ভোলায় যুবকের হাতবাধা লাশ উদ্বার

বরিশাল অফিস :: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতবা ১নং ওয়ার্ডের মানিকার হাট বাজার সংলগ্ন গাজী বাড়ির পাশের সুপারি বাগান থেকে এক যুবকের হাত বাধা ঝুলন্ত লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরের দিকে উপজেলার কুতবা ১নং ওয়ার্ডের মানিকার হাট বাজার সংলগ্ন গাজী বাড়ির পাশের সুপারি বাগানের মধ্যে উঁচু গাছের ডালে মো.আরিফ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে বোরহানউদ্দিন থানা পুলিশ কে খবর দেয় স্থানীয়রা,এটি হত্যা নাকি আত্বহত্যা তা বলতে পারছে না কেউ। এদিকে নিহত আরিফের খালাতো ভাই হেলাল জানান

রাতে সে ঢাকা থেকে বাড়ীতে আসে, বাড়ীতে এসে তার মায়ের সাথে দেখা করে রাতের খাবার না খেয়েই রাত আনুমানিক ১টায় বাসা থেকে বেড়িয়ে যায়। সারারাত আর সে বাসায় ফিরেনি,পরে আজ ভোর বেলা আমার খালা (নিহতের মা) ফজরের নামাজ পরে বাড়ীর পাশে গেলে সুপারি বাগানে সৃষ্টি গাছের উপরে ঝুলন্ত অবস্থায় আরিফের লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে হাত-পা বাঁধা অবস্থায় আরিফের লাশ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়।

হেলাল আরো জানান এটি আত্মহত্যা হতে পারে না, আমরা সন্দেহ করছি এটি একটি হত্যাকাণ্ড তাই আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

মৃত মো.আরিফ কুতবা ১নং ওয়ার্ডের গাজী বাড়ির মৃত সিদ্দিক গাজীর ছেলে। নিহত আরিফ ঢাকায় লাইটিং হাউজে কাজ করতো বলে জানায় তার মা হোসনেয়ারা বেগম। মা ভাই বোন সহ ৫ সদস্যের পরিবার তাদের। তারা ৪ ভাই ও এক বোন সে পরিবারের ছোট ছেলে।

এ বিষয় বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মো. শাহিন ফকির আমার সংবাদ কে জানান খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

বরিশাল অফিস :: পিরোজপুরের স্বরূপকাঠির কুড়িয়ানা বাজারে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে (৫৫) হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রকাশ্য দিবালোকে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের মদদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক স্কুলের ক্রীড়ানুষ্ঠানে অতিথি হওয়াকে কেন্দ্র করে মতবিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।

এ ঘটনায় স্বাধীন হালদার নামে একজনকে আটকের খবর নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার। তিনি বলেন, ‌‘ক্রীড়ানুষ্ঠানকে কেন্দ্র করে মতবিরোধ ছাড়াও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার ও নিহত সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের মধ্যে কোন্দল ছিল। বিগত ইউপি নির্বাচনের সময় থেকেই এই কোন্দল শুরু হয়। আটক স্বাধীন হালদারকে জিজ্ঞাসাবাদ করে মামলা করা হবে।’

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, নিহত শেখর কুমার সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার সময় কুড়িয়ার বাজারের রাস্তায় একদল যুবক শেখরের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে বেদম মারধর করে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্কুলটির ক্রীড়ানুষ্ঠান বাতিল করা হয়েছে। পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজ ও বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নেছারাবাদ থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সেখানে উপস্থিত ছিলেন। এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।




বরগুনায় আগুনে স্বর্ণের দোকানসহ ২৫টি দোকান পুড়ে ছাই

বরিশাল অফিস :: গভীর রাতে বরগুনার শত বছরের পুরাতন ফুলঝুড়ি বাজারে অগ্নিকাণ্ডে স্বর্ণের দোকানসহ ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত পৌনে একটার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে সোনালীনিউজকে নিশ্চিত করেছেন বরগুনা থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান।

