দুমকিতে গাঁজাসহ আটক এক

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে চার কেজি গাঁজাসহ রুবেল মাতব্বরকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।

গতকাল দুপুর পৌনে ২টার দিকে মো: মাহবুবুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) দুমকি থানা-এর সার্বিক তদারকিতে দুমকি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় নিয়োজিত অফিসার এসআই (নিঃ)/সজীব দেবনাথ ও এস আই তারেক সঙ্গীয় অফিসার ফোর্সসহ দুমকি থানাধীন শ্রীরামপুর ইউনিয়নের দুমকি থানা ব্রিজের উপর থেকে আসামি মোঃ রুবেল মাতুব্বরকে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: মাহাবুবুর রহমান বলেন, এ ব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।




বাসুদেবপাশা চরে বিশুদ্ধ পানির অভাব, নেই বিদ্যুৎ সুবিধা

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীর মাঝে জেগে ওঠা বাসুদেবপাশা চরে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে; ফলে জীবনযাপন দুর্বিসহ হয়ে উঠেছে । বাসুদেবপাশা গ্রামের এই ছোট্ট চরে অর্ধ শতাধিক পরিবারের বসবাস। অথচ এখানে বিশুদ্ধ পানি উত্তোলনে নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা। তাই খাবার পানির জন্য হাহাকার, কোন রকম বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন এখানকার বাসিন্দারা।

তারা জানান, বিশুদ্ধ খাবার পানি আনতে ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হয় ২০ কিলোমিটার নৌপথ।

শুধু তাই নয়, বিশুদ্ধ খাবার পানির অভাবে ডায়রিয়া, কলেরা’র মতো বিভিন্ন পানিবাহিত রোগে ভুগছে এ চরের শিশুরা। এদিকে হাতের কাছে ডাক্তার বা হাসপাতাল না থাকায় এখানকার বাসিন্দারা যেন রয়েছেন আরো ঝুঁকিতে। ওষুধের প্রয়োজন হলে নৌপথ পারি দিয়ে যেতে হয় ধুলিয়া ইউনিয়নে।

এমনকি ১৯৭৫ সাল থেকে এই চরে মানুষ বসবাস শুরু করলেও এখন পর্যন্ত পৌঁছায়নি বিদ্যুৎ সুবিধা। নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তবে একসময় এই চরে কয়েকটি গভীর নলকূপ ও একটি প্রাথমিক বিদ্যালয় ছিলো। ২০১৭ সালের দিকে তেতুলিয়া নদীর তীব্র ভাঙনে সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়।

বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ‘বাসুদেবপাশা চরের সাথে আসলে আমাদের মূল ভূখণ্ডের তেমন যোগাযোগ মাধ্যম নেই। সেখানে তীব্র খাবার পানির সংকট ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত সমস্যা আছে। আমরা খুব দ্রুত চরের বাসিন্দাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’




নাব্যতা সংকটে পটুয়াখালীর তিন নদী

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নকে আকড়ে রেখেছে আন্ধারমানিক, সোনাতলা ও শিববাড়িয়া নদী। স্রোতের গতি বদলে যাবার কারণে নদীগুলোতে গভীরতা কমে অনেক ডুবোচরের সৃষ্টি হয়েছে। নাব্যতা হারিয়ে এখন প্রাণ সংকটে এই নদীগুলো। এছাড়া নদীর উপর নির্ভরশীল জেলেরা বিপাকে পড়েছে। নদীগুলো খননে উদ্যোগ নেবার দাবি জানিয়েছে স্থানীয়রা।
কলাপাড়া উপজেলার পায়রাবন্দর থেকে মহিপুর – কুয়াকাটা পর্যন্ত ইউনিয়গুলো আন্ধারমানিক, সোনাতলা ও শিববাড়িয়া নদীর তীর ঘেষে।
একসময় নদীগুলো দিয়ে সহজেই নৌযান চলাচল করতো। নদীর দুপাড়ের মানুষ মাছ ধরে স্বচ্ছলভাবে জীবন যাপন করতো।
২৫ বছর আগেও নদীগুলোর সর্বমোট দৈর্ঘ ছিল প্রায় ৬০ কিলোমিটার, প্রস্থ ছিল ১০০ মিটার। বর্তমানে দৈর্ঘ – প্রস্থ ও গভীরতা কমে যাওয়ায় নদীগুলোতে মাছের পরিমাণ কমে যাচ্ছে।

পায়রাবন্দর থেকে কুয়াকাটা পর্যন্ত এলাকার উন্নয়নে নানা অবকাঠামো নির্মাণের ফলে এসকল নদী হুমকির মুখে পড়ছে। প্রকৃতিকে রক্ষার জন্য এ সব নদী সংরক্ষন জরুরি বলে জানালেন বেসরকারি সংগঠন বাংলাদেশ ওয়াটার কিপার্স এর সমন্বয়ক শরীফ জামিল ।

আন্ধারমানিক, সোনাতলা ও শিববাড়িয়া নদী খননের পাশাপাশি অন্যান্য পদক্ষেপ গ্রহণের কথা জানালেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।




