গলাচিপায় নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রীর

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার গলাচিপায় নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি অপু রানী (১৬) নামের এক স্কুল ছাত্রীর।

অপু রানী হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের বদরপুর গ্রামের কেশব চন্দ্র দাসের মেয়ে। তিনি গলাচিপা সরকারি টেক্সটাইল স্কুল এন্ড কলেজের ২০২৩ সেশনের ৯ম শ্রেণির ছাত্রী। তার রোল নম্বর ৫৪। অপু রানীর সন্ধান চেয়ে তার মা মালতী রানী গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার ডায়েরী নম্বর ৭০৭, তারিখঃ ১৭/০২/২০২৪। নিখোঁজের ১০ দিনেও অপু রানীর সন্ধান মেলেনি।

নিখোঁজ ডায়েরি ও অপু রানী মা মালতী রানীর কাছ থেকে জানা যায়, স্বরেস্বতী পূজার দিন সকালে পূজার অঞ্জলী নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুর পেরিয়ে গেলেও অপু রানী বাড়ি না ফেরায় তার খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় সাধারণ ডায়েরী করা হয়।
তিনি আরো বলেন, পরে দুলাল দাস নামের একজন লোক একটি বাংলালিংক নম্বর (০১৯৩৬৯৪১২৮১) থেকে ফোন করে বলে অপু পটুয়াখালীর ছোট বিঘাই ৮ নম্বর ওয়ার্ডে আছে।
অপু রানীর মা মালতী রানী ও বাবা কেশব চন্দ্র দাস পটুয়াখালীর ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলতাফ হাওলাদার ও শাহ আলম চৌকিদারের সাথে যোগাযোগ করলে তারা বলেন, আপনারা মামলা তুলে নিলে আপনাদের মেয়ে বেরিয়ে যাবে।

এ বিষয়ে ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলতাফ হাওলাদার বলেন, বিষয়টি নিয়ে আমি ঐ বাড়িতে লোক পাঠিয়েছি এবং দেখব।

এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, আমি ছোট বিঘাই চেয়ারম্যানকে বিষয়টি দেখার জন্য বলেছি।

এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আলম খান বলেন, অপু রানী নিখোঁজের একটি সাধারণ ডায়েরী থানায় করা হয়েছে। তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।




বাউফলে ইউপি উপনির্বাচনের প্রতীক বরাদ্দ

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার বাউফলে কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা  মো. শাহীন শরীফ  প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।

ওই উপ-নির্বাচনে ৬ জন মনোনয়নপত্র  জমা দিয়েছেন এবং তাদের মনোনয়ন বৈধতা পেয়েছেন। তবে মেজবাহ আহসান খুররাম নামে এক প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাকি পাঁচজনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আ. মালেক মিয়া পেয়েছেন ঘোড়া প্রতীক, কেশবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কালাম আজাদ (তুহিন) পেয়েছেন  আনারস,  প্রয়াত চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর ভাই ও  ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন সুজন পেয়েছেন টেবিল ফ্যান,  মো. এনামুল হক (অপু) পেয়েছেন অটোরিকশা ও লতুফা বেগম পেয়েছেন চশমা প্রতীক।

উল্লেখ্য, গত বছর ১৪ আগস্ট ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু মারা যান। পরে শূন্য পদে চলতি বছরের ২৪ জানুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আাগমী ৯ মার্চ এ উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ইউনিয়নে ২৭ হাজার ৪শ ৪২ জন ভোটার রয়েছেন। ১০টি ভোট  কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. শাহীন শরীফ বলেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত ভোটগ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করবেন।  কোনো  প্রার্থী  আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে ফরচুন বরিশাল

বরিশাল অফিস :: বিপিএলে শেষ দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। কুমিল্লার দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও দুই বল হাতে রেখেইে জয়ের বন্দরে পৌঁছে যায় অধিনায়ক তামিমের দল। এই জয়ে কঠিন সব সমীকরণের রফাদফা করেছে বরিশাল।

এর আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে খুলনা টাইগার্সের।

শুক্রবার ঢাকার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার মাঝারি রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আহমেদ শেহজাদ আউইট হলেও তামিম ও কাইল মায়ার্সের ব্যাটে দারুণভাবে এগিয়ে যায় বরিশাল।

মায়ার্স ২৫ বলে ২৫ রান করে আউট হলে মুশফিকুর রহিমের সঙ্গে ৩৯ রানের জুটি করেন তামিম। ৪০ বলে ফিফটি হাঁকান বরিশাল অধিনায়ক। শেষ পর্যন্ত তামিমের ব্যাট থেকে ৪৮ বলে আসে ৬৬ রান।

এছাড়া মুশফিক ২৪ বলে ১৭, মাহমুদুল্লাহ ১১ বলে ১২ ও সৌম্য সরকার ৩ বলে ৬ রান করেন। এতে ৬ উইকেটে জয় পায় ফরচুন বরিশাল।

এর আগে, জাকের আলির ১৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ১৪০ রান তুলেছে কুমিল্লা। ওপেনার সুনিল নারিন করেন ১৮ বলে ১৬ রান। এদিন অধিনায়ক লিটন দাসও ভালো খেলতে পারেননি। ১২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও মঈন আলির ৩০ বলে ৩৬ রানের জুটিতে কিছুটা সামনের দিকে এগিয়ে যায় কুমিল্লার স্কোরকার্ড। ২৬ বলে ২৫ রান করে তাইজুলের বলে ফেরেন তাওহিদ। ২২ বলে ২৩ রান করেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।

চাপের মুখে এদিন জ্বলে উঠেনি আন্দ্রে রাসেলের ব্যাটও। ১১ বলে ১৪ রান করে তাইজুলের বলে বোল্ড হন তিনি। সর্বশেষ জাকের দ্রুতগতিতে রান তুলে কুমিল্লাকে ১৪০ রানে ঠেকান।




বরগুনায় ২০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট

বরিশাল অফিস :: বরগুনা সদর উপজেলায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় ঘটনাস্থল থেকে কেউ আটক যায়নি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সদর উপজেলার চালিতাতলি এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসানের সঙ্গে অভিযানে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মো. নাজমুস সাকিব, সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল, মৎস্য অধিদপ্তরের সদস্যরা ও পুলিশ সদস্যরা।

 




বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বরিশালে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টার এই পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

এদিন খ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৭২০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হওয়া এই পরীক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে সহায়তা করে।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের কেন্দ্রসহ ৮টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক ও কর্মকর্তা মিলে কাজ করছেন।

তাই কোনো ধরনের অব্যবস্থাপনা না থাকে সে ব্যবস্থা আগে থেকেই নিয়েছেন।




দ্রুতই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে রেল যাবে পায়রায়: রেলপথ মন্ত্রী

চন্দ্রদীপ নিউজ: রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের প্রতিটি জেলায় রেল সংযোগ ও রেল পৌঁছে দেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যেই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দরে রেল পৌঁছে দেওয়া হবে। যার লক্ষ্যে রেলের কোচ ও ইঞ্জিন আমদানি করা হয়েছে। আরও কিছু আমদানি হবে।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে ট্রেনযোগে রাজবাড়ী স্টেশনে এসে পরিদর্শন শেষে একথা বলেন রেলপথমন্ত্রী।

মন্ত্রী বলেন, রাজবাড়ীতে ১০৫ একর জায়গা নিয়ে একটি কারখানা করা হবে, যা সৈয়দপুর কারখানার চেয়েও বড়। এখানে সকল প্রকার মেরামত ও বগি তৈরির কারখানাও করা হবে।




গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালোই করেছে বরিশাল

বরিশাল অফিস :: বিপিএলে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে বল করছে ফরচুন বরিশাল। এই ম্যাচের উপর অনেকটাই নির্ভর করছে বরিশালের প্লে অফ ভাগ্য। যেখানে তাদের মেলাতে হবে বেশ কিছু সমীকরণ। ঠেকাতে হবে বড় ব্যবধানে হার। এখন পর্যন্ত ৮ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। দলীয় ২৪ রানেই নিজেদের প্রথম উইকেট হারায় কুমিল্লা। এরপর দলীয় ৩৮ রানে নিজের প্রথম বলেই কুমিল্লার ইনফর্ম ব্যাটার লিটনকে সাজঘরের ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বরিশালের হয়ে তৃতীয় উইকেটটিও নিয়েছেন তাইজুল, ফিরিয়েছেন মাহিদুল ইসলাম অংকনকে।

