সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

ভোলার জেলা জজ এ এইচ এম মাহমুদুর রহমানের দুর্নীতির খবর প্রকাশের জেরে সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, “এই মামলা সম্পূর্ণ হয়রানিমূলক। সংবাদে অসত্য থাকলে মানহানির মামলা করা যেত, কিন্তু সাজানো চাঁদাবাজির মামলা দিয়ে সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে।” তারা আরও মন্তব্য করেন, একজন জেলা জজের নির্দেশে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা জাতির জন্য লজ্জাজনক।
বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য নুরুল হোসেন কাইয়ুম, রাজু আহমেদ, জিয়াউর রহমান, বিপ্লব সিকদার, সাংবাদিক হাফিজুর রহমান শফিক, নেত্রী জেসমিন জুই, আনিছুর রহমান মোল্লা, কাজী টিটু, কবির হোসেন এবং মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ইমনসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।
মানববন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ এবং সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুল ইসলাম।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত সংবাদে ‘ভোলা কোর্টের বিচারক ও আইনজীবীদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন’ এবং ‘ভোলা জেলার জজ মাহমুদুর রহমানের অনিয়ম ও দুর্নীতি’ শিরোনামের প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ আড়াল করতেই জেলা জজের নির্দেশে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, এটি ক্ষমতার অপব্যবহার এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড আড়াল করার স্পষ্ট উদাহরণ।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫







