পিলখানার দুঃসহ স্মৃতির ১৫ বছর

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পিলখানায় বার্ষিক ‘দরবার’ চলছিল। শুরুতেই উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন বেশ কয়েকজন তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) জওয়ান। তাদের বক্তব্যের ভাষা ছিল ঝাঁঝালো। তারা চান সেনা কর্মকর্তাদের মতো সমান অধিকার। এরপরই বক্তব্য রাখেন তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর শাকিল আহমেদ।



পবিত্র শবে বরাত আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।



যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে কিয়েভে পশ্চিমা নেতারা

চন্দ্রদীপ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার অভিযানের দুই বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে দেশটির প্রতি সংহতি প্রকাশ করতে কিয়েভে গেছেন পশ্চিমা চার নেতা। খবর রয়টার্সের

রাতভর ট্রেন ভ্রমণ করে শনিবার কিয়েভ পৌঁছান ইতালি, কানাডা, বেলজিয়ামের প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসার একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহতের কিছুক্ষণ পরই কিয়েভ পৌঁছান তারা।

এমন এক সময় তারা কিয়েভ গেলেন, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার মুখে প্রেসিডেন্ট জেলেনস্কি। কারণ তার দেশের গোলাবারুদ, অস্ত্র ও যুদ্ধ সামগ্রী কমে গেছে। সেই সঙ্গে পশ্চিমা সহায়তা নিয়েও অনিশ্চয়তায় পড়েছে ইউক্রেন।

কিয়েভ পৌঁছার পর, এক্সে দেওয়া এক পোস্টে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন লেখেন,যে কোনও সময়ের চেয়ে আরও শক্তভাবে আমরা এখন ইউক্রেনের পাশে আছি। দেশটি মুক্ত না হওয়া পর্যন্ত আর্থিক, সামরিক ও নৈতিক সমর্থন দিয়ে যাব আমরা।

কিয়েভ পৌঁছার আগে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আমাদের যৌথ ভবিষ্যতের জন্য লড়াই করছে ইউক্রেনীয়রা। আর সে কারণেই প্রথম দিন থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে কানাডা।




পটুয়াখালীতে মন্দিরে চুরি, স্বর্ণালঙ্কার লুট

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নে শ্রী শ্রী শ্যামসুন্দর মদন মোহন জিউর মন্দিরে পিতলের প্রতিমা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে ললিতা হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্দির কমিটির সভাপতি গৌতম দেবনাথ।

অভিযোগে জানানো হয়, আজ ভোরের দিকে মন্দিরের সেবায়েত অমরি দেবনাথ প্রণাম করার উদ্দেশ্যে মন্দিরে গিয়ে দেখে মন্দিরের লোহার গেট ভাঙ্গা। এ সময় মন্দিরে থাকা পাঁচটি পিতলের প্রতিমা, স্বর্ণালঙ্কার ও দানের নগদ অর্থসহ আনুমানিক দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

মন্দিরের সেবায়েত অমরি দেবনাথ বলেন, আমি রাতে সেবা পূজা শেষ করে মন্দিরে তালা দিয়ে ঘরে যাই। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে দেখি মন্দিরের গ্রিল ভাঙ্গা ও মন্দিরের সব মালামাল এলোমেলো। তখন মন্দিরের মধ্যে ঢুকে দেখি ভিতরে ঠাকুরের বিগ্রহ নাই। ঠাকুরের গলায় ও হাতে সোনা-রুপার অনেক অলঙ্কার ছিল। মন্দিরে নগদ টাকা ছিল, সেগুলো কিছুই নেই। পরে আমি চিৎকার দিলে আশেপাশের লোকজন চলে আসে।

মন্দিরের সভাপতি গৌতম দেবনাথ বলেন, আমি সকালে ঘুমানো ছিলাম নিজ ঘরে। মন্দিরের সামনে চিৎকার শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি মন্দিরের দরজা ভাঙ্গা। আর ভেতরে প্রতিমার কয়েকটি কাপড় ও কয়েকটি ছবি ব্যতীত আর কিছুই নাই। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মৌকরন ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য কাজী সুমন জানান, তিনি মন্দির চুরির ঘটনাটি জানতে পেরেছেন। নিজে মন্দির পরিদর্শন করেছেন। মন্দিরের দরজা ভাঙ্গা দেখতে পেয়েছেন। এ বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন তিনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।




বাউফলে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে চুরি ছিনতাই

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় হঠাৎ অভিনব কায়দায় বেড়েছে চেতনা নাশক স্প্রে ব্যাবহার করে চুরি ছিনতাই। ফলে আতঙ্ক বিরাজ করছে জনমনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে চুরি-ছিনতাই ব্যাপক ভাবে বেড়ে গেছে। সন্ধ্যার আগে কৌশলে রান্না ঘরের জানালা দিয়ে খাবারে এবং রুমের মধ্যে চেতনানাশক স্প্রে করে সংঘবদ্ধ একটি চক্র। রাতে ঘরের লোকজন অচেতন হয়ে পড়লে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে চোরের দল। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

সূর্যমনি ইউনিয়নের বাসিন্দা শাহজালাল হাওলাদার জানান,
রাতে খাবার খাওয়ার পরে পরিবারের সকলে অচেতন হয়ে গেলে তার ঘর থেকে নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় ১১ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অচেতন হয়ে পড়া ওই পরিবারের শিশু বাচ্চা সহ পাঁচজন সদস্যকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

একই কায়দার পার্শ্ববর্তী আরো কয়েকটি বাসাতে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি সূত্র জানান, অপারেশন থিয়েটারে ব্যবহৃত চেতনানাশক কোনো ওষুধ পানির সাথে মিশিয়ে স্প্রে করলে অজ্ঞান হয়ে পড়া স্বাভাবিক। মাঝেমধ্যে এসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, সবগুলো রোগীর ধরণ একই।

এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে বাউফল থানায় অভিযোগ দায়ের করেন শাহজালাল হাওলাদার।




দুমকিতে ৪০ দিনের কর্মসূচির নামে নানা অনিয়ম

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

এসব কর্মসূচির প্রকল্প তালিকায় দরিদ্র ব্যক্তিদের নাম থাকলেও বাস্তবে কাজ করানো হচ্ছে বাইরের শ্রমিক দ্বারা।

এতে প্রকল্পের বরাদ্দের বড় একটি অংশের ভাগ দিতে হয় প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রকল্প বাস্তবায়ন দপ্তরকে। এমন ঘটনায় জনৈক ইউপি সদস্য উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল আমিন খান ৪০ দিনের কর্মসূচিতে অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচিতে প্রকল্প তালিকার শ্রমিক দ্বারা কাজ না করিয়ে কন্ট্রাক্ট শ্রমিক দ্বারা কাজ করাচ্ছেন; যা প্রকল্পের নিয়মবহির্ভূত কাজ। তাই প্রকল্পের চলমান কাজ দ্রুত বন্ধ করে এলাকার গরিব অসহায় মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার অনুরোধ জানান তিনি।

সরেজমিন দেখা যায়, ৪০ দিনের কর্মসূচির আওতায় ২ লাখ ৮ হাজার টাকা বরাদ্দে দক্ষিণ পাঙ্গাশিয়ায় নুরুল হক বিশ্বাসের বাড়ি হতে রাজ্জাক জোমাদ্দারের বাড়ি পর্যন্ত ১৭শ’ ফুট রাস্তার মাটির কাজ করানো হয়েছে।

পাঙ্গাশিয়ায় ইউপির সংরক্ষিত ইউপি সদস্য রাশিদা বেগম সিপিসি (প্রকল্প সভাপতি) কাজটি সম্পন্ন করেছেন। নিয়মানুযায়ী প্রকল্প তালিকার বাছাইকৃত শ্রমিকদের প্রত্যেকে দৈনিক ২শ’ টাকা মজুরিতে আট হাজার টাকা পাওয়ার কথা। ৪০ দিনের কাজের স্থলে বাইরের শ্রমিক দিয়ে মাত্র ৫ দিনেই কাজ সম্পন্ন হয়েছে।

প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিক মোতালেব হাওলাদার, নিজাম উদ্দিন মৃধা, শেফালী বেগমের অভিযোগ করেন, তালিকায় নাম আছে কিনা তা তারা জানেন না। তারা কোনোদিন কাজও করেননি এবং কোনো টাকাও পাননি!