বরগুনা সদর উপজেলার বদরখালি ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুড়ি বাজারে রাত অনুমান পৌনে বারোটার মিনিটের সময় একটি খাবার হোটেল থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়।

আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাদের দুই ইউনিট প্রায় দু’ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুটি স্বর্ণের দোকান, দুটি গোডাউন,গার্মেন্টস, মুদি,হোটেল সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকগণ এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হন। এসকল প্রতিষ্ঠানের মালিকরা বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ আনায় এখন তারা পড়েছে মারাত্মক বিপদে।

আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর সার্কেল আ. হালিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, বরগুনা থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান রাজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল ইসলাম।

 




বরিশালে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসাতে যাওয়ায় গ্রেফতার ২

বরিশাল অফিস :: বরিশালের বানারীপাড়ায় অস্ত্র ও মাদক দিয়ে শাকিল নামের এক যুবককে ফাঁসাতে গিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল ও তার সহযোগী শামিম ফেঁসে গেছেন। একটি বিদেশী রিভলবার ও ১৬ পিস ফেন্সিডিলসহ শীর্ষ ওই মাদক ব্যবসায়ীর সহযোগী শামিম হাওলাদারকে (২২) গ্রেফতার করেছে বরিশাল ডিবি পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) ভোর ৫টার দিকে বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শামিম বানারীপাড়ার সীমান্তবর্তী ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সালেক হাওলাদারের ছেলে।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, শামিম হাওলাদার ফোন করে তাদেরকে জানায়,বানারীপাড়ার মহিষাপোতা গ্রামে আফসার হাওলাদারের ছেলে বালু শ্রমিক শাকিলের বাড়ির রান্না ঘরের চালার মধ্যে অস্ত্র ও ফেন্সিডিল রয়েছে। এ খবর পেয়ে বরিশাল ডিবি পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহমুদুল, উপ-পরিদর্শক কাজী ওবায়দুল কবির ও সহকারি উপ-পরিদর্শক রাজিব পালের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার ভোর ৫টার দিকে বানারীপাড়ার মহিষাপোতা গ্রামে শাকিলের বাড়িতে অভিযান চালায়।

এসময় শাকিলদের রান্না ঘরের চালার মধ্যে একটি রিভলবার ও ১৬ পিস ফেন্সিডিল তাদের দেখিয়ে দেয় শামিম। এতে তাদের সন্দেহ হলে তারা ইনফরমার শামিমকে আটক করেন । জিঙ্গাসাবাদের এক পর্যায়ে শামিম অকপটে স্বীকার করে, মহিষাপোতা গ্রামের কাসেম মোল্লার ছেলে বানারীপাড়ার শীর্ষ মাদক কারবারি সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল একই গ্রামের শাকিলকে ফাঁসাতে তাকে দিয়ে ওই রিভলবার ও ফেন্সিডিল রাখিয়েছে। এর বিনিময়ে তাকে ৫শত টাকা দেওয়া হয়েছে।

এ ব্যপারে ডিবি পুলিশের উপ-পরির্দশক কাজী ওবায়দুল কবির বাদী হয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল ও তার সহযোগী শামিম হাওলাদারকে আসামী করে বানারীপাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছেন।

বরিশাল ডিবি পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো.মাহমুদুল জানান, শামিমের স্বীকারোক্তি অনুযায়ী তাৎক্ষণিক ল্যাংডা সোহেলের বাাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছয়দফা বেদি সংলগ্ন মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মো. শওকত আলী বলেন, “খেলাধুলা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। খেলাধুলাসহ যেকোনো সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মনের খোরাক জোগায়। এগুলো শিক্ষার্থীদের মনের শক্তিকে বৃদ্ধি করতে সহায়তা করে।

এসময় প্রধান অতিথি খেলাধুলাসহ যেকোনো প্রয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মুহাম্মদ রাকিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন আইন অনুষদের ডিন সুপ্রভাত হালদার, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর।

শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, দপ্তর প্রধানসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে ইংরেজি ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এবারের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছাত্র ইভেন্টে ২৫টি বিভাগ এবং ছাত্রী ইভেন্টে ২২টি বিভাগ অংশগ্রহণ করবে। আগামী ৪ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 




