বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ইইউ: রাষ্ট্রদূত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশের সঙ্গে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, এটা আরও বাড়াতে চাই।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন

বৈঠকে আলোচনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি।

তিনি বলেন, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে কাজ করছি আমরা। সেসব ক্ষেত্রে বাজেট সহায়তা নিয়েও কথা বলেছি আমরা। বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইউরোপিয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ইউরোপিয় ইউনিয়নের ২৪ বিলিয়ন ইউরোর বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে ইউরোপিয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী। সে ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, এ নিয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই তার পরিকল্পনা জানতে পেরে আমরা বেশ আশাবাদী। কাজেই বাংলাদেশের সহায়তা অংশীদার হিসেবে কাজ করার বিষয়ে আমাদের প্রত্যাশা বেড়েছে।

২০২৬ সালের পরিকল্পনা নিয়ে কোনো কথা হয়েছে কিনা? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে হুইটলি বলেন, স্বল্পন্নোত (এলডিসি) দেশ থেকে বাংলাদেশের উত্তরণ সহজ হোক, আমরা সেটিই চাচ্ছি। আমরাও এ বিষয়ে জোর দিচ্ছি। কারণ এটা বাংলাদেশ ও ইউরোপিয় ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, অবশ্যই জিএসপি প্লাসে সহজ রূপান্তর চাচ্ছি। এটাই আমাদের সম্পর্কের ক্ষেত্রে বড় ভিত্তি। ২০২৬ সালের প্রক্রিয়ার জন্যই এটা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ইউরোপিয় চেম্বারস অব কমার্সের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কীভাবে সহায়তা করতে পারি, সেদিকেই আমরা বেশি আলোকপাত করছি।

শ্রম অধিকার ও মানবাধিকার নিয়ে কথা হয়েছে কি সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না, না। শ্রম অধিকার ও মানবাধিকার নিয়ে কোনো কথা হয়নি।




টিভিতে আজ যেসব খেলা দেখবেন




সেনা-বিদ্রোহী সংঘর্ষ বাংলাদেশে পালিয়ে এলো মিয়ানমারের ৬৮ সীমান্তরক্ষী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে প্রাণহানি এড়াতে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৬৮ জন সদস্য পালিয়ে বাংলাদেশে চলে এসেছেন।



পছন্দের স্বপ্ন দেখতে সাহায্য করবে এআই

চন্দ্রদ্বীপ ডেস্ক:  এআইয়ের ছোয়া এখন সর্বত্র। যে কাজই করুন না কেন এআইয়ের সাহায্য পেলে তা আরও সহজ ও দ্রুততর হয়ে যায়। এখন আপনি নিজের পছন্দমতো স্বপ্নও দেখতে পারবেন। এ ব্যাপারে সাহায্য করবে এআই।

অনেকেই আছেন রাতে দুঃস্বপ্ন দেখেন। সারাদিন কাটে অস্থিরতায়। তবে এবার থেকে আপনি কী স্বপ্ন দেখবেন, তা নিজেই ঠিক করে ফেলতে পারবেন। না জেগে জেগে স্বপ্ন দেখা নয়। বরং ঘুমিয়ে ঘুমিয়ে কী স্বপ্ন দেখবেন, তা আপনার ইচ্ছাতেই হবে।

স্বপ্নের জগত হাজার হাজার বছর ধরে মানুষকে কৌতুহলী করে তুলেছে। এটি এমনই এক রহস্যময় পৃথিবী, যার রহস্য মানব সভ্যতা শুরু থেকেই বোঝার চেষ্টা করে আসছে। এবার আপনি স্বপ্নের এই অনিয়ন্ত্রিত পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারেন। ক্রমাগত উন্নয়নশীল প্রযুক্তি এটি সম্ভব করেছে।

কটি প্রযুক্তি কোম্পানি আপনাকে স্বপ্নের রহস্যময় জগতে সরাসরি প্রবেশ করাবে। তার জন্য একটি চমৎকার ডিভাইস ডিজাইন করেছে। প্রোফেটিক নামের এই কোম্পানিটি সম্প্রতি হ্যালো এআই হেডব্যান্ড নামে একটি নতুন ডিভাইস তৈরি করেছে, যার সাহায্যে আপনি শুধু স্বপ্নের জগতেই প্রবেশ করতে পারবেন না, স্বপ্নের জগতকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন

কোম্পানির দাবি, এই হেডব্যান্ডের সাহায্যে আপনি ঘুমের মধ্যে আপনার পছন্দের স্বপ্ন দেখতে পারবেন। ড্রিমস অন ডিমান্ড নামে এটি প্রচার করা হচ্ছে। প্রফেটিকের মতে, তারা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ডিভাইসটি প্রস্তুত করেছে। এই ডিভাইসটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কাজ করে।

হ্যালো এআই হেডব্যান্ড ডিভাইসটি আল্ট্রাসাউন্ড ব্যবহার করে স্বপ্নের জগতের দরজা খুলে দেয়। এর পরে ব্যবহারকারী তার স্বপ্নের জগতে প্রবেশ করতে পারেন। কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, হ্যালো এআই হেডব্যান্ড একটি উন্নত নিউরোটেক পরিধানযোগ্য ডিভাইস, যা ব্যবহারকারীর অবচেতনে তার মস্তিস্কে প্রবেশ করে।

আপনাকে স্বপ্নের জগতে প্রবেশ করার পর এই ডিভাইসটি আপনার উপর নিয়ন্ত্রণের ভার দেয়। ব্যবহারকারীরা তাদের স্বপ্নকেও নিয়ন্ত্রণ করতে পারে। এটিও বোঝা যায় যে প্রফেটিক এর হ্যালো এআই হেডব্যান্ডের সাহায্যে আপনি স্বপ্নের জগতে প্রবেশ করতে পারবেন এবং এটি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনি আপনার পছন্দ অনুযায়ী স্বপ্ন দেখতে পারবেন।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া




ফুটপাতে চা বিক্রি করতেন, এখন কফি শপের মালিক

 

চন্দ্রদ্বীপ  ডেস্ক:  সারোয়ার মাহমুদ। মাত্র ১০ হাজার টাকা ঋণ নিয়ে ফুটপাতে ছোট্ট বক্সে চা বিক্রি শুরু করেন। এখন তিনি একটি কফি শপের মালিক। সারোয়ারের দোকানে কফি খেতে আসলেই কুশল বিনিময় শেষে ক্রেতাদের আপ্যায়ন করতে ফ্রিতে হাতে তুলে দেন বিস্কুট। এমনকি নিয়মিত আসা পছন্দের ক্রেতাদের বিনামূল্য খেতে দেন তার স্পেশাল চা।

২০১৫ সালে ফুটপাতে চা বিক্রি শুরু করে ধীরে ধীরে ব্যবসার উন্নতি করেছেন সারোয়ার। তবে নিজের প্রতি আত্মবিশ্বাস ব্যবসায় প্রতিষ্ঠিত হতে তাকে সহায়তা করেছে বলে মনে করেন এই উদ্যোক্তা। শিক্ষা পর্ব শেষে চাকরিতে যোগ দিয়েছিলেন সারোয়ার মাহমুদ। কিন্তু চাকরিতে মন বসছিলো না। এরপর চাকরি ছেড়ে ফুটপাতে প্রথমে চায়ের দোকান দেন। যদিও তার এই সিদ্ধান্ত ভালোভাবে গ্রহণ করতে পারেনি তার পরিবার। তবে অল্প সময়ের মধ্যে নিজের মনোবল দিয়ে পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছেন তিনি।

এখন তিনি একটি কফি শপ চালান। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ক্রিকেট খেলে লাল-সবুজের পতাকা হাতে বাংলাদেশকে বিশ্বজুড়ে তুলে ধরবেন। তবে সুযোগ হয়নি সারোয়ার মাহমুদের। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই দোকানের নাম দিয়েছেন টি-টোয়েন্টি কফি বার। রাজধানীর পান্থপথ এলাকায় প্রধান সড়কের পাশেই অবস্থিত এই কফি বার। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মিলশেক ও কফি বিক্রি করা হয় এই টি-টোয়েন্টি কফি বারে।

সবুজের ছোঁয়ায় নানান গাছে নান্দনিকভাবে সাজানো হয়েছে কফি শপটি। সুস্বাদু মিলশেক ও কফি খেতে প্রতিনিয়ত ভিড় করেন কফিপ্রেমীরা। কফি খেতে আসা শিবলি নামে এক ক্রেতা বলেন, ‘প্রায়ই এখানে কফি খেতে আসি। আজও খেয়েছি, এখনো আগের মতোই এর স্বাদ আছে। এখানে একবার আসলে যে কেউ তার ব্যবহারে মুগ্ধ হবেন। তার কফি আসলে অসাধারণ’।

অন্যদের মতোই আখের চিনি, ফুলক্রিম মিল্ক, কফি ক্রিমারসহ বিভিন্ন উপাদান দিয়ে কফি তৈরি করা হয় এখানে। তবে বাড়তি মেলে হাসিখুশি মুখে সারোয়ার মাহমুদের বিশেষ আপ্যায়ন। তিনি বলেন, ‘আমার এখানে বিশেষ কিছুই নেই। সবার মতই লাল চিনি,ফুলক্রিম মিল্ক, কফি ক্রিমকফি এগুলোই কফিতে দেই। তবে মন থেকে ভালোবাসা দিয়ে বানাই এই কফি’।

