চার ধাপে উপজেলায় ভোট, জেলায় ভোট হবে তিন পর্বে: সিইসি

চন্দ্রদীপ নিউজ: ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হবে। আগামী ৪ মে প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ভোট শুরু হচ্ছে। এবার দেশের ছয়টি নির্বাচনি অঞ্চলের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে তা আনুষ্ঠানিকভাবে জানাল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে চারটি ধাপে কোন জেলার কোন উপজেলার ভোট কবে হবে বুধবার সন্ধ্যার দিকে ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তালিকায় রয়েছে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের উপজেলাগুলো। তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলার তালিকা পরবর্তীতে জানাবে কমিশন।

এবারই প্রথমবারের মতো প্রতি জেলায় তিন পর্বে ভোট করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, আমার সহকর্মীরা চমত্কার কাজ করেছেন, একটা জেলার মধ্যে তিনটা পর্বে উপজেলা নির্বাচন করব। ভারতে যেমন তিন মাস ধরে হয়, আর এখানে তিনটা পর্বে হবে, একই জেলায়। একই ডিসি, একই পুলিশ সুপারের অধীনে নির্বাচন করা যায়, তাহলে নির্বাচনকে অনেক সহজ করে দেবে। একই জেলার মধ্যে হওয়ার কারণে প্রশাসনের জন্য এটা সহজ হয়ে যাবে। ভোটার আসছে কি না, সহিংসতার সম্ভাবনা আছে কি না, এমন বিষয় পর্যালোচনা করে কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। এবারই প্রথম বারের মতো উপজেলায় এটা প্রয়োগ হচ্ছে।

সম্প্রতি ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি ঘোষিত তালিকা অনুযায়ী, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১, তৃতীয় ধাপে ৭৭ ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরে প্রকাশ করা হবে। বর্তমানে নির্বাচন উপযোগী উপজেলার সংখ্যা ৪৫২টি। আজকালের মধ্যে উপজেলা পরিষদের নির্বাচনের বিস্তারিত তপসিল ঘোষণা করবে ইসি।

প্রথমধাপে যে ১০৮ উপজেলায় ভোট :জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর; বগুড়ার সারিয়াকান্দা, সোনাতলা ও গাবতলী; চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁর ধামইরহাট, পত্নীতলা, মহাদেবপুর ও বদলগাছী; রাজশাহীর গোদাগাড়ী ও তানোর; নাটোরের নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া; সিরাজগঞ্জের সিরাজগঞ্জ সদর, কাজীপুর ও বেলকুচি; পাবনার সাঁথিয়া, সুজানগর ও বেড়া; পঞ্চগড়ের পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোরিয়া; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও হরিপুর; নীলফামারীর ডোমার ও ডিমলা; দিনাজপুরের ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর; লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা; রংপুরের কাউনিয়া ও পীরগাছা; কুড়িগ্রামের রৌমারী, চররাজিবপুর ও চিলমারী; গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি; মেহেরপুরের মেহেরপুর সদর ও মুজিবনগর; কুষ্টিয়ার খোকসা, কুষ্টিয়া সদর ও কুমারখালী; চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা; ঝিনাইদহের ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ; যশোরের মনিরামপুর ও কেশবপুর; মাগুরার মাগুরা সদর ও শ্রীপুর; নড়াইলের কালিয়া; বাগেরহাটের বাগেরহাট সদর, রামপাল ও কচুয়া; সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগর; বরিশালের বরিশাল সদর ও বাকেরগঞ্জ; পিরোজপুরের মঠবাড়ীয়া ও ভাণ্ডারিয়া; ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ; গোপালগঞ্জের গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গীপাড়া; নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ সদর ও বন্দর; গাজীপুরের গাজীপুর সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া; রাজবাড়ীর কালুখালী ও পাংশা; মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর; ফরিদপুরের চরভদ্রাসন, মধুখালী ও ফরিদপুর সদর; মাদারীপুরের মাদারীপুর সদর, শিবচর ও রাজৈর; শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ; নরসিংদীর নরসিংদী সদর ও পলাশ; টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর; মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া; কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া; ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর; জামালপুরের জামালপুর সদর ও সরিষাবাড়ী; শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী; নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা।

দ্বিতীয় ধাপে যে ১২১ উপজেলায় ভোট :জয়পুরহাটের জয়পুরহাট সদর ও পাঁচবিবি; বগুড়ার দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ; নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর; রাজশাহীর পুঠিয়া, বাগমারা ও দুর্গাপুর; নাটোরের লালপুর ও বাগাতিপাড়া; সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ; পাবনার চাটমোহর, ভাংগুড়া ও ফরিদপুর; পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ; ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল; নীলফামারীর সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা; দিনাজপুরের বিরল, কাহারোল, বীরগঞ্জ ও বোচাগঞ্জ; লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী; রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ; কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও কুড়িগ্রাম সদর; গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও গাইবান্ধা সদর; মেহেরপুরের গাংনী; কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর; চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা; ঝিনাইদহের হরিণাকুণ্ড ও শৈলকুপা; যশোরের চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা; মাগুরার শালিখা ও মহম্মদপুর; নড়াইলের নড়াইল সদর ও লোহাগড়া; বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী; খুলনার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা; সাতক্ষীরার তালা, দেবহাটা ও আশাশুনি; বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর ও বানারিপাড়া; পটুয়াখালীর দশমিনা, গলাচিপা ও বাউফল; পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ; ভোলার বোরহানউদ্দিন, ভোলা সদর ও দৌলতখান; ঝালকাঠির ঝালকাঠি সদর ও নলছিটি; বরগুনার বেতাগী ও বরগুনা সদর; ঢাকার সাভার ও ধামরাই; গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর; নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার; গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর; রাজবাড়ীর রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি; মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর; ফরিদপুরের নগরবান্দা ও সালথা; মাদারীপুরের কালকিনি ও ডাসার; শরীয়তপুরের শরীয়তপুর সদর ও জাজিরা; নরসিংদীর বেলাবো ও মনোহরদী; টাঙ্গাইলের ভূঞাপুর, কালিহাতি ও ঘাটাইল; মুন্সীগঞ্জের লৌহজং ও টুঙ্গিবাড়ী; কিশোরগঞ্জের কটিয়াদি, নিকলী ও অষ্টগ্রাম; ময়মনসিংহের ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর; জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; শেরপুরের নালিতাবাড়ী ও নকলা; নেত্রকোনার নেত্রোকোনা সদর, পূর্বধলা ও বারহাট্রা।

তৃতীয় ধাপে যে ৭৭ উপজেলায় ভোট : বগুড়ার বগুড়া সদর, শাজাহানপুর, শিবগঞ্জ; নওগাঁর আত্রাই ও রাণীনগর; রাজশাহীর পবা ও মোহনপুর; নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম; সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী; পাবনার পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী; ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ; নীলফামারীর নীলমাফামী সদর, দিনাজপুরের দিনাজপুর সদর, খানসামা, চিরিরবন্দর; লালমনিরহাটের লালমনিরহাট সদর; রংপুরের রংপুর সদর ও গংগাচড়া; কুড়িগ্রামের ফুলবাড়ী, ভুরুঙ্গমারী ও নাগেশ্বরী; গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ; যশোরের যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া; বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; সাতক্ষীরার কলারোয়া ও সাতক্ষীরা সদর; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী; পিরোজপুরের পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী; ভোলার তজুমদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা; মানিকগঞ্জের মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া; ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর, শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট; নরসিংদীর শিবপুর ও রায়পুরা; টাঙ্গাইলের টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর; মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর; কিশোরগঞ্জের ইটনা, তাড়াইল, করিমগঞ্জ ও মিঠামইন; ময়মনসিংহের ফুলবাড়িয়া, ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল; জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ; নেত্রকোনার মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি।

চতুর্থ ধাপে যে ৩৮টি উপজেলায় ভোট : বগুড়ার নন্দীগ্রাম, শেরপুর ও ধুনট; নওগাঁর নওগাঁ সদর ও মান্দা; রাজশাহীর চারঘাট ও বাঘা; সিরাজগঞ্জের কামারখন্দ ও রায়গঞ্জ; দিনাজপুরের ফুলবাড়িয়া, পার্বতীপুর ও নবাবগঞ্জ; রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ; খুলনার রূপসা, দাকোপ ও বটিয়াঘাটা; বরিশালের মুলাদী ও হিজলা; পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী; ভোলার মনপুরা ও চরফ্যাশন; বরগুনার আমতলী ও তালতলী; ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারী; টাঙ্গাইলের মির্জাপুর, বাসাইল ও সখিপুর; কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব; ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও ও নান্দাইল এবং নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া উপজেলা।




চট্টগ্রামকে হটিয়ে তৃতীয় স্থানে বরিশাল

বরিশাল অফিস :: চলতি বিপিএলে দুর্দান্ত শুরু ছিল ফরচুন বরিশালের। তবে হ্যাট্রট্রিক হারের পর কিছুটা ছন্দ হারিয়েছিল তামিম-মিরাজরা। কিন্তু আসরে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল। নয় ম্যাচের পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রামকে হটিয়ে টেবিলের তৃতীয় স্থান দখল করেছে তামিম ইকবালের দল। নবম ম্যাচে ঢাকাকে ২৭ রানে হারিয়েছে বরিশাল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ঢাকাকে ১৮৭ রানের বড় লক্ষ্য দেয় বরিশাল। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৫৯ রান তুলতে পারে। এতে ২৭ রানের জয় পায় বরিশাল। ফলে দশম ম্যাচ খেলে নয়টিতেই হারল ঢাকা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। ৪ বলে ১০ রান করে আউট হন নাঈম শেখ। ২ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার অ্যাডাম রোসিংটন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাইফ হাসানও। ৪ বলে ২ রান করে আউট হন ডান হাতি ব্যাটার।

সেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অ্যালেক্স রোস। তবে ইনিংস বড় করতে পারেনি উইলিয়ামস। ১৫ বলে ১২ রান করে আউট হন তিনি। ৯ বলে ৬ রান করে তাকে সঙ্গ দেন এসএম মেহরোব। অধিনায়ক মোসাদ্দেক হোসেন করেন ১০ বলে ৮ রান।

৩ বলে ৬ রান করে আশা যাওয়ার মিছিলে যোগ দেন আলাউদ্দিন বাবুও। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ফিফটি পূরণ করেন রোস। তাকে সঙ্গ দেন তাসকিন আহমেদ। ১২ বলে ১০ রান করে আউট হন তাসকিন।

শেষ ওভারে দুর্দান্ত ঢাকার জয়ের জন্য দরকার ছিল ৫১ রান। তাই আগেই ম্যাচ হেরে গিয়েছিল রাজধানীর দল। তবে শেষ ছয় বলে ২৩ রান তোলেন রোস। এতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পারে ঢাকা। এতে ২৭ রানের জয় পায় বরিশাল। ৪৯ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন অ্যালেক্স রোস।

ফরচুন বরিশালের হয়ে সাইফউদ্দিন ও খালেদ আহমেদ তিনটি করে উইকেট শিকার করেন । এ ছাড়াও কেশব মহারাজ ও ওবেদ ম্যাকয় একটি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২২ বলে ২৪ রান বরিশালের ওপেনার আহমেদ শেহজাদ আউট হলে, ব্যাট চালাতে থাকেন লোকালবয় তামিম ইকবাল। ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।

২৩ বলে ২৮ রান করেন সৌম্য সরকার। শেষ পর্যন্ত শোয়েব মালিকের ৯ বলে ১০ রান এবং সাইফউদ্দিনের ৬ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৮৬ রানের বড় পুঁজি পায় বরিশাল।




সুপারের অবহেলায় পরীক্ষা অনিশ্চিত এক মাদ্রাসা শিক্ষার্থীর

বরিশাল অফিস :: পটুয়াখালীর বাউফল উপজেলার কর্পূরকাঠী মানছুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরউল্লাহর অবহেলার কারণে লামিয়া নামের এক দাখিল শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার(১৪ ফেব্রুয়ারি) ভুক্তভোগী দাখিল পরীক্ষার্থী লামিয়া এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় লামিয়া বাংলা বিষয়ে অকৃতকার্য হন। এবার সে পূণরায় বাংলা বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন। সুপার নুরউল্লাহ ফরম পূরণের জন্য লামিয়ার কাছ থেকে ৭০০ টাকা নেন। কিন্তু সুপার ফরম পূরণ সম্পন্ন না করায় লামিয়ার প্রবেশপত্র আসেনি।

মঙ্গলবার মাদ্রাসায় প্রবেশপত্র আনার জন্য গেলে সুপার নুরউল্লাহ ৩০০ টাকা নিয়ে অন্য এক শিক্ষার্থীর প্রবেশপত্র লামিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলেন, ‘এটা নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাও’। পরে লামিয়া বাড়ি ফিরে তার বাবা ও মাকে নিয়ে পূনরায় সুপারের কাছে গিয়ে নিজের প্রবেশপত্র চাইলে সুপার ভুল হয়েছে বলে তাদের কাছে ক্ষমা চান। লামিয়া বলেন, যে কোনো ভাবে আমি এবারের পরীক্ষায় অংশ নিতে চাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ওই মাদ্রাসার সুপারকে কৈফয়ত তলব করা হয়েছে।




পটুয়াখালীর সংরক্ষিত আসনে আওয়ামী লীগের এমপি নাজনীন নাহার

চন্দ্রদীপ নিউজ: পটুয়াখালী ১ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম হাবিবুর রহমানের কন্যা নাজনীন নাহার লাইজুকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে।

দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

সংসদে সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। স্বতন্ত্র প্রার্থীরাও আওয়ামী লীগকে সমর্থন দেয়ায় দলটির আসন দাড়াঁয় ৪৮-এ। বাকী দুটো পায় জাতীয় পার্টি।




হাসপাতালে মাহাথির মোহাম্মদ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইনফেকশনে ভুগছেন বলা জানা গেছে। তাকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার মাহাথিরের মুখপাত্র তার অসুস্থতার কথা নিশ্চিত করেন। তবে তিনি কী ধরনের সংক্রমণে ভুগছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।

আধুনিক মালয়েশিয়ার জনক ৯৮ বছর বয়সী মাহাথির দীর্ঘদিন ধরে হার্টের জটিলতায় ভুগছেন। তাকে হার্টে বাইপাস করা হয়েছে। গত কয়েক বছর ধরে তাকে হাসপাতালে আনা নেওয়ার মধ্যেই রাখা হয়েছে।

দুই দশকের দুর্দান্ত প্রতাপশালী এই শাসকের মঙ্গলবার একটি মামলায় কোর্টে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি। সবশেষ গত ২৬ জানুয়ারি মাহাথিরকে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

২০২৩ সাল পর্যন্ত মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে টানা ২২ বছর ছিলেন। পরে ২০১৮ সালের নির্বাচনে তিনি আবারো নির্বাচিত হন। তখন ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। কিন্তু রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরও টিকতে পারেনি তার সরকার।




ফখরুল-খসরুর জামিন, কারামুক্তিতে বাধা নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এ সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। আহত হন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য। এছাড়া কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হন।

ঘটনার পর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে গত ২ নভেম্বর দিনগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরুকে আটক করে ডিবি। পরদিন ৩ নভেম্বর সমাবেশ চলাকালীন সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারের পর মির্জা ফখরুল বিরুদ্ধে ১১ মামলা ও আমীর খসরুর বিরুদ্ধে ১০ মামলা দায়ের করা হয়।




গলাচিপায় ৪টি ইটভাটাকে জরিমানা

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী, আমখোলা ও গজালিয়া ইউনিয়নে ইটভাটায় উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান চালিয়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে ১টি ইটভাটা, মামা ব্রিকস ৫০ হাজার টাকা। গোলখালী ইউনিয়নে ২ টি সততা ব্রিকস ১লাখ ৫০ হাজার টাকা, বিবিসি ব্রিকস ১ লাখ টাকা এবং গজালিয়া ইউনিয়নের ১টি ইটভাটা খান ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ইটভাটা গুলোতে যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এবং উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ নাসিম রেজা। এদেরকে অবৈধ ভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর জন্য এই অভিযান চালায় প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল বলেন, ইটভাটা গুলোতে অবৈধ ভাবে কাঠ দিয়ে ইট পোড়া দায়ে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এমন কোন অপরাধ করবেনা বলে তারা মুচলেকা দেয়। এসময় তাদেরকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।




ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংসের মহড়া চালিয়েছে ইরান

চেন্দ্রদ্বীপ ডেস্ক:  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার ধ্বংস করে দেওয়ার মহড়া চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ‘ন্যাশনাল গার্ডস ডে’ উপলক্ষে এই মহড়া চালায় আইআরজিসি।

মহড়ার ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলের কল্পিত ‘পালমাচিম’ বিমান ঘাঁটিতে রক্ষিত এফ-৩৫ বিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এমাদ ও কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ নিক্ষেপ করা হচ্ছে।

ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংস ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এগুলোর পাল্লা ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বাড়ানো হয়েছে।

ইরানের বার্ত সাংস্থা তাসনিম জানিয়েছে, তরল জ্বালানি চালিত এমাদ ক্ষেপণাস্ত্র এক হাজার ৭০০ কিলেমিটার দূরের লক্ষ্যবস্ততে আঘাত হানার সময় লক্ষ্যবস্তু থেকে সর্বোচ্চ চার মিটার দূরত্বে আঘাত হানছে।

ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে ১২ কিলোমিটার দক্ষিণে ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত ‘পালমাচিম’ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানগুলো মোতায়েন করে রেখেছে দখলদার সরকার। এই ঘাঁটিতে বসেই গতমাসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছিলেন।

এদিকে ইরান সব সময় বলে এসেছে, দেশটি কারো বিরুদ্ধে আগ্রাসন চালাবে না। তবে আগ্রাসনের শিকার হলে ইরান সর্বশক্তি নিয়ে আগ্রাসী শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। চলতি মাসের শুরুর দিকে আইআরসিজির একজন সিনিয়র কমান্ডার তেল আবিবকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিশ্বের যেকোনো স্থানে ইরানের স্বার্থে আঘাত আসলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

 




ভালোবাসা দিবসে পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা

মো: আল-আমিন (পটুয়াখালী): পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পর্যটকদের পদচারণায় মুখরিত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রং-বেরঙের পোশাকে অনেকেই প্রিয় মানুষের সঙে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে এসেছেন।

কেউ গা ভাসাচ্ছেন সমুদ্রের নোনা জলে। কেউ আবার প্রিয়জনকে নিয়ে তুলছেন সেলফি। অনেকে আবার বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।

টাঙ্গাইল থেকে আসা পর্যটক দম্পতি ফরদি-নাসিমা বলেন, সকালে কুয়াকাটা এসেছি। ১৫ দিন আগে আমাদের বিয়ে হয়েছে। মূলত হানিমুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এখানে আসা। সৈকতের সকালের পরিবেশটা দারুণ লেগেছে।

পিরোজপুর থেকে আসা সাইফুল-সায়মা দম্পতি বলেন, সমুদ্রের ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বিমোহিত করেছে। তবে, পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পর্যটকদের খুব ভিড়।

কুয়াকাটা ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, পর্যটকদের মধ্যে আজ কাপলের সংখ্যা বেশি। সাধারণত মঙ্গলবার বা বুধবার এখানে তেমন পর্যটক থাকে না। তবে আজ ভালো বুকিং রয়েছে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলু বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমাদের সঙ্গে থানা পুলিশ ও নৌ পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ উপভোগ করতে পারবেন।




কুয়াকাটায় উপকূলীয় বনাঞ্চল রক্ষার দাবিতে মানববন্ধন

 

মো:আল-আমিন, পটুয়াখালী: “করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ” এই স্লোগানকে সামনে রেখে উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবিতে মানববন্ধন করেন লতাচাপলীর উপকূলীয় বাসিন্দারা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সুন্দরবন দিবস উপলক্ষে সকাল ১১টায় কুয়াকাটার গঙ্গামতি সমুদ্র সৈকতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, এই উপকূলীয় বনাঞ্চল আমাদেরকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে প্রাথমিকভাবে রক্ষা করাসহ প্রাকৃতিক ঝড়-বন্যা প্রতিরোধ করে। এই বনাঞ্চল উপকূলীয় এলাকায় সবুজ দেয়াল হিসেবে কাজ করে। কিন্তু বনদস্যদের কারণে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে এই এই সবুজ দেয়াল।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সিপিপি টিম লিডার জসিম উদ্দিন খলিফা, ওয়াটারকিপার্স বাংলাদেশ কলাপাড়া প্রতিনিধি কামাল হাসান রনি, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নুসহ প্রমুখ।