অভিযানে গিয়ে নিজ শর্টগানের গুলিতে আহত পুলিশ কনস্টেবল

বরিশাল অফিস :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মৎস্য বিভাগের সঙ্গে অভিযানে গিয়ে নিজের শটগানে গুলি ভর্তি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ কনস্টেবল।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চর শেফালীর নলচর খালের মুখে এ ঘটনা ঘটে। আহত মো. কায়সার আহমেদ মেহেন্দিগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। বিকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন।

তিনি বলেন, ‌‘অবৈধ জাল দিয়ে নদীতে জাটকা শিকার বন্ধে মৎস্য বিভাগের সঙ্গে অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় কায়সার তার শটগানে গুলি লোড করতে ছিলেন। অসাবধানতাবশত গুলি কায়সারের বাঁ পায়ের বুট ভেদ করে গায়ে লাগে। তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।’

অভিযানে অংশ নেওয়া মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘শটগানে গুলি লোড করতে গিয়ে অসাবধানতাবশত গুলিবিদ্ধ হন কনস্টেবল কায়সার। দ্রুত তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়া হয়েছে। বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গজালিয়া নদীতে অভিযান চালানো হয়েছে। অভিযানে র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশ সহায়তা করেছে। দিনভর অভিযানে অবৈধ ২০টি পাইজাল, আটটি বেহুন্দি জাল ও ৫০টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।’




ধর্ষণের এক যুগ পর রায়, যুবকের যাবজ্জীবন কারাদন্ড

বরিশাল অফিস :  আগৈলঝাড়া উপজেলায় এক যুগের বেশি সময় পূর্বে স্কুল ছাত্রী ধর্ষনের মামলায় যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে আসামীর অনুপস্থিতিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন বলে বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির জানিয়েছেন। দ-িত যুবক শাওন আকন আগৈলঝাড়া উপজেলার দক্ষিন গৈলা (বড়ইতলা) এলাকার আলাম আকনের ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির বলেন, দক্ষিন গৈলার (বড়ইতলা) গ্রামের নানা বাড়ীতে থেকে পড়াশুনা করতো অষ্টম শ্রেনী পড়–য়া ছাত্রী। ২০১১ সালের ২ ফেব্রুয়ারী বিকেলে নানাবাড়িতে পারিবারিক বিষয় নিয়ে একটি সালিস বৈঠক হয়। তখন ছাত্রীকে একই বাড়ীর শাওনের ঘর থেকে একটি ফিরি (কাঠ দিয়ে তৈরি বসার আসন) আনতে পাঠানো হয়। ঘরে একা থাকা শাওন ছাত্রীর মুখ চেপে ধরে হাত বেধে ধর্ষন করে। এছাড়াও ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

ছাত্রীর ফিরতে দেরি হওয়ায় তার খালা ওই ঘরে যায়। তখন শাওন পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতে ছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করে। ওই বছরের ৫ নভেম্বর আগৈলঝাড়া থানার এসআই জহুরুল ইসলাম একমাত্র শাওনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বেঞ্চ সহকারী হুমায়ুন বলেন, মামলার ১৪ জনের মধ্যে ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দেয়া হয়েছে। মামলার আসামী শাওন জামিন নিয়ে ফেরারী হয়েছে।




মঠবাড়িয়ায় হত্যা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

বরিশাল অফিস : পিরোজপুরের মঠবাড়িয়ার উজ্জ্বল অধিকারী (২২) হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব। সোমবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত উত্তম অধিকারী (৩৫) উপজেলার বেতমোড় ইউনিয়নের রাজপাড়া গ্রামের অনীল অধিকারীর ছেলে। এর আগে গত রোববার (০৪ ফেব্রুয়ারী) নিহতের বড় ভাই সজল অধিকারী (২৫) বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আর নিহত উজ্জ্বল অধিকারী (২২) উপজেলার বেতমোড় ইউনিয়নের রাজপাড়া গ্রামের গৌতম অধিকারীর ছেলে।

র‌্যাব-৮ জানান, রোববার (০৪ ফেব্রুয়ারী) রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামি উত্তম অধিকারীকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন পাখিমারা এলাকা হতে আটক করা হয়। জানা গেছে, উপজেলার বেতমোড় রাজপাড়া গ্রামের কৃষক সুধীর অধিকারীর সাথে প্রতিবেশী ননী গোপাল অধিকারীর সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ বিরোধের জেরে হামলায় ওই উজ্জ্বল অধিকারী নিহত হন।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (০১ ফ্রেব্রুয়ারী) দুপুরে নিহতের পিতা তাদের নিজ বসত ঘরের পাশের ভোগদখলীয় জমিতে থাকা একটি তেতুল গাছ হতে কিছু পাকা তেতুল পাড়া শুরু করেন। এ সময় প্রতিপক্ষের উত্তম অধিকারীর সাথে কথা কাটাকাটি হয়ে।

