গলাচিপায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল অফিস :: পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে গাব গাছের ডালে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। রবিবার ১১ ফেব্রুয়ারী সকালে ডাকুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হোগলবুনিয়া গ্রামে দুই সন্তানের জননী চঞ্চলা রানী (৪০) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বজনরা জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ অবসাদগ্রস্থ ছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হয়েছে।  গতকাল রাত থেকে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজা খুঁজির পরে সকালে তাকে একটি গাব গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্বজনরা। তাৎক্ষণিক গলাচিপা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। স্বজনদের দাবি, বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত থাকায় আত্মহননের পথ বেছে নিয়েছেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।




মির্জাগঞ্জে সরকারি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল অফিস :: পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী রোকেয়া খানম বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মালিবাড়ি খালের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। অবৈধভাবে দখলে রাখা ২ জনের মালিকানায় থাকা ২টি স্থাপনা ভাঙা হয়।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল রহমান। এ সময় মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী রোকেয়া খানম বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশে মালিবাড়ি খালের সরকারি জমির ওপর অবৈধভাবে নির্মাণ করা হয় স্থায়ী-অস্থায়ী স্থাপনা। অবৈধভাবে খাল ভরাট করে এসব স্থাপনা নির্মাণকারীদের বারবার নোটিশ দেওয়া হলেও তারা স্থাপনা সরাতে ব্যর্থ হাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল রহমান বলেন, সরকারি খালে স্থাপনা নির্মাণের ফলে এলাকার পানি নিষ্কাশন বন্ধ হওয়াসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। সে জন্য আজ সকাল থেকেই অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।




২৫ ফেব্রুয়ারি  শবে বরাত 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে শবে বরাত পালিত হবে ২৫ ফেব্রুয়ারি দিনগত রাতে।



সীমান্তে ৪০ ট্যাঙ্ক মোতায়েন করেছে মিশর

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গাজার রাফা সীমান্তে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন পিরিস্থিতে দক্ষিণাঞ্চলের সিনাই সীমান্তে গত দুই সপ্তাহে অন্তত ৪০টি ট্যাঙ্ক পাঠিয়েছে মিশর। সীমান্তে নিজেদের নিরপত্তা জোরদার করতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কারণ ওই এলাকায় গাজার সঙ্গে মিশরের সীমান্ত রয়েছে।

গাজায় যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল তা এবার রাফা পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। এই রাফাতেই আশ্রয় নিয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। মিশরের আশঙ্কা ইসরায়েল যদি রাফায় হামলা শুরু করে তাহলে ফিলিস্তিনিরা সীমান্ত অতিক্রম করে মিশরে চলে যেতে পারে।

এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফায় বেসমরিক ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ও হামলার নির্দেশনা দিয়েছেন।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ২৮ হাজার ৬৪ জন নিহত হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরে ১১৭ জন নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই প্রতিশোধ হিসেবে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী।

চার মাসের বেশি সময় ধরে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি সৈন্যদের তাণ্ডবে হাজার হাজার শিশুও প্রাণ হারিয়েছে। এছাড়া খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট তৈরি হয়েছে।




ফরচুন বরিশালে যোগ দিচ্ছেন কেশভ মহারাজ

বরিশাল অফিস :: প্রথমবারের মতো বিপিএলে আসছেন দক্ষিণ আফ্রিকার অর্থোডক্স স্পিনার কেশভ মহারাজ। তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। এরই মধ্যে প্রোটিয়া স্পিনারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সেরে ফেলেছে তামিম ইকবালের দল।

আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু বিপিএলের চতুর্থপর্ব। সিলেটের মতো এবারের বিপিএলে চট্টগ্রামেও হবে একটি পর্ব। এই পর্বের প্রথম দিনেই দলের সঙ্গে যোগ দিবেন মহারাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলের টেস্ট একাদশে যোগ না দিয়ে বিপিএল খেলতে আসছেন মহারাজ। সদ্য সমাপ্ত ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি এসএ২০ এর আসর শেষ করেই বাংলাদেশের উদ্দেশে ছুটছেন তিনি।

বরিশালকে ভালো কিছু্ উপহার দেওয়ার সুযোগ রয়েছে মহারাজের। এখনো লিগপর্বে বরিশালের ৪টি ম্যাচ বাকি আছে। বর্তমানে দেশের দক্ষিণ অঞ্চলের দলটি টেবিলের চতুর্থস্থানে আছে। এই পর্বের ৭ দল থেকে প্লেঅফে খেলবে শীর্ষ চার দল। যে কারণে সামনের ম্যাচগুলো তামিমের বরিশালের জন্য খুবই গুরুত্বপূর্ণ।




বরিশালে সরস্বতীর পুজা উপলক্ষে ব্যস্ত মৃৎশিল্পীরা

বরিশাল অফিস :: বরিশাল অফিস :: বিদ্যা ও নৃত্য কলার দেবী সরস্বতী পুজা আগামী ১৪ ফেব্রুয়ারি (বুধবার)। অন্যান্য বছরের মতো মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বীনা পানি অর্চনা বা সরস্বতী পুজা। পুজা উপলক্ষে সরস্বতীর প্রতিমায় রং তুলির শেষ আঁচড় দিতে এখন মহাব্যস্ত সময় পার করছেন জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের পাল পাড়ার মৃৎশিল্পীরা।

আর মাত্র দুইদিন পর জ্ঞানের আলো ছড়াতে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতীর পুজা। তাই একেবারে শেষ সময়ে প্রতিমায় রংয়ের কাজ শেষ করতে মৃৎশিল্পীদেরও পাশাপাশি তাদের বাড়ির নারী শিল্পীদেরও বিশ্রামের সময় নেই। দিন-রাত সমান তালে প্রতিমা তৈরীতে এখন ব্যস্ত তারা। খড়, কাঠ, বাঁশ ও মাটি দিয়ে তৈরি প্রতিমা রোদে শুকিয়ে এখন দেওয়া হচ্ছে রং তুলির আঁচড়। উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা পাল পাড়া গ্রামের মৃৎশিল্পী শিবু পাল, তার স্ত্রী মায়া রানী পাল, একই বাড়ির জয়দেব পাল এবং তার স্ত্রী সবিতা রানী পাল, গৌরাঙ্গ পালের স্ত্রী মঞ্জু রানী পাল, উপেন পালের স্ত্রী আরতী রানী পাল, প্রেমানন্দ পালের স্ত্রী মিনতী রানী পাল জানান, তারা প্রায় সারাবছরই বিভিন্ন পুজার জন্য দেব দেবীর প্রতিমা বাড়িতে বসেই তৈরি করে থাকেন। এ ছাড়া ক্রেতার চাহিদা অনুযায়ী বাড়িতে গিয়েও বড় আকারের প্রতিমা তৈরী করেন পুরুষ সদস্যরা। বিভিন্ন মাসে বিভিন্ন পুজার মৌসুম অনুযায়ী তারা প্রতিমা তৈরী করেন। তাদের নির্মিত প্রতিমা হিন্দু সম্প্রদায় অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলাসহ পাশ্ববর্তী বিভিন্ন উপজেলার হাট-বাজারে বিক্রি করা হয়।।

এ ছাড়া পাইকাররা বাড়ি থেকেও প্রতিমা ক্রয় করে নিয়ে যায় বিভিন্ন হাট ও বাজারে বিক্রির জন্য। মৃৎশিল্পীরা আরও বলেন, তারা দুইরকমের প্রতিমা তৈরী করেন। এরমধ্যে একটি ছাঁচে (ঢাইস) নির্মিত ও অপরটি ব্যানায় নির্মিত প্রতিমা। ছাঁচে নির্মিত প্রতিমা দুইশ’ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা ও ব্যানায় নির্মিত প্রতিমা এক হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়। পঞ্জিকা মতে, ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮ টা ৪২ মিনিটে পঞ্চমী তিথি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি বুধবার এই তিথি থাকবে সন্ধ্যা ৬ টা ৩৩ মিনিট পর্যন্ত। তাই আগামী ১৪ ফেব্রুয়ারি সকালে পঞ্চমী তিথিতে প্রতিটি হিন্দু বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পুজা অনুষ্ঠিত হবে।