এ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বরিশাল। একাদশে সুযোগ পেয়েছেন আহমেদ শেহজাদ, তাইজুল ইসলাম ও আকিভ জাভেদ। বাদ পড়েছেন থমাস ব্যান্টন, খালেদ আহমেদ ও কেশব মহারাজ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্গন, তাওহীদ হৃদয়, ম্যাথিউ ফোর্ড, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, এনামুল হক, মুসফিক হাসান ও তানভীর ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, তাইজুল ইসলাম, আকিভ জাভেদ, সৌম্য সরকার, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিন।




শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয়: আমু

বরিশাল অফিস :: বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়ন হয়। তাই এই ধারা অব্যাহত রাখতে হলে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখতে হবে।

ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু বলেন, আপনারা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তারা সবসময় নিজের পরিবারের সঙ্গে স্মৃতিগুলো আলোচনা করবেন। এতে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ইতিহাস মনে রাখবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম আলম খান কামাল। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার সভাপতি লাইজুর রহমান রিয়াজ।

অপরদিকে ঝালকাঠির নলছিটি শহরের বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

এদিন সকালে বিদ্যালয় চত্বরে ফলক উন্মোচন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। প্রায় এক কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের একতলা নতুন ভবনের কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি বিভাগ। এই ভবনটি নির্মাণ হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করতে হবে না বলে জানিয়েছেন প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু।

আমির হোসেন আমুর সঙ্গে দোয়া মোনাজাতে অংশ নেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনার্ধন দাস ও প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু।




ঝালকাঠিতে সহস্রাধিক সবজি গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

বরিশাল অফিস :: ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামের মৃত রহমান খানের ছেলে কৃষক হেমায়েত উদ্দিনের ৬০ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির সহস্রাধিক সবজি গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতের যে কোনো সময় এমন ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক হেমায়েত উদ্দিন খান বলেন, প্রায় দেড় লাখ টাকা খরচ করে সড়ক সংলগ্ন প্রায় ৬০ শতাংশ জমিতে করলা, বেগুন, চাল কুমড়া রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোতে ফুল ও করলা এবং বেগুন আসতে শুরু করেছিল।

রাতের আঁধারে ফুল ও ফল আসা প্রায় ৫০০ করলা গাছ, ৪০০ চাল কুমড়া ও ২০০ বেগুন গাছ ছিঁড়ে উপড়ে নিয়েছে। এর বিচার দাবি করেছেন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।

স্থানীয় গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, বিষয়টি দুঃখজনক। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।




বরগুনায় ছাত্রলীগকর্মীকে কুপিয়ে আহত

বরিশাল অফিস :: বরগুনার পাথরঘাটায় মহিউদ্দিন বাবু নামে এক ছাত্রলীগকর্মীকে কুপিয়ে আহত করেছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য সমর্থক গ্রুপের সদস্যরা পাথরঘাটা শহরকে রণক্ষেত্রে পরিণত করে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত বাবু জানান, সন্ধ্যায় পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় অবস্থান করছিলেন তিনি। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে সুমন শীল, সোহেল, ইলিয়াসসহ বেশ কয়েকজন মিলে তাকে কুপিয়ে জখম করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত বাবু ও অভিযুক্তরা স্থানীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেন ও স্থানীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা সমর্থক। তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর এনামুল সমর্থকরা পাথরঘাটা শহরে প্রতিবাদ মিছিল বের করলে তাদের বিপরীতে অবস্থান নেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে নাদিরার সমর্থকরা।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী বলেন, ~আমি পাথরঘাটাবাসীকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। বাবুর ওপর বর্বর, নৃশংস হামলার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা বলেন, “পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে।”