হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয় চ্যাট অনুবাদ ফিচার

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন চমক আনছে হোয়াটসঅ্যাপ! এবার চ্যাটের ভাষা নিজে থেকেই অনুবাদ করবে অ্যাপটি, যা ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্য দেবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রেখেই বিভিন্ন ভাষায় সহজে যোগাযোগ করতে সহায়তা করবে। নতুন স্বয়ংক্রিয় ভাষা শনাক্তকরণ সিস্টেমের ফলে চ্যাট অনুবাদের জন্য ব্যবহারকারীদের আর ম্যানুয়ালি ভাষা নির্ধারণ করতে হবে না। এটি সম্পূর্ণরূপে ডিভাইসের ভেতরে থাকা ল্যাঙ্গুয়েজ প্যাকের মাধ্যমে কাজ করবে, তাই অনুবাদের জন্য ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন হবে না।

কেন এটি গুরুত্বপূর্ণ?

১. স্বয়ংক্রিয় অনুবাদ: হোয়াটসঅ্যাপ নিজে থেকেই মেসেজের ভাষা শনাক্ত করে অনুবাদ করবে।
2. গোপনীয়তা বজায় থাকবে: কোনো ডেটা বাহিরের সার্ভারে যাবে না, ফলে ব্যবহারকারীরা নিরাপদ থাকবেন।
3. ইন্টারনেট ছাড়াই কাজ করবে: অনুবাদ করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।
4. গ্রুপ চ্যাট সুবিধা: গ্রুপে থাকা ভিন্ন ভাষার বার্তা অনুবাদ হবে স্বয়ংক্রিয়ভাবে, ফলে সবাই সহজে যোগাযোগ করতে পারবে।
5. ব্যবহারকারীর নিয়ন্ত্রণ: স্টোরেজ সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ প্যাক মুছে ফেলা বা পুনরায় ডাউনলোড করার সুযোগ থাকবে।

কবে আসছে ফিচারটি?

WabetaInfo এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং শিগগিরই সকল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গুগলের নতুন “আইডেন্টিটি চেক” ফিচার: ব্যবহারকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রক্রিয়া

বর্তমানে স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে আমাদের প্রতিদিনের কাজ চলে। লগইন করতে গিয়ে অনেকেই জানেন না, যে এসব অ্যাপ এবং সাইট হ্যাকারদের জন্য অযাচিত সুযোগ সৃষ্টি করতে পারে। তারা ফিশিং লিঙ্ক পাঠিয়ে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এবং আপনার ফোনও হ্যাক হয়ে যেতে পারে এক নিমিষে।

এমতাবস্থায়, গুগল নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে, যার নাম “আইডেন্টিটি চেক”। এটি একটি অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা, যা ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে সাহায্য করবে। এই ফিচারটি বিশেষভাবে ডিজিটাল বিজ্ঞাপন, অনলাইন পেমেন্ট, অ্যাকাউন্ট সিকিউরিটি এবং অন্যান্য ডিজিটাল পরিষেবাগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হবে। গুগল এই ফিচারটি ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করেছে, যাতে জালিয়াতি রোধ করা যায় এবং অনলাইন কার্যক্রম সুরক্ষিত থাকে।

আইডেন্টিটি চেক ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের তাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসিয়াল রেকগনিশন দিয়ে নিজেকে অথেন্টিকেট করতে হবে। এটি ব্যবহারকারীর তথ্য চুরি থেকে রক্ষা করবে। এর সঙ্গে থাকবে থিফট ডিটেকশন লক এবং অফলাইন ডিভাইস লক-এর মতো টুলস, যা সুরক্ষাকে আরও বাড়াবে।

নিরাপত্তা প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে:

প্রথমে ব্যবহারকারীদের তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে। গুগল AI ও ম্যানুয়াল রিভিউর মাধ্যমে ডকুমেন্ট যাচাই করবে।

অনেক ক্ষেত্রে লাইভ ফটো তুলতে বলা হতে পারে, যা নিশ্চিত করবে যে, আপলোড করা পরিচয়পত্র আসল ব্যক্তিরই এবং কোনো ধরনের কৃত্রিম ছবি নয়।

ব্যবহারকারীর নাম, ঠিকানা, জন্মতারিখ ও অন্যান্য তথ্য গুগলের ডাটাবেসের সাথে মেলানো হবে। যদি কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়, তাহলে পুনরায় যাচাইয়ের অনুরোধ করা হবে।