বরিশালে ‘কালো পতাকা’ মিছিল করেনি বিএনপি

বরিশাল অফিস :: পুলিশের কঠোর অবস্থানের কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় পূর্ব ঘোষিত দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করেননি।

বিএনপির নেতৃবৃন্দরা জানিয়েছেন, তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের পূর্বে মঙ্গলবার ভোর থেকে দলীয় কার্যালয় ও তার পাশ্ববর্তী এলাকা পুলিশ ঘিরে রেখেছে। এমনকি তাদের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। ফলে গ্রেপ্তার এড়াতে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোঃ ফজলুল করিম জানান, কোনো রকম বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে।




নাগরিক সুবিধাবঞ্চিত দশমিনার চরাঞ্চলবাসী

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন নদীবেষ্টিত দীপ চরাঞ্চলে সব ধরনের নাগরিক সুবিধা এখনো পৌঁছায়নি। চারদিকে নদী হওয়ায় এ উপজেলার উল্লেখযোগ্য বড় তিনটি চরে যেতে নদীপথ ছাড়া বিকল্প কোনো পথ নেই। ২০ হাজারের অধিক মানুষের বসবাস উপজেলার চরবোরহান, চরশাহজালাল ও চরহাদিতে। সেখানে পৌঁছায়নি জনগণের চাহিদা অনুযায়ী সব সুবিধা। প্রতিনিয়ত জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় এ চরবাসীকে। রাস্তাঘাটেরও নেই তেমন উন্নতি। আবার প্রয়োজনের তুলনায় অতি সামান্য পরিমাণ পাকা রাস্তা থাকলেও নেই সেতু। হাতেগোনা কয়েকটি ছোট বাহন থাকলেও সেতুর অভাবে তা চালাতে হয় গণ্ডির ভেতর।

সম্প্রতি বিদ্যুৎ পৌঁছলেও বাড়েনি চরবাসীর জীবন উন্নয়নের মান আর সচেতনতা। বাল্যবিয়ের প্রবণতা বেশি। পুষ্টিহীনতায় ভুগছে এখানকার শিশুরা। হাতেগোনা কয়েকটি বিদ্যালয় থাকলেও শিক্ষকরা নিয়মিত দিচ্ছেন না পাঠদান। অভিভাবকরাও সন্তানদের পড়াশোনা করাতে বিমুখ। বঞ্চিত হচ্ছেন চিকিৎসাসেবা থেকেও। অসুস্থদের দীর্ঘ নদী পাড়ি দিয়ে উপজেলা সদরে নিতে গিয়ে প্রায়ই ঘটছে মৃত্যুর ঘটনা।

অন্যদিকে সীমানা বিরোধ নিয়ে পার্শ্ববর্তী উপজেলার চরগুলোর বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রায় নিত্যদিনের।

চরহাদির রাকিবুল নামে এক যুবক জানান, চরবাসী তাদের সন্তানদের শিক্ষার জন্য তেমন গুরুত্ব দেন না। ছেলে একটু বড় হলে জেলে পরিবারগুলো তাদের সন্তানদের মাছ ধরার কাজে নিয়োজিত করেন। চরহাদিসহ চরবোরহান ও চরশাহজালালে নেই চিকিৎসাসেবা, রাস্তাঘাট। এখানে স্বাভাবিকের চেয়ে একটু বেশি পানি হলেই চরগুলো তলিয়ে যায়। অভিভাবকরা তাদের মেয়েদের ১৮ বছরের আগেই বিয়ে দিয়ে দেন।

চরবোরহান ইউপি চেয়ারম্যান নজির সরদার জানান, চরাঞ্চলে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি। শিক্ষার হার ১০ ভাগেরও কম। এখানের মানুষ সন্তানদের পড়াশোনা করাতে চান না। চিকিৎসার নেই কোনো ব্যবস্থা। নদীর পানি একটু বৃদ্ধি পেলেই তলিয়ে যায় চরবোরহান ও চরশাহজালাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কাইয়ূম বলেন, চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়নে প্রশাসন কাজ করছে। বাল্যবিয়ে রোধে আমরা ব্যবস্থা নিচ্ছি। চর হওয়ায় মানুষ কিছুটা নাগরিক সেবাবঞ্চিত হচ্ছেন।