একপর্যায়ে উত্তম অধিকারী ও তার লোকজন মিলে পিতাকে মারধর করে। এ ঘটনা তার দুই ছেলে জানতে গেলে তাদের উপরও প্রতিপক্ষ হামলা করে। এতে উজ্জ্বল অধিকারী গুরুতর আহত হন। আহত ৩ পিতা-পুত্রকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

সেখান থেকে উন্নীত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হলে ঢাকায় চিকৎসাধীন অবস্থায় উজ্জ্বলের মৃত্যু হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ওই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এর আগেই স্থানীয় ননী গোপাল অধিকারী ও তার ছেলে নিরব অধিকারীকে গ্রেপ্তার করেছেন। তবে র‌্যাবের হাতে একজন আটক হয়েছে বলে শুনেছি। তবে আটককৃতকে এখনো থানায় দেয়া হয়নি।




বরিশালে আদালতের রায়ে ২৭ মাস পর ইউপি সদস্য নির্বাচিত

বরিশাল অফিস :: ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় ২৭ মাস পর পুর্নগণনায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আসাদুজ্জামান খলিফা। সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আসাদুজ্জামান খলিফা বলেন, বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসানের নির্দেশে ভোট পুর্নগণনা করা হয়। এতে দেখা যায়, ফুটবল প্রতীকে আমি (আসাদুজ্জামান) পেয়েছি ১ হাজার ১৭২ ভোট। আমার নিকটতম প্রতিদ্বন্ধী মামুন পাইক মোরগ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৩৫ ভোট। পরে আদালতের বিচারক আমাকে বিজয়ী ঘোষণা করে রায় প্রদান করেন।

আসাদুজ্জামান বলেন, মামুন পাইক কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামানকে প্রভাবিত করে আমাকে হারিয়ে দেন। আমি আদালতের কাছে প্রতিকার চেয়ে ন্যায়বিচার পেয়েছি। জনগণের রায় সফল হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ১১ নভেম্বর বাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মামুন, আসাদুজ্জামান ছাড়াও লাল মিয়া পাইক প্রতিদ্বন্ধিতা করেন। ওয়ার্ডের বিএইচপি একাডেমির কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ কামরুজ্জামান ১ হাজার ২৮০ ভোট পাওয়ায় মামুনকে বিজয়ী ঘোষণা করেন।

ওইসময় আসাদুজ্জামান ১ হাজার ১৮৯ ভোট পেয়েছেন বলে ঘোষণা করা হয়। পরবর্তীতে ভোট পুর্নগণনা চেয়ে ২০২২ সালের ৪ জানুয়ারি আদালতে আবেদন করেন আসাদুজ্জামান। এরপর বিচারক হাসিবুল হাসান, প্রার্থী মামুন পাইক, তার আইনজীবী জাহিদুল ইসলাম পান্না, প্রার্থী আসাদুজ্জামান ও তার আইনজীবী আজাদ রহমানের উপস্থিতিতে ভোট পুর্নগণনা করা হয়।




বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ক্যাম্পাসে পরিচালিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সোমবার (৫) ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের ৩নং গেইট সংলগ্ন পুকুরপাড় এবং এর আশপাশ পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ।

 

এসময় উপাচার্য বলেন, একটি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে সকলের সচেতনতা একান্ত প্রয়োজন। এজাতীয় উদ্যোগ বিশ^বিদ্যালয়ের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক
হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। একইসাথে উপাচার্য পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে এগিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলোর প্রতিও আহবান জানান ।

এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম,
কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম,

শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. হেনা রানী বিশ্বাস সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন বিডি ক্লিন।




বরিশালে নাসারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশাল ওয়াইডব্লিউসিএ নাসারী স্কুলের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার( ৫ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বরিশাল অ্যাঞ্জেলা বারুই প্রধান শিক্ষক ওয়াইডব্লিউসিএ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি ছিলেন,বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার মোঃ রবিউল হাসান ভূঁইয়া। অঞ্জু রানী বৈদ্য, সভানেত্রী,ওয়াইডব্লিউসিএসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে, প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

 




দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

চন্দ্রদীপ ডেস্ক : হায়দরাবাদ টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৮ রানে হেরে ব্যাকফুটে চলে যায় ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে দাপুটে জয়ে (১-১) সমতায় ফিরল স্বাগতিকরা।

