বাংলাদেশ দূর্যোগ মোকাবেলায় সারা বিশ্বে প্রশংসিত

বরিশাল অফিস:: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি বলেন, বাংলাদেশ দূর্যোগ মোকাবেলায় সারা বিশ্বে প্রশংসিত। আগামী পাঁচ বছরে দুর্যোগ প্রবণ এলাকার অবহেলিত মানুষের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে কাজ করবে সরকার। শুক্রবার বিকাল পাঁচটায় পটুয়াখালীর কলাপাড়ার শেখ কামাল অডিটোরিয়াম সংলগ্ন মুজিব মঞ্চে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বরিশাল বিভাগ সবচেয়ে বেশি দূর্যোগপ্রবন এলাকা। প্রধানমন্ত্রীর ঘোষিত আাগামীর স্মার্ট বাংলাদেশের দূর্যোগের ঝুঁকিমুক্ত এলাকা গঠন করাই এখন সরকারের একমাত্র লক্ষ্য। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া মহিলা লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা প্রমুখ। মো.মহিববুর রহমান এমপি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী এলাকা কলাপাড়ায় আসলে কলাপাড়ার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে প্রতিমন্ত্রী রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন।




আইসিজের রায়ের পর যা বললেন নেতানিয়াহু

চন্দ্রদীপ ডেস্ক : গাজায় গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে ইসরাইল কী কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। খবর আল-জাজিরার।

এদিকে রায়ের পর একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরাইল এমন একটি যুদ্ধ লড়ছে, যা অন্য কোনো যুদ্ধের মতো নয়।

তিনি আরো বলেন, ইসরাইল আন্তর্জাতিক আইন মেনে দেশ ও নাগরিকদের রক্ষা অব্যাহত রাখবে।

এদিকে দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির আদালতের রায়ের পর এক টুইটবার্তায় আইসিজেকে উপহাস করেছেন।

ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে গত ডিসেম্বরে ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা।

চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুই দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরাইলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। জেনোসাইড কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে পদক্ষেপ ঘোষণা করা জরুরি বলেও উল্লেখ করা হয়।

গেল বছরের ৭ অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ২৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আর আহত হয়েছেন ৬৩ হাজারেরও বেশি মানুষ।




কাতারের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জানা গেছে, সিআইএর উইলিয়াম বার্নস ও মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এই সপ্তাহের শেষের দিকে ইউরোপে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে এখনো প্রায় ১৩০ ইসরায়েলি বন্দিকে মুক্ত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচল করা জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফলে গত দুই মাসে সেখান দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপেও কমানো যাচ্ছে না বিদ্রোহী গোষ্ঠীটির হামলা। তাদের দাবি গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যকর করা।

হুথিদের হামলার পর থেকেই শিপিং কোম্পানিগুলো লোহিত সাগর থেকে কার্যক্রম গুটিয়ে নিয়েছে। এতে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে উল্লেখযোগ্য হারে।

তাছাড়া গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ছাড়িয়েছে। শুক্রবারর (২৬ জানুয়ারি) সেখানের স্বাস্থ্যমন্ত্রণায় জানিয়েছে, গাজায় ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৬ জন।

সূত্র: আল-জাজিরা




গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ আইসিজের

চন্দ্রদীপ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আইসিজে এ আদেশ দেন। তবে গাজায় ইসরালের সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেননি আদালত। খবর আল জাজিরা

অন্তবর্তীকালীন রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু বলেন, গাজায় গণহত্যা ঠেকাতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা  নিতে ইসরায়েলকে নির্দেশ দিচ্ছে আদালত। একই সঙ্গে দেশটিকে গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে ব্যবস্থা নিতে হবে।

রায়ে আরও বলা হয়, গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে ও গাজার সাধারণ মানুষকে রক্ষা করতে হবে। এছাড়া ইসরায়েলকে এক মাসের মধ্যে গাজায় ত্রাণ পৌঁছানো ও গণহত্যা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে আদালতের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

আইসিজের রায়ে আরও বলা হয়, দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ তুলেছে, সেসব অভিযোগের সঙ্গে কিছু বিষয়ের মিল রয়েছে। এ কারণে মামলাটি চলবে।

তবে গাজায় ইসরালের সামরিক অভিযান বন্ধের যে আদেশ দক্ষিণ আফ্রিকা চেয়েছিল, সে ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

গত ডিসেম্বরে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুদিনের শুনানি হয়। এরপর আজ আদালত সাময়িক এ আদেশ দিলেন।




সংরক্ষিত এমপি: বরিশালে এক ডজন নারী নেত্রী তৎপর

বরিশাল অফিস::  দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বরিশালে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদে বিভাগের ছয় জেলায় তিনজন সংরক্ষিত এমপি ছিলেন। তবে এবার এক ডজন ক্ষমতাসীন দলের নেত্রীর নাম শোনা যাচ্ছে।

এদের মধ্যে কেউ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতার স্বজন, কেউ জনপ্রতিনিধির পত্নী কিংবা কেউ ছাত্রলীগের সাবেক নেত্রী। বর্তমানে সংরক্ষিত আসনের এমপি হতে বিভাগের নারী নেত্রীরা প্রধানমন্ত্রীসহ দলের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন।

সূত্রে জানা গেছে, সাধারণত ছয়টি সংসদীয় আসনের বিপরীতে সংরক্ষিত আসনে একজন এমপি হন। সে হিসাবে বরিশাল বিভাগে ২১ সংসদীয় আসনের বিপরীতে কমপক্ষে তিন থেকে চারজন এমপি পাওয়ার সুযোগ রয়েছে।

বিভাগের রাজনীতির কেন্দ্রস্থল হলো বরিশাল। একাদশ সংসদে জেলায় সংরক্ষিত এমপি ছিলেন দুজন। এরা হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেত্রী রুবিনা আক্তার মীরা ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির পত্নী লুৎফুন্নেছা খান।

তবে জাতীয় দ্বাদশ সংসদে বরিশাল সিটি মেয়রের পত্নী লুনা আব্দুল্লাহ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নাম শোনা গেছে।

এ বিষয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন, ‘মেয়র পত্নী লুনা আব্দুল্লাহ নারী নেত্রী হিসেবে গত ১২ জুনের সিটি নির্বাচন ও ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে যে ভূমিকা রেখেছেন, তা হাইকমান্ডের নজরে এসেছে। বিভিন্ন জরিপেও লুনা আব্দুল্লাহর নাম শোনা যাচ্ছে। দ্বৈত নাগরিকত্বে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের নামও শোনা যাচ্ছে।

দ্বীপ জেলা ভোলায় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন ও জেলা পরিষদের প্যানেল মেয়র ও যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না তৎপরতা শুরু করেছেন।

উপকূলীয় এলাকা পটুয়াখালীতে সংরক্ষিত এমপি ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী কাজী কানিজ সুলতানা। এবার জেলা থেকে মনোনয়ন চেয়েছেন আরেক সাবেক ছাত্রলীগ নেত্রী ঢাকা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তানজিদা খালেক তুলি।

তিনি ৮০’ র দশকে গলাচিপা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভিপি প্রার্থী ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত আওয়ামী লীগ নেতা খ. ম জাহাঙ্গীর হোসাইনের স্ত্রী সেলিনা হোসাইনও সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী।

বরগুনায় সংরক্ষিত আসনে এমপি হতে সাবেক দুজন এমপির স্ত্রীসহ মোট পাঁচজনের তৎপরতা দেখা গেছে। তারা হলেন-জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ, আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিয়া এলিট, সংরক্ষিত সাবেক এমপি নাসিমা ফেরদৌসী, হোসনে আরা রাণী এবং বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা সুমী।

পিরোজপুরে সংরক্ষিত আসনে তৎপর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন। তিনি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের স্ত্রী। এ ছাড়া মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিনের নামও শোনা যাচ্ছে এ তালিকায়।




বিষমুক্ত ড্রাগন চাষে স্বাবলম্ভী আমতলীর ইলিয়াস

 বরিশাল অফিস::  মাত্র ১শ’ গাছের চারা দিয়ে শুরু করা বিষমুক্ত ড্রাগন চাষী ইলিশয়াস এখন স্বাবলম্বী। তার বাগানে রয়েছে হাজার হাজার ড্রাগন গাছ। গাছে গাছে ঝুলছে লাল টুকটুকে পাকা ড্রাগন ফল। প্রশাসনের লোকসহ প্রতিদিন বাগান দেখতে ছুটে আসছে নানা বয়সী মানুষ। শুধু ড্রাগনই নয় আম আর পেয়ারা গাছেও ভরপুর ইলিয়াসের বাগান। বলছি চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের ড্রাগন চাষী ইলিয়াসের কথা। ইলিয়াস থাকেন পৌরসভার খোন্তাকাটা এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, কুয়েত ফেরৎ শিক্ষিত (বিএ পাস) যুবক ইলিয়াস। ভাগ্যের চাকা ঘোরাতে ২০১২ সালে ৫লক্ষ টাকা ব্যায় করে টাকা রোজগারের আশায় গিয়েছিলেন কুয়েত। সেখানে ভাগ্যের চাকা ঘোরাতে না পেরে হতাস হয়ে ২০১৭ সালে দেশে ফিরে আসেন ইলিয়াস।

