চার ধাপে উপজেলা ভোট, শুরু ৪ মে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। সারাদেশে চার ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী ৪ মে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে তা শুরু হবে বলে জানিয়েছেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে ২৭তম কমিশন সভা শেষে তিনি এসব তথ্য জানান।

ইসি সচিব জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা, পবিত্র রমজান মাস ও বর্ষাকাল— এ তিনটি বিষয় নিয়ে ভাবছে ইসি। বর্তমানে নির্বাচন উপযোগী উপজেলার সংখ্যা ৪৫২টি। চার ধাপে হবে ভোটগ্রহণ। এরমধ্যে প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ তথা শেষ ধাপের ভোট হবে ২৫ মে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়।

ইসি সচিব আরও জানান, প্রথম ধাপে ৪ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। আগামী সপ্তাহে বিস্তারিত তফসিল ও উপজেলার নাম জানানো হবে।

দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত বছরের জুন মাসে।

বিদ্যমান আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

চলতি বছর উপজেলা পরিষদ নির্বাচনসহ আরও কিছু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে ইসিকে। সারাদেশে উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না। একাধিক ধাপে এ নির্বাচন হয়। এবারও ধাপে ধাপে নির্বাচন করার চিন্তা করছে ইসি।

বিদ্যমান আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। বর্তমানে দেশে ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে অল্পসংখ্যক ছাড়া প্রায় সবগুলো উপজেলা নির্বাচন উপযোগী হবে।




বিয়ের একদিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর মহিপুরে বিয়ের একদিন পরই ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল নয়টায় মহিপর থানার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ওমর ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহআলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গতকাল কনের বাড়িতে বৌভাত শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজন সহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পায়।

মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে।আসল রহস্য উদঘাটনের জন্য বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ সুরাতলের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।




৪৬তম বিসিএস : উৎকণ্ঠায় ৩ লাখ ৩৮ হাজার প্রার্থী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে দোটানায় পড়েছেন চাকরিপ্রার্থীরা। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষণা অনুযায়ী—আগামী ৯ মার্চ ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়ার কথা। একই দিন ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, গত ১৮ জানুয়ারি ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৯ মার্চ নেওয়ার ঘোষণা দেয় পিএসসি। এর তিনদিন পর ২২ জানুয়ারি ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। এতে নির্বাচন ও বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা একই দিনে পড়ে যায়। এরপর থেকেই দোটানায় চাকরিপ্রার্থীরা।

বিষয়টি নিয়ে পিএসসিতে খোঁজ নেওয়া হলেও কেউ নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। কেউ বলছেন, ঈদের আগে পরীক্ষা নেওয়া হয়তো আর সম্ভব নয়। আবার কেউ বলছেন, সদস্যরা চাইলে রোজার মধ্যেও পরীক্ষা হতে পারে।

প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে জানতে চাইলে পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একজন কর্মকর্তা নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে  বলেন, ‘এটা আসলে বলাটা খুবই জটিল। এ নিয়ে পিএসসিতে আনুষ্ঠানিক কোনো আলোচনা বা কথাবার্তা এখনো হয়নি। ৪৫তম বিসিএসের জন্য পিএসসির সদস্যরা ঢাকার বাইরে ছিলেন। তারা ঢাকায় ফিরলেও এ নিয়ে বসেননি। তবে এটা ঠিক যে নির্বাচনের দিনে পরীক্ষা হবে না।’

তিনি বলেন, ‘আমরা কর্মকর্তারা আলোচনা করে যেটুকু বুঝেছি- ঈদুল ফিতরের আগে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়াটা কষ্টসাধ্য। কোনো সুযোগও নেই। রোজার মধ্যে বিসিএসের পরীক্ষা নেওয়ার নজিরও নেই। ফলে ঈদের পর ছাড়া তো কোনো উপায় দেখছি না। সেক্ষেত্রে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর পরীক্ষা হতে পারে।’

জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘এ নিয়ে (৪৬তম বিসিএসের প্রিলি) আমরা এখনো বসিনি। কোনো আলাপও হয়নি।’

প্রার্থীরা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ১৫ দিন পার করেছেন। ঠিক কবে নাগাদ আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন—এমন প্রশ্নে পিএসসি চেয়ারম্যান বলেন, ‘প্রার্থীদের নিয়ে আমাদের (পিএসসি) চেয়ে আপনারা (গণমাধ্যম) বেশি ভাবেন না নিশ্চয়ই। সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।’

গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।

পিএসসির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।




বরিশালে হত্যা মামলার আসামি গ্রেফতার

বরিশাল অফিস :: উজ্জ্বল অধিকারী (২২) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন পাখিমারা এলাকায় ওই আসামি র‌্যাবের হাতে ধরা পড়েন।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার হওয়া আসামির নাম উত্তম অধিকারী (৩৫)। তিনি উপজেলার বেতমোড় ইউনিয়নের রাজপাড়া গ্রামের অনীল অধিকারীর ছেলে। এর আগে গত রোববার (০৪ ফেব্রুয়ারি) নিহতের বড় ভাই সজল অধিকারী (২৫) বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন। এতে প্রধান আসামি ছিলেন উত্তম।

স্থানীয়রা বলেন, নিহত উজ্জ্বল অধিকারী (২২) উপজেলার বেতমোড় ইউনিয়নের রাজপাড়া গ্রামের গৌতম অধিকারীর ছেলে। উপজেলার বেতমোড় রাজপাড়া গ্রামের কৃষক সুধীর অধিকারীর সঙ্গে প্রতিবেশী ননী গোপাল অধিকারীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে হওয়া হামলায় উজ্জ্বল অধিকারী নিহত হন।

এ বিষয়ে র‌্যাব-৮ জানায়, গতকাল রোববার (০৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামি উত্তম অধিকারীকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন পাখিমারা এলাকা হতে গ্রেফতার করা হয়।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (০১ ফ্রেব্রুয়ারি) দুপুরে নিহতের পিতা তাদের নিজ বসতঘরের পাশের ভোগদখলীয় জমিতে থাকা একটি তেতুল গাছ থেকে কিছু পাকা তেতুল পাড়া শুরু করেন। এ সময় প্রতিপক্ষ উত্তম অধিকারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়ে। এক পর্যায়ে উত্তম অধিকারী ও তার লোকজন মিলে নিহতের পিতাকে মারধর করেন। এ ঘটনার বিষয়ে তার দুই ছেলে জানতে গেলে তাদের ওপরও প্রতিপক্ষের লোকেরা হামলা করে। এ সময় উজ্জ্বল অধিকারী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত তিন পিতা-পুত্রকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বরিশাল মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই মামলা করেছেন। এরপর পুলিশ ননী গোপাল অধিকারী ও তার ছেলে নিরব অধিকারীকে গ্রেফতার করেছে। তবে র‌্যাবের হাতে একজন আটক হয়েছেন বলে শুনেছি।




পরাজয়ের দ্বারপ্রান্তে মিয়ানমারের জান্তা?




ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস




১০ মে’র মধ্যে মালদ্বীপ ছাড়বেন ভারতীয় সেনারা: মুইজ্জু

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মালদ্বীপের সার্বভৌমত্বের ওপর অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। তাছাড়া ১০ মে’র মধ্যে ভারতীয় সেনারা মালদ্বীপ ছাড়বেন বলেও জানিয়েছেন তিনি। সোমবার (৫ জানুয়ারি) প্রথম অধিবেশনে মালদ্বীপের সংসদে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন মুইজ্জু।

মুইজ্জু বলেন, ১০ মার্চের মধ্যে মালদ্বীপের তিনটি বিমানঘাঁটির একটি থেকে ভারতীয় সেনারা সরে যাবেন। আর ১০ মে’র মধ্যে অন্য দুই বিমানঘাঁটি থেকেও ভারতীয় সেনারা বিদায় নেবেন।

এর আগে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ১০ মে’র মধ্যে সব সেনা সরানোর বিষয়ে রাজি হয়েছে ভারত। তখন অবশ্য ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, উভয় পক্ষই মানবিক ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য মালদ্বীপে ভারতীয় সেনাদের কার্যকলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে কার্যকর সমাধান খুঁজে বের করেছে।

মালদ্বীপে ভারতের ৮৭ জন সেনা মোতায়েন রয়েছেন। নির্বাচনে জয়ী হলে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরানোর বিষয়ে মুইজ্জু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন। মালদ্বীপের ‘ভারত প্রথম’ (ইন্ডিয়া ফার্স্ট) নীতি পরিবর্তনের জন্য নির্বাচনে প্রচার চালিয়েছিলেন তিনি। এই প্রতিশ্রুতি দিয়েই ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মুইজ্জু। গত নভেম্বরে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ভারতকে তার সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ‘চীনপন্থি’ নেতা হিসেবে পরিচিত মুইজ্জু। আর তা নিয়ে দু’দেশের সম্পর্কে চিড় ধরেছে বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের।