নিয়মের বেড়াজাল থেকে মুক্ত হয়ে নিজেকে স্বাধীনভাবে মেলে ধরতে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেছেন বলে জানান কফি বিক্রেতা সারোয়ার মাহমুদ। ভালো ব্যবহার না দেখালে মাঝেমধ্যেই এখানকার কফি খাওয়ার সুযোগ হারাতে হয়। ছোট্ট দোকান থেকে ব্যবসার পরিধি বড় হলেও গুণগত মান ধরে রাখতে দোকানে কর্মচারীও নিয়োগ দেননি এই উদ্যোক্তা।

ভিন্নধর্মী কফি শপের এই ব্যবসা করে মুক্ত জীবনযাপনে খুশি সারোয়ার মাহমুদ। চাকরির পেছনে না ঘুরে অন্যদেরও উদ্যোক্তা হওয়ার আহ্বান তার। তবে ভাগ্য পরিবর্তনে পরিশ্রমের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।




জাবিতে ধর্ষণ: ৬ জনের সনদ স্থগিত, চার সদস্যদের তদন্ত কমিটি

চন্দ্রদীপ ডেস্ক : স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সিন্ডিকেটের সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ শিক্ষার্থীর সনদ স্থগিত করা হয়েছে। যাদের মধ্যে তিনজনকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে বলে জানা গেছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের এ সভা হয়।

একই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যদের কমিটি করে ১৫ কার্যদিবসের মধ্যে এ ব্যাপারে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

যাদের সনদ স্থগিত করা হয়েছে তারা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের মুরাদ হোসেন, শাহ পরান, মোস্তফা মনোয়ার সিদ্দিকী, মো. হাসানুজ্জামান ও এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান। তাদের মধ্যে শাহ পরান ছাড়া সবাইকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মুরাদ, সাব্বির ও মোস্তফা মনোয়ার সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এদিকে ধর্ষণের অভিযোগে আশুলিয়া থানার মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরসহ চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত।




ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

চন্দ্রদীপ ডেস্ক : ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এদিকে ভারত হারলেও সুযোগ শেষ হয়নি। নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচের জয়ী দল হবে আরেক ফাইনালিস্ট।

রবিবার কমলাপুর স্টেডিয়ামে খেলার শুরু থেকেই ম্যাচের গতিবিধি ছিল ড্রয়ের।

এই ম্যাচ ড্র হলে বাংলাদেশকে ফাইনালের জন্য অপেক্ষা করতে হতো। সেই অপেক্ষায় রাখেননি সাগরিকা। ইনজুরি সময়ে অধিনায়ক আফিদা খন্দকারের বাড়ানো বলে সাগরিকা দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন।

সাগরিকা টুর্নামেন্টের প্রথম ম্যাচেরও জয়ের নায়ক ছিলেন।




আগামীকাল থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে। ফরম বিক্রি চলবে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। এই তিনদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

 রোববার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে গিয়ে সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কোনও প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।




বরিশালে শিশুপার্কের জমিতে আ’লীগ নেতার অবৈধ বাজার

বরিশাল অফিস :: এ বারের সংসদ নির্বাচনের পর বরিশাল মহানগর ও সদর উপজেলায় আধিপত্য হারিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এর সঙ্গে অবৈধ আয়ের ক্ষেত্রগুলোরও হাতবদল হয়েছে। সাদিক অনুসারীদের হটিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির অনুসারীরা।

এরই ধারাবাহিকতায় প্রতিমন্ত্রীর অনুসারীরা নগরীসংলগ্ন চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে শেখ রাসেল শিশু পার্ক নির্মাণের জন্য নির্ধারিত জমিতে অবৈধ মাছ বাজার ও স্পিডবোট ঘাট স্থাপন করেছে। সেখান থেকে প্রতিদিন ১০ হাজারের বেশি টাকা চাঁদা তোলা হচ্ছে। জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি শহিদুল ইসলাম ওরফে ইতালি শহিদ দখলে নেতৃত্ব দিচ্ছেন বলে স্থানীয়রা জানান।

জানা গেছে, তালতলী বাজারে গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন ৯ একরের বেশি জমি বেদখল ছিল। কয়েক বছর আগে নদীর তীরঘেঁষা ওই জমির ওপর মাছ বাজার স্থাপন করা হয়। শেড করে সেখানে মাছের পাইকারি বেচাকেনা হয়। এটি উপজেলা পরিষদের তালিকাভুক্ত বাজার নয়। সাদিক আবদুল্লাহর সহযোগী মহানগর আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বাজারটি নিয়ন্ত্রণ করতেন। দুই বছর আগে গণপূর্ত বিভাগ জমি দখলমুক্ত করলে মাছ বাজারও উচ্ছেদ হয়। এর পর টুটুল লামছড়ি গ্রামগামী পাকা সড়কের পাশে মাছ বাজার বসিয়েছিলেন।