একবার পরিচয় নিশ্চিত হলে, ব্যবহারকারী নির্দিষ্ট সেবাগুলো ব্যবহার করতে পারবেন।

আইডেন্টিটি চেক ফিচারের বেশ কয়েকটি সুবিধা রয়েছে:

1. নিরাপত্তা নিশ্চিতকরণ: ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকিং এবং অননুমোদিত প্রবেশ রোধ করে।

2. অনলাইন লেনদেন সহজ ও নিরাপদ: ডিজিটাল পেমেন্ট, গুগল অ্যাডস, এবং অন্যান্য অনলাইন সেবার ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করে।

3. বিজ্ঞাপনদাতাদের নিরাপত্তা বৃদ্ধি: গুগল অ্যাডস ব্যবহারকারীদের পরিচয় যাচাই করে, যাতে ভুয়া বিজ্ঞাপনদাতারা প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে।

4. জালিয়াতি ও ভুয়া তথ্য প্রতিরোধ: গুগল সার্ভিসে ভুয়া তথ্য বা অ্যাকাউন্ট প্রতিরোধ করে, বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করে।

 

এই ফিচারটি চালু করার মাধ্যমে গুগল নীতিমালা অনুসরণ করবে এবং দেশে দেশে প্রয়োগ করা কঠোর অনলাইন পরিচয় যাচাই আইন মেনে চলবে, যা তাদের বৈধতাকে আরও শক্তিশালী করবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন? অ্যাকাউন্ট বন্ধ হতে পারে যেকোনো সময়!

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এটি ব্যবহার করেন। তবে নিয়ম লঙ্ঘন করলে যেকোনো সময় অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।

কেন বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট?

সম্প্রতি প্রকাশিত এক মাসিক প্রতিবেদনে মেটা জানিয়েছে, ভারতসহ বিভিন্ন দেশে বিপুলসংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে আরও অ্যাকাউন্ট বন্ধ করার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কারণ:

সন্ত্রাসবাদ ও সহিংসতা প্রচার: কোনো উগ্রবাদী বা সন্ত্রাসী কার্যকলাপ ছড়ানোর চেষ্টা করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।

নগ্নতা ও অনৈতিক কনটেন্ট: পর্নোগ্রাফিক বা আপত্তিকর ছবি বা ভিডিও শেয়ার করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

প্ররোচনামূলক মন্তব্য ও ঘৃণাসূচক বার্তা: ধর্ম, বর্ণ বা জাতিগত বিদ্বেষ ছড়ালে কঠোর ব্যবস্থা নেয় হোয়াটসঅ্যাপ।

স্প্যাম ও স্ক্যাম বার্তা পাঠানো: অনাকাঙ্ক্ষিত বা প্রতারণামূলক বার্তা পাঠালে হোয়াটসঅ্যাপ সেটিকে অনিরাপদ আচরণ হিসেবে চিহ্নিত করে।

অননুমোদিত অ্যাপ ব্যবহার: অনেকেই GB WhatsApp, Yo WhatsApp-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করেন, যা হোয়াটসঅ্যাপের নীতিমালা লঙ্ঘন করে। ফলে এমন অ্যাকাউন্টও স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে।

কীভাবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন?

হোয়াটসঅ্যাপের Acceptable Use Policy অনুসরণ করুন।

অফিশিয়াল অ্যাপ ছাড়া অন্য কোনো তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করবেন না।

অন্য ব্যবহারকারীদের অসুবিধায় ফেলে এমন কোনো বার্তা, ছবি বা ভিডিও শেয়ার করবেন না।

অপ্রাসঙ্গিক লিংক বা স্প্যাম পাঠানো থেকে বিরত থাকুন।

নিয়ম মেনে ব্যবহার করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদ থাকবে, অন্যথায় যেকোনো সময় আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে!