২০১০ সাল থেকে একটি দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে ভারতীয় সেনারা মালদ্বীপে রয়েছেন। মালদ্বীপের সেনাদের যুদ্ধসংক্রান্ত প্রশিক্ষণসহ দেশটির প্রত্যন্ত দ্বীপের বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করছেন ভারতীয় সেনারা।

মালদ্বীপের সংবিধান অনুযায়ী, দেশটির প্রেসিডেন্টকে প্রতিবছর পার্লামেন্টের প্রথম অধিবেশনে ভাষণ দিতে হয়। সে অনুযায়ী সোমবার পার্লামেন্টের প্রথম অধিবেশনে ভাষণ দেন মুইজ্জু। তবে প্রধান দুই বিরোধী দল এমডিপি ও ডেমোক্র্যাটের সদস্যরা প্রেসিডেন্টের ভাষণ বর্জন করেন। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় নিজ দেশেও বিরোধীদের ক্ষোভের মুখে পড়েছেন মুইজ্জু।

সূত্র: এনডিটিভি




সংরক্ষিত নারী আসনে আ’লীগের আজ মনোনয়ন ফরম বিক্রি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।




রাস্তাঘাটের বেহাল অবস্থায় বিব্রত পটুয়াখালীর সাংসদ

মো: আল-আমিন (পটুয়াখালী): রাস্তাঘাটের অবস্থা খারাপ থাকায় নির্বাচনের সময়ে ভোট চাইতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন  সাংসদ এস এম শাহজাদা।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে পটুয়াখালী-৩ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।

সম্পূরক প্রশ্নে এস এম শাহজাদা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু টেন্ডার হওয়ার পর থেকে অনেকগুলো কাজ দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত হয়ে আছে। অবস্থাটা এখন এমন হয়েছে যে, ওই রাস্তায় কাজ না ধরলেই ভালো হতো। কাজগুলো থেমে থাকার কারণে জেলা নির্বাহী প্রকৌশলীকে বার বার তাগাদা দেওয়ার পরও হচ্ছে না। এ জন্য নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, “বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে নির্মাণ সামগ্রীর দাম অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে যেসব কাজে ঠিকাদাররা অংশ নিয়েছিল, পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ঠিকাদাররা কাজ করতে অনীহা প্রকাশ করেছে। আমরা বাস্তবতা উপলব্ধি করে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে এ সমস্ত উপকরণের দাম বৃদ্ধি করি।

“যেহেতু আমাদের আইনগত বাধ্যবাধকতা আছে তাই যে কাজগুলো ঠিকাদাররা বাস্তবায়ন করবেন না সেগুলোর ক্ষেত্রে নতুন টেন্ডার করা ছাড়া আমাদের বিকল্প নেই। এ প্রক্রিয়াটি করতে গিয়ে আমাদের সময়ক্ষেপণ হচ্ছে।”

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আমার নির্বাচনী এলাকাসহ অনেক এলাকায় ঠিকাদাররা কাজ পেয়েছিল, কিন্তু বাস্তবায়ন করতে পারেননি, তাদের এ সমস্ত কাজ বাতিল করে নতুন করে ঠিকাদার নিয়োগ করে সেগুলো বাস্তবায়ন করা হবে।”




পটুয়াখালীর ইউপি উপনির্বাচনে প্রার্থী ডজনেরও বেশি

বরিশাল অফিস :: পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে মাঠে নেমেছেন ১৪ জন প্রার্থী। তবে তারা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পদ-পদবিধারী। এসব প্রার্থীর ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো কেশবপুর।

নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও উপজেলা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী থাকবে বলে জানা গেছে। দলীয় সমর্থন পেতে বিভিন্ন মহলে জোর লবিং তদবির চালাচ্ছেন প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের নজর এখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ স ম ফিরোজের গ্রিন সিগন্যালের দিকে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৩ জুন নির্বাচনে আওয়াম লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু। গত বছরের ১৪ আগস্ট হৃদরোগে আক্রান্ত মারা যান তিনি। পরে চলতি বছরের ২৪ জানুয়ারি শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে মাঠে নেমেছেন ১৪ জন প্রার্থী। তবে তারা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পদ-পদবিধারী। এসব প্রার্থীর ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো কেশবপুর।

নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও উপজেলা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী থাকবে বলে জানা গেছে। দলীয় সমর্থন পেতে বিভিন্ন মহলে জোর লবিং তদবির চালাচ্ছেন প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের নজর এখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ স ম ফিরোজের গ্রিন সিগন্যালের দিকে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৩ জুন নির্বাচনে আওয়াম লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু। গত বছরের ১৪ আগস্ট হৃদরোগে আক্রান্ত মারা যান তিনি। পরে চলতি বছরের ২৪ জানুয়ারি শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ কেশবপুর ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, বাছাই ১৫ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২৩ ফেব্রুয়ারি। এ ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৩১৬ জন।

উপনির্বাচনে যে ১৪ প্রার্থীর নাম শোনা যাচ্ছে তারা হলেনÑ প্রয়াত চেয়ারম্যানের ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সুজন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মালেক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সহসভাপতি আবুল বশার খান, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খান টিটু, প্রচার সম্পাদক ও ইউপি সদস্য মো. আসাদুল হক জুয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ তুহিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম, সহসভাপতি মনিরুল ইসলাম রিপন, আনিচুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সোহেল মাহমুদ মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব মো. খাইরুল কবির নিপু, সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন লাভলু ও ফ্রান্স প্রবাসী এনামুল হক ওরফে অপু দফাদার।

খোঁজ নিয়ে জানা গেছে, যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই দলীয় সমর্থন পেলে নির্বাচনে অংশ নেবেন। আর না পেলে সরে দাঁড়াবেন। তবে প্রয়াত চেয়ারম্যানের ভাই জিয়া উদ্দিন সুজন, মালেক মিয়া, আবুল কালাম আজাদ তুহিন ও এনামুল হকের শেষ পর্যন্ত মাঠে থাকার আভাস পাওয়া যাচ্ছে।

ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ পদে থাকা একাধিক নেতা জানান, গত নির্বাচনেও অনেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সেবার নৌকা প্রতীকে মনোনয়ন পান সালেহ উদ্দিন পিকু। তখন অন্যরা নৌকার সমর্থন জানিয়ে সড়ে দাঁড়ালেও ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এনামুল হক নির্বাচনে অংশ নেন। এতে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। যার কারণে দলীয় নেতাকর্মীদের কাছে কোণঠাসা হয়ে পড়েন তিনি। তাই এবার দলীয় প্রতীক না থাকলেও যদি সমর্থনের বিষয়টি থাকে তাহলে অনেকে হিসাব-নিকাশ করেই নির্বাচনে থাকবেন। এ ছাড়া এখন সম্ভব্য প্রার্থীরা প্রহর গুনছেন সংসদ সদস্য আ স ম ফিরোজের গ্রিন সিগন্যালের আশায়।

সম্ভাব্য প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খান টিটু বলেন, ‘দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে আসছি। গত নির্বাচনেও প্রার্থী হয়েছিলাম। দলীয় সিদ্ধান্ত মেনে সরে দাঁড়িয়েছি। এবার যেহেতু দলীয় প্রতীক নেই, তাই উপজেলা আওয়ামী লীগের সমর্থন পেলে নির্বাচনে অংশগ্রহণ করব।’

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ তুহিন বলেন, ‘নির্বাচন অংশগ্রহণমূলক করতে দলীয় প্রতীক তুলে দেওয়া হয়েছে। প্রার্থী হতে কোনো বাধা নেই। নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিতেছি। আশা করি দল আমাকে সমর্থন দেবে।’

আরেক সম্ভাব্য প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম বলেন, যেহেতু দল করি, তাই দলের সিদ্ধান্তই মেনে নেব।’ একই কথা বললেন একাধিক সম্ভাব্য প্রার্থী। তারা জানান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ স ম ফিরোজ এমপির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোসারেফ হোসেন খান জানান, নির্বাচন অংশগ্রহণমূলক করতে দলীয় প্রতীক উঠিয়ে দেওয়া হয়েছে। যার কারণে প্রার্থীসংখ্যা বেশি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভায় আলোচনা হবে।

সংসদ সদস্য আ স ম ফিরোজ বলেন, ‘দলীয় প্রতীক না থাকায় অনেকেই প্রার্থী হতে চান। যারা প্রার্থী হতে চান তাদের নিয়ে বসে সমন্বয় করা হবে।’