নির্বাচনে মনোনয়ন বঞ্চিত সাদিক আবদুল্লাহ আধিপত্য হারালে তালতলী বাজারের ওপরও নিয়ন্ত্রণ হারান তাঁর অনুসারী টুটুল। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদের নেতৃত্বে প্রতিমন্ত্রীর অনুসারীরা এটি দখলে নিয়েছেন। নির্বাচনের কয়েক দিন আগে তারা পাশেই শেখ রাসেল শিশু পার্কের জন্য নির্ধারিত জমির প্রাচীরের মধ্যে বাজার স্থানান্তর করেন। তালতলী থেকে মেহেন্দীগঞ্জগামী অনুমোদহীন স্পিটবোটের ঘাটও স্থানান্তর করা হয় সেখানে।

চরবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা দীপক কুমার চ্যাটার্জি জানান, নদীর তীর ঘেঁষে চার একর জমিতে শেখ রাসেল শিশু পার্ক করার জন্য সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। সড়কের পাশে থাকা মাছ বাজারটি মাসখানেক আগে পার্কের সীমানা প্রাচীরের মধ্যে স্থানান্তর করা হয়। আগে স্পিডবোট ভেড়ানো হতো তালতলীর বাজারসংলগ্ন পাকা ঘাটে। এখন পার্কের জমিতে ঘাট স্থাপন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাজরের মাছ ব্যবসায়ী কালু সিকদার জানান, আগে টুটুলের পক্ষে তিনিসহ কয়েকজন প্রতিদিন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলতেন। মাসখানেক আগে শহিদুল ইসলাম দলবলসহ এসে বাজারের নিয়ন্ত্রণ নেন। এখন তারা নিজেরাই টাকা তুলছেন।

স্পিডবোট ব্যবসায়ী মো. আলী হোসেন জানান, পাঁচ বছর ধরে মেহেন্দীগঞ্জের পাতারহাট বন্দর পর্যন্ত স্পিডবোট চলছে। কয়েকদিন আগে জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম তাঁকে ফোনে জানিয়েছেন, এ ঘাটের চাঁদার টাকা এখন তাঁকে দিতে হবে।

এ বিষয়ে শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে ইউনিয়নের বাইরের লোকেরা মাছ বাজার থেকে টাকা তুলত। এখন ইউনিয়ন আওয়ামী লীগ টাকা তুলছে। অবৈধ বাজারটি শেখ রাসেল শিশু পার্কের জমিতে করা ঠিক হয়েছে কিনা– জানতে চাইলে এ বিষয়ে পরে কথা বলবেন বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তালতলী মাছ বাজার পরিষদের তালিকাভুক্ত নয়। বাজাটি শিশু পার্কের মধ্যে স্থাপন করা হয়েছে বলে তিনি জেনেছেন। এটিকে তালিকাভুক্ত করে অন্যত্র স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির মোবাইলে ফোন দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে বিষয়গুলো জানিয়ে তার হ্যোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হলেও তিনি সাড়া দেননি।




ভোলায় ৯ জুয়াড়ি আটক

বরিশাল অফিস :: ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের শীর্ষ জুয়ারি গ্রুপের ৯ জনকে আটক করেছে ভোলা গোয়েন্দা পুলিশ ডিবি।

শনিবার মধ্যরাতে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে ডেকোরেশন দোকানের মধ্যে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।

আটক ৯ জুয়ারি হলেন- মো. আলাউদ্দিন মোড়াদার (৩৮), মো. পারভেজ হোসেন (২৩), মো. জসিম তালুকদার (৩৫), মো. মাহবুব (১৯), মো. বাবুল তালুকদার (৫৫), মো. নেছার উদ্দিন (৩২), মো. খোকন (৪০), মো. জাহাঙ্গীর বকশি (৪৮), মো. কাজল ইসলাম (৪২)।

রবিবার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্, ভোলা) মো. আসাদুজ্জামান খান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে বলেন, আটক সকলে পশ্চিম ইলিশা ইউনিয়নের শীর্ষ জুয়ারি। তারা প্রতিদিন জুয়ার আসর বসায়। এদের কারণে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়৷ জুয়া খেলার এক সেট তাস ও নগদ ১ হাজার ৮‍‍`শ ৯০ টাকা জব্দ করা হয়েছে।