বরিশালে ট্রাকচাপায় স্কুটিচালক নিহত, আহত সঙ্গের তরুণী

বরিশাল অফিস:;; বরিশাল নগরীর রূপাতলী এলাকায় রডবাহী ট্রাকের চাপায় স্কুটিচালক নিহত ও সঙ্গে থাকা তরুণী আহত হয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রূপাতলী চান্দু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত স্কুটিচালকের নাম জুবায়ের রহমান আদনান (৪০)। তিনি গাজীপুর পশ্চিম বরুলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে। আদনান বরিশালের একটি রেস্টুরেন্টের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। আহত তরুণী মেহনাজ জাহান মৌমি (২৯) বরিশাল নগরীর ফরেস্টার বাড়ি বাদামতলা এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তিনি একই রেস্টুরেন্টের মালিক।

দুর্ঘটনার পর ট্রাকচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত আদনান ও তরুণী একটি স্কুটিতে করে রূপাতলী থেকে বরিশাল নগরীর নিজ বাসার উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে, চান্দু মার্কেট এলাকায় পৌঁছালে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার ওপর পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা ট্রাকের চাপায় তারা দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছু সময় পর জুবায়ের রহমান আদনান মারা যান।

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন-চার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মিরাজ মোল্লা জানান, আহত তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।




বরিশালে ২৩ মামলার আসামি স্ত্রীসহ গ্রেপ্তার

বরিশাল অফিস ::  ২৩ মামলার আসামিকে আধা কেজি গাঁজা নিয়ে স্ত্রীসহ নগরীর পলাশপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশপুর এলাকার নিজ বাসা থেকে আধা কেজি গাঁজাসহ দম্পত্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো-পলাশপুরের বাসিন্দা মৃত রশিদ মোল্লার ছেলে কালাম মোল্লা (৫৫) ও তার স্ত্রী কুলসুম বেগম (৪২)।

এরমধ্যে কালাম মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ২৩টি মামলা রয়েছে।




বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বরিশাল অফিস:: বরিশাল নগরীতে নির্মাণাধীন ভবনের ছাদে রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহাবুদ্দিন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১ টার দিকে নগরীর কাউনিয়া ভাটিখানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন বরিশাল সদর উপজেলা চর কাউয়া ইউনিয়নের ডিনারের পোলের এলাকার দুলাল কাজির ছেলে। অপর আহত লাল শরীফ সদরের চরমোনাই গিলাতলী গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, একটি মালিকানাধীন ভবনে দুই শ্রমিক কাজ করতে ছিল। এক সময় রড তুলতে গিয়ে পাশের একটি বৈদ্যুতিক তারের সঙ্গে রড লেগে তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে যদি কেউ অভিযোগ দেয় তাহলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।




বরিশালে অবাধে শিকার হচ্ছে ইলিশের পোনা

বরিশাল অফিস::  নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের নদ-নদীতে অবাধে শিকার হচ্ছে ইলিশের পোনা। প্রকাশ্যে অসাধু জেলেরা ইলিশ পোনা শিকার করেলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। ওইসব জেলেদের শিকার করা জাটকা ইলিশ প্রকাশ্যেই বিক্রি হচ্ছে জেলা ও উপজেলার বিভিন্ন হাট-বাজারে। জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের সকল নদ-নদীতে জাটকা (১০ ইঞ্চির কম আকৃতির ইলিশ) রক্ষায় নিষেধাজ্ঞা চলছে। পাশাপাশি দেশের পাঁচটি ইলিশ অভয়াশ্রমে চলছে নিষেধাজ্ঞা। গত বছরের ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ৩০ জুন।

সূত্রমতে, বরিশাল বিভাগে নিষেধাজ্ঞা চলাকালে (কার্ডধারী) ২ লাখ ৩০ হাজার ৩৮৯টি জেলে পরিবার সরকারি বরাদ্দের চাল পাবেন। এ সময় প্রত্যেক জেলে প্রতি মাসে ৪০ কেজি করে চাল পাবেন। তবে বরিশালের অধিকাংশ এলাকার জেলেরা এখনও সরকারি বরাদ্দের চাল পায়নি। সূত্রে আরও জানা গেছে, বরিশালে কার্ডধারী জেলে রয়েছে ৪৩ হাজার ২৮৯ জন, পিরোজপুরে ১৭ হাজার ৬৮২জন, পটুয়াখালীতে ৫০ হাজার ১৩৯ জন, ভোলায় ৮৯ হাজার ছয়শ’ জেলে, বরগুনায় ২৬ হাজার ৪৮৯ জন জেলে ও ঝালকাঠি জেলায় তিন হাজার দুইশ’ জন জেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভাগের ২ লাখ ৩০ হাজার ৩৮৯ জন জেলের জন্য দুই মাসের চাল বরাদ্ধ এসেছে। যা পর্যায়ক্রমে জেলেদের মাঝে বিতরণ করা হবে। জেলে সংগঠনের নেতৃবৃন্দের দাবি, মৎস্য অধিদপ্তর প্রতিবছর রেকর্ড জাটকা উৎপাদন দেখিয়ে ইলিশ সম্পদ বৃদ্ধির কৃতিত্ব দেখাচ্ছে। কিন্তু ভরা মৌসুমে নদীতে ইলিশ পাওয়া যায়না। সংকটের কারণে কয়েক বছর যাবত ইলিশের দাম মধ্যবিত্তের নাগালের বাহিরে চলে গেছে। সূত্রের দাবি, মৎস্য অধিদপ্তরের কতিপয় অসাধু মাঠ কর্মকর্তাদের জন্য জাটকার সুরক্ষা করতে ব্যর্থ হওয়ায় ইলিশ নিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। জাটকা আহরণ বন্ধ করতে পারলে এখনকার জাটকা আগামী মৌসুম জুলাই-সেপ্টেম্বরের মধ্যে সাত থেকে নয়শ’ গ্রাম ওজনের পরিপূর্ন ইলিশ সম্পদে পরিনত হতে পারতো। খোঁজ নিয়ে জানা গেছে, জাটকার উৎপাদনস্থল মেঘনা ও তার শাখা নদীগুলোতে আহরনের মহোৎসব চলছে।

নদীতীরে প্রতিদিন শত শত মন পাইকারী জাটকা ইলিশ বিক্রি হয়ে দেশের বিভিন্নস্থানে বাজারজাত হচ্ছে। বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জের মেঘনা, কালাবদর, লতা, ভোলা ও বরিশাল সদর উপজেলার অংশের মেঘনা ও তেঁতুলিয়া, কীর্তনখোলা, বানরীপাড়া ও উজিরপুরের সন্ধ্যা, মুলাদীর আড়িয়াল খাঁসহ এখানকার সবকটি নদীতে এখন অবাধে চলছে ইলিশের পোনা নিধনের মহোৎসব। আর এসব মাছ বরিশাল নগরীসহ সর্বত্র বিক্রি হচ্ছে। তিন থেকে চার ইঞ্চি আকৃতির ইলিশের পোনা চাপিলা নামে বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। জেলেদের দাবি, দাদন ব্যবসায়ী মহাজনদের চাপের মুখে তারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের পোনা নিধনে বাধ্য হচ্ছেন।

বরিশাল মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, এ অঞ্চলের নদ-নদীতে চাপিলা খুব কম পরিমাণে পাওয়া যায়, যা ধরা পরছে তার মধ্যে ইলিশের পোনাই বেশি। প্রজনন মৌসুমে মা ইলিশ সাগরের নোনা পানি ছেড়ে মিঠাপানিতে এসে ডিম ছাড়ে। যে কারণে বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা এবং ভোলা জেলা সংলগ্ন মেঘনা-তেঁতুলিয়া হলো জাটকার খনি। মৎস্যজীবী সমিতির হিজলা উপজেলার সভাপতি জাকির হোসেন বলেন, শত শত জেলে মেঘনায় জাল ফেলে প্রকাশ্যে প্রতিনিয়ত জাটকা আহরণ করছে। অথচ এসব জাটকা এখন আহরণ করা না হলে আগামী মৌসুম জুলাই ও সেপ্টেম্বরে প্রতিটি জাটকা সাত থেকে নয়শ’ গ্রাম ওজনের পরিপূর্ন ইলিশে পরিনত হতো। মেঘনা তীরের হিজলার ধুলখোলা ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সভাপতি মনির মাতুব্বর বলেন, গত কয়েকবছর ভরা মৌসুমে মেঘনায় ইলিশ পাওয়া যায়না।

এখন জাল ফেললেই বোঝাই করে জাটকা পাওয়া যাচ্ছে। তাই শত শত নৌকায় উৎসবমুখর পরিবেশে জাটকা ধরা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের ব্যাপারে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমাদের স্বল্প জনবল দিয়ে বিশাল নদী পাহড়া দেওয়া মুশকিল হয়ে পরেছে। মেঘনায় ও তার শাখা নদীতে জাটকা নিধনের বিষয়টি শুনেছি। ইতোমধ্যে কয়েকটি অভিযানে কিছু জাল জব্দও করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা বিভিন্ন সময়ে হিজলা ও মেহেন্দিগঞ্জের মেঘনা নদী পর্যবেক্ষন করছেন। তাছাড়া গত ১১ জানুয়ারি থেকে এই অঞ্চলে কম্বিং অপারেশন চলছে বলেও তিনি উল্লেখ করেন।




‘জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পায়রা বন্দর’

বরিশাল অফিস:: পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, পায়রা বন্দর শুধু দক্ষিনাঞ্চল নয়, দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পায়রা বন্দর হচ্ছে বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। এ লক্ষ্য নিয়ে চলমান উন্নয়ন কাজগুলোকে দ্রুত এগিয়ে নিতে দিন রাত কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে এ বন্দর ব্যবহার করে দেশী আমদানীকারকরা বিদেশ থেকে পণ্য আমদানি করতে শুরু করেছে।

পণ্য আমদানীর জন্য আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় পায়রা বন্দরের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান এ কথা বলেন। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, পটুয়াখালীতে হবে জাহাজ মেরামতের স্লিপওয়ে। এ লক্ষ্য নিয়ে তারা কাজ করবেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে নতুন চেয়ারম্যান হিসেবে আবদুল্লাহ আল মামুন চৌধুরী পায়রা বন্দরের দায়িত্ব গ্রহন করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. সোহরাব হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমোডর রাজিব ত্রিপুরা, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এবং উপপরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীর, জনকন্ঠের উপজেলা প্রতিনিধি মেজবাহউদ্দিন মাননু, প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু, ৭১ টিভি ও আমাদের বার্তার কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজু, সময় টিভির পটুয়াখালী স্টাফ রিপোর্টার সিকদার জাবির হোসেন, এখন টিভির কলাপাড়া প্রতিনিধি জসীম পারভেজ। মতবিনিময় সভার শুরুতে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন ও বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেককে ফুলেল শুভেচছা জানানো হয়।

গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পায়রা বন্দর কতৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। এর আগে তিনি চট্রগ্রাম অঞ্চলে নৌবাহিনীর এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।




মহিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে ইয়াবাসহ মোঃ হেলাল সরদার লাল মিয়া (৩০) ও মোঃ বেল্লাল হোসেন হাওলাদার (৩১) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মধ্য রাতে থানার আলীপুর এলাকার খানাবাদ ডিগ্রী কলেজের দক্ষিন পাশে জসিম হাওলাদারের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১শ’ ৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ হেলাল সরদার লাল মিয়া কুয়াকাটা পৌরসভার ৫নং ওয়াডের কচ্ছপখালী এলাকার মোঃ মালেক সরদারের পুত্র এবং মোঃ বেল্লাল হোসেন হাওলাদার একই এলাকার মোঃ নাসির হাওলাদারের পুত্র।

মহিপুর থানা পুলিশ জানায়, পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় আনোয়ার হোসেন তালুকদার, অফিসার ইনচার্জ, মহিপুর থানা, পটুয়াখালী এর নের্তৃত্বে মহিপুর থানার এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন আইন শৃঙ্খলা মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহিপুর থানাধীন কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।

এ সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অফিসার ইনচার্জ, মহিপুর থানা এর নির্দেশে একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হইয়া সাক্ষীদের উপস্থিতিতে আসামিদের গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার জানান, আসামিদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।




সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শাজাহান মিয়ার স্ত্রীর মৃত্যু