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




অপো রেনো ১৩ সিরিজ : আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য সেরা

চীনের হ্যান্ডসেট ব্র্যান্ড অপো বাংলাদেশে রেনো১৩ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে। এটিই আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচার সম্বলিত দেশের প্রথম স্মার্টফোন। ‘অপো রেনো১৩ সিরিজ’ এর দুইটি মডেল হচ্ছে- ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’। সর্বাধুনিক এই স্মার্টফোনগুলোর মাধ্যমে পানিতেও ভালো মানসম্পন্ন, মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা, যা মোবাইল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তাই নিঃসন্দেহে ‘রেনো১৩ সিরিজ’-এর অন্যতম আকর্ষণ আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির সক্ষমতা। এবং এটি সম্ভব হয়েছে, ‘আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স’-এর মাধ্যমে; যেটি কি না ধুলোবালি ও পানি থেকে সর্বোচ্চ মানের সুরক্ষা।

এই অভিনব ফিচার ব্যবহারকারীদের পানির ২মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ করে দেবে। পানির তলদেশে ফটো ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে পর্যাপ্ত আলো ও রঙের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপোর অত্যাধুনিক ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’, এটি ফোকাস, রঙ এবং কনট্রাস্ট-এর সমন্বয়ে ভূমিকা রাখে। তাই হতে পারে প্রিয়জনদের সঙ্গে ওয়াটার পার্কের উন্মাদনা কিংবা শান্ত নীল জলরাশিতে হারিয়ে যাওয়া; ‘রেনো১৩ সিরিজ’ প্রতিটি মুহূর্তেই আপনাকে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে অনুপ্রাণিত করবে কোনো ধরনের অতিরিক্ত গ্যাজেট বা সরঞ্জামের ঝামেলা ছাড়াই।

‘রেনো১৩ সিরিজ’ এ আরো রয়েছে ‘এআই লাইভফটো’র নতুন ফিচার, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান লাইভ ফটো সুবিধাকে বহুমাত্রায় বৃদ্ধি করে এবং প্রিয় মুহূর্তগুলোকে প্রাণবন্ত করে তোলে। শাটার প্রেস করার পূর্বে ও পরবর্তীতে এটি স্বয়ংক্রিয়ভাবে ১.৫ সেকেন্ড এর ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করে নেয় এবং এআই ডি-ব্লারিং, ইআইএস এবং ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম ব্যবহার করে শটগুলো স্থিতিশীল করতে ও অপ্রয়োজনীয় নড়াচড়া দূর করতে সাহায্য করে।

গেমার্স ও স্ট্রিমারদের জন্যও রয়েছে সুখবর। ‘রেনো১৩ সিরিজ’-এ আছে ‘এআই লিংকবুস্ট ২.০’, এটি ‘লো-সিগনাল’ অথবা ‘ক্রাউডেড এরিয়া’তে ‘সিগন্যাল রিসেপশন অ্যান্ড প্রায়োরাইটাইজিং’ এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নেটওয়ার্ক শক্তিশালী রাখতে ভূমিকা রাখে। ৯টি ৩৬০° ডিগ্রি অ্যান্টেনা, ডুয়েল-চ্যানেল ওয়াই-ফাই, ব্লুটুথ অ্যাসিলারেশন, এর মাধ্যমে এ প্রযুক্তি নির্বিঘ্ন, নিরবচ্ছিন্ন গেমিং, স্ট্রিমিং ও ফাইল শেয়ারিং অভিজ্ঞতা দিয়ে থাকে। ওয়াই-ফাই পজিশনিং ফিচার সবচেয়ে শক্তিশালী সিগন্যালটি সাজেস্ট করার মাধ্যমে নির্ভরযোগ্য নেটওয়ার্কটিতে যুক্ত হতে ব্যবহারকারীদের সাহায্য করে।

‘অপো রেনো১৩ সিরিজ’ এর আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে, ‘আইওএস’ অপারেটিং সিস্টেম এর সঙ্গে সংযোজন। এই স্মার্টফোনের মাধ্যমে ‘ও+( O+) কানেক্ট অ্যাপ ব্যবহার করে নির্বিঘ্নে অপো ফোন এবং ‘আইওএস’ এর মধ্যে ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল শেয়ার করা যায়। একইসঙ্গে- অ্যাপল এর পাশাপাশি অপো-ই একমাত্র ব্র্যান্ড, যেটির স্মার্টফোন থেকে সরাসরি টিকটক সহ অন্যান্য সামাজিকমাধ্যমে সরাসরি ছবি (লাইভফটোস) আপলোড এর সুযোগ রয়েছে।

‘অপো রেনো১৩ সিরিজ’ এ রয়েছে- শক্তিশালী ‘রেনো১৩ ৫জি’- ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, ৫৬০০এমএএইচ ব্যাটারি, ৮০ওয়াট সুপারভোগ চার্জিং, ১২ জিবি র‌্যাম (১২জিবি এক্সটেন্ডেড), এবং ২৫৬জিবি রম। স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে মাত্র ৬৯,৯৯০ টাকায়।

এছাড়া রেনো১৩ এফ এ রয়েছে- ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, ৫৮০০এমএএইচ ব্যাটারি, ৪৫ওয়াট সুপারভোগ চার্জিং, ৮ জিবি র‌াম (৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম। এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে মাত্র ৩৪,৯৯০ টাকায়।




ইনস্টাগ্রামে রিলসের সময় বাড়িয়ে ৩ মিনিট করা হলো

বর্তমানে ইনস্টাগ্রামে রিলস তৈরি করার সময়সীমা ৯০ সেকেন্ড অর্থাৎ দেড় মিনিট পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে, ব্যবহারকারীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে ইনস্টাগ্রাম তাদের নতুন ফিচার ঘোষণা করেছে। এখন থেকে, ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, এই পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীদের আরও বড় গল্প শেয়ার করার সুযোগ দেওয়া। তিনি বলেন, “আগে ৯০ সেকেন্ডের সীমা ছিল কারণ আমরা সংক্ষিপ্ত ভিডিওর অভিজ্ঞতা উন্নত করতে চেয়েছিলাম। তবে, ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে যারা দীর্ঘ গল্প শেয়ার করতে চান, তাদের জন্য এই সময়সীমা খুবই ছোট। তাই এখন থেকে রিলসের সময় ৩ মিনিট পর্যন্ত বাড়ানো হলো।”

এটি এমন একটি পদক্ষেপ, যা ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের ভিডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা এবং সৃজনশীলতা প্রদান করবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি, আসছে শক্তিশালী ‘পি৩ প্রো ৫জি’

জনপ্রিয় চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি একের পর এক নতুন ডিভাইস বাজারে আনছে। এবার তারা নিয়ে আসছে রিয়েলমি পি৩ ৫জি সিরিজ, যেখানে থাকছে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ প্রো ৫জি মডেল। সম্প্রতি পি৩ প্রো ৫জি মডেলের ডিজাইন ফাঁস হয়েছে, যা প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

রিয়েলমি পি৩ প্রো ৫জি: শক্তিশালী ক্যামেরা ও আকর্ষণীয় ডিজাইন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ক্যামেরার ডিজাইন বেশ আকর্ষণীয়, যেখানে গোলাকার ক্যামেরা মডিউলের মধ্যে সেন্সর ও এলইডি ফ্ল্যাশ ত্রিভুজাকারে বসানো হয়েছে।

শক্তিশালী পারফরম্যান্স ও স্টোরেজ

রিয়েলমি পি৩ প্রো ৫জি মডেলে থাকতে পারে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ, যা একে একটি পাওয়ারফুল স্মার্টফোন হিসেবে গড়ে তুলবে। বিশেষ করে গেমারদের জন্য বিশেষ কিছু ফিচার যুক্ত করা হচ্ছে ফোনটিতে।

উন্নত গেমিং অভিজ্ঞতা: জিটি বুস্ট টেকনোলজি

গেমারদের জন্য ফোনটিতে জিটি বুস্ট গেমিং টেকনোলজি যুক্ত করা হচ্ছে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তি ব্যবহার করে গেমিং পারফরম্যান্স উন্নত করবে। ফলে হাই গ্রাফিক্স গেম খেললেও ফোন গরম হবে না বা ল্যাগ করবে না।

ডিজাইন ও রঙ

ফাঁস হওয়া ছবি অনুযায়ী, রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনটি হালকা নীলচে (লাইট ব্লু) রঙে লঞ্চ হতে পারে। তবে অন্য রঙের অপশন থাকবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই।

বাজারে আসার সম্ভাবনা ও দাম

ভারতের বাজারে শিগগিরই ফোনটি উন্মোচিত হতে পারে, এরপর জানা যাবে মূল্য সংক্রান্ত তথ্য।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ডিপসিক: কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন বিপ্লব

বিশ্ব প্রযুক্তি জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে চীনা প্রতিষ্ঠান ‘ডিপসিক’। মাত্র কয়েক দিনের ব্যবধানে এআই অ্যাসিস্ট্যান্টের বাজারে দখল তৈরি করে নিয়েছে প্রতিষ্ঠানটি, যা মার্কিন টেক জায়ান্টদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

২০২৩ সালে চীনের হ্যাংঝো শহর থেকে যাত্রা শুরু করা ‘ডিপসিক’ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় এআই অ্যাপ। ২০২৪ সালে নতুন সংস্করণ ‘আর-ওয়ান’ উন্মোচনের পর থেকেই এটি চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে।

কেন এত দ্রুত জনপ্রিয় হলো ডিপসিক?

ফ্রি পরিষেবা: যেখানে অন্যান্য এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের জন্য ফি দিতে হয়, সেখানে ডিপসিক সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিচ্ছে।

সহজ ব্যবহার: সাধারণ ব্যবহারকারীদের জন্য ডিপসিকের ইন্টারফেস অত্যন্ত সহজ এবং ব্যবহারবান্ধব।

উন্নত পারফরম্যান্স: ইউজারদের মতে, মানুষের চিন্তাভাবনার সঙ্গে আরও বেশি মিল রেখে উত্তর দিতে পারে ডিপসিক।

দ্রুতগতির প্রযুক্তি: প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উন্নত এলগরিদম ও উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ডিপসিকের অভাবনীয় সাফল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “চীনা সংস্থার তৈরি ডিপসিক আমাদের প্রযুক্তি বাজারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের টেক জায়ান্টদের এখন আরও মনোযোগ দিতে হবে।”

এআই প্রযুক্তির এই দ্রুত পরিবর্তন ভবিষ্যতে বৈশ্বিক বাজারে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নারী সুরক্ষায় স্মার্ট জুতা আবিষ্কার ১০ম শ্রেণির শিক্ষার্থীর

বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা এবং যৌন নিপীড়নের ঘটনা বেড়ে চলেছে, বিশেষ করে ভারতে। একে একে নারীরা পথে, ঘরে, অফিসে, স্কুলে, সর্বত্রই অস্বস্তির শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে শান্তিপুরের এক দশম শ্রেণির ছাত্র ঋত্বিক সাহা এক অভিনব স্মার্ট জুতা আবিষ্কার করেছেন, যা নারীদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষভাবে কার্যকর।

ঋত্বিক সাহা, শান্তিপুরের এম এন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্মার্ট জুতা তৈরি করেছেন। এই জুতায় রয়েছে একাধিক প্রযুক্তি, যার মাধ্যমে নারীরা বিপদে পড়লে দ্রুত সহায়তা পেতে পারেন। ৩ হাজার টাকা খরচে এবং মাত্র ১০ দিনে তৈরি করা এই স্মার্ট জুতা একেবারে সাশ্রয়ী। এর মধ্যে রয়েছে ইলেকট্রিক শক এবং সেন্সর ব্যবস্থা, যা নারী আক্রান্ত হলে শক দেয় এবং সঙ্গে সঙ্গে মেসেজ পাঠিয়ে সহায়তা নিয়ে আসতে সাহায্য করে।

জুতায় থাকা জিপিএস প্রযুক্তি পরিবারের সদস্যদেরকে আক্রান্তের লাইভ লোকেশন পাঠাবে, যাতে দ্রুত পুলিশ অথবা তাদের নিকটাত্মীয়রা সহায়তায় পৌঁছাতে পারেন। ঋত্বিকের এই উদ্ভাবনটি এখন শান্তিপুরে ব্যাপক আলোচিত। তার উদ্ভাবনায় স্কুলের শিক্ষক, সহপাঠী এবং পরিবারের সদস্যরা গর্বিত।

এটি শুধু নারীর সুরক্ষা নয়, প্রযুক্তির ব্যবহারের এক দৃষ্টান্ত। ঋত্বিকের ভবিষ্যৎ পরিকল্পনা আরও নতুন নতুন উদ্ভাবন করার।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আইফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপ নতুন এক আপডেট নিয়ে আসছে, যা আইফোন ব্যবহারকারীদের জন্য একটি দারুণ সুবিধা প্রদান করবে। এই আপডেটের মাধ্যমে এখন এক ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো যাবে। অনেকের কাছে দুটি সিম কার্ড থাকে অথবা বিভিন্ন কারণে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। এই আপডেটের মাধ্যমে, আর আলাদা আলাদা ডিভাইসে লগ ইন করার প্রয়োজন পড়বে না।

