ঢাকাস্থ চীনা দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা ইউ লিওয়েন। আরও উপস্থিত ছিলেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য শাহরিয়ার আলম ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

শর্মিলা ঠাকুর বলেন, যোগাযোগের জন্য ফিল্মের চেয়ে শক্তিশালী শিল্প হয় না। আমি ইরানি চলচ্চিত্র ও ইরানের সংস্কৃতি দারুণ পছন্দ করি। ফিল্ম নিয়ে আয়োজিত এ উৎসবে অনেক কথা হবে, অনেক বোঝাপড়া হবে।

শাহরিয়ার আলম বলেন, এটি আমাদের ২২তম আয়োজন। এবার আমরা ২৫২টি চলচ্চিত্র দেখাতে পারছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছি, আমরা ধীরে ধীরে উন্নতি করছি। তবে ছবিগুলো প্রেক্ষাগৃহে নেওয়া না গেলে বেশি দর্শক পাওয়া যাবে না। আমাদের সেই উপায় খুঁজে বের করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মিলনায়তনের বড়পর্দায় দেখানো হয় ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজমের সিনেমা ‘ফেরেশতে’। প্রদর্শনীর আগে মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।




বাণিজ্যমেলার পর্দা উঠছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এ বছরও রাজধানী ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছে।

১৯৯৫ সাল থেকে যথারীতি বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের বাণিজ্যমেলা শুরুর সময় ২০ দিন পেছানো হয়েছে।

ঢাকার মানুষের জনভোগান্তি কমাতে গত দুই বছর ধরে, অর্থাৎ ২০২২ সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্যমেলা স্থানান্তর করে সরকার। এবার সেখানে তৃতীয়বারের মতো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বসছে। এর আগে ঢাকার শেরেবাংলা নগরে বাণিজ্যমেলা আয়োজন করা হতো।

দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা তাদের তৈরি পণ্য নিয়ে আসেন এই মেলায়।

গত বছর বাণিজ্যমেলায় দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন ছিল। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন থাকবে। যার মধ্যে বিদেশি স্টল থাকবে ১৫ থেকে ১৮টি।

গত বছর বাণিজ্যমেলায় শতকোটি টাকার পণ্য বেচাকেনা হয়েছিল। এবছর ব্যবসা আরও ভালো হবে বলে আশা করছে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলো।

জানা গেছে, দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর, ফার্নিচার ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শিত হবে।

ইপিবি জানিয়েছে, গত বছর বাণিজ্যমেলায় প্রবেশে টিকিটের দাম ছিল বড়দের জন্য ৪০ টাকা আর শিশুদের জন্য ২০ টাকা। তবে এ বছর টিকিটের দাম কিছুটা বাড়তে পারে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য রাজধানীর ফার্মগেট ও কুড়িল বিশ্বরোড থেকে আলাদা বাস ছাড়বে।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলার আয়োজন করা হয় পূর্বাচলে বিবিসিএফইসিতে। এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে।

চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখন থেকে প্রতি বছর এখানেই আন্তর্জাতিক বাণিজ্যমেলার আসর বসবে।




অর্গানিক খাদ্য কতটা অর্গানিক? 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  স্বাস্থ্যের ব্যাপারে বেশ সচেতন সৈয়দ নাজমুস সাকিব। ফল হোক বা সবজি— অর্গানিক কেনা চাই। সুপার শপ থেকে বেছে বেছে সতেজ আর অর্গানিক সব পণ্য কেনেন তিনি। শুধু কি কাঁচা খাবার? চাল, ডাল থেকে শুরু করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবকিছুই অর্গানিক দেখে কেনেন তিনি। দাম কিছুটা বেশি পড়লেও সুস্বাস্থ্যের কথা ভেবে তা মেনে নেওয়া যায়- এমনটাই দাবি তার।



বিরোধী দল হওয়ার ‘সিগনাল’ এখনো পাইনি : জিএম কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জাতীয় পার্টি দ্বাদশ সংসদের বিরোধী দল হবে কি না সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিগনাল বা সংকেত পাননি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কিছুই জানতে পারিনি। তবে আশা করছি সংসদ অধিবেশন শুরুর আগে স্পিকারের কাছ থেকে আমরা একটা মতামত পাব।



ইরাকে সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা, বেশ কিছু মার্কিন সেনা আহত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইরাকে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আল আসাদ নামের সেই বিমানঘাঁটিতে হওয়া এই ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু মার্কিন সেনা আহত হয়েছেন। তবে তাদের সংখ্যা ঠিক কত তা প্রকাশ করা হয়নি।



বড় হারে বিশ্বকাপ শুরু টাইগার যুবাদের

চন্দ্রদীপ ডেস্ক: ভারতকে হারিয়ে এশীয়া কাপ জয়ে বাংলাদেশ যুব দল নিয়ে বেড়েছিল প্রত্যাশা। তবে সেই প্রত্যাশা পূরণে ধাক্কা খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে পাল্টা প্রতিশোধ নিল ভারত। তাতে ৮৪ রানের হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হল বাংলাদেশের। আগে ব্যাট করে বাংলাদেশকে ২৫২ রানের লক্ষ্য দেয় ভারতের যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ১৬৭ রান করে অলআউট হয় বাংলাদেশ।

২৫২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার। প্রথম ৬ ওভারে কোনও বিপদ ছাড়াই পার করেন শিবলি-জিসান জুটি। ৭ম ওভারে ১৪ রান করা জিসানকে ফেরান রাজ লিম্বানি। এরপরই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ১২ রানের মাঝেই পড়ে আরও তিন উইকেট। ৫০ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল বাংলাদেশ।

এরপর আরিফুল ইসলাম ও শিহাব জেমস মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১২৭ রানে ব্যক্তিগত ৪১ রান করে মুশির খানের শিকার হন আরিফুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফিফটি তুলে নিয়ে ৭৭ বলে ৫৪ রান করে ফিরে যান শিহাব। শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশের যুবারা। ভারতের পক্ষে সাওমি পান্ডে নেন ৪টি উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ভারতের দুই ওপেনার আরশিন কুলকার্নি ও আদর্শ সিং সাবধানী ব্যাটিং করতে থাকেন। তবে তাদের জুটি বড় হতে দেননি মারুফ। বাঁহাতি এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আরশিন। তিনি আউট হয়েছেন ৭ রানে। দলীয় ৩১ রানে মুশির খানকেও ৩ রানে ফেরান এই বাঁহাতি পেসার।

এরপর তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে দাঁড়ান আদর্শ সিং ও অধিনায়ক উদয় সাহারান। ১১৬ রানের জুটি গড়েন তারা। আদর্শ ৯৬ বলে ৭৬ ও উদয় ৯৪ বলে ৬৪ রান করে ফেরেন সাজঘরে। শেষদিকে ভারতের কেউই আর বড় ইনিংস খেলতে পারেননি। তবে আরাভেলি অবিনাশের ১৭ বলে ২৩ ও শচীন দাসের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে লড়াকু সংগ্রহ পায় ভারত।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫১ রান। বাংলাদেশের পক্ষে পেসার মারুফ মৃধা একাই শিকার করেন পাঁচটি উইকেট। একটি করে উইকেট পান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক রাব্বি।




কলাপাড়ায় বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, অতঃপর অন্তঃসত্ত্বা

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (৩৩) টানা ধর্ষণের অভিযোগ উঠেছে সোহাগ হাওলাদার (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

শুক্রবার রাতে ওই নারী সোহাগসহ দুইজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোহাগ এবং এক সন্তানের জননী ওই নারীর বাড়ি বালিয়াতলী ইউপির পক্ষিয়াপাড়া গ্রামে। ২০১৯ সালে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর থেকেই পূর্ব পরিচিত হওয়ায় বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সোহাগ। এরই ধারাবাহিকতায় গত বছরের মাঝামাঝি সময়ে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর ঢাকায় নিয়ে একাধিকবার ধর্ষণে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সোহাগ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

পরে ওই নারী বিষয়টি সোহাগের পরিবারকে জানালে তার সন্তান নষ্ট করতে বলে তারা। অবশেষে সোহাগসহ দুই জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করছেন।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্পে ওষুধ বিতরণ

বরিশাল অফিস ;: লন্ডন প্রবাসী ব্যারিস্টার মোঃ মনির হোসেনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, ইসিজি ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দিনভর জেলার গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধণ করেন হাসপাতালের চেয়ারম্যান মোঃ খোকন মুন্সি।

হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মোঃ মনির হোসেনের পক্ষ থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেছেন হাসপাতালের আরএমও ডাঃ তরিকুল ইসলাম রাকিব,  ডাঃ সাকিব মেহেদী, ডাঃ স্বপ্না আক্তার ও ডাঃ মোঃ রাজিব গাজী। ফ্রি মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনি, শিশুসহ মেডিসিনের বিভিন্ন বিষয়ে প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ইসিজি ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।




বরিশালে কালোমুখো হনুমানের কামড়ে আহত ৫

বরিশাল অফিস :: বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের জনপদ বাইশারী ইউনিয়ন ও তার আশপাশ এলাকা দাপিয়ে বেড়াচ্ছে একটি কালোমুখো হনুমান। পথেঘাটে, বাসাবাড়িতে আকস্মিক হানা দিয়ে মানুষজনকে কামড়ে আহত করছে হনুমানটি।

দলছুট পাগলাটে কালোমুখো হনুমানের আক্রমনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পরেছে। ভয়ে শিশু শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। গত পাঁচদিনে এ হনুমানটির কামড়ে পাঁচজন আহত হয়েছেন। শনিবার হনুমানটি উত্তর নাজিরপুর গ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ির চালক মেহেদী হাসানের ঘরে প্রবেশের চেষ্টা করে।

দরজা-জানালা বন্ধ করে দেওয়ায় হনুমানটি ওই ঘরে প্রবেশ করতে না পেরে প্রতিবেশী শাহজাহানের ওপর আক্রমণ করে তাকে কামড়ে আহত করে।

এর আগে গত কয়েকদিনে হনুমানটি উত্তর নাজিরপুর গ্রামের মাদ্রাসা ছাত্র রানাকে পথের মধ্যে ও বাজারের এক ব্যবসায়ীসহ পাঁচজনকে কামড়ে আহত করে। আহতদের প্রথমে বানারীপাড়া ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

বানারীপাড়া উপজেলা বন কর্মকর্তা তাহেরুল ইসলাম জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিট বরিশালে নেই, খুলনায় রয়েছে। এলাকাবাসী বেপরোয়া যে হনুমানটির আক্রমণের শিকার হচ্ছেন সেটিকে আটক করে গভীর অরণ্যে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, হনুমানের আঁচড় ও কামড়ে জলাতঙ্ক হওয়ার ঝুঁকি রয়েছে। এ ক্ষেত্রে আহতদেরকে ভ্যাকসিন নিতে হবে।