৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা, সন্ধ্যা ৭টার আগেই বিসর্জনের নির্দেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এবছর সারাদেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা বিসর্জন নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যা ৭টার আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। জাহাঙ্গীর আলম বলেন, এবারের পূজাকে কেন্দ্র করে কোনো উদ্বেগ নেই। তবে উৎসবমুখর পরিবেশে দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং প্রতিটি মণ্ডপে পুলিশ-আনসার বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদারে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে যে কোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত জানানো যাবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।
উপদেষ্টা আরও বলেন, পূজামণ্ডপের আশপাশে অবৈধ মেলা, মদের আসর বা গাঁজার আড্ডা বসতে দেওয়া হবে না। তবে পূজা কমিটির অনুমোদনক্রমে সীমিত পরিসরে কিছু দোকান থাকতে পারবে। আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তালিকাভুক্ত মণ্ডপের বাইরে যেন অতিরিক্ত মণ্ডপ তৈরি না হয়। আগেভাগে তালিকা জমা দিলে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত সদস্য মোতায়েন করতে পারবে।
সরকারি হিসাব অনুযায়ী, এবছর দেশের ৩১ হাজার ৫৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে পূর্ণাঙ্গ তালিকা না আসায় সংখ্যা বেড়ে আনুমানিক ৩৩ হাজার হতে পারে। এর মধ্যে ঢাকা রেঞ্জে ৭ হাজার ১৩৬টি, চট্টগ্রামে ৪ হাজার ২৮৮টি, রাজশাহীতে ৩ হাজার ৪৬০টি, সিলেটে ২ হাজার ৪৮০টি, খুলনায় ৪ হাজার ৫৩৪টি, রংপুরে ৫ হাজার ১৭৫টি, বরিশালে ১ হাজার ৬১৪টি এবং ময়মনসিংহে ১ হাজার ৫৯৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীর আলম বলেন, “আমরা সবার জন্য একই নির্দেশনা দিয়েছি—সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। আমরা চাই পূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হোক এবং সবাই নিরাপদ থাকুক।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