পাঙ্গাশিয়ায় ইউনিয়নে এমন আরো ২টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেখানেও একই অবস্থা।

সিপিসি সংরক্ষিত নারী ইউপি সদস্য রাশিদা বেগম বলেন, আমি অল্প একটু কাজ পাইছি। তবে ২শ’ টাকা হাজিরায় কেউ কাজ করতে চায় না। তাই অন্য লেবার দিয়ে করাতে হয়।

টাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বাবা এই টাকার ভাগ সবাইকে দিতে হয়।

কাকে কাকে দিতে হয় এমন প্রশ্নে বলেন, পিআইও অফিস টাকা কেটে রাখে এবং ওখান থেকে ইউএনও অফিসসহ সবখানেই যায়। সবমিলিয়ে আমার অল্পকিছু থাকে।

টাকা কেটে নেয়ার বিষয়টি অস্বীকার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, আপনার কাছেই শুনলাম তবে বিষয়টি আমি গিয়ে দেখব।

উপজেলার ৫টি ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচির কতটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তার তথ্য চাইলে তিনি বলেন, চাইলেই আপনাকে তথ্য দেয়া যাবে না; আমার স্যারের সঙ্গে বুঝতে হবে।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কাজ পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।




বরিশালে নির্মিত হচ্ছে মুক্তিযোদ্ধা হাসানাত তোড়ন

বরিশাল অফিস :: জেলার বাবুগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহ তোড়ন।

উপজেলার মাধবপাশা ইউনিয়নে চন্দ্রদ্বীপ হাইস্কুল এ- কলেজের প্রধান ফটকে বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদমর্যাদায় থাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর নামে নির্মিত দৃষ্টিনন্দন তোরনটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে।

দৃষ্টিনন্দন এ তোরন নির্মাণের উদ্যোক্তা বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল বলেন, ঐতিহ্যবাহী চন্দ্রদ্বীপ হাইস্কুল এ- কলেজে দীর্ঘদিন যাবত কোন উন্নয়নমূলক কাজ হয়নি।

অবহেলিত ছিল। আমি কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ার পর আমার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, হাইস্কুল এ- কলেজের প্রধান ফটকে নির্মিত দৃষ্টিনন্দন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নামের তোরনটি খুব শিঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করা হবে।




বরিশালে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, কলেজছাত্রী আহত

বরিশাল অফিস :: বরিশাল নগরীর একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ( ২৪ ফেব্রুয়ারি) বিকালে রুপাতলি হাউসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রী আহত হয়েছেন। আহত ছাত্রী হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সদস্যরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিকেলে এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস বরিশালের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় ৩টি ইউনিটের সদস্যরা মিলে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে রেস্টুরেন্টের এক পাশের ডেকোরেশন, আসবাবপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

রেস্তোরাঁর কর্মী মো. সোহেল জানান, প্রতি শনিবার আমাদের রেস্টুরেন্টে বুফে খাবারের আয়োজন করা হয়। আজও সে আয়োজন করা হয়েছিল। খাবার গরম রাখার জন্য পাত্রের নিচে আগুন দিয়ে রাখতে হয়। খাবারের পাত্রে আগুন দেওয়ার কাজ করছিলেন ওই ছাত্রী। তার হাত পুড়ে গেছে।