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার স্ত্রী শাহজাহান মমতাজ মারা গিয়েছেন।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্বজনরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শাহজাহান মমতাজের শোক প্রকাশ করেছেন পটুয়াখালীর বর্তমান সংসদ সদস্যবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজ বিকেল ৩টায় শাহজাহান মমতাজের জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার সংসদ সদস্য ভবন নং-৪ এ।
এছাড়া আগামীকাল শনিবার তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সকাল ১১টায় পটুয়াখালী শেখ রাসেল স্কয়ারে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই মারা গিয়েছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।




টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় এশিয়ার চ্যাম্পিয়নরা। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের।



ফোন থেকে ডিলিট হওয়া নম্বর ফিরে পাওয়ার উপায়

আপনি যদি আপনার ফোনে জি-মেইল অ্যাপ চালান তাহলে অবশ্যই গুগল অ্যাকাউন্ট সেট আপ হবে। আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বর সহজেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে এই পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে দেখে নিন-

>> আপনার ফোনে গুগল কন্টাক্টস অ্যাপ ডাউনলোড করুন।
>> যে ফোন নম্বরটি সেভ করা আছে সেই গুগল আইডি দিয়ে এই অ্যাপে লগইন করুন।
>> এখন নিচের দিকে ফিক্স অ্যান্ড ম্যানেজ আইকনে ট্যাপ করুন।
>> এখন আপনি কন্টাক্ট নম্বর ইমপোর্ট, এক্সপোর্ট এবং রিস্টোর করার অপশন পাবেন।
>> এখানে রিস্টোর কন্টাক্টস অপশনে ট্যাপ করুন।
>> তারপর রিস্টোর বাটনে ক্লিক করুন।
>> মুছে ফেলা সব কনট্য়াক্ট নম্বর ফোনে ফিরে আসবে।

সূত্র: মেক ইউজ অব




ইরান-তুরস্কের ১০ সহযোগিতা চুক্তি সই

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইরান ও তুরস্কের মধ্যে সম্প্রতি ১০টি সহযোগিতা চুক্তি সই হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে ওইসব চুক্তি সই হয়।

চুক্তির বিশেষ খাতগুলোর মধ্যে রয়েছে সংস্কৃতি, গণমাধ্যম ও যোগাযোগ, রেল ও বিমান পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, অর্থনৈতিক ও মুক্ত বাণিজ্যিক অঞ্চল। ইরান ও তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উপস্থিতিতে ওইসব চুক্তিপত্রে সই করেছেন।

ইরানের প্রেসিডেন্ট গত বুধবার তুরস্কের প্রেসিডেন্টের আনুষ্ঠানিক আমন্ত্রণে আঙ্কারা সফর করেন। একদিনের ওই সরকারি সফরে ইরান-তুরস্ক সহযোগিতা পরিষদের অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সহযোগিতা চুক্তিগুলো সই হয় এবং একটি যৌথ সংবাদ সম্মেলনে উভয় নেতা চুক্তির বিষয়গুলো ব্যাখ্যা করেন।

দ্বিপক্ষীয় ওই বৈঠকে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক হামলা অব্যাহত রাখা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও ইরান ও তুরস্কের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

সফর শেষে দুই দেশ দ্বিপক্ষীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিকাশের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ বিষয়ের ওপর জোর দিয়ে দুই নেতা একটি যৌথ বিবৃতিও দেন। রপ্তানি ও আমদানি বাণিজ্যে তুরস্ক ইরানের তৃতীয় বাণিজ্যিক অংশীদার।

উভয় পক্ষই দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমানে বাণিজ্যের পরিমাণ ৭ বিলিয়ন ডলারের মতো। দুইদেশের মধ্যে সম্ভাব্য বাণিজ্যিক সক্ষমতার তুলনায় ৭ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অনেক কম।

ইরান ও তুরস্ক, দুই প্রতিবেশী দেশ। দেশ দুটোর মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে অনেক মিল রয়েছে। আঞ্চলিক সমীকরণে এই অভিন্ন বৈশিষ্ট্য কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল। বিশেষ করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দু’দেশের পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।

ইরান ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সপ্তম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ৯ জুলাইতে। ইরানে তুরস্কের প্রেসিডেন্টের সরকারি সফরের সময় ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।