মহাকাশে কোন রোগে আক্রান্ত হয় কিনা মহাকাশচারী?

চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স: স্পেসফ্লাইট কিন্তু মানুