পটুয়াখালীর বড় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন

মো: আল-আমিন (পটুয়াখালী): অবশেষে দীর্ঘ অপেক্ষার পর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বড় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের শুভ সূচনা করলেন পটুয়াখালী বড় জামে মসজিদ ওয়াকফ এস্টেট এর সভাপতি জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) মসজিদ সংলগ্ন পুরাতন আদালত মাঠে  বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদের সঞ্চালনায় বড় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন বড় জামে মসজিদ ওয়াকফ স্টেটের সদস্য সচিব সদর উপজেলার নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মসজিদ ওয়াকফ এস্টেটের সহ-সভাপতি পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মাহাবুবুল আলম ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু প্রমুখ।

প্রকাশ্য, ১৯০৮ সালে স্থাপিত বড় জামে মসজিদটি ঝুঁকিপুর্ণ হয়ায় প্রায় তিন বছর আগে প্রাক্তন জেলা প্রশাসক কামাল হোসেন মসজিদটি পুনঃনির্মার্ণের জন্য ভেঙ্গে দিয়েছিলেন। দীর্ঘদিন পর মসজিদের ওয়াকফ স্টেট এর জমি সংক্রান্ত আইনি জটিলতা নিরসন করে বর্তমান জেলা প্রশাসক নূর কুতুবুল আলম মসজিদ ওয়াকফ স্টটের নতুন কমিটি করে  ছয়তলা বিশিষ্ঠ বড় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী ঘোষনা দিয়ে  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসুল্লি উপস্থিত ছিলেন।




মনপুরায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

বরিশাল অফিস :: ভোলার মনপুরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম নাহিদ (২২) নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নাহিদ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অহিদুর রহমানের ছেলে।

জানা গেছে, উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাংলাবাজারের ডিসি সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গুরুত্বর আহত হলে চরফ্যাসন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মনপুরা থানার ওসি জহিরুল ইসলাম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




কুয়াকাটায় ব্রিজ ভেঙে ভোগান্তিতে পর্যটকসহ ৫ গ্রামের মানুষ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে মম্বিপাড়া ও পৌরগোজা গ্রামের মাঝ দিয়ে বড়হরপাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটির (সাধুর ব্রিজ নামে পরিচিতি) সম্পূর্ণ ভেঙে খালের ভেতর পড়ে গেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় মালবাহী ট্রাক পার হওয়ার মুহূর্তে ব্রিজটি ভেঙে যায়।

ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পর্যটকসহ পাঁচ গ্রামের মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে সেতুটি নির্মাণ করা হয়েছে। পুরনো এই ব্রিজ নড়বড়ে হয়ে পড়েছে প্রায় দুই বছর আগে। তবুও সংস্কার করা হয়নি। গত বছর হঠাৎ একদিন ব্রিজটি কিছু অংশ ভেঙে পড়ে।
এই ব্রিজ দিয়ে প্রতিদিন লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া, নতুন বাজার, বড়য়ারপাড়া, পৈরঘোজা এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ ৫ থেকে ৭ গ্রামের মানুষ চলাচল করে।
এছাড়া কুয়াকাটায় অগত পর্যটকরা মিশ্রিপারা বৌদ্ধ মন্দির দেখতে যাওয়ার একমাত্র সহজ পথ ছিল এটি।
৮০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট চওড়া ব্রিজের সম্পূর্ণ অংশ ভেঙে খালে পড়ে আছে।

ডাঃ শুকদেব সৈদ্যাল বলেন, এক বছর ধরেই আমরা এই ভাঙা ব্রিজ পার হয়ে যাওয়া আসা করি। তবে ব্রিজটি সম্পূর্ণ ভাঙার কারণে এখন যাতায়াতে অনেক সমস্যা হবে। ছাত্র-ছাত্রী স্কুলে যেতে অনেক সমস্যা হবে। চরম ভোগান্তিতে পড়বে অসুস্থ রোগীরা। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি খুব দ্রুত যাতে নতুন করে ব্রিজ তৈরি করে কুয়াকাটায় আগত পর্যটকসহ পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের ব্যবস্থা করে।




গৌরনদীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি-কটকস্থল নূরাণী ও হাফেজী মাদ্রসার বার্ষিক ক্রীড়া, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে মাদ্রাসা মাঠে পুরস্কার বিতরণী অনুষ্টান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মইনুল হোসেন ঘরামী, উপজেলা যুবলীগের কার্যনিবার্হী সদস্য কামাল পারভেজ, তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হামিম, কারী মাওলানা হুমায়ন কবির, তরুন সমাজ সেবক আব্দুর রহমান মুন্না।

বক্তব্য রাখেন শিক্ষক হাফেজ মাওলানা কামাল হোসেন, মাওলানা অলিউল্লাহ, মাওলানা সাইয়েদুর ইসলাম, মাওলানা ইছা, আব্দুল আজিজ, মাওলানা আলম প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন-২০২৪ সম্পন্ন

বরিশাল অফিস :: উৎসব মূখর পরিবেশে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। ১ বছর মেয়াদী কমিটির এ নির্বাচন গত ২৩ ফেব্রুয়ারী-২০২৪ শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয় অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কন্ঠ ও আজকের পরিবর্তন পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম ১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি প্রভাষক সাইফুল রহিমও ১১ ভোট পান। যে কারণে প্রথম ৬ মাস সিনিয়র সদস্য হিসেবে মোঃ সাইফুল ইসলাম বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করনে। এ সময়ের মধ্যে প্রভাষক সাইফুল রহিম সভাপতি পরিচয় দেওয়া কিংবা কোন ধরণের সুযোগ সুবিধার গ্রহন করতে পারবেন না।

 

পরবর্তী ৬ মাস পরে তাঁকে বাকী ৬ মাসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার পর তিনি সভাপতি পরিচয় কিংবা দায়িত্ব পালন করতে পারবেন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি আরিফ হোসেন ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক দেশ পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ মামুন পেয়েছেন ১০ ভোট। সকাল ০৯ থেকে ১১ টা পর্যন্ত প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে টানা দুই ঘন্টা ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন।

 

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হাসান অরুন,সদস্য শাহাব উদ্দিন বাচ্চু ও হাফেজ সাইফুল ইসলাম। বাবুগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনটি উৎসবে পরিনত হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে পূণাঙ্গ কমিটি গঠন করা হইবে।




বাবুগঞ্জে ব্র্যাকের উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশালের বাবুগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” বিষয়ক উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী রোববার সকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

বরিশাল জেলা জনশক্তি ও কর্মসংস্থানের সহকারী পরিচালক এ কে এম শাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্টর স্পেশালিষ্ট ইকনোমিক রিইন্টিগ্রেশন মোঃ শাহিন হোসেন এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ঢ়ারী, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন প্রমূখ। এছাড়াও সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাবুগঞ্জ উপজেলা ফিল্ড অর্গানাইজার মোঃ হানিফ ও মোসাঃ লামিয়া আক্তার সহ সাংবাদিক, রাজনৈতিক, প্রবাসফেরত ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেবা প্রদান, বিদেশ ফেরত ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।




বেজায় চটেছেন পরীমণি

এমনটাই আজ (২৫ ফেব্রুয়ারি) ঘটেছে পরীমণির সঙ্গে। আজ তিনি ‍শুধু প্রতিবাদ-ই করেননি। বলা চলে একেবারে ক্ষেপে বিস্ফোরক হয়ে ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পরীমণির সঙ্গে এমন কিছু ঘটেছে এর প্রতিবাদ করতে গিয়ে বেশ অগ্নিশর্মা হয়েছেন তিনি।

এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে পরী আজ দুপুরের দিকে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক’। এরপর তিনি বেশ কঠিন ভাষায় আক্রমণ করেছেন। পরী আরও লেখেন, ‘শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।’

পরী হঠাৎ কেনো চটেছেন বিষয়টি অনেকেরই অজানা। এ বিষয়টি জানতে পরীর ভক্তরা মন্তব্যের ঘরে জানতে চাইলেও পরী কোনো জবাব দিচ্ছেন না।

এদিকে পরীমণি মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে গত বছর ‘ডোডোর গল্প’র শুটিংয়ে মাধ্যমে সিনেমায় ফিরেছেন। এরপর বেশ কিছু কাজ করেছেন এ নায়িকা।




ওটিটির কারণে দেশীয় চলচ্চিত্র হুমকির মুখে: তথ্য প্রতিমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক : ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মসহ অন্যান্য অনলাইন মাধ্যমে বিদেশি চলচ্চিত্র অবাধ প্রচারের ফলে দেশীয় চলচ্চিত্র হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে পাইরেসি বন্ধ করা গেলেও ওটিটি প্ল্যাটফর্মসহ অন্যান্য অনলাইন মাধ্যমে বিদেশি চলচ্চিত্র অবাধ প্রচারের ফলে দেশীয় চলচ্চিত্র হুমকির মুখে পড়েছে। ওটিটি প্ল্যাটফর্মসহ অন্যান্য অনলাইন মাধ্যমে প্রচারিত সিনেমা প্রচারে চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩ সংসদে পাস হয়েছে। শিগগির আইনটি অধিক্ষেত্রে বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘একটা সময় দেশীয় চলচ্চিত্রে ভিডিও পাইরেসির প্রবণতা অত্যাধিক থাকায় আমাদের দেশীয় চলচ্চিত্রশিল্প ছিল হুমকির সম্মুখীন। কিন্তু বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের ফলে এখন তা অনেকটা কমেছে। অশ্লীল চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন এবং চলচ্চিত্র ভিডিও পাইরেসি বন্ধের লক্ষ্যে সরকার এরই মধ্যে টাস্কফোর্স গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রটের নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্সের মাধ্যমে প্রতিটি জেলা ও স্থানীয় পর্যায়ে নিয়মিত অভিযান চলছে। জেলা তথ্য কর্মকর্তাদের এ কার্যক্রমের আওতাভুক্ত করাসহ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের পক্ষ থেকে নিয়মিত সিনেমা হল মনিটরিং করা হচ্ছে। ফলে ভিডিও পাইরেসির প্রবণতা কমেছে।’




অবশেষে মায়ের হাতে তুলে দেওয়া হলো নাভালনির মরদেহ

চন্দ্রদ্বীপ ডেস্ক : অবশেষে মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির মরদেহ। কারাগারে বন্দি অবস্থায় ‘রহস্যজনক’ মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর তার মরদেহ পেলো পরিবার। শনিবার (২৪ ফেব্রুয়ারি) নাভালনির মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন নাভালনি। গত ১৬ ফেব্রুয়ারি উত্তর সাইবেরিয়ার একটি কুখ্যাত কারাগারে বন্দি অবস্থায় মারা যান তিনি। সেখানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৯ বছরের সাজা খাটছিলেন নাভালনি। যদিও সমর্থকদের দাবি, তার বিরুদ্ধে প্রতিটি মামলাই ছিল রাজনৈতিক দমনপীড়নের উদ্দেশ্যে।

 নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, আলেক্সির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। যারা এর জন্য আমাদের সঙ্গে দাবি জানিয়েছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।

নাভালনির দল শুক্রবার বলেছিল, তারা মরদেহ পাওয়ার জন্য মামলা করেছে। তারা আরও অভিযোগ করে, নাভালনির মা যদি ‘গোপন’ শেষকৃত্যে রাজি না হন, তাহলে তার ছেলের মরদেহ কারাগারেই সমাহিত করার হুমকি দিয়েছিলেন স্থানীয় তদন্তকারীরা।

তবে মরদেহ পাওয়ার পর নাভালনির শেষকৃত্য কবে কোথায় হবে তা এখনো স্পষ্ট নয়।

ইয়ারমিশ বলেছেন, লিউডমিলা ইভানোভনা এখনো সালেখার্ডে রয়েছেন। এ কারণে শেষকৃত্য স্থগিত রাখা হয়েছে। তবে আমরা জানি না, এটি পরিবারের ইচ্ছামতো হবে নাকি কর্তৃপক্ষ হস্তক্ষেপ করবে।

নাভালনির দল অভিযোগ করেছিল, রুশ কর্তৃপক্ষ একটি উন্মুক্ত শেষকৃত্যের উদ্যোগ আটকানোর চেষ্টা করেছে। ক্রেমলিনের ভয়, এ ধরনের আয়োজন নাভালনির আন্দোলনের সমর্থন ও পুতিন-বিরোধিতার প্রদর্শনীতে পরিণত হতে পারে।




ভারতের দীর্ঘতম ক্যাবল ব্রিজ উদ্বোধন করলেন মোদী

চন্দ্রদ্বীপ ডেস্ক :  গুজরাটে নবনির্মিত সুদর্শন সেতুর উদ্বোধন করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দশমিক তিন কিলোমিটার দীর্ঘ সেতুটি ভারতের দীর্ঘতম তারযুক্ত সেতু (ক্যাবল ব্রিজ)। এটি তৈরিতে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি রুপি (প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা)।

২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমে জানা গিয়েছিল, এর নাম ‘সিগনেচার ব্রিজ’ দেওয়া হবে। পরে তা বদলে ‘সুদর্শন সেতু’ করা হয়।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চার লেনের সেতুটি গুজরাতের ওখা এবং বেইট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করবে। এর ওপর বসানো রয়েছে সোলার প্যানেল, যা থেকে প্রতিদিন এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে।

সুদর্শন সেতুর মধ্যেই রয়েছে ফুটপাত। তার দু’পাশে ভগবত গীতার স্তোত্র এবং শ্রীকৃষ্ণের ছবি লাগানো হয়েছে।

 বেইট দ্বারকা ওখা বন্দরের কাছে দ্বারকা শহর থেকে কমপক্ষে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সুদর্শন সেতু তৈরি হওয়ার আগে পুণ্যার্থীদের নৌকায় করে যাতায়াত করতে হতো। এখন সেই সমস্যার সমাধান হলো বলে দাবি করা হচ্ছে।

এদিন সুদর্শন সেতু ছাড়াও রাজকোটে গুজরাটের প্রথম এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এছাড়া, ভার্চুয়ালি অন্ধ্র প্রদেশ, পাঞ্জাব, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে নতুন নির্মিত চারটি এইমস উদ্বোধন করবেন তিনি।