তালতলীতে মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর অবমুক্ত

বরিশাল অফিস:: বরগুনার তালতলী উপজেলার বড়ভাইজোড়া এলাকা থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার সোনাকাটা-টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে এটি অবমুক্ত করে উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা।

এর আগে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করে বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা। এটির উচ্চতা প্রায় দেড় ফুট ও দৈর্ঘ্য দুই ফুট। গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখম-ল বিড়ালের মতো। গায়ের রং ধূসর।

উপজেলা রেঞ্জ অফিসার মো.মনিরুল ইসলাম জানান, মেছো বাঘের বাচ্চাটি উপজেলার বড়ভাইজোড়া এলাকার কাছেম হাওলাদারের বাড়ির পেছনে একটি জালে আটকে যায়। পরে স্থানীয়রা এটিকে বন্দি করে বন বিভাগকে খবর দেয়।

পরে ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়। প্রথমে আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে এনে পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় দুপুরেই এটাকে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে টেংরাগীরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেছি।

তিনি আরও জানান আশপাশের বাড়ির হাঁস-মুরগী খাওয়ার জন্য মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।




প্রধানমন্ত্রী আমাকে ভাই হিসেবে গ্রহণ করায় জয়ী হয়েছি: শাহজাহান ও

বরিশাল অফিস:: ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভাই হিসেবে গ্রহণ করায়, আমি তার দল থেকে নির্বাচন করেছি এবং নির্বাচনে বিজয় অর্জন করেছি। আমি কাঠালিয়া রাজাপুরকে ভালো রাখতে চাই এবং ভালো কিছু করতে চাই। আমি কোন ভাগাভাগির মধ্যে নাই। এ অঞ্চল আমার পরিচিত। কাঠালিয়ায় মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল। আমার নেতৃত্বে এ অঞ্চল স্বাধীন হয়েছে। আমি এ এলাকার সবাইকে চিনি এবং জানি।

সোমবার (২২ জানুয়ারী) বিকালে ঝালকাঠি কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান হিসাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একজন সংসদ সদস্যের যথেষ্ট এক্সেস পাওয়ার আছে। চেষ্টাও ইচ্ছে থাকলে অনেক কাজ করার সুযোগ আছে। আমি কোন ভাগাভাগির মধ্যে নেই। আমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ পাবেননা যাতে আমি অসম্মানিত হই। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা মহোদয় আমাকে ডেকে বললেন দস্তখত করেন, আপনার নির্বাচন করতে হবে। আমি তাকে শর্ত দিয়েছি যে আপনার ৩ ভাই শহীদ হয়েছেন৷

তিনি বলেন,আমাকে ৪র্থ ভাই হিসেবে গ্রহন করতে হবে, তবে আমি আমার জীবনের সর্ব শক্তি দিয়ে নির্বাচন করব। তিনি তার চতুর্থ ভাই হিসেবে গ্রহন করে নির্বাচনের মাঠে নামিয়েছেন। আপনাদের সকলের চেষ্টায় নির্বাচনে আমি জয়ী হয়েছি। আমি আমার জীবনের ৭৭ বছর বয়সে এসে মানুষের জন্য কাজ করতে চাই। বরিশালের ৩৪ টি থানা আমার নেতৃত্বে স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আমি ৩ বার আহত হয়েছি। বঙ্গবন্ধু আমাকে স্বীকৃতি স্বরুপ বীর উত্তম উপাদি দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞবোধ করছি।

কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপোজলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার। এছাড়ার সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




জেলের জালে ১৪০ কেজির পাখি মাছ, ২৫ হাজার টাকায় বিক্রি

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়ায় আলীপুর মৎস্য বন্দরে জেলেদের জালে ধরা পড়েছে ৪টি পাখি মাছ (সেইল ফিশ)। পরে মাছগুলো ডাকের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এই মাছ চারটি নিয়ে আসেন ফারুক আকন নামের এক জেলে। পরে বন্দরের নাঈম নামের এক আড়তদার মাছগুলো ২৫ হাজার টাকায় কিনে নেন। এ সময় মাছগুলো দেখতে অনেকেই ভিড় জমান।

জেলে ফারুক বলেন, গত তিনদিন আগে মাছগুলো আমার জালে উঠে। এরপর আজকে আলীপুর এসে বিক্রি করেছি। বছরে দুই একবার এ ধরনের বড় মাছ জালে উঠে।

আড়তদার নাইম বলেন, এই মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন তাই অনেকে পাখি নামেও চিনে। বেশ সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক। আজকের মাছ চারটির ওজন ১৪০ কেজি। ২৫ হাজার টাকায় কিনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছি। আশা করছি, ভালো দাম পাব।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে এর বেশ চাহিদা রয়েছে। এর ইংরেজি নাম সেইল ফিস ও বৈজ্ঞানিক নাম Istiophorus platypterus।




পূর্ব শত্রুতার জেরে রাঙ্গাবালীতে বিষ দিয়ে হাঁস-মুরগি নিধন

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালীতে পূর্ব শত্রুতার জেরে খেসারি খেতে বিষ প্রয়োগ করে ২০-২৫টি হাঁস ও মুরগি নিধন করার অভিযোগ ওমর ফারুক নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

রবিবার বিকালে উপজেলার সেনের হাওলা গ্রামের বাধঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী রাকিবুল হাসান বলেন, আগে আমাদের বাড়ি একই গ্রামের পুলঘাট বাজারের কাছে ছিল। গত ২৩ বছর আগে এখানে নতুন বাড়ি নির্মাণ করি, এখানে বাড়ি করার পর প্রতিপক্ষের কিছু জমিজমা থাকায় বিভিন্নভাবে তারা আমার ক্ষতি করে আসছে। আজ তারা খেতে বিষ প্রয়োগ করে আমার ২০-২৫টি হাঁস-মুরগি মেরে ফেলছে। আমি থানায় অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন ।

প্রতিবেশী কুদ্দুস মোল্লা বলেন, আমরা সকল মুসল্লিরা মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হই, তখন আমাদের গ্রামের রাকিব এসে আমাদেরকে কিছু মরা হাঁস ও মুরগি দেখায়। রাকিবের কথার ভিত্তিতে তখন আমরা হাঁস ও মুরগি মরার কারণ জানতে একটি মরা হাঁস ও মুরগি জবাই করে পেট থেকে বিষাক্ত গ্যাস ট্যাবলেটের গন্ধযুক্ত চাল পাই। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।

অভিযুক্ত ফারুক বিশ্বাসের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি কোন খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করিনি, বিষয়টি আমাদের চেয়ারম্যান সমাধান করে দেবেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন অবস্থায় আছে। ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




পটুয়াখালীতে মাটিচাপা দেয়া নববধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে চম্পা বেগম (৩২) নামের এক নববধূকে পরিকল্পিতভাবে হত্যার পর মাটিতে পুঁতে ফেলার অভিযোগ উঠেছে স্বামী বাবুল হাওলাদারের বিরুদ্ধে।

বর্তমানে বাবুল হাওলাদার এবং তার প্রথম স্ত্রী পলাতক রয়েছেন।

আজ (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের গামরবুনিয়া বিলে মাটিচাপা দেয়া ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ১ জানুয়ারি চম্পা বেগমকে বিয়ে করেন কৃষক বাবুল হাওলাদার। এটি তার দ্বিতীয় বিয়ে। বাবুল হাওলাদার এবং তার প্রথম স্ত্রী পলাতক থাকায় ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে চম্পাকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যার পর মৃতদেহ মাটি চাপা দেয়া হয়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই সবকিছু জানা যাবে বলে জানান তিনি।

এ বিষয়ে কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের লক্ষ্য ২৩৬

  চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতের বিপক্ষে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের প্রথম ম্যাচে বড় হারের পর এবার আসরে টিকে থাকার লড়াইয়ের আয়ারল্যান্ডের মুখোমুখি টাইগার যুবারা। যেখানে শুরুতে ব্যাট করে বড় সংগ্রহই গড়েছে আইরিশরা।




ইসরায়েলের পার্লামেন্টে জিম্মিদের স্বজনদের হামলা

 চন্দ্রদ্বীপ ডেস্ক: সাড়ে তিন মাস ধরে চলা যুদ্ধে গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের পার্লামেন্টে হামলা চালিয়েছেন তাদের স্বজনরা। সোমবার জেরুজালেমে নেসেটে সংসদীয় একটি কমিটির অধিবেশন চলাকালে জিম্মিদের একদল স্বজন সেখানে বিক্ষোভ-প্রতিবাদ করেছেন।



সরকারদলীয় হুইপ হচ্ছেন মাশরাফিসহ ৫ জন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় এমপি মাশরাফি বিন মুর্তজাসহ (নড়াইল-২) পাঁচ এমপি। সংসদ সচিবালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।



দক্ষিণের দেশগুলোকে ঐক্যবদ্ধ সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টেকসই উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য অর্জনে দক্ষিণ বিশ্বের দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ সংহতি ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।



প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক পুনর্গঠন 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটির চেয়ারপারসন এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিকল্প চেয়ারপারসন হয়েছেন।  সোমবার (২২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।