কলাপাড়ায় নিয়োগ অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৪ লাখ ৫০ হাজার টাকা ঘুষ নিয়েও নিয়োগ না দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

পরে টাকা ফেরত দেয়াসহ নিয়োগ সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নিয়োগপ্রার্থী পাঁচ সদস্য।

গতকাল সকালে কলাপাড়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়া পদে নিয়োগ প্রার্থী মোসা. সোনিয়া বেগম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, পূর্ব-মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী এই তিনটি পদে নিয়োগ দেয়ার জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। এ বিজ্ঞপ্তির পর তারা আবেদন করে। এ নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের ১৭ই ফেব্রুয়ারি। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাম হোসেন প্রতি পদের জন্য তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা দাবি করে। প্রার্থীরা এ টাকা না দেয়ায় প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে। ফলে কিছু পরীক্ষার্থী নিয়োগ পরিচালনা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে ২১শে অক্টোবর নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করেন। পরীক্ষার একদিন আগে প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের জনপ্রতি ৫ লাখ টাকা দাবি করে। ওই সময় সোনিয়া বেগম ৪ লাখ টাকা দিলেও তাকে নিয়োগ দেননি। নিয়োগ দেয়া হয়েছে সভাপতি মো. বশির আহম্মেদ ও প্রধান শিক্ষক মো. আলাম হোসেনের মনোনীত প্রার্থীদের। পরে তাকে ঘুষের ৩ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেরত দেননি।

অপরদিকে পূর্ব-মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৬ জনের বিরুদ্ধে নালিশি মামলা আমলে নিয়ে ওসি, কলাপাড়াকে এজাহার গণ্যে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.  গোলাম মোস্তফা্থর নালিশি মামলা দায়েরের পর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী  মো. কাইয়ুম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় পূর্ব-মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. বশির আহম্মেদ (৫৭), প্রধান শিক্ষক মো. আলম  হোসেন (৫৫), সহকারী প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন (৪৫),  মো. শাহিন হাওলাদার (৪২),  মো. হাসান (৪০), মো. সাইদুর রহমান (৩৫)সহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি  মো. আলী আহম্মেদ জানান, মামলার বিষয়ে জেনেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।




দশমিনায় খালে বাঁধ দিয়ে মাছ শিকার : সেচ নিয়ে বিপাকে কৃষকরা

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর শাখা খালে বাঁধ দিয়ে অবাধে চলছে মৎস্য শিকারের মহোৎসব। তবে খালে পানি না থাকায় বোরো চাষিদের সর্বনাশ।

জানা যায়, তেঁতুলিয়া নদীর শাখা খালে বাঁধ দিয়ে মাছ শিকারের ফলে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের তিন গ্রাম ও বহরমপুর ইউনিয়নের এক গ্রাম এবং বাউফল উপজেলার এক গ্রামে পানির অভাবে দুর্ভোগে পড়েছে প্রায় ২০ হাজার মানুষসহ বোরো চাষিরা। খালে পানি না থাকায় চরম পানি সঙ্কটে পড়েছে বোরো চাষিরা। আর পানির জন্য হাহাকার করছে খালের দুই পারে বসবাসরত সাধারণ মানুষ। রোপা বোরো ধান এখন শুকিয়ে যাচ্ছে পানির অভাবে। বর্তমানে পুকুর-ডোবার পানিও সেচ দেয়া শেষ।

এ বিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাস পাড়া গ্রামের বোরো চাষি জামাল হাওলাদার, মজিদ হাওলাদার, কবির হোসেন ও জামাল মৃধা জানান, আমাদের পানি সঙ্কটে বোরো ধান এখন শুকিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হেল্লাল উদ্দিন জানান, দীর্ঘ বছর ধরে এ খাল খনন না করায় খালের গভীরতা কমে গেছে। ফলে স্থানীয়রা খালে বাঁধ দিয়ে মাছ শিকার করেন।

এ বিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, গছানী বাজার থেকে বগী বাজার পর্যন্ত খাল খননের জন্য এনজিওর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে খননকাজ শুরু করতে পারবে।




পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পায়রা বন্দর বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে বদলি হয়েছেন। আর বাংলাদেশ নৌবাহিনী থেকে রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ টায় পায়রা বন্দরের হল রুমে চেয়ারম্যানের দায়িত্বভার হস্তান্তর-গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




পছন্দের কেউ থাকলে বিয়ে করতেন সাফা কবির

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনও ব্যাচেলর জীবনই পার করছেন।




গাজায় জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৯

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা সাড়ে তিন মাস ধরে চলা এই অভিযানে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গাজার প্রায় সব অবকাঠামো।




দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর। মৃদু শৈত্যপ্রবাহে কাবু এ অঞ্চলের মানুষ। দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।




অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তার হাইকোর্টে কারাদণ্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আদালতের আদেশ অমান্য করায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর এবং ব্যাংকটির পাঁচ শীর্ষ কর্মকর্তাকে ৩ মাসের দেওয়ানি বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।