দুই বছর বেকার ঘোরাঘুরির সময় কি করবেন ভেবে পাচ্ছিলেন না ইলিয়াস। একসময় মোবাইল ফোনের ইউটিউবের মাধ্যমে সাইখ সিরাজের উপস্থাপনায় ড্রাগন বাগানের উপর একটি সচিত্র প্রতিবেদন দেখে আকৃষ্ট হন তিনি।

এরপর পরিবারের সকলের সাথে কথা বলে সিদান্ত নেন ড্রাগন চাষ করবেন। যেই চিন্তা সেই কাজ। ২০১৯ সালে ইলিয়াস চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামে ৫ হাজার টাকায় ৩৩ শতাংশ জমি নিয়ে ১০০ চারা রোপনের মধ্যে দিয়ে শুরু করেন ড্রাগন চাষ।

পাশাপাশি এই বাগানের চারপাশে পেয়ারা, কাটিমন আম চাষও করেন। শুরুতেই বাগানে লাভের মুখ দেখায় ইলিয়াসের উৎসাহ দিগুন বেরে যায়। এর পর তিনি প্রতিবছর জমির পরিমান বাড়াতে থাকেন। বাড়তে থাকে তার বাগানের পরিধি ও লাভের টাকার পরিমান।

বর্তমানে ইলিয়াস ২শ’৫০ শতাংশ জমির উপর ৩০লক্ষ টাকা ব্যায় করে গড়ে তোলেন কয়েক হাজার চারার ড্রাগনের বাগান। এই বাগানের সাথে রয়েছে থাই পেয়ারা, কাটি মন আম ও বাগানের মাঝখানে রয়েছে একটি পুকুর।
এখন আর ইলিয়াসকে ফেছনে ফিরে তাকাতে হয় না। কারো কাছে টাকার জন্য হাত পাততে হয় না। প্রতি বছর ড্রাগন বাগান থেকে লাভ করেন ৭-৮ লক্ষ টাকা।

শুধু মাত্র ১ জন শ্রমিক রেখে কঠোর পরিশ্রমি ইলিয়াস দিন রাত নিজেই কাজ করেন বাগানে। মাটি কাটা, ফল তোলা, বাজারজাত করাসহ সকল কাজ করেন ইলিয়াস নিজেই।

শনিবার সকালে সরেজমিন ইলিয়াসের বাগান পরিদর্শন করে দেখা যায় সারি সারি ড্রাগন গাছে বাগান ভরপুর। প্লাস্টিকের ড্রামে সিমেন্টের খুটির উপর বসনো হয়েছে। গাছ।

গাছের ডগায় ডগায় দুলছে লাল টুকটুকে ড্রাগন ফল। দেখলে যে কারো নজর কারবে এক নজর দেখার জন্য। পুরাতন বাগানের আশ পাশেই গরে তুলেছেন পেয়ারা আর কাটিমন আমের বাগান। মাঝ খানে রয়েছে ছোট পুকুর। পুকুর ভর্তি তেলাপয়িা, রুই কাতলাসহ ভিভিন্ন মাছে ভরপুর। হাতে নিরানি আর পরনে লুগি সদা হাস্যজ্জল টগবগে যুবক ইলিয়াস নিজেই কাজ করছেন বাগানে।

ইলিয়াসের বাগানের সফলতা দেখে আমতলীর বিভিন্ন এলাকায় অনেকেই এখন ড্রাগনসহ বিভিন্ন পলের বাগানের দিকে ঝুকছে। ইলিয়াসের বাগানের সফলতার গল্প শুনে বরগুনা সদ্য বিদায়ী জেলা প্রশাসক হাবিবুর রহমান ও আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম সহ কৃষি দপ্তরের অনেইে এই বাগান পরিদর্শন করেছেন।
ইলিয়াস বলেন, বিদেশ থেকে এসে বেকার ছিলাম।

কি করবো ভেবে পাচ্ছিলাম না। এসময় ইউটিউবে সাইখ সিরাজের ড্রাগন চাষে লাভ বেশী এটি দেখে আমি উদ্ধুদ্ধ হই। এর পর মাত্র ১০০শ’ ড্রাগন চারা দিয়ে শুরু করা আমার বাগানে এখন কয়েক হাজার ড্রাগন গাছ। বাগানে কোন ওষুধ কিংবা হরমোন জাতীয় বিষ প্রয়োগ করা হয় না।

