দুমকিতে অজ্ঞাত রোগে ৬ শিক্ষার্থী অসুস্থ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে অজ্ঞাত রোগাক্রান্তে একই শ্রেণির ছয় শিক্ষার্থীর অসুস্থতায় স্কুলজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার দুমকি আপ্তুন্নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মীম ও বৃষ্টি আক্তার অসুস্থ হলে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর চার শিক্ষার্থীকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এতে স্কুলটির অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষ ছুটি দিলে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি যাওয়ার পথে মাহফুজা, রত্না ও কারিমাসহ একই শ্রেণির ছয়জন শিক্ষার্থী পর পর অসুস্থ হলে স্বজনরা তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দু’জনকে বরিশাল শেরে-ই-বাংলা (শেবাচিম) ও চারজনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে।

এ দিকে অসুস্থ ছাত্রীদের চিকিৎসার উদ্যোগ না নিয়ে স্কুল ছুটি দেয়ায় স্কুলকর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রশ্ন তুলেছেন অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা। এর আগের দিনও ওই স্কুলের দুই শিক্ষার্থী এভাবে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, এটি গণ হিস্টিরিয়া। কেউ এই গণহিস্টিরিয়া আক্রান্ত রোগীর সংস্পর্শ বা কাছাকাছি অবস্থানে আক্রান্ত হতে পারেন। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে যাবে।

দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার হেপি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ডিসি স্যারের মিটিংয়ে আছি। স্কুল থেকে আমাকে খবর জানানো হয়েছে। অসুস্থ ছাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াসমিন বলেন, খবর শুনেছি। ছয়ছাত্রী অসুস্থতার কারণে স্কুল ছুটি দেয়া হয়েছে। কিভাবে কেন অসুস্থ হলো তা স্কুল কর্তৃপক্ষ দেখছে। এ বিষয়ে শিক্ষা প্রশাসনের আপাতত: কোনো করণীয় নেই।




মহানাটকীয়তার পর বাংলাদেশ-ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা

চন্দ্রদীপ নিউজ: কমলাপুরে আজ নাটকীয়তা ছিল ম্যাচের নিধারিত সময়ে। সেই নাটকীয়তা এরপর চললো টাইব্রেকার আর কয়েক টসেও। সেই মহানাটকীয়তার ইতি টেনে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও ভারতের নাম।

নারী অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর বাংলাদেশ-ভারতের নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে।

এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই। টাইব্রেকার শেষ হয় ৫-৫ গোলে। তারপর সাডেনডেথ।

সেখানেও ফল ১১-১১। এরপর ম্যাচ কমিশনার দুই দলের অধিনায়ককে নিয়ে জানান টসের মাধ্যমে ফলাফলের কথা।

সেই টসে জেতে ভারত। তবে এই টসের পরেই আপত্তি তোলে বাংলাদেশ। জানায় বাইলজের কথা। তখন কর্মকর্তারা জানান টসের সিদ্ধান্ত ভুল হয়েছে। ফলে আবার টাইব্রেকারের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। তবে এই সিদ্ধান্ত মেনে না নিয়ে ক্ষোভে মাঠ ছাড়ে ভারত।

এরপর লম্বা সময় বাংলাদেশের মেয়েরা মাঠে অপেক্ষা করলে ফেরেনি ভারত। ফলে বাধ্য হয়ে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।




বরিশালে ভোটার হতে এসে ভারতীয় নাগরিক নারীসহ আটক ৩

বরিশাল অফিস :: উজিরপুরে ভারতের উড়িশ্যার এক নারী বাংলাদেশের ভোটার হতে এসে আটক হয়েছে। জালিয়াতির মাধ্যমে তাকে ভোটার করার চেষ্টায় ওই নারীর স্বামী ও তার ভাইকেও আটক করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ জানিয়েছেন।

আটক ভারতীয় নারী হলো- উড়িশ্যা প্রদেশের বালাঙ্গির জেলার পাট নগর থানার বনকা বিহার গ্রামের প্রয়াত শ্যামসুন্দর বড়িয়ালের মেয়ে সাবিত্রী বড়িয়াল। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতলা গ্রামের এবাদুল হককে বিয়ে করে হালিমা খাতুন নামকরন করেছেন।

অপর দুইজন হলো-উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতলা গ্রামের মৃত সালাম হাওলাদারের ছেলে এবাদুল হক ও এনামুল হক।

বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সী বলেন, বুধবার উজিরপুর উপজেলায় নতুন ভোটার যাচাই-বাছাই ও ফিঙ্গারিং কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার ওই কার্যক্রম তদারকি করতে তিনি ওই উপজেলায় যান।

নির্বাচন কর্মকর্তা বলেন, ওই নারী সাক্ষাতকার দিতে এলে তার কথায় সন্দেহ হয়। তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এদেশের নাগরিক নয় বলে স্বীকার করে। পরে তাকেসহ তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, ওই নারী উজিরপুরের ভোটার হওয়ার জন্য পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার বাসিন্দা বাদশা মিয়া ও আনোয়ারা বেগমেকে মাতা পিতা উল্লেখ করেছেন। আবেদনপত্রে তাদের জন্ম সনদ ও ভোটার আইডি কার্ড ব্যবহার করেছেন।
বাদশা মিয়া ও আনোয়ার বেগম ভারতীয় নারীর স্বামী এবাদুল হকের বোনের শ্বশুর শাশুড়ী। ভারতীয় নারীকে ভোটার করতে উপজেলার সাতলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদার ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন অর রশিদ প্রত্যয়ন পত্র দিয়েছেন।

ভারতীয় ওই নারী সাংবাদিকদের জানান, ভারতের উড়িশ্যা থেকে দুই মাস আগে বাংলাদেশে এসেছেন। সাত বছর আগে চোরাই পথে ভারতে যাওয়া এবাদুল হকের সাথে তার বিয়ে হয়েছে। ছনিয়া খানম তাদের পাঁচ বছর বয়সী কন্যাও রয়েছে।
এবাদুল হাওলাদার জানান, সে কাজের জন্য ৭ আগে ভারতে যায়। সেখানে ভারতীয় নারীর সাথে পরিচয় হয়। ভারতে তাদের বিয়ে হয়েছে। দুই মাস আগে আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে চোরাই পথে বাংলাদেশের এসেছেন।

সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার বলেন, নির্বাচনী তথ্য কর্মকর্তা ও ইউপি সদস্যের স্বাক্ষরের পরে সে প্রতি স্বাক্ষর দিয়েছেন।

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ বলেন, ভারতীয় ওই নারীর বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের এবং জাল-জালিয়াতির জন্য স্বামী ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা হবে।

 




পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

বরিশাল অফিস :: পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন, খাদ্য, আর্থিক সহায়তা ও শীত বস্ত্র প্রদান করেছে উপজেলা প্রশাসন। ৭ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম ক্ষতিগ্রস্থ্য অটো চালক নূর আলমের হাতে ২ বান্ডিল ঢেউটিন ও বিভিন্ন সহায়তা প্রদান করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সহকারি প্রকৌশলী মোঃ শাহীন খানসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সম্প্রতি উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আঃ কাদের মিয়ার ছেলে অটো চালক নূর আলমের বসত ঘর অগ্নিকান্ডেপুড়ে ছাই হয়ে যায়।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দক্ষিণ মিঠাখালী গ্রামের অটো চালক নূর আলমকে ঢেউটিন, খাদ্য, আর্থিক সহায়তা ও শীত বস্ত্র প্রদান করা হয়েছে। এ ধরনের ক্ষতিগ্রস্থদের সরকারের পক্ষ থেকে সব সময়ই সহায়তা করা হয়।

 




আবার হাসপাতালে খালেদা জিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় খালেদা জিয়ার গাড়ি তার গুলশানের বাসভবন থেকে বের হয় হাসপাতালের উদ্দেশ্যে।




নির্বাচনে দিন পাকিস্তানে বোমা হামলা ও গুলি, নিহত ৫

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তার মধ্যেই বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এসব ঘটনা ঘটেছে।

খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলার পুলিশপ্রধান রউফ কাইসরানি জানিয়েছেন, কুলাচি এলাকায় পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে চার পুলিশ সদস্য নিহত হন। পরে কুলাচির প্রায় ৪০ কিলোমিটার উত্তরে ট্যাংক নামক শহরে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ছোড়া গুলিতে একজন নিহত হন।

পাকিস্তানের মাকরান ডিভিশনের পুলিশ কমিশনার সাইদ আহমেদ উমরানি জানান, বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন জায়গায়তেও গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে বুধবার (৭ ফ্রেবুয়ারি) বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানজুড়ে নিরাপত্তাজনিত উদ্বেগ সৃষ্টি হয়। চার প্রদেশের মুখ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শকদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

বৃহস্পতিবার সকালে ভোটগ্রহল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে বিভিন্ন সড়কে ও ভোটকেন্দ্রে হাজার হাজার সৈন্য মোতায়েন করা হয়। একই সঙ্গে ইরান ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাকিস্তানজুড়ে সাময়িক স্থগিত রাখা হয়েছে ইন্টারনেট সংযোগ ও টেলিযোগাযোগ ব্যবস্থাও। এরপরও খাইবার পাখতুনখোয়ায় বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটলো।

তাছাড়া উত্তর ওয়াজিরিস্তানের কিছু ভোটকেন্দ্র পাকিস্তানি তালেবানরা দখলে নিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় প্রার্থীরা। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের এই এলাকার নির্বাচনী প্রার্থী মহসিন দাওয়ার পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) কাছে লেখা চিঠিতে জানিয়েছেন, তার নির্বাচনী এলাকার কিছু ভোটকেন্দ্র স্থানীয় তালেবান জঙ্গিরা দখলে নিয়েছে; যারা ভোটার ও স্থানীয়দের ভোটের আগে থেকেই হুমকি দিয়ে আসছিল। তবে এই অভিযোগের বিষয়ে দেশটির নির্বাচন কমিশন বা নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: এএফপি, দ্য নিউজ ইন্টারন্যাশনাল