কার্যক্রম শুরুর ৭ দিনেই লাপাত্তা এনজিও, প্রতারিত গ্রাহক

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে ঋণ দেওয়ার নামে প্রায় দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও। চলতি মাসের ১৯ জানুয়ারি পৌর শহরে একটি ভাড়া বাসায় কার্যক্রম শুরু করার সাতদিনের মাথায় লাপাত্তা হয়ে যায় কথিত ওই এনজিও সংস্থার কর্মীরা। বিষয়টি জানাজানি হয়ে গেলে গ্রাহকরা ঋণের টাকা নিতে ওই অফিসের সামনে এসে জড়ো হচ্ছেন।

আজ সকালে সরেজমিন পৌর শহরের টি এন্ড টি শহরে আবুল হোসেন হাজীর ভবনে গিয়ে দেখা যায়, ভবনের দ্বিতীয় তলায় পল্লী উন্নয়ন সংস্থা (পিএসইউ) নামে সাইনবোর্ড বাধানো রয়েছে। তালাবদ্ধ অফিস কক্ষের সামনে একাধিক ভুক্তভোগী দাঁড়িয়ে আছেন।

কয়েকজন ভুক্তভোগী জানান, সম্প্রতি পৌর শহরের টি এ্যান্ড টি সড়কে আবুল হোসেন হাজীর ভবনে অফিস ভাড়া নেয় পল্লী উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও। গত ১৯ জানুয়ারি থেকে ওই ভবনে এনজিও’র অফিস চালু করা হয়। মাঠ পর্যায় গ্রাহক সংগ্রহ করার জন্য স্থানীয় এক নারী মাঠ কর্মীও নিয়োগ দেন তারা। পরে সহজ কিস্তি ও স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঋণ বিতরণ করার সময় দেন এনজিও সংশ্লিষ্টরা। তবে ওই দিন ঋণ নিতে এসে অফিস তালাবদ্ধ দেখতে পান গ্রাহকরা। এরপর থেকে অফিস তালাবদ্ধ রয়েছে। লাপাত্তা হয়ে গেছেন এক নারীসহ ওই দুই ব্যক্তি।

মো. আকাশ হাওলাদার নামে এক ভুক্তভোগী বলেন, আমি চায়ের দোকান করি। দোকানের সামনেও এনজিও অফিস। তারা আমার দোকানে এসে ঋণ দেওয়ার প্রস্তাব দেয়। আমি ব্যবসার জন্য ১ লাখ টাকার ঋণ নিতে চাই। ঋণ পেতে তারা আমার কাছ থেকে ১০ হাজার টাকা জামানত হিসেবে নেন। বৃহস্পতিবার ঋণ দেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার থেকেই দেখি অফিসে তালা।

রুজিনা নামে আরেক ভুক্তভোগী জানান, স্বামী জন্য রিকশা কিনতে ৪০ হাজার টাকা লোন নিতে ৪ হাজার টাকা জমা দিয়েছি। রোববার লোন দেওয়ার কথা। এতে দেখি অফিস বন্ধ। তাদেরও ফোনও বন্ধ। আমার মত প্রায় দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে ঋণ দেওয়ার কথা বলে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওই এনজিওর কর্মীরা।

এনজিও অফিসের ভবনের মালিক মো. আবুল হোসেন হাজীর সাথেও প্রতারণা করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ১৯ জানুয়ারি আমার বাসায় এনজিও অফিস ভাড়া নিতে বাকেরগঞ্জ উপজেলার মো. শাহিন নামে এক ব্যক্তি যোগাযোগ করেন। ৪ হাজার টাকায় ভাড়া চূড়ান্ত করা হয়। ওই দিনই তারা বাসায় উঠেন। পহেলা ফেব্রুয়ারি প্রয়োজনীয় তথ্য দিয়ে চুক্তিপত্র করার কথা ছিল। ফেব্রুয়ারি মাস আসার আগেই নিখোঁজ হয়ে যান ওই শাহিন।

মাঠ থেকে গ্রাহক সংগ্রহ করার জন্য মাসিক বেতনে পৌর শহরের দাশপাড়া গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে মো. রুবিনা বেগমকে মাঠ কর্মী হিসেবে নিয়োগ দেয় কথিত পল্লী উন্নয়ন সংস্থা। এছাড়াও কয়েকজন দালালও গ্রাহক সংগ্রহে মাঠ পর্যায়ে কাজ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, এনজিও প্রধান শাহিন ও তার সহযোগী হিসেবে পটুয়াখালী শহরের বাসিন্দা পরিচয় দেয়া পারভীন নামে এক নারী গ্রাহকদের কাছ থেকে টাকা নেন। দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া, পৌর শহরের ৯ নং ওয়ার্ড, দাশপাড়ার কাঠাল বাড়িয়া, কালাইয়া ও বড় ডালিমাসহ ৬ স্থানে অস্থায়ী কেন্দ্র বানিয়ে প্রায় ২ শতাধিক গ্রাহক সংগ্রহ করে তারা। সর্বনিম্ন ১০ হাজার টাকা। সর্বোচ্চ ২ লাখ টাকা ঋণ দেওয়ার প্রস্তাব দেন। দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেন প্রায় ৫ লাখ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে মাঠ কর্মী রুবিনা বলেন, আমাকে ১২ হাজার টাকা মাসিক বেতন নিয়োগ দেন। আমি আমার এলাকার কিছু মানুষের কাছে ঋণ নেওয়ার প্রস্তাব দেই। সদস্য ফরমের জন্য ১০০ টাকা করে নিয়েছি। আর ঋণ নেওয়ার জন্য টাকা নিয়েছেন এনজিও প্রধান শাহিন ও তার সহযোগী পারভীন।

শাহিন ও পারভীনের বক্তব্য জানতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন সংযোগ বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




বরিশালে ৪ দোকান আগুন পুড়ে ছাই, ঘুমিয়ে থাকা কর্মচারীর মৃত্যু

বরিশাল অফিস :: বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় আগুনে ৪ টি দোকান পুড়ে গেছে এ সময় ঘুমিয়ে থাকা সজীব জমাদার নামের এক কর্মচারী দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

দগ্ধ কর্মচারী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের বাসিন্দা।

সোমবার( ২৯) জানুয়ারী নতুল্লাবাদ দিয়া সড়কে গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন। তিনি জানান, নথুল্লাবাদ জিয়া সড়কের বিপরীতে এক সারিতে দুইটি ফার্নিচার, একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রয়ের দোকান ও একটি গ্যারেজ রয়েছে। রাত সাড়ে ৩টার দিকে আমরা ওই দোকানগুলোয় আগুন লাগার খবর পাই। পরে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করেছে।’

তিনি বলেন,ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন তার মৃত্যু হয়েছে। এখন সঠিক কারণ তদন্ত না করে বলা যাবে না। তবে ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড হয়েছে।’




টিভিতে দেখুন আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টিভিতে দেখুন আজকের খেলা :

ক্রিকেট

বিপিএল
কুমিল্লা-রংপুর
বেলা ১-৩০ মি
টি স্পোর্টস ও গাজী টিভি

সিলেট-বরিশাল

সন্ধ্যা ৬-৩০ মি
টি স্পোর্টস ও গাজী টিভি

অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট
ভারত-নিউজিল্যান্ড
বেলা ২টা
স্টার স্পোর্টস ১

মেয়েদের টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
বেলা ২-০৫ মি
স্টার স্পোর্টস ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ
নটিংহাম-আর্সেনাল
রাত ১-৩০ মি
স্টার স্পোর্টস সিলেক্ট ১

অ্যাস্টন ভিলা-নিউক্যাসল

রাত ২-১৫ মি
স্টার স্পোর্টস সিলেক্ট ২

জার্মান কাপ
সেন্ট পাউলি-ডুসেলডর্ফ
রাত ১-৪৫ মি
সনি স্পোর্টস ২