এবার বরিশালের পুকুরে পাওয়া গেল ৪ ইলিশ!

বরিশাল অফিস :: বরিশালের বাবুগঞ্জে একটি পুকুরের পানি সেচ করে চারটি ইলিশ মাছ পাওয়া গেছে। সন্ধ্যা নদী থেকে দুই কিলোমিটার দূরের পুকুরটিতে ইলিশ ধরা পড়ার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে নদীর সঙ্গে পুকুরের কোনো সংযোগ নেই। ইলিশগুলোর ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম হবে বলে জানান পুকুরের মালিক ফিরোজ সরদার।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফিরোজ সরদারের বাড়ির পুকুর সেচ করা হয়। সেখানে অন্যান্য মাছের সঙ্গে ইলিশগুলো ধরা পড়ে। হাওয়ার বেগে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় উৎসুক জনতা সেই মাছ দেখতে ঘটনাস্থলে ভিড় করেন।

তবে এই পুকুরে কীভাবে ইলিশ এলো সে ব্যাপারে পুকুরের মালিক ও পরিবারের অন্যান্য সদস্য কেউ অবগত নন। স্থানীয় সেচ পাম্প মালিক মামুন খান বলেন, পুকুরে সেচ করার পরে মাছ ধরার সময় পরিবারের সদস্যরা ওই ইলিশ মাছ দেখতে পান। আমরা জানতাম নদী বা সাগর ছাড়া ইলিশ মাছ পাওয়া যায় না। কিন্তু নিজের চোখে পুকুরে ইলিশ মাছ দেখলাম।

প্রত্যক্ষদর্শী রাসেল সরদার বলেন, পুকুরের ইলিশ দেখতে বিকেলে ওই বাড়িতে গিয়েছিলাম। পুকুরে ইলিশ মাছ পাওয়ায় আমরা আনন্দ পেলেও বিষয়টি অবাক করার মতো। এই মাছ কোথা থেকে এলো বা কীভাবে এলো তা মালিক জানেন না।

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, পুকুরে ইলিশ হয় বিষয়টি এমন নয়। জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে। এ কারণেই হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়ে।

এর আগে ১৯ জানুয়ারি দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরার জন্য জাল দিয়ে টান দিলে অন্য মাছের সঙ্গে দুটি রুপালি ইলিশ ধরা পড়ে।

ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষ মাছ দুটি দেখতে ভিড় জমায় ও ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। বিষয়টি এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকাবাসী বলেন, পুকুরে ইলিশ পাওয়ার ঘটনায় আমরা বিস্মিত ও আনন্দিত।




মির্জাগঞ্জে ভুয়া তালিকায় এতিমের টাকা তছরুপ

মো: আল-আমিন (পটুয়াখালী): মির্জাগঞ্জে এতিমখানা ও শিশু সদনে মাদ্রাসা ছাত্রদের ভুয়া এতিম ও অসহায় দেখিয়ে লাখ লাখ  টাকা ভাগ-বাটোয়ারার অভিযোগ উঠেছে।

সবচেয়ে বড় অনিয়ম দেখা গেছে মাজার কেন্দ্রিক এতিমখানা গুলোতে। তারা একদিকে এতিম খানার নামে দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ টাকা আদায় করে অন্য দিকে ভুয়া তালিকা দেখিয়ে সরকারি বরাদ্দ নিয়ে থাকে।
এ ছাড়াও অধিকাংশ শিশু সদনে স্টোক রেজিস্ট্রার, বিল ক্যাশ খাতা, ভাউচারের রেজুলেশন, ভর্তি রেজুলেশন, মেচ কমিটি ও ভাউচারের সঙ্গে মিল রেখে ব্যাংক স্টেটমেন্ট কিছুই নাই। যা বিল উত্তোলনের জন্য একান্তই প্রয়োজন।

কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি, সম্পাদক ও উপজেলা সমাজসেবা দপ্তরকে ম্যানেজ করে প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়াই উত্তোলন করছে সরকারি বরাদ্দ।

জানা যায়, মির্জাগঞ্জে সরকারের তালিকাভুক্ত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত মোট ১১টি এতিমখানা রয়েছে। যার মধ্যে ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দের আওতায় এতিম দেখানো হয়েছে ১৭৮ জন। ক্যাপিটেশন বরাদ্দের অনুকূলে এতিমখানার ৬-১৮ বছর বয়সী এতিম ৫০ শতাংশ বরাদ্দের আওতায় আসবে। একজন এতিমকে মাসে দুই হাজার করে টাকা বরাদ্দ দেয়া হয়।

বছরে দুইবারে মোট ২৪ হাজার টাকা বরাদ্দ আসে।




৪৩ বছর পর ফুলন দেবী মামলার রায় ঘোষণা

চন্দ্রদীপ ডেস্ক : ধর্ষণের বদলা নিতে ২০ জনকে হত্যা করেছিলেন ভারতের ‘দস্যুরানী’ বা ধর্ষকদের যমদূত ফুলন দেবী ও তার দলের সদস্যরা। সেই হত্যাকাণ্ডের ৪৩ বছর পর বুধবার (১৪ ফেব্রুয়ারি) শেষ দুই জীবিত অভিযুক্তের সাজা ঘোষণা করলেন উত্তর প্রদেশের কানপুর জেলার একটি আদালত। খবর হিন্দুস্তান টাইমস।

বহুল আলোচিত ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের মধ্যে বর্তমানে দুজন বেঁচে আছেন। তার মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আর প্রমাণের অভাবে অন্যজনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

১৯৮১ সালের ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশের বেহমাই গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছিল। ঠাকুর সম্প্রদায়ের উচ্চবর্ণের পুরুষদের হাতে গণধর্ষণের শিকার হয়েছিলেন ফুলন দেবী। তার বদলা নিতে বেহমাই নামক গ্রামে ঠাকুর সম্প্রদায়ের ২০ জন পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছিলেন ফুলন দেবী ও তার দলের সদস্যরা।

সেই ঘটনায় গোটা ভারতে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছিল। চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন উত্তর প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ভিপি সিং। ৩৪ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। তবে বিচার চলাকালীন অভিযুক্তদের ৩২ জনই মারা গেছেন। এই মামলা চলাকালীন ২৮ জন সাক্ষী মারা যান। ২০১২ সালে কানপুরের ওই আদালতে চার্জ গঠন হয়েছিল।

হত্যাকাণ্ডের পর ফুলন দেবীর নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তাকে ভারতে অত্যাচারিত, দলিত, নিম্নবর্ণের ও আদিবাসীদের প্রতিবাদী মুখ হিসেবে বিবেচনা করা হয়। এমনকি, তাকে নিয়ে তৈরি হয় চলচ্চিত্রও, যেটি পরিচালনা করেছিলেন শেখর কাপুর। তার জীবনী নিয়ে লেখা বইটির নাম ছিল ‘ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন: দ্য ট্রু স্টোরি অব ফুলন দেবী’। তারপর থেকে ফুলন দেবী ‘ব্যান্ডিট কুইন’ নামেও পরিচিত হয়েছিল।

পরে একটি সাধারণ ক্ষমা প্রকল্পের অধীনে হত্যাকাণ্ডের দুই বছর পর মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করেছিলেন ফুলন। ১৯৯৪ সাল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। সে বছর সমাজবাদী পার্টির তৎকালীন প্রধান ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়েম সিং যাদবের আদেশে ফুলন দেবীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল।

১৯৯৪ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি সমাজবাদী পার্টিতে যোগ দেন এবং ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে অংশ নেন। কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা ও রাজনীতির সঙ্গে জড়িত না হলেও তিনি উত্তর প্রদেশের মির্জাপুরের সংসদ সদস্য নির্বাচিত হন। নিজ প্রদেশ ও কেন্দ্রীয় রাজনীতিতে খুবই জনপ্রিয় ছিলেন ফুলন দেবী।




দশমিনায় সেই কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি

মো: আল-আমিন (পটুয়াখালী): চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পটুয়াখালীর দশমিনায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত কেন্দ্রসচিব অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা স্বাক্ষরিত এক আদেশে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে গতকাল বেলা ১১টার দিকে পরীক্ষাকেন্দ্রে কর্তব্যে অবহেলার অভিযোগে ওই কেন্দ্রসচিবকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশিউজ্জামান চৌধুরী।

দাখিল পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্র দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সচিব নিযুক্ত হন চরহোসনাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করেন উপজেলার বিভিন্ন এলাকার ছয়টি দাখিল মাদ্রাসার ছয়জন সুপার।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ওই ছয়জন সুপারের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ওই কেন্দ্রসচিবকে দায়িত্বে অবহেলার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে রাতে কেন্দ্র পরিচালনা কমিটির জরুরি সভায় ওই কেন্দ্রসচিবকে অব্যাহতি দিয়ে লিখিত আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা।

ইউএনও স্বাক্ষরিত ওই লিখিত আদেশে একই সঙ্গে দশমিনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশারকে কেন্দ্রটির সচিব নিযুক্ত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, সুষ্ঠু পরীক্ষার স্বার্থে কেন্দ্র পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সভায় দশমিনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশারকে কেন্দ্রসচিবের দায়িত্ব দেওয়া হয়।




দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেই কারণে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



আজ টিভিতে যেসব খেলা দেখবেন 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াবে বিপিএল। মুখোমুখি হবে ঢাকা-খুলনা ও চট্টগ্রাম-রংপুর। রাজকোটে চলছে ইংল্যান্ড এবং ভারতের মধ্যেকার টেস্ট।



বরিশালে ইটভাটায় অভিযান

বরিশাল অফিস :: বরিশালে সদর উপজেলার চরকরনজি ও হিজলতলা এলাকায় ড্রাম চিমনীযুক্ত দুটি ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ধ্বংস করা হয়েছে কাঁচা ইট। একইসঙ্গে দুটি ইটভাটা থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্ব সদর উপজেলার চরকরনজি ও হিজলতলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ড্রাম চিমনিযুক্ত মেসার্স আর এইচ বি ব্রিকসের প্রোপাইটর হারুণ অর রশিদকে তিন লাখ টাকা ও হিজলতলা এলাকার ড্রাম চিমনিযুক্ত মেসার্স দোলা ব্রিকসের প্রোপাইটর সঞ্জিব দাসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটার কিলন ও চিমনী এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়।




