বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বরিশাল অফিস :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলেন- বরিশাল নগরের পলাশপুর এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে মানিক মোল্লা (৪০) ও তার তৃতীয় স্ত্রী আলেয়া বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তিনি আরও বলেন, একটি পালসার মোটরসাইকেলে দুটি ব্যাগ ভর্তি করে গাঁজা নিয়ে যাওয়ার সময় স্বামী-স্ত্রীকে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এই ঘটনায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, দীর্ঘদিন যাবত মানিক মোল্লা বিভিন্ন জায়গা থেকে মাদক সরবরাহ করে বরিশালে সাপ্লাই দিচ্ছেন। এমন খবরের ভিত্তিতে সোমবার সকালে উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।




বাজারে নিত্যপণ্যের দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবীতে বরিশালে মানববন্ধ

বরিশাল অফিস :: বরিশালে ঔষদ সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ বরিশাল শাখা। আজ সোমবার (১৯) ফেব্রয়ারি সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়।

সংগঠনের সহ সভাপতি ও আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে ও রনজিৎ এর সঞ্চলনায় মানববন্ধন কর্মসূচি সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান সেলিম, শুভংকর চক্রবর্তী, অধ্যাপিকা টুনু রানি কর্মকার, হাসিনা বেগম নিলা, বিসিসি সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম, আখতার হোসেন,দেওয়ান আব্দুর রসিদ নিলু,লিঙ্কন বাইন,সুপ্রিয় অধিকার,উত্তম ভক্ত,স্বপন কুমার বেপারী প্রমুখ।মানববন্ধন কর্মসূচিতে নগরীর বিভিন্ন সংগঠনের সদস্য সহ সুধিজন ব্যাক্তিবর্গ বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে অংশ গ্রহন করে।

 

এসময় বক্তরা বলেন, আর কোন অজুহাত শুনতে ও দেখতে চাইনা। নির্বাচনের পূর্বে বলেছেন যুদ্ধের জন্য বাজার দর বৃদ্ধি পেয়েছে। এখন বাজারে যেসকল সবজি পণ্য অতিরিক্ত দাম দিয়ে কিনে আনতে তা এক সময় গুরুতেও খেত না। সেই পণ্য আমরা সাধারন মানুষ অসহায় হয়ে কিনে খেতে হচ্ছে। তাই সরকারকে বলব অভিলম্বে বাজারের সেন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার আওতায় আনার দাবী জানান।




চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা

বরিশাল অফিস :: আসন্ন চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন চরমোনাই বাৎসরিক মাহফিল আগামী ২৮ ফেব্রুয়ারি হতে ২ মার্চ পর্যন্ত আহ্ছানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চরমোনাই মাহফিল কমিটির প্রতিনিধি, র‍্যাব- ৮ এর প্রতিনিধি, জেলা পুলিশ প্রতিনিধি, এনএসআই ও ডিজিএফআই প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, নৌ পুলিশ প্রতিনিধি, সিভিল সার্জন প্রতিনিধি, জেলা প্রশাসনের প্রতিনিধি, পিডিবি প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এ সময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নাইট ভিশন সিসি ক্যামেরা স্থাপন, ভ্রাম্যমান আদালত পরিচালনা, স্বেচ্ছাসেবী দলসহ সম্ভাব্য সকল বিষয়ে আলোচনা পূর্বক পুলিশ কমিশনার সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) মোঃ আব্দুল ওয়ারেস, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) প্রণয় রায়সহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




বরিশালে ১০দিন ব্যাপি বিসিক উদ্যোক্তা মেলায় বিক্রির রেকর্ড

বরিশাল অফিস :: বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে ১০দিনব্যাপি বিসিক আয়োজিত উদ্যোক্তা মেলায় পণ্য বেচা-কেনা হয়েছে প্রায় ৮১ লক্ষ টাকারও বেশি। পাশাপাশি মেলায় আগত ক্রেতাদের কাছ থেকে অংশগ্রহণকারী উদ্যোক্তারা আরও প্রায় ৪০ লক্ষ টাকার পণ্যের অর্ডার পেয়েছেন বিভিন্ন উদ্যোক্তরা।


৯ ফেব্রয়ারি থেকে শুরু হওয়া মেলাটি রবিবার (১৮) ফেব্রয়ারি দিবাগত রাতে শেষ হয়। বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন
(বিসিক)-এর আয়োজিত এই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।


এবার দশদিনব্যাপী এই মেলায় অংশ নেয় ১৭টি প্রতিষ্ঠানসহ মোট ৬২টি স্টল, যার মধ্যে অধিকাংশেরই স্বত্বাধিকারী ছিলেন নারী উদ্যোক্তারা। স্টলগুলোতে পোশাক ও শীতবস্ত্র, খেলনা,ফাস্টফুডসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার ও পানীয়, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী, অঙ্গসজ্জা ও প্রসাধনী, মৃৎশিল্প, কারুশিল্পজাত পণ্য, গৃহসজ্জা সামগ্রীসহ নানান পণ্যের পসরা সাজিয়েছিলেন বিসিকের সুবিধাভোগী উদ্যোক্তারা। পাশাপাশি মেলায় আগত শিশুদের জন্য ছিলো নানান বিনোদন রাইডের ব্যবস্থা।

 




গৃহকর্মীর মৃত্যু ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের বিষয়ে যা বললেন ডিবিপ্রধান হারুন

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের ‘বাসভবন থেকে পড়ে’ কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘গৃহকর্মী কীভাবে মারা গেলো সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বের করা হবে। এ বিষয়ে দোষী কেউ থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।’

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ‘কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় মামলা হয় মোহাম্মদপুর থানায়। বর্তমানে মামলাটি আমাদের ডিবি তেজগাঁও বিভাগে এসেছে। আসামিরা রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। গৃহকর্মী কীভাবে মারা গেলো সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।’

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো।




বরিশালে নিপাহ ভাইরাসে আক্রান্ত শিশুর মৃত্যু

বরিশাল অফিস :: নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে টানা এক মাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হেরে গেছে তিন বছরের শিশু কন্যা তহুরা। রোববার  রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হয়েছে। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের।

জানা গেছে, মৃত তহুরা ওই গ্রামের ব্যবসায়ী ইমাম হোসেন সান্টুর মেয়ে। তহুরার চাচা সাবেক ইউপি চেয়ারম্যান এমএ সালেক হাওলাদার জানান, এক মাস পূর্বে তহুরা বাড়িতে বসে কাঁচা খেজুরের রস খাওয়ার পর তার জ্বর  ও খিঁচুনি উঠে অসুস্থ হয়ে পরে।

 

প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে আটদিন চিকিৎসার পর ঢাকার শিশু হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ফেব্রুয়ারি দুপুরে তহুরা মৃত্যুর কোলে ঢলে পরে।

 

সাবেক ইউপি চেয়ারম্যান আরও জানান, তহুরা ঢাকার শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এম মনির হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলো। চিকিৎসক তাদের জানিয়েছেন তহুরা নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল।




বরিশালে ২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

বরিশাল অফিস :: বরিশালের ২ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত ।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. মুনতাসির হাসানের নেতৃত্বে বরিশালের গির্জা মহল্লা রোডের”নিউ ঘরোয়া রেস্টুরেন্ট” বরিশাল বিসিকের বিস্কুট ফ্যাক্টরি ডেইলি প্লাস এন্ড শরিফ বেকারি ও কস্তুরি রেস্টুরেন্ট এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।


অভিযানকালে “নিউ ঘরোয়া রেস্টুরেন্ট প্রতিষ্ঠানটির রান্নাঘরের ভিতরের পরিবেশ অত্যন্ত নোংরা এবং অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। ফ্রিজে এবং স্টোরে লেবেলবিহীন এবং মেয়াদ উত্তীর্ণ প্রচুর মাছ, মাংস এবং সস মজুদ করতে দেখা যায়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২(ক) বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।


অভিযানকালে ডেইলি প্লাস এন্ড বিস্কুট ফ্যাক্টরি প্রতিষ্ঠানটির ভিতরের পরিবেশ অতন্ত্য নোংরা এবং অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। প্রতিষ্ঠানটি তাদের প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল এর প্রমাণক সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয় ।


শরিফ বেকারি , শেরে এ বাংলা রোড বরিশাল পরিদর্শনকালে প্রতিষ্ঠান টি কে নিয়মিত মামলা দায়ের করার জন্য নিরাপদ খাদ্য পরিদর্শককে নির্দেশনা প্রদান করা হয় । কস্তুরি রেস্টুরেন্ট , নথুল্লাবাদ এ পরিদর্শন কালে নিরাপদ খাদ্য বিরোধী কোন কার্যক্রম পরিলক্ষিত হয় নি বিধায় তাদেরকে নিরাপদ খাদ্য বিষয়ক নির্দেশনা ও পোস্টার বিতরণ করা হয় ।

অভিযান পরিচালনাকালে, কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।


অভিযানের সময়,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার গোলাম রাব্বি, বরিশাল নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ জাকির হোসেন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান জানান, বরিশালে হোটেল রেস্তোরাঁয় গুলোতে যে সকল খাবার মানুষের মধ্যে পরিবেশন করা হয় তা মানসম্মত নয়। যাহার কারণে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য অধিদপ্তরের এ সকল অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।




ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন ২৯ দেশের নাগরিক

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন। ওমরাহ পালন করার জন্য তাদেরকে আগে থেকে কোনো ভিসা নিতে হবে না। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