পুলিশ কারণে পরিবারের সদস্যদের প্রাণ বেঁচেছিল : আবুল হাসানাত আব্দুল্লাহ

বরিশাল অফিস :: বঙ্গবন্ধুর ভাগ্নে, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পূর্বে ঘাতকদের দোতলায় উঠতে বাঁধা প্রদানকারী পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। শুধু তাই নয়; বাঙালি জাতির সেই দুর্বিসহ রাতে আমাদের মিন্টু রোডের বাসায় ঘাতকরা নির্মম হত্যাযজ্ঞ চালায়। ভোরে রমনা থানা পুলিশ সদস্যরা আমাদের বাড়িতে এসে ঘাতকের নির্মম বুলেটে গুরুত্বর আহত আমার স্ত্রী, সন্তান, ভাই-বোনসহ অন্যান্যের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। একারণেই আমার পরিবারের আহত অনেকেরই প্রাণ রক্ষা হয়েছিল।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার আবুল হাসানাত আব্দুল্লাহ আরও বলেছেন, এরপূর্বে বঙ্গবন্ধুর উদাত্ত আহবানে সারাদিয়ে পুলিশ সদস্যরা ১৯৭১ সালের ২৫ মার্চ মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে রাজারবাগ পুলিশ লাইন্সে ‘থ্রি-নট-থ্রি’ রাইফেল হাতে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। যেকারণে পাকহানাদার বাহিনী সারদা পুলিশ একাডেমিতে নিরস্ত্র পুলিশ সদস্যদের নির্বিচারে হত্যা করে।

এখনও দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে বাংলাদেশ পুলিশ বাহিনী নিজেদের জীবন উৎস্বর্গ করে নিরলস ভাবে দায়িত্ব পালন করছেন জানিয়ে তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু একটি জনবান্ধব, আধুনিক, পেশাদার ও চৌকস পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছিলেন। তিনি শূন্যহাতে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করেও পুলিশের বেতন বৃদ্ধি করেছিলেন। ১৯৭৪ সালে তিনি প্রথম নারী পুলিশ নিয়োগ দিয়েছিলেন। জাতির পিতাকে হত্যার পর স্বৈরশাসকেরা পুলিশ বাহিনীর উন্নয়নে আর কোন উদ্যোগ গ্রহণ করেনি। যেকারণে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর আধুনিকায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার ধারাবাহিকতা এখনও চলমান রয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বির্নিমানে প্রতিটি পুলিশ সদস্যকেও স্মার্ট হতে হবে। বাংলাদেশ পুলিশের সদ্য পদন্নোতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি বরিশালের কৃতী সন্তান বশির আহমেদ পিপিএম বার স্ব স্ত্রীক শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে সাংসদের আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন।

এ সময় পুলিশ কর্মকর্তাসহ দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভায় উল্লিখিত কথাগুলো বলেছেন, আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। সভায় বাংলাদেশ পুলিশের সদ্য পদন্নোতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি বশির আহমেদ পিপিএম বার মুক্তিযুদ্ধের চেতনায় দেশ সেবায় নিজেকে উৎস্বর্গ করার অঙ্গীকার করেছেন।

অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বানরীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ শিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

বরিশাল অফিস :: বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় শনিবার (২৪) ফেব্রয়ারি শনিবার দুপুরে সর্বস্তরের জনগনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সৈয়দ জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মাইনুল ইসলাম বাপ্পী, রাব্বী, আব্দুর সালাম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, নগরীর মধ্যে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ১১ কিলোমিটার পথ রয়েছে। এ অংশের মধ্যেই রয়েছে জনবহুল এলাকা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, হাতেম আলী কলেজ চৌমাথা এবং রূপাতলী বাস টার্মিনাল। পায়রা সেতু উদ্বোধনের পর থেকে নগরীতে যানবাহনের চাপ দ্বিগুনের বেশি
বেড়েছে। এ পয়েন্টগুলোতে দিনরাত যানজট লেগেই থাকে।

প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। তাই নাগরিক নিরাপত্তা বৃদ্ধিতে অবিলম্বে হাতেম আলী কলেজ চৌমাথাসহ এসব পয়েন্টে
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।