নুরের সুস্থ হতে আরও ৪-৬ সপ্তাহ লাগতে পারে : ঢামেক পরিচালক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, নুরের সম্পূর্ণ সুস্থ হতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। তবে চাইলে কয়েকদিন পর থেকেই পরিবার তাকে বাসায় নিয়ে যেতে পারবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ঢামেক পরিচালক বলেন, নুরুল হক নুরকে গত ২৯ আগস্ট আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে শারীরিক উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

তিনি জানান, নুরের নাকে হাড় ভাঙার কারণে মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে। এছাড়া ম্যাক্সিলায় একটি ফ্র্যাকচার রয়েছে, যা সম্পূর্ণ সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে। তবে নাক ও মুখের হাড় ভাঙলেও কোনো বড় ধরনের জটিলতা নেই।

চোখের আঘাত প্রসঙ্গে তিনি বলেন, চোখের নিচে জমে থাকা রক্ত ইতোমধ্যে স্বাভাবিক হয়ে গেছে। মাথার আঘাতও ছিল সামান্য এবং সিটি স্ক্যানে দেখা যায় জমে থাকা রক্ত শোষিত হয়ে গেছে।

বর্তমানে নুর হালকা জ্বর ও ঠান্ডায় ভুগছেন বলে জানান পরিচালক। তিনি বলেন, মৌসুমি জ্বর কিংবা ডেঙ্গু হতে পারে। এজন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাথায় আঘাতের কারণে শর্ট মেমোরি লস হওয়ার অভিযোগ সঠিক নয়। এ ধরনের আঘাত থেকে এ সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, নুরকে বিদেশে চিকিৎসার বিষয়ে পরিবার চাইলে দেশের বাইরে নিতে পারবে। তবে চিকিৎসার বর্তমান অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নেপালে বিক্ষোভে সহিংসতা, কাঠমান্ডুতে সেনা মোতায়েন : নিহত ৬

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। এ পর্যন্ত সহিংসতায় অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম সরকারিভাবে নিষিদ্ধ করা হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রথমে বাণেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হয় এবং দ্রুত পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে।

বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম। তারা দুর্নীতি বন্ধ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। অপরদিকে বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল ও পানির বোতল নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। অনেকেই সরকারবিরোধী স্লোগান দিতে দিতে জাতীয় সংসদ ভবনের ভেতরেও প্রবেশ করেন।

সহিংসতার কারণে কাঠমান্ডু জেলা প্রশাসন দুপুর সাড়ে ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করেছে। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ অমান্য করে হাজারো মানুষ সড়কে নেমে আসেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা করছে সেনা ও পুলিশ বাহিনী।

পরিস্থিতি উত্তপ্ত থাকায় দেশজুড়ে উদ্বেগ বাড়ছে এবং আন্তর্জাতিক মহল গভীরভাবে ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় মাওলানা নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি, সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ভোলা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। এ ঘটনায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ রাস্তায় নেমে নোমানীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের কালীনাথ রায়ের বাজার সংলগ্ন হাটখোলা মসজিদের সামনে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদের মুসুল্লি, ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

প্রতিবাদকারীরা বলেন, মাওলানা নোমানী ছিলেন একজন সৎ, নীতিবান ও ইসলামী শিক্ষার প্রচারক। তাকে নৃশংসভাবে হত্যা করে গোটা সমাজকে স্তম্ভিত করা হয়েছে। অবিলম্বে তার হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ শেষে নিজ বাসায় ফেরার পর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। হত্যার সময় তিনি ঘরে একাই ছিলেন। এই নৃশংস ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় নারীর চুল কেটে জুতার মালা পরানো, আটক ৪ জন

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগ তুলে এক নারীর চুল কেটে তাকে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতোমধ্যে চারজনকে আটক করেছে। ঘটনাটি ঘটে উপজেলার মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায়।

ভুক্তভোগীর মা জানান, শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে স্থানীয় শিহাব নামের এক ব্যক্তি তার মেয়ের ঘরে এসে “চোর ধরেছেন” বলে দরজা খোলার অনুরোধ করেন। দরজা না খোলায় ৪-৫ জন লোক ঘরের টিন ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পরকীয়ার অভিযোগ তুলে তার মেয়ে ও স্থানীয় ইদ্দিক মাঝিকে ধরে নিয়ে যায় এবং স্থানীয় একটি বাজারে আটকে রাখে।