আয়ের টাকা দিয়ে বাগানে প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করেছি। এখন বছরে আমার বাগান থেকে আয় ১০-১২ লক্ষ টাকা। স্থানীয় আমতলী, কলাপাড়া, পটুয়াখালিসহ আশপাশের শহরের ফল বিক্রেতারা আমার বাগান থেকে এসে ফল নিয়ে যায়। অনেক ক্ষেত্রে আমি নিজেও বিভিন্ন দোকানে ফল পৌছে দেই। ইলিয়াস আরো বলেন, শিক্ষিত যুবকরা বেকার না থেকে এবং চাকরির পিছনে না ছুটে কৃষি কাজ করে অনেক লাভবান হওয়াা যায়।

আমতলী উপলো কৃষি কর্মকর্তা মো. ইছা বলেন, ইলিয়ান ড্রাগন বাগান করে অনেক দৃষ্টান্ত স্থান করেছেন। তিনি তার বাগানে কোন হরমোন জাতীয় ওষুধ কিংবা বিষ প্রয়োগ করেন না।

বাজারে তার ড্রাগনের চাহিদাও রয়েছে প্রচুর। তার দেখা দেখি অনেকেই এখন ড্রাগন চাষের দিকে ঝুকছেন। বিভিন্ন সময়ে অমারা ইলিয়াসকে সরকারী সহযোগিতা দিয়ে থাকি। সমাজে এরকম ইলিয়াসের মতো যদি কেই এগিয়ে আসে আমরা তাদেরকে কৃষি দপ্তরের পক্ষ তৈকে সকল ধরনের সহযোগিতা করবো।




কুয়াকাটা সৈকত পর্যটকদের পদচারণায় মুখরিত

বরিশাল অফিস ::  রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে দীর্ঘদিন পর্যটকশূন্য ছিলো কুয়াকাটা সমুদ্র সৈকত। দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। শুক্রবার (২৬ জানুয়ারি) বছরের সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন। অনেকে বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউবা আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে।

এদিকে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এতে অনেকটা উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। আগতদের সার্বিক নিরাপত্তায় মাঠে ট্যুরিস্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।

লক্ষীপুর থেকে আসা পর্যটক ইয়াসিন জুলিয়া দম্পতি জানান, প্রথমবারের মতো কুয়াকাটায় এসেছেন। বেশ ভালোই লাগছে তাদের। বললেন, এখানে অনেক মানুষ। একসঙ্গে এত মানুষ এর আগে দেখিনি। এখন বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ উপভোগ করছি। এ গর্জন আসলেই ভোলার মতো নয়।

ঢাকা থেকে আসা পর্যটক রহমান মিয়া বলেন, পরিবারের সদস্যদের নিয়ে এখানে বেড়াতে এসেছি। বাচ্চারা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে উন্মাদনায় মেতেছে। এখানের পরিবেশ সব কিছুই বেশ ভালো লেগেছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, এবছরের সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়। দীর্ঘদিন পর এতো বেশি পর্যটক দেখে আমরা ব্যবসায়ীরা অনেকটা উচ্ছ্বসিত। এভাবে প্রতিনিয়ত সৈকতে পর্যটক থাকলে আমরা পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবো।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসানাইন পারভেজ বলেন, আজ পর্যটকের চাপ একটু বেশি। পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে আমাদের ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া মাঠে টহল টিম কাজ করছে।




ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিকে রক্ষা করেছে: ভোলায় শিল্পমন্ত্রী

বরিশাল অফিস::  ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, কুটির শিল্পকে ধরে রাখতে উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে সরকার।

এ শিল্পকে বঙ্গবন্ধু ১৯৫৭ সালে নেতৃত্ব দিয়েছেন। তাই উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতায় আমরা প্রস্তুত।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ভোলার বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এখানে গ্যাসের মজুদ আছে, তাই এখানে সার কারখানার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন করা হবে। সে লক্ষ্যে কাজ করছে সরকার, যোগ করেন মন্ত্রী।

ভোলা বিসিক শিল্পনগরীর চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এসময় আরও বক্তব্য দেন- শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান ও বিসিক উদ্যোক্তা সমিতির সভাপতি মো. জুয়েল।

আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. ইউনুসসহ অনেকে।

১৯৯৩ সালে ভোলা শহরের চরনোয়বাদ চৌমুহনী সংলগ্ন এলাকায় ১৪ একর জমির ওপর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) স্থাপিত হয়। ২০০০ সালের দিকে ৮৯টি প্লটে ৫০টি কারখানা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিসিক শিল্পনগরী। ‘সি’ ক্যাটাগরির এ বিসিকে গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণার পর থেকেই উদ্যোক্তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। অবশেষে সে স্বপ্ন বাস্তবায়ন হলো।




কাউখালীতে দুম্বার গোস্ত বিতরণ

বরিশাল অফিস:: পিরোজপুরের কাউখালীতে দুম্বার গোস্ত বিতরণ করা হয়েছে। সৌদি আরব থেকে আসা ১৩৫ প্যাকেট দুম্বার গোস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপজেলার বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও অসহায় ব্যক্তিদের খুঁজে খুঁজে সরেজমিন গিয়ে নিজ হাতে দুম্বার গোস্ত বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সাথে ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান।

কাউখালী উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম জানান, এ বছর সৌদি আরব থেকে কাউখালীতে ১৩৫ প্যাকেটে ৩৫০ কেজি দুম্বার মাংস আসে।




‘আমার তিন সন্তানের এখন কি হবে’

বরিশাল অফিস:; মালয়েশিয়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মামুন খান মোবাইল ফোনে আর্তনাত করে বলেছেন আমার নিস্পাপ তিন সন্তানের ভবিষ্যত এখন কি হবে। কে তাদের দায়িত্ব নিবেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশে নারী নির্যাতনের আইন থাকলেও কেন পুরুষ নির্যাতনের আইন হচ্ছেনা। প্রবাসী মামুন খান জেলার হিজলা উপজেলার বদরপুর গ্রামের মৃত ফজলুল হক খানের ছেলে। তার যথাক্রমে-১০, ৮ ও ৬ বছরের তিনটি ছেলে রয়েছে।

মামুন খানের অভিযোগ, কর্মের সুবাধে বিগত পাঁচ বছর পূর্বে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। এ সুযোগে তার স্ত্রী একই এলাকার আবদুল মান্নান ফরাজীর মেয়ে তানজিলা বেগম পরকীয়ায় জড়িয়ে পরে। গ্রামের যুবকরা সম্প্রতি সময়ে হাতেনাতে তানজিলা বেগমকে তার পরকীয়া প্রেমিক একইগ্রামের রাজ্জাক মুন্সির ছেলে ডালিম মুন্সিসহ আটক করে। এনিয়ে স্থানীয়ভাবে ঘরোয়া শালিস বৈঠকে বিষয়টি সমাধান করা হয়। ওইসময় তানজিলা বেগম মুচলেকা দিয়েছে সে আর ডালিম মুন্সীর সাথে যোগাযোগ রাখবেন না। এরপরেও তারা পরকীয়া চালিয়ে যাচ্ছিলো। প্রবাসী মামুন খান আরও জানান, গত একমাস পূর্বে তিনি ছুটিতে গ্রামে এসে তানজিলার মোবাইল ফোনের একমাসের কললিস্ট উঠিয়ে দেখতে পান ডালিমের সাথে তার স্ত্রী প্রতিদিন একাধিকবার যোগাযোগ করেছে।

এনিয়ে তাদের দাম্পত্য কলহ দেখা দিলে তানজিলা জানায় তাকে ডালিম ফোন দিয়ে বিরক্ত করে। পরে উত্যক্তের ঘটনায় তানজিলা বাদি হয়ে হিজলা থানায় ডালিম মুন্সীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১৫দিন পূর্বে তিনি (মামুন) মালয়েশিয়ায় যাওয়ার পর তানজিলা তার বাবার বাড়িতে চলে যায়। পরবর্তীতে থানায় গিয়ে ডালিমের বিরুদ্ধে তার পূর্বের দেওয়া লিখিত অভিযোগ প্রত্যাহার করে নেয়।

অভিযোগে আরও জানা গেছে, পরকীয়ার ঘটনা ধামাচাঁপা দিতে উল্টো তানজিলা বেগম বাদি হয়ে প্রবাসী স্বামী মামুন খান ও তার বড়ভাই আতাহার খানের বিরুদ্ধে বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের (সিনিয়র সহকারী জজ) কাছে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে একটি অভিযোগ দাখিল করেন। একইসাথে ব্র্যাকের লিগ্যাল এইড মুলাদী অফিসে অনুরূপ আরো একটি অভিযোগ দিয়ে প্রবাসীর পরিবারকে হয়রানী শুরু করেছেন।

তিন সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন রেমিট্যান্স যোদ্ধা মামুন খান মোবাইল ফোনে তার স্ত্রীর দুটি অভিযোগ সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেছেন। প্রবাসীর অভিযোগের ব্যাপারে তানজিলা বেগমের ব্যবহৃত মোবাইল ফোন (০১৩০৮-১২৪২০৯) ও ডালিম মুন্সীর ব্যবহৃত মোবাইল ফোন (০১৭২১-০১৬৮২১) নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।