এছাড়া এসব দেশের নাগরিকদের জন্য ভিসা অন-অ্যারাইভাল প্রক্রিয়া আরও সহজ করার সিদ্ধান্তও নিয়েছে সৌদি সরকার। এমনকি, তারা ভ্রমণের উদ্দেশ্যে এসেছেন নাকি ওমরাহ পালনের জন্য এসেছেন, সে বিষয়টিও ধরা হবে না। এটি ভিসাধারীদের নিকটাত্মীয়দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এছাড়া ট্রানজিট ভিসার মাধ্যমেও ওমরাহ পালন করা যাবে। তবে তাদের সৌদি এয়ারলাইন্সের বিমানে আসতে হবে। পুরো বিশ্বের মুসলিমদের জন্য ওমরাহ পালন সহজ করার অংশ হিসেবে এমন সুযোগ রেখেছে সৌদি আরব।

হজ ও ওমরাহর মধ্যে বড় পার্থক্য রয়েছে। হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমি নারী-পুরুষের জন্য হজ পালন বাধ্যতামূলক। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজে হজ পালন করা হয়। অন্যদিকে, ওমরাহ হলো একটি ঐচ্ছিক বিষয়। বছরের যে কোনো সময় ওমরাহ পালন করা যায়। ওমরাহ করতে গিয়েও পবিত্র কাবা শরিফসহ অন্যান্য ঐতিহাসিক অবকাঠামো দেখার সুযোগ পান মুসল্লিরা।

এদিকে, বিদেশি হজযাত্রীদের জন্য ওমরাহ বিমার সামগ্রিক খরচ ৬৩ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত ১০ জানুয়ারি থেকে খরচ কমিয়ে ২৩৫ থেকে ৮৭ সৌদি রিয়াল করেছে। ওমরাহর জন্য বিমা হলো বাংলাদেশসহ বিশ্বের মুসলিম দেশগুলোর হজ যাত্রীদের জন্য একটি সমন্বিত নীতি।

এই ভিসা পদ্ধতিতে চিকিৎসা, হাসপাতালে ভর্তি, গর্ভাবস্থা, জরুরি প্রসব, জরুরি ডেন্টাল সেবা, সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা, ডায়ালাইসিসসহ অভ্যন্তরীণ ও বাহ্যিক চিকিৎসাসেবা অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া দুর্ঘটনার কারণে স্থায়ী অক্ষমতা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু, মরদেহ দেশে ফেরত দেওয়া ও আদালতের রায়ে জারি করা ব্লাড মানি, ফ্লাইট বিলম্বের ক্ষতিপূরণ এবং ফ্লাইট বাতিলের ক্ষতিপূরণ এর মতো বিষয়গুলোও এর অন্তর্ভুক্ত।

সৌদি আরবে প্রবেশের দিন থেকে শুরু করে ৯০ দিন পর্যন্ত এ বিমা কাজ করবে এবং তা শুধু সৌদি আরবেই কার্যকর হবে। এই বিমার বিষয়ে সব তথ্য সামগ্রিক বিমা প্রোগ্রামের ওয়েবসাইট থেকে জানা যাবে।




গাজায় অভিযানে ২৩৫ ইসরায়েলি সেনা নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক :  ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে আরও এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার পরিচয় প্রকাশ করা হয়েছে। ওই সেনার নাম সার্জেন্ট সিমোন স্লোমোভ, বয়স ২০ বছর। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এ নিয়ে এখন পর্যন্ত ২৩৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা লোকজনকে মুক্তি দেওয়ার সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। আগামী ১০ মার্চের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ হুঁশিয়ারি দিয়েছে বলেছেন, হামাস যদি এই নির্ধারিত সময়ের মধ্যে গাজায় আটক সব জিম্মিকে মুক্তি না দেয় তবে রাফায় তীব্র আক্রমণ চালানো হবে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাসের হাতে জিম্মিদের কোথায় রাখা হয়েছে সে বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে। নাসের হাসপাতালে তাদের অভিযানকে সুনির্দিষ্ট এবং সীমিত হিসাবে বর্ণনা করেছে আইডিএফ। ইসরায়েলের দাবি ওই হাসপাতালকে সন্ত্রাসী কাজে ব্যবহার করছে হামাস।

চলতি বছরের ১০ মার্চ গাজায় রমজান শুরু হচ্ছে। ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে গঠিত। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এতে কমপক্ষে ১২০০ জন নিহত এবং ২৫৩ জনকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়। হামাসের হাতে এখনও প্রায় ১৩০ জন জিম্মি বন্দি রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

গাজার জনাকীর্ণ দক্ষিণাঞ্চলীয় শহরে কবে সৈন্যরা প্রবেশ করতে পারে সে বিষয়ে প্রথম বারের মতো পরিষ্কার তথ্য দিলো ইসরায়েল। রাফায় এ ধরনের হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা শুরু হয়েছে। শহরটিতে বর্তমানে ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

এর আগে জাতিসংঘের জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা জানিয়েছে যে, ইসরায়েলি অভিযানের পর গাজার একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সার্বিক পরিস্থিতি মূল্যায়ণ করতে রাফা শহরের উত্তরাঞ্চলে অবস্থিত খান ইউনিসের নাসের হাসপাতালে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।




জাতীয় পার্টি থেকে বাবলাকে বহিষ্কার