১৭ দিন বন্ধ থাকবে পোস্তগোলা সেতু, বিকল্প পথে চলার নির্দেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:   সংস্কার কাজের জন্য ১৭ দিন বন্ধ থাকবে রাজধানীর পোস্তগোলা সেতু। এজন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে বলেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

এর মধ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত- এই ১৭ দিন ভারী যানবাহন চলাচল করতে পারবে না সেতু দিয়ে। তবে বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচদিন বন্ধ থাকবে।

গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১ এর (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে।

এজন্য ভারী যানবাহন (ট্রাক-পিকআপভ্যান, কাভার্ডভ্যান, কনটেইনারবাহী লরি) ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এবং হালকা যানবাহন (বাস-মাইক্রোবাস-সিএনজি-অটোরিকশা) ২২, ২৩ ও ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৬ মার্চ- এই পাঁচদিন বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হলো।

jagonews24

ভারী যানবাহনের জন্য নির্দেশনা

১. গাবতলী থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কগামী যানবাহন বেড়িবাঁধ রোড দিয়ে বাবুবাজার সেতু হয়ে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।

২. যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।

৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে গাবতলীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন থেকে বাবুবাজার সেতু-বেড়িবাঁধ হয়ে গাবতলী প্রবেশ করবে।

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে।

হালকা যানবাহনের জন্য নির্দেশনা

১. পদ্মা সেতু থেকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু-তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে।

২. সিলেট, চট্টগ্রাম থেকে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মুক্তারপুর সেতু-শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।

৩. পদ্মা সেতু থেকে ঢাকাগামী যানবাহন শ্রীনগর দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ, তুরাগ-রোহিতপুর, আব্দুল্লাহপুর-রাজাবাড়ী বাজার-কোনো খোলা মোড়-বছিলা সেতু-মোহাম্মদপুর সড়ক ব্যবহার করতে পারবে।

এছাড়া গণবিজ্ঞপ্তিতে পচনশীল দ্রব্য বহনকারী যান ছাড়া অন্যান্য পণ্যবাহী যানবাহনকে পদ্মা সেতুর বিকল্প হিসেবে পাটুরিয়া ফেরিঘাট ও বঙ্গবন্ধু সেতু ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে সওজ।

এর আগে ২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ডুবে যায়। এটি উদ্ধারে গেলে, পোস্তগোলা সেতু পার হওয়ার সময় এতে ধাক্কা দিয়ে আটকে যায় জাহাজ প্রত্যয়। এতে সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে কয়েক দফায় সংস্কার কাজ করা হয়।




রমজানে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়ও

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রোজার মধ্যে খোলা থাকবে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে বাৎসরিক ছুটির তালিকা সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) আক্তারুন্নাহারের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

এর আগে মাধ্যমিক পর্যায়ের স্কুল রমজানের ১৫ দিন খোলা থাকবে বলে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার এতে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনক্রমে আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

জানা গেছে, গত ১২ ডিসেম্বর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ওই তালিকা অনুযায়ী- ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটি রাখা হয়েছিল। পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডেসহ বেশ কিছু সরকারি ছুটির সমন্বয়ে দীর্ঘ এসময় ক্লাস বন্ধ রাখার কথা ছিল।

তবে তা থেকে সরে এসে নতুন সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম, অর্থাৎ ক্লাস চালু থাকবে।




বেসরকারি ব্যাংককর্মীদের সর্বজনীন পেনশনে অংশ নিতে নির্দেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দেশে চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিমে সব বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ‘সর্বস্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্তির উদ্দেশ্য পূরণকল্পে ব্যাংকগুলোয় (রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংক ব্যতীত) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হলো।’




বরিশালে ৬০ লাখ টাকার জাল জব্দ

বরিশাল অফিস :: বরিশাল অফিস :: জাটকাসহ সবধরনের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা এবং অবৈধ জাল নির্মূলে জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, সন্ধ্যা এবং সুগন্ধা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, অভিযানে অবৈধ মশারী জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, চায়না দুয়ারী জালসহ প্রায় ৬০ লাখ টাকার জাল এবং বিভিন্ন ধরণের মাছ ধরার সরঞ্জাম জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে অন্যান্যের মধ্যে জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ, বিভাগীর সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দিন, জেলা মৎস্য অফিসার (ইলিশ) বিমল চন্দ্র দাস, বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, গৌরনদী উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাসার, কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ বাদল মিয়া, বাবুগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোঃ আলী হোসেন, আনসার ব্যাটালিয়নের হাবিলদার মোতালেব হোসেন উপস্থিত ছিলেন।