এখন থেকে আইফোন ব্যবহারকারীরা দুটি অ্যাকাউন্ট একসাথে এক ফোনে চালাতে পারবেন। নতুন আপডেটের জন্য আইওএস ২৫.২.১০.৭০ সংস্করণে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। আপডেটটি ইনস্টল করার পর, দুটি অ্যাকাউন্টের জন্য আলাদা চ্যাট ব্যাকআপ ও সেটিংস থাকবে, যা ব্যবহারে কোনো সমস্যা হবে না।

এছাড়াও, হোয়াটসঅ্যাপের অন্য একটি নতুন ফিচারও আসছে, যার মাধ্যমে স্ট্যাটাস এক ক্লিকেই ইন্সটাগ্রাম বা ফেসবুকে শেয়ার করা যাবে। এর জন্য আলাদা করে কোনো অ্যাপ চালানোর প্রয়োজন হবে না।

ফিচারটির পরীক্ষাটি সফল হলে, দ্রুত রোল আউট শুরু হবে। তাই, যারা এই সুবিধা ব্যবহার করতে চান, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন এবং নিশ্চিত করুন যে আপনার আইফোনও লেটেস্ট ভার্সনে আপ টু ডেট আছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিটিআরসির অভিযানে বন্ধ হচ্ছে অবৈধ জিপিএস সার্ভার, বিপাকে লাখো ব্যবহারকারী

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি অবৈধ জিপিএস ট্র্যাকিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই অভিযান চলাকালে বিটিআরসি লাইসেন্সহীন যানবাহন ট্র্যাকিং সেবা (ভিটিএস) প্রদানকারী কোম্পানির সার্ভার বন্ধ করে দিয়েছে, যা লাখো জিপিএস ব্যবহারকারীকে বিপাকে ফেলেছে।

এ পর্যন্ত বিটিআরসি মটোলক, ট্যাসলক এবং সিনোট্র্যাক নামক তিনটি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এসব প্রতিষ্ঠান লাইসেন্স না নিয়ে ব্যবসা চালিয়ে আসছিল, যার কারণে তাদের সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে। গত বছর রাজধানী ঢাকা থেকে মটোলক, ট্যাসলক এবং ফ্রিকোয়েন্সি ডিভাইস অবৈধভাবে বিক্রি করার অভিযোগে র‍্যাব তিনজনকে গ্রেফতার করেছিল। তখনই এসব কোম্পানিকে সতর্ক করা হয়েছিল।

সম্প্রতি বিটিআরসি তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং কমপক্ষে ৩৬টি লিংক, আইপি অ্যাড্রেস এবং সার্ভার ব্লক করেছে। দেশের সব আইআইজি, আইএসপি এবং টেলিকম অপারেটরদের এ বিষয়ে যথাযথ নির্দেশনা অনুসরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিটিআরসি আরও খতিয়ে দেখছে, কীভাবে অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ সিম কার্ড ক্রয় করা হচ্ছে।

অবৈধ জিপিএস পরিষেবাগুলোর সার্ভার বন্ধ হওয়ার ফলে হাজার হাজার গ্রাহক যারা ট্যাসলক, মটোলক, সিনোট্র্যাক এবং অন্যান্য অবৈধ অপারেটরের সেবা গ্রহণ করছিলেন, তারা এখন নানা সমস্যায় পড়েছেন। এর পাশাপাশি, বিটিআরসি দেশে অবৈধ জিপিএস পরিষেবার ব্যবহার নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং চারটি ভেহিক্যাল ট্র্যাকিং সেবা কোম্পানির লাইসেন্স বাতিল করেছে।

খাত-সংশ্লিষ্টরা এবং বিটিআরসি ব্যবহারকারীদের অনুমোদিত বা বৈধ ভিটিএস কোম্পানির সেবা গ্রহণের পরামর্শ দিয়েছেন। কারণ, অবৈধ অপারেটরদের বিরুদ্ধে বিটিআরসির অভিযান চলতে থাকবে এবং সেসব সার্ভার যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিটিএসপিএবি) মুখপাত্ররা। তারা মনে করেন, বিটিআরসির এ পদক্ষেপ বৈধ কোম্পানিগুলোকে উৎসাহিত করবে এবং গ্রাহকদেরও অনুমোদিত সেবা গ্রহণে অনুপ্রাণিত করবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম