বরগুনায় ডেঙ্গুতে প্রভাষকের মৃত্যু, জেলায় প্রাণহানি ৪৫

বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। এবার প্রাণ গেল বামনা সরকারি কলেজের প্রভাষক শাহানারা বেগমের। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শাহানারা বেগম পাথরঘাটার সরকারি হাজ্বী জালাল উদ্দিন কলেজের প্রভাষক মো. নিজাম উদ্দিনের স্ত্রী এবং পাথরঘাটা সদরের বাসিন্দা। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় বরগুনায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪০১ জনে।
বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ বলেন, “প্রভাষক শাহানারা বেগমের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডেঙ্গুতে মৃত্যুহার কমাতে হলে উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেরি করলে জটিলতা বাড়ে।”
স্থানীয়রা জানিয়েছেন, ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন বিভিন্ন হাসপাতালে। এ পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








