বরিশাল বিশ্ববিদ্যালয়ে এলো ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ ওয়েবসাইট

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদ্বোধন করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ শীর্ষক একটি ওয়েবসাইট। সোমবার (১২ ফেব্রুয়ারি) এ ওয়েবসাইটের উদ্বোধন করেন ববি উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

জানা যায়, এ ওয়েবসাইটে ১৬০০’র অধিক প্ল্যান্ট বিষয়ক ডাটা রয়েছে। এখানে ববির বিভিন্ন প্ল্যান্টের বিস্তারিত বর্ণনা রয়েছে। এ ডাটাগুলো উন্মুক্ত। এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো প্ল্যান্টের অবস্থান কোথায়, তা সহজেই শনাক্ত করা যাবে। ফলে বিভিন্ন গবেষণায় সহায়ক হবে।

ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে এদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস এবং গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সেমিনারে গবেষণা ফলাফল উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ওয়েব-বেইজড ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ প্রণয়ন প্রকল্পের মুখ্য গবেষক বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল কাইউম। সেমিনারে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আইসিটি ডিভিশনের সহায়তায় বরিশাল বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ শীর্ষক প্রকল্পটি পরিচালিত হয়েছে এবং এটি বাংলাদেশের প্রথম ওয়েববেইসড ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ। গুগলের https://rb.gy/54qazz এই লিংকটির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ শীর্ষক ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।




বরিশালে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে এএসআই ক্লোজড

বরিশাল অফিস :: মাদকসহ দুজনকে আটকের পর একজনকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠার পর বরিশালের আগৈলঝাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সালেহকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রয়ারি) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহেমেদ- পিপিএম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একটি অভিযোগের বিষয় তদন্ত করা হচ্ছে। আর তদন্তের স্বার্থেই প্রশাসনিক কারণে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সালেহকে আগৈলঝাড়া থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্স এ সংযুক্ত করা
হয়েছে।

এ বিষয়ে গৈলা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, মাদকসহ দুজনকে আটকের পরে একজনকে ছেড়ে দেওয়ার কথা শুনেছি। মাদক বহন ও সেবন একই অপরাধ। মাদকের বিরুদ্ধে কেউ সুপারিশ করলে তাকেও আইনের আওতায় আনা প্রয়োজন।

বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি জানান, এএসআই আবু সালেহ যদি মাদকসহ আটক করে কাউকে ছেড়ে দিয়ে থাকেন, তবে তথ্য
প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে অবশ্যই নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদে সাদা ও নিল প্যানেল থেকে ২২ জন নির্বাচনে লড়াই করবেন

বরিশাল অফিস ::আসন্ন ২০২৪-২৫ ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে সভাপতি ও সম্পাদক সহ প্রার্থীরা পৃথক পৃথক ছাড়াও চলছে প্যানেল ভিত্তিক জোড়ে সোড়ে প্রচার প্রচারনা।

বরিশাল বারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নিল প্যানেল) সহ আইনজীবী সমিতির ১১টি কার্যকরি পরিষদের পদে ২ জন সভাপতি ও ২ জন সাধারন সম্পাদক সহ ২২ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্ধন্ধিতা করছেন।

আগামী (১৫) ফেব্রয়ারি বৃহস্পতিবার বরিশাল আইনজীবী সমিতির ২০২৪-২৫ নির্বাচনে অঘোষিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থিত নিল প্যানেলের সভাপতি পদে লড়ছেন এ্যাড, সাদিকুর রহমান লিঙ্কন ও সাধারন সম্পাদক পদে নির্বাচন করছেন এ্যাড. মির্জা মোঃ রিয়াজ হেসেন।

অন্যদিকে অঘোষিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে লড়াই করবেন এ্যাড. মোঃ গোলাম কবির বাদল ও সাধারন সম্পাদক পদে লড়ছেন এ্যাড. খান মোঃ মোর্শেদ।

এছাড়া সাদা প্যানেল থেকে সহ সভাপতি পদে অসিত রঞ্জন দাস, আমিরুল ইসলাম থান মঞ্জু,অর্থ সম্পাদক ১টি পদেমোঃ মিজানুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক ২টি পদে প্রদিপ কুমার রায় উজ্জল ও ইমতিয়াজ আহমেদ।

সদস্য পদে প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন সজল মাহমুদ,মোঃ মিলন ভূইয়া,মোঃ সোহেল রানা শান্ত ও নুপুর রানি ভদ্র। নিল প্যানেলের প্রাথীরা হচ্ছেন সহ সভাপতি পদে ২ জন অসিম কুমার বাড়ৈ ও মোঃ তরিকুল ইসলাম। অর্থ সম্পাদক ১টি পদে মোঃ ফরিদ উদ্দিন।

যুগ্ম সম্পাদকের ২টি পদে মোঃ মনির হোসেন ও মোঃ রাকিব হাসান। সদস্য পদে লড়ছেন মোঃ রিয়াজুল হক,মোঃ মাইনুল ইসলাম সজল,আবুল খায়ের রতন ও ফাহাদ বিন আহসান। এবারের নির্বাচনে ৯শত ৬৫ জন ভোটার সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হবে। দুপুরে মধ্য খাবার বিরতীর পর পুনরায় আবার দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটার গণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আইনজীবী সমিতিতে নতুন নেতৃতদেরকে নির্বাচিত করবেন।




বরিশালে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

বরিশাল অফিস :: বরিশালের বাকেরগঞ্জে কিশোরীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করার মামলায় দুজনকে দুই ধারায় যাবজ্জীবন এবং ১৪ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ ফেব্রয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইবুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পূর্ব ভাতশালা গ্রামের আউয়াল রাঢ়ি ও তৌকির সন্যামত। আদালতের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারের বরাতে তিনি বলেন, ২০১৪ সালের ৭ জুন সন্ধ্যায় প্রেমের সম্পর্কে ১৬ বছর বয়সী কিশোরী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে লঞ্চে চড়ে বাকেরগঞ্জ ডিসি ঘাটে নামে। সেখানে নামার পর প্রেমিকাকে লঞ্চঘাটে রেখে প্রেমিক টাকা আনতে যায়। এ সময় আউয়ালসহ কয়েকজন প্রেমিককে মারধর করে কিশোরীকে অপহরণ করে। পরে পশ্চিম ভাতশালা গ্রামের শংকর সাধুর বাড়ির পুকুর পাড়ে নিয়ে তৌকির ও আউয়াল ধর্ষণ করে। পরে কিশোরীকে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে।

কিশোরীর কাছ থেকে ঘটনা শুনে তৌকির ও আউয়ালকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে কিশোরী বাদী হয়ে দুজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করে। বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাছুম তালুকদার একই বছরের ৫ আগস্ট দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক সাক্ষ্য-প্রমাণ শেষে আজ সোমবার এ রায় প্রদান করে।

আদালতের বেঞ্চ সহকারী আরও বলেন, রায়ে অপহরণের অভিযোগে দুজনকে ১৪ বছর করে কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ধর্ষণের অভিযোগে দুজনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি দুজনই আদালতে উপস্থিত ছিলেন।




নান্নু অধ্যায়ের সমাপ্তি, নতুন প্রধান নির্বাচক লিপু

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরেই। তবে এরপরে নতুন কমিটি ঘোষণা না করায় দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তিনি।

এর আগেও মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি করার ঘটনা আছে। তাই নান্নু অধ্যায়ের পরিসমাপ্তি হয়ে যাবে, সেটা বলা যাচ্ছিল না।

কিন্তু শেষ পর্যন্ত তেমনটাই হলো। প্রধান নির্বাচক হিসেবে নান্নুর সঙ্গে আর নতুন করে চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে।

এদিকে নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন হাবিবুল বাশারও। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক। তার সঙ্গে প্যানেলে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার।




জিআই পেল আরও ৪ পণ্য

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আরও চারটি পণ্যকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়ে জার্নাল প্রকাশিত হয়েছে। পণ্য চারটি হলো- রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর, মৌলভীবাজারের আগর আতর ও মুক্তাগাছার মন্ডা। এ নিয়ে বাংলাদেশে অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো ২৮টি। সোমবার (১২ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

২০০৩ সালে বাংলাদেশে এ কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর (ডিপিডিটি) যাত্রা শুরু করে। বর্তমানে একে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তর (ডিপিডিটি) নামে অভিহিত করা হয়। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের ফলে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ পাস হয়। এর দুই বছর পর ভৌগোলিক নির্দেশক পণ্য বিধিমালা, ২০১৫ প্রণয়ন করা হয়।

২০১৬ সালে জামদানি শাড়িকে বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর স্বীকৃতি পায় আরও ২০টি পণ্য।

সেগুলো হলো- বাংলাদেশের ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুর কাটারীভোগ, বাংলাদেশ কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের বাগদা চিংড়ি, বাংলাদেশের শীতল পাটি, বগুড়ার দই, শেরপুরের তুলশীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই ও কুষ্টিয়ার তিলের খাজা।

সম্প্রতি অনুমোদিত তিনটি পণ্য টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার অনুমোদনের কপি ও জার্নাল গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এতে জিআই পণ্যের সংখ্যা হয় ২৪টি। আজ ৪টি জিআই পণ্যের জার্নাল প্রকাশিত হওয়ায় মোট অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো ২৮টি।

এছাড়া আরও দুটি পণ্য জিআই পণ্য হিসেবে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলো হলো- জামালপুরের নকশিকাঁথা এবং যশোরের খেজুর গুড়। আগামী সপ্তাহে এই দুটি পণ্যের জার্নাল প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে।




নেতৃত্ব ছাড়লেন সাকিব, তিন ফরম্যাটেই অধিনায়ক শান্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিষয়টা অনুমিতই ছিল। সাকিব আল হাসান ওয়ানডে বিশ্বকাপের আগেই বলেছিলেন নেতৃত্বে আর থাকবেন না। তবে সাকিব সব ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন, নাকি কেবল ওয়ানডেতে সেটাই ছিল দেখার।

অবশেষে জানা গেলো, তিন ফরম্যাটেই দায়িত্ব ছেড়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে নাজমুল হোসেন শান্তর নাম।




বরিশালে একুশ উদযাপনের প্রস্ততি সভা

বরিশাল অফিস :: অমর একুশে ফেব্রুয়ারি ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২) ফেব্রয়ারি দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ চুন্নু ফকির, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, সৈয়দ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন প্রমূখ। সভায় বিভিন্ন
দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




বরিশালে দুস্থ, অসহায়দের আর্থিক সহায়তা প্রদান

বরিশাল অফিস :: বরিশাল জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা অধিদফতরে আয়োজনে সোমবার( ১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মঞ্জুরীকৃত ২০২৩-২০২৪ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়।

১২২ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৪ লাখ ৭ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন,প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বরিশাল জেলা সমাজসেবা অধিদফতর উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল স্থানীয় সরকার উপপরিচালক গৌতম বাড়ৈ, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই,বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক দুঃস্থ অসহায় মানুষের চিকিৎসা এবং লেখা পড়ার জন্য এই অর্থ বিতরণ করেন।




মন্ত্রিসভার আকার বাড়তে পারে: ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচনের পর মন্ত্রিসভার আকার বাড়তে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রিসভার পরিধি বাড়ছে, এমন একটা কথা শোনা যাচ্ছে, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে এখানে সময় মতো কিছু জায়গায় যেমন শ্রম মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় (যেখানে এখনও মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেওয়া হয়নি) এগুলোতে কোনো না কোনো সময় মন্ত্রী আসবে।’

তিনি বলেন, ‘এটা আমার মনে হয় সংরক্ষিত মহিলা আসনগুলো আসার পরে, মন্ত্রী আসতে পারে। সেই হিসেবে এরপরে চিন্তা-ভাবনা। প্রধানমন্ত্রীর এখতিয়ারে তিনি এটা করবেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, স্বতন্ত্র ৬২ এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে।

গত ১১ জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

খালি রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

আরও নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগের জন্য এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। প্রস্তুত রাখা হয়েছে ১২টি গাড়ি। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাওয়ার অপেক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

এরই মধ্যে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ১৪ মার্চ। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত নিজেদের প্রাপ্য আসনগুলোয় একক প্রার্থী মনোনয়ন দেয় দল বা জোটগুলো। ফলে এখানে ভোটের প্রয়োজন হয় না।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।