 




প্রাপ্তবয়স্কদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করলো মিয়ানমার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মিয়ানমারে প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে দেশটির জান্তা সরকার। এমন একটি সময় এই ঘোষণা আসলো যখন বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির সামরিক বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। কিন্তু গত এক মাস ধরে বিদ্রোহী গোষ্ঠী এবং অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের সঙ্গে একের পর এক যুদ্ধে তাদেরকে পরাজিত হতে দেখা যাচ্ছে।

এ অবস্থায় শনিবার দেশের প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করলো জান্তা সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে ১৮ থেকে ৩৫ বছর বয়সী সকল পুরুষকে মিয়ানমারের সামরিক বাহিনীতে যোগ দিয়ে অন্তত দুই বছর কাজ করতে হবে।

আর নারীদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ২৭ বছরেরে মধ্যে তাদেরকেও একই মেয়াদে সামরিক বাহিনীতে চাকরি করতে হবে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি জান্তা সরকার।

এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় উপবিধি, প্রক্রিয়া, আদেশ, বিজ্ঞপ্তি এবং নির্দেশাবলী প্রকাশ করা হবে।

আইন না মানলে জেল :
সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে একের পর এক অপমানজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। ২০২৩ সালের শেষের দিকে মিয়ানমারের তিনটি বিদ্রোহী গোষ্ঠী মিলে হামলা চালিয়ে শান রাজ্যের সীমান্ত ক্রসিং এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল করে নেয়।

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই রাজ্যটি মিয়ানমারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি দিয়েই সড়কপথে চীনের সঙ্গে বেশির ভাগ বাণিজ্য সংঘঠিত হয়ে থাকে। গত মাসে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জানায় যে, তারা মিয়ানমারের চিন রাজ্যের পালেতোয়া এবং মিওয়াতে পাহাড়ের চূড়ায় অবস্থিত শেষ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।

এর আগে মিয়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে সতর্ক করেছিলেন যে, বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ নিয়ন্ত্রণে আনতে না পারলে দেশ ভাগ হয়ে যেতে পারে। দেশের সামরিক বাহিনীতে নাগরিকদের বাধ্যতামূলক যোগদানের বিধান রেখে ২০১০ সালে মিয়ানমারে একটি আইন চালু করা হয়। কিন্তু এতদিন তা কার্যকর করা হয়নি।

ওই আইনে দুই বছরের জন্য নাগরিকদের সামরিক বাহিনীতে চাকরি করা বাধ্যতামূলক করা হয়েছে।
তবে আইনে এটাও বলা হয়েছে যে, জরুরি অবস্থায় সামরিক বাহিনীতে চাকরির এই মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।

নাগরিকদের কেউ এই আইন না মানতে চাইলে একই মেয়াদে জেল খাটতে পারে বলেও আইনে বলা হয়েছে। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা করেছিল জান্তা সরকার। সম্প্রতি সেই জরুরি অবস্থা আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে।

২০১১ সালের গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ার আগে মিয়ানমার প্রায় ৫০ বছর নিপীড়নমূলক সামরিক শাসনের অধীনে ছিল। এরপর একটি গণতান্ত্রিক সরকার দেশটির ক্ষমতা গ্রহণ করেছিল।

কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সামরিক বাহিনী পুনরায় ক্ষমতা দখল করে নেয়। এরপর থেকেই মিয়ানমারে যুদ্ধ ও সহিংসতায় চলে আসছে। এতে দেশটির হাজার হাজার নাগরিক প্রাণ হারিয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কী হচ্ছে মিয়ানমারে?
স্বাধীনতার পর থেকে সাত দশকেরও বেশি সময় ধরে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক বাহিনীর সংঘাত চলমান রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সেই সংকট সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির জান্তা বা সামরিক শাসকরা।

অক্টোবরে হামলা শুরু হবার পর থেকে হাজার হাজার সৈন্য তাদের অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্রোহী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। মিয়ানমারের সামরিক জান্তার দখলে থাকা অনেক শহর ও এলাকা বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে।

মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করা ‘স্পেশাল অ্যাডভাইসরি কাউন্সিল ফর মিয়ানমার’ নামে পরিচিত বিশেষজ্ঞদের একটি দলের তথ্য অনুযায়ী, দেশটির জান্তা সরকারের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে মাত্র ১৭ শতাংশ ভূখণ্ডের উপর। আর ২৩ শতাংশ ভূখণ্ড নিয়ে দ্বন্দ্ব রয়েছে এবং বিদ্রোহী গোষ্ঠীদের দখলে রয়েছে ৫২ শতাংশের মতো ভূখণ্ড।

থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতিতে প্রকাশিত খবর অনুযায়ী, সামরিক বাহিনী জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে বিভিন্ন প্রদেশে ৩৩টি শহরের দখল হারিয়েছে। এর মধ্যে চিন, সাকাই, কিয়াং প্রদেশ এবং উত্তরাঞ্চলের শান এবং শিন রাজ্য উল্লেখযোগ্য।

বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মিরা দখলে নিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন ও আরাকান রাজ্যেও যুদ্ধ-পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

দু’পক্ষের সংঘাত এতটাই তীব্র আকার নেয় যে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। এর আগে শত শত সৈন্য সীমান্ত দিয়ে চীন ও ভারতে পালিয়েছে। যুদ্ধ না করেই হাজার হাজার সৈন্য আত্মসমর্পণ করেছে।

অভ্যুত্থানের পর থেকে জানুয়ারি পর্যন্ত জান্তা সরকার ৩০ হাজারের মতো সেনা হারিয়েছে। যেখানে মিয়ানমারের সামরিক বাহিনীতে সেনার সংখ্যা মাত্র দেড় লাখ। সামরিক বাহিনী প্রতিদিনই পরাজয়ের মুখে পড়ছে এবং তারা দখল হয়ে যাওয়া ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পেতেও ব্যর্থ হচ্ছে। এমন অবস্থায় সামরিক বাহিনী দ্রুত জনগণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারাচ্ছে। এই অবস্থায় মিয়ানমার সরকারের পক্ষে নতুন সদস্য সংগ্রহের কাজটি বেশ কঠিন।

সেনাবাহিনী কি পরাজয়ের দ্বারপ্রান্তে?
মিয়ানমারের জান্তা সরকার সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার তিন বছর পর ধারণা করা হচ্ছে যে, এই মুহুর্তে সবচেয়ে খারাপ পরিস্থিতি পার করছে তারা।

বিশ্লেষকরা বলছেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক সরকার ক্ষমতা দখলের পর থেকেই উত্তেজনা চলতে থাকলেও এতোটা কোনঠাসা পরিস্থিতিতে সেনাবাহিনীকে এর আগে আর পড়তে হয়নি।

গত অক্টোবরে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে সামরিক টহল চৌকি, অস্ত্রাগার ও বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। সবশেষ ঘুমধুম সীমান্তে বিদ্রোহীদের আক্রমণের মুখে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অনেক সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, যাদের অনেকেই আহত।

শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী আরো দুটি দেশ চীন ও ভারতেও মিয়ানমারের সেনারা এর আগে আশ্রয় নিয়েছে বলে জানা যাচ্ছে। এ ধরনের জয় বিদ্রোহী অন্য গোষ্ঠীগুলোকেও সামরিক বাহিনীর উপর আক্রমণে উৎসাহিত করেছে।

মিয়ানমার ন্যাশনাল ডিফেন্স অ্যালায়েন্স-এমএনডিএএ, আরাকান আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি যৌথভাবে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত। তারা জানুয়ারিতে উত্তরাঞ্চলের শান রাজ্য থেকে সামরিক বাহিনীকে বিতাড়িত করেছে।

ধারণা করা হয়েছিল যে, এর পাল্টা অভিযান চালানো হবে। কিন্তু সেটি এখনো হয়নি। এই রাজ্যে বেশ কয়েকজন জেনারেল-সহ সেনারা আত্মসমর্পণ করেছে এবং বর্তমানে একটি ভঙ্গুর অস্ত্রবিরতি চলছে।

আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, সামরিক বাহিনীর জন্য এটা শুধু এখন একটি পরাজয় নয়, বরং এটা ইঙ্গিত দিচ্ছে যে, জনপ্রিয়তা হারিয়ে সামরিক বাহিনীর দিন ফুরিয়ে আসছে।

থাইল্যান্ডের চুলালংকর্ন ইউনিভার্সিটির শিক্ষক থিটিনান পংসুধিরাক বার্তা সংস্থা এপিকে বলেন, মিয়ানমারের এই গৃহযুদ্ধে দেশটির জান্তা সরকারের জন্য জয়ী হওয়া অসম্ভব হয়ে পড়েছে এবং এতে পরাজয় এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।

তিনি বলেন, সংখ্যার দিক থেকে দেখতে গেলেও এটা বোঝা যায়। তারা প্রতিদিন সেনা হারাচ্ছে, কিন্তু নতুন সেনা ভর্তি হচ্ছে না, শক্তিবৃদ্ধি করা হচ্ছে না, রসদ পুনঃসরবরাহ করা হচ্ছে না, কোনো সেনা আর টহল দিতেও ইচ্ছুক নয় এবং প্রতিনিয়ত তারা আক্রমণের মুখে পড়ছে।

যুদ্ধে টিকে থাকতে তারা বিমান হামলার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এখনি সেনাবাহিনীর পরাজয় সম্পর্কে বলা যাচ্ছে না। কারণ শান রাজ্যে সমস্যার মুখে পড়লেও অন্যান্য স্থানে দ্রুতই ঘুরে দাঁড়াচ্ছে সামরিক বাহিনী।




মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এগিয়ে মেয়েরা

চন্দ্রদীপ নিউজ: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। সে মোতাবেক পাস করেছে ৪৯ হাজার ৯২৩ জন। এদের মধ্যে মেয়েরা এগিয়ে রয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) মহাখালীর পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের বিল্ডিংয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

মন্ত্রী জানান, পরীক্ষায় পাস নম্বর পূর্ববর্তী বছরের মতো ৪০ শতাংশ নির্ধারিত ছিল। এর ভিত্তিতে মোট ৪৯ হাজার ৯২৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এবারের পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে পুরুষ প্রার্থী ছিল ২০ হাজার ৪৫৭ জন যা উত্তীর্ণ প্রার্থীর ৪০ দশমিক ৯৮ শতাংশ।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]




তিন মামলায় গ্রেফতার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ

চন্দ্রদ্বীপ ডেস্ক :  রমনা মডেল থানার পৃথক তিন মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে গ্রেফতার দেখান।

অসুস্থ থাকায় আলতাফকে শুনানিতে ভার্চুয়ালি কারাগার থেকে উপস্থিত দেখানো হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তার গ্রেফতার ও জামিন চেয়ে আবেদন করেন। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত শুনানির জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রমনা মডেল থানায় চারটি মামলা হয়। গত ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। ওইদিন তাকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে নাশকতা ও ভাঙচুরের এক মামলায় আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার উপ-পরিদর্শক আবু আনছার। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৯ নভেম্বর এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন নামঞ্জুর করেন। বর্তমানে এ মামলাটিতে জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছে।

 




টিভিতে দেখুন আজকের খেলা

ক্রিকেট

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ২-৩০ মিনিট
টি স্পোর্টস

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ফাইনাল

ভারত-১৯: অস্ট্রেলিয়া-১৯
সরাসরি, দুপুর ২টা
স্টার স্পোর্টস ১

শ্রীলঙ্কা-আফগানিস্তান, দ্বিতীয় ওয়ানডে

সরাসরি, বিকেল ৩টা
টেন ৫

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যাস্টন ভিলা-ম্যানচেস্টার ইউনাইটেড
সরাসরি, রাত ১০-৩০ মিনিট
সিলেক্ট ১

স্প্যানিশ লা লিগা

বার্সেলোনা-গ্রানাদা
সরাসরি, রাত ২টা
স্পোর্টস ১৮