বিশাখাপত্তনমে টেস্টে তরুণ দুই তারকা ব্যাটসম্যান জসবি জসওয়ালের (২০৯) ডাবল আর শুভমান গিলের (১০৯) সেঞ্চুরি এবং রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহের বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের দাপুটে জয় পেয়েছে ভারত।

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জসবি জসওয়ালের একার লড়াইয়ে ৩৯৬ রান করে ভারত। দলের হয়ে ২৯০ বল মোকাবেলা করে ১৯টি চার আর ৭টি ছক্কায় সর্বোচ্চ ২০৯ রান করেন জসওয়াল। এছাড়া শুভমান গিল করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির ও রিহান আহমেদ।

জবাবে ব্যাটিংয়ে নেমে জসপ্রিত বুমরাহের গতির মুখে পড়ে ২৫৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। এছাড়া ৪৭ রান করেন অধিনায়ক বেন স্টোকস। ভারতের হয়ে বুমরাহ শিকার করেন ৬ উইকেট। আর ৩ উইকেট নেন কুলদীপ যাদব।

১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের ১০৯ রানের ইনিংসের পরও ২৫৫ রানে অলআউট ভারত। এছাড়া ৪৫ রান করেন অক্ষর প্যাটেল। ইংল্যান্ডের হয়ে টম হার্টলি ও রেহান আহমেদ ৪ ও ৩টি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩৯৯ রান। রান তাড়া করতে নেমে জসপ্রিত বুমরাহের গতি আর রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে বিভ্রান্ত হয়ে ২৯২ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। তিনি প্রথম ইনিংসেও দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছিলেন। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন বুমরাহ ও অশ্বিন।

বিশাখাপত্তনমে টেস্টে ১০৬ রানের দাপুটে জয়ে দুই ইনিংসে ৯ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ।




গাজায় মসজিদ-সেফ হোমে ইসরায়েলি হামলায় নিহত ৩০

চন্দ্রদ্বীপ ডেস্ক:  কেন্দ্রীয় গাজার একটি মসজিদ এবং সেফ হোমে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। জীবিতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজা শহরের আল-শিফা হাসপাতালে আটকে পড়া স্বাস্থ্যকর্মী, রোগী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ভয়-আতঙ্কে দিন কাটাচ্ছেন। সেখানকার কাছাকাছি একটি এলাকায় সাত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপরেই প্রতিশোধ হিসেবে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। প্রায় চার মাস ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

এর আগে রাফায় একটি কিন্ডারগার্টেন স্কুলসহ বেশ কিছু স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় কমপক্ষে ৯২ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলার শিকার ওই কিন্ডারগার্টেনে বাস্তুহারা লোকজন আশ্রয় নিয়েছিল।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দা আহমাদ বাসাম আল জামাল বলেন, শিশুরা ঘুমাচ্ছিল। এমন সময় হঠাৎ করেই বোমা হামলা চালানো হয়। এতে এক শিশু নিহত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে তিন শিশু সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে।

গাজায় ইসরায়েলি সেনাদের আগ্রাসনে ৭৫ শতাংশ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। সেখানে খাবার, পানি, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট তৈরি হয়েছে।

ইউএন অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ইউএনওসিএইচএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) অনুমান করছে যে, গাজার প্রায় ১২ লাখ শিশুর এখন মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা প্রয়োজন।

 




৮ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের মাধ্যমে মন্ত্রণালয় পরিদর্শন শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ে আসছেন। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে তিনি সবাইকে দিকনির্দেশনা দেবেন।

প্রধানমন্ত্রীর আগমনে কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের পর আগামী ১৪ ফেব্রুয়ারি তিনি কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করবেন।




পাকিস্তানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় ১০ কর্মকর্তা নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক : পাকিস্তানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় কমপক্ষে ১০ কর্মকর্তা নিহত হয়েছেন। এক শীর্ষ কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে দেশটির উত্তরাঞ্চলের একটি পুলিশ স্টেশনে বেশ কয়েকজন জঙ্গি অতর্কিত হামলা চালায়। খবর এএফপির।

পাকিস্তানে আর কয়েকদিন পরেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই দেশটির বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটছে। এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) বালোচিস্তানের বিভিন্ন শহরে হাতবোমা বিস্ফোরণে পিপিপি কর্মীসহ অন্তত ছয়জন আহত হয়। বোমা বিস্ফোরিত হয়েছে করাচির প্রাদেশিক নির্বাচন কমিশন (পিইসি) কার্যালয়ের কাছেও।