গুগলে সবচেয়ে বেশি সার্চ হয় যেসব বিষয়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। কমবেশি সবাই সারাদিন অসংখ্যবার গুগল ব্যবহার করেন। যখন যা কিছু জানতে ইচ্ছা হয় কয়েকটি ক্লিকেই গুগল থেকে জেনে নিতে পারছেন। আপনার আমার মতো সারাবিশ্বে প্রতিনিয়ত গুগলে সার্চ করছেন মানুষ।

কিন্তু কী নিয়ে মানুষের কৌতূহল সবচেয়ে বেশি? কোন বিষয়টি নিয়ে গুগল-এ সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে? সম্প্রতি সেই তথ্য-ই সামনে এলো! কোন বিষয়গুলো নিয়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে জানেন কি? চলুন জেনে নেওয়া যাক এই তালিকায় কী কী আছে-

রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গুগলে ২টি বিষয় নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। এরমধ্যে প্রথম বিষয়টি হলো ‘ইউটিউব’। অন্যটি হলো ‘অ্যামাজন’

সামনে এসেছে, গুগলে খুব বেশি সার্চ হওয়া বিষয়ের একটা লম্বা তালিকা। গুগলে কোন শব্দগুলো সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে? তালিকায় রয়েছে– ফেসবুক, জি-মেইল, ওয়েদার, হটমেল, ট্রান্সলেট, ইনস্টাগ্রাম, ট্র্যাডাক্টর, হোয়াটসঅ্যাপ ওয়েব, ক্রিকবাজ, গুগল ম্যাপস, ম্যাপস, নেটফ্লিক্স, ইবে, ট্যুইটার, টিয়েম্পু।

আরও কিছু বিষয় আছে এই তালিকায়। যেগুলো গুগলে সার্চ করা হয়েছে আউটলুক, ওয়ালমার্ট, করোনাভাইরাস, লাইভস্কোর, নিউজ, পিন্টারেস্ট, রেস্টুরেন্ট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে মরিয়া হিজবুল্লাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  লেবাননে ১২টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মূলত হিজবুল্লাহকে লক্ষ্য করে এই হামলা চালায় দখলদার বাহিনী। এখন এর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় হিজবুল্লাহ। এরপর থেকেই ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

সম্প্রতি লিতানি নদীর দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখান থেকে হিজবুল্লাহ বাহিনীকে সরিয়ে দিতে চায় ইসরায়েল। কিন্ত তা অস্বীকার করে ইসরায়েলি অবস্থানে অব্যাহত হামলার কথা জানিয়ে আসছে সশস্ত্র সংগঠনটি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ইসরায়েলের হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত হয়, যা লেবাননের মাটিতে ইসরায়েলের হামলায় একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর জবাবে দ্রুত ও কঠোর হামলার হুমকি দিয়েছে হিজবুল্লাহ।

এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের কার্যকারিতা ছাড়াই শেষ হয়েছে। এর আগে মিশরের কায়রোতে কয়েকটি দেশ আলোচনায় অংশ নেয়। এদিকে রাফায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন দেশ।

তাছাড়া ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬৮ হাজারের বেশি। একই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি।

সূত্র: আল-জাজিরা




নৌকার এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০(খুলশি-ডবলমুরিং-পাহাড়তলী) আসনে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের মামলায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম। তিনি বলেন, সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি আইনের ২০০৮-এর বিধি ৩ ধারায় মামলা হয়।

আদালত অপরাধ আমলে নিয়ে মহিউদ্দিন বাচ্চুকে ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সশরীরে হাজির হয়ে শুনানিতে অংশগ্রহণ করতে নির্দেশ দেন। তবে তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এর আগে প্রচারণা চলাকালে গত বছরের ২২ ডিসেম্বর মহিউদ্দিন বাচ্চু তার নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ব্যক্তিগতভাবে এক হাজার টাকা করে দেন। এছাড়া ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের মাদানি মসজিদে এক লাখ টাকার চেক দেন। বিষয়টি ওই মসজিদের ইমাম জুমার নামাজের আগে খুতবায় মুসল্লিদের অবহিত করেন।

একইভাবে ২৪ ডিসেম্বর লালখানবাজারে প্রধান নির্বাচনী কার্যালয় থেকে চট্টগ্রাম-১০ আসনের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ৬০ হাজার টাকা করে সরকারি অনুদানের চেক বিতরণ করেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ লঙ্ঘন।

এরপর ২৪ ডিসেম্বর মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে টাকা বিলির অভিযোগ করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম। পরে ৪ জানুয়ারি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয় ইসি।

এরপর ১৬ জানুয়ারি ডবলমুরিং থানার নির্বাচন কর্মকর্তা মু. মোস্তফা কামাল বাদী হয়ে আদালতে মামলা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিউদ্দিন বাচ্চু ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের প্রার্থী মনজুর আলম পেয়েছিলেন ৩৯ হাজার ৫৩৫ ভোট।