পরদিন সকালে নতুন বাজার এলাকায় নিয়ে গিয়ে কয়েকজন নারী ভুক্তভোগীর চুল কেটে দেন। পরে স্থানীয় জলিল, নূরন্নবী, বশির ও মানিকা ইউনিয়ন বিএনপির নেতা মো. কবির তাকে জুতার মালা পরিয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযুক্ত নেতা মো. কবির জানান, ওই নারীকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। পরে জনতার চাপের মুখে বিচার করতে গিয়ে ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটকরা হলেন—আব্দুর রশিদ, ইসমাইল, মেদেহী হাসান ও মো. সিরাজ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ জমা দিয়েছে। ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বরিশালের বাকেরগঞ্জে কবর থেকে খাটিয়া সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মামা-ভাগনে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সোমবার সকালে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রবীণ বাসিন্দা আনিস হাওলাদার (৯০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। দাফন-কাফনের জন্য ঢাকায় কর্মরত নাতি সরোয়ার হাওলাদার (২২) ও মামা ফিরোজ সিকদার (২৮) বাড়িতে আসেন। বিকেলে জানাজা শেষে কবর খোঁড়া হলেও কিছু আত্মীয়স্বজন দেরিতে পৌঁছানোয় লাশ উঠোনে রাখা হয়। সন্ধ্যা ঘনিয়ে আসায় কবরস্থানে আলো জ্বালাতে সরোয়ার বিদ্যুতের তার টেনে কবরের পাশে লাইট সংযোগ দেন।

পরে লাশ দাফনের পর স্টিলের খাটিয়া সরাতে গেলে সরোয়ার ও ফিরোজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা আরও দুজন অক্ষত থাকলেও তারা ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সোমবার সকালে একসঙ্গে জানাজা শেষে মামা-ভাগনেকে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হঠাৎ এ মৃত্যুতে এলাকায় নেমে আসে গভীর শোক।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পিরোজপুরের মুকাদ্দাসের খোঁজে আজও স্বজনদের প্রতীক্ষা

পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারী গ্রামের মেধাবী শিক্ষার্থী আল-মুকাদ্দাস গুম হওয়ার ১৩ বছর পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। স্বজনরা এখনও বিশ্বাস করেন, একদিন হয়তো মুকাদ্দাস ফিরে আসবে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল’ (এলএলবি) অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন মুকাদ্দাস। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক সম্পাদকও ছিলেন। ২০১২ সালের ২ ফেব্রুয়ারি বন্ধু ওয়ালিউল্লাহকে সঙ্গে নিয়ে ঢাকায় যান। ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় কল্যাণপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ওঠার পর সাভারের নবীনগরে র‌্যাব ও ডিবি পরিচয়ে কয়েকজন সদস্য বাস থেকে নামিয়ে দু’জনকে নিয়ে যায়। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেননি।

বাসের সুপারভাইজার জানিয়েছিলেন, অভিযানে নেতৃত্বদানকারীর গায়ে থাকা প্লেটে লেখা ছিল “জামান”। ঘটনার পরপরই পরিবার পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে ধরণা দিয়েও কোনো সাড়া পাননি। এমনকি ঢাকার দারুসসালাম থানায় সাধারণ ডায়েরিও করা হয়।

মুকাদ্দাসের বাবা অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম অভিযোগ করেন, র‌্যাবের একটি চক্র তাদের ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গেছে। তাদের কাছে মনে হয়েছিল—এ যেন আয়নাঘর। কখনো দেখেছেন, মাথায় কালো কাপড় ঢাকা কোনো বন্দিকে টেনে হিঁচড়ে এক রুম থেকে আরেক রুমে নেওয়া হচ্ছে। ধারণা করেন, সেখানেই হয়তো মুকাদ্দাস ছিলেন।

পরিবারের প্রশ্ন—মুকাদ্দাস ও তার বন্ধু ওয়ালিউল্লাহকে কোথায় রাখা হলো? তারা কি জীবিত, নাকি নিহত হয়ে অচিহ্নিত কোনো কবরেই লুকিয়ে রাখা হলো? এ বিষয়ে রাষ্ট্র বা প্রশাসনের কেউ আজও কোনো জবাব দেয়নি।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ একসময় ৭৬ জন গুমের শিকার ব্যক্তির তালিকা বাংলাদেশ সরকারকে দেয়। সেই তালিকায় মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহর নামও ছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় গুমের অভিযোগ অস্বীকার করে এসেছে।

মুকাদ্দাসের বাবা বলেন, “যারা দেশের শত শত মানুষকে গুম করেছে তাদের বিচার দেখে যেতে চাই।”

২০২৪ সালের ২৭ আগস্ট অন্তর্বর্তী সরকার গুমের ঘটনাগুলো তদন্তে একটি কমিশন গঠন করে। এরপর থেকে নতুন আশার আলো দেখেছেন মুকাদ্দাসের মা আয়েশা ছিদ্দিকা। প্রতিদিন তিনি মনে করেন, কোনো একদিন ছেলের ফোন আসবে—‘মা আমি আসছি’।

তবে সেই প্রতীক্ষার অবসান ঘটেনি। এখনো অপেক্ষায় মুকাদ্দাসের স্বজনরা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ফেসবুক আইডি ডিজেবল ছাত্রদলের আবিদ-হামিম-মায়েদের

চন্দ্রদ্বীপ ‍নিউজ..   ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার।

এর ঠিক আগের দিন ছাত্রদল মনোনীত ভিপি, জিএস ও এজিএসপ্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

প্রথমে আবিদুল ইসলাম খানের আইডি ডিজেবল হয়। সোমবার (০৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি সকালে একবার ডিজেবল করে দেয়ার পর পুনরুদ্ধার করা হয়েছিল। এখন আবারো ডিজেবল করে দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। আপনারা পাশে থাকলে, কোন ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না।’

এরপর শেখ তানভীর বারী হামিমের আইডিও বিকল হয়। তাদের আইডি যাওয়ার বিষয়টা ফেসবুকে জানান তানভীর আল হাদী মায়েদ। এরপর তার আইডিও ডিজেবল হয়ে পড়ে।

এদের মধ্যে হামিম অবশ্য তার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন, বারংবার সাইবার এ্যাটাকের মাধ্যমে আইডি ডিজেবলড করা হচ্ছে।প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ- আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ- দেখা হবে বিজয়ে!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণাকালে কোনো কোনো ক্ষেত্রে অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং এবং ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষত ছাত্রী প্রার্থীদের নিয়েও নানাভাবে সাইবার বুলিংয়ের ঘটনা ঘটছে। যা মানবাধিকার পরিপন্থি।’

সেখানে আরও যোগ করা হয়, ‘কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে রিটার্নিং কর্মকর্তাগণ কর্তৃক গঠিত ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। রিটার্নিং কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সাইবার বুলিং কিংবা অপপ্রচারের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।’

 




পবিপ্রবিতে ডিগ্রি একীভূতকরণে প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষোভ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ‘ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)’ এবং ‘বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি’—এই দুটি পৃথক ডিগ্রি একীভূত করে নতুন করে চালু করা হয়েছে ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’ নামে একটি সম্মিলিত কোর্স।

এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, আদালতের নির্দেশে স্বীকৃত ডিগ্রিকে কোনো আলোচনা ছাড়াই বাতিল করা হয়েছে, যা তারা আদালত অবমাননা এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বলে মনে করছেন।

গত রবিবার (৭ সেপ্টেম্বর) অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। তাদের লিফলেটে উল্লেখ করা হয়, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এখনও এ ধরনের একীভূতকরণ হয়নি। বিশেষ করে ডিভিএম শিক্ষার্থীরা সিলেবাসে পরিবর্তনের পক্ষে থাকলেও ডিগ্রির নাম অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, পবিপ্রবির এ সিদ্ধান্ত ধাপে ধাপে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বাতিলের একটি কৌশল মাত্র।

প্রাক্তন শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী, সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠন এবং স্টেকহোল্ডারদের মতামত নেওয়া উচিত ছিল। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রমূলক এই প্রক্রিয়া অব্যাহত থাকলে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




৪৭ লাখ টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

চন্দ্রদীপ নিউজ.চোরাচালান একটি দেশের অর্থনীতির বিষফোড়া  আরা তাই দেশের সীমান্ত রক্ষীরা প্রতিনিয়ত এই চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসাবে টেকনাফে ৪৭ লাখ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রবিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি ডিঙি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪৫ লাক ৮৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের৩০৪.৮৬ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করা হয়।

জব্দ স্বর্ণ, পাচারকাজে ব্যবহৃত ডিঙি বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




পটুয়াখালীর বগা ফেরিতে বকশিশের নামে অতিরিক্ত ভাড়া আদায়!

পটুয়াখালীর বগা ফেরিতে সরকারি ইজারা বাতিলের পরও থামেনি চাঁদাবাজি। প্রতিদিন পরিবহন চালক ও সাধারণ যাত্রীদের কাছ থেকে বকশিশের নামে লাখ টাকার সমপরিমাণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা ফেরি পরিচালনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি পরিচালনার দায়িত্বে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চারজন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত থাকলেও অতিরিক্ত আরও ১০ জন স্থানীয় লোকজনকে দায়িত্বে বসানো হয়েছে। অভিযোগ উঠেছে, তারা সিন্ডিকেট গড়ে যাত্রী ও পরিবহন থেকে জোরপূর্বক বকশিশ আদায় করছে। ফেরিতে দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী মোস্তাফিজুর রহমান, ওয়ার্ক সুপারভাইজার এনামুল, গ্রীজার সেলিম এবং শ্রমিক সাব্বির। আর বকশিশ আদায়কারী সিন্ডিকেটে শাহী, বাদল, রফিক, কাইয়ুম, নুরুজ্জামান, রাকিব, কবির, জাফর, জুলহাস, সালেহ ও শাহ আলমের নাম এসেছে।

অভিযোগ অনুযায়ী, প্রতিদিন গড়ে ১০০টি গাড়ি থেকে ৫০ টাকা করে ৫ হাজার টাকা, ৫০টি ট্রাক থেকে ২ হাজার ৫০০ টাকা, এবং মিনিবাস, পিকআপ, কভার্ড ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটো ও টমটমসহ সব মিলে প্রায় ১৬ থেকে ২০ হাজার টাকা উঠছে। এতে প্রতিদিন উল্লেখযোগ্য অঙ্কের অর্থ অতিরিক্ত ভাড়ার নামে হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট।

বাউফল-ঢাকা রুটের পরিবহন সুপারভাইজার কবির হোসেন বলেন, “বকশিশ না দিলে ফেরির লোকজন আমাদের নাজেহাল করে। ভাড়া দেওয়ার পরও অতিরিক্ত টাকা দিতে হয়।” একই অভিযোগ করেছেন বিভিন্ন গাড়ির চালকরা।

পিকআপ চালক মোশাররফ জানান, ফেরিতে ওঠার সঙ্গে সঙ্গে কয়েকজন শ্রমিক গাড়ির সামনে দাঁড়িয়ে অতিরিক্ত ৫০ টাকা দাবি করে। অস্বীকৃতি জানালে হুমকি দেওয়া হয়। নাজেহালের ভয়ে দূর-দূরান্ত থেকে আসা চালকরা বাধ্য হয়ে টাকা দিতে রাজি হন। এমনকি মোটরসাইকেল চালকদের কাছ থেকেও নির্ধারিত ১০ টাকার সঙ্গে আরও ১০ টাকা বকশিশ আদায় করা হচ্ছে।

ভুক্তভোগী যাত্রী ও চালকরা বলছেন, সরকারি নির্ধারিত ভাড়া থাকলেও ফেরিতে চাঁদাবাজি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষ অতিরিক্ত ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী মো. জামিল হোসেন বলেন, “জনবল সংকটের কারণে স্থানীয় কয়েকজনকে দিয়ে টোল আদায়ের কাজ করা হচ্ছে। তবে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। কেউ বকশিশ আদায় করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, অবিলম্বে এ চাঁদাবাজি বন্ধ করে ফেরি পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত না করলে বড় ধরনের আন্দোলন গড়ে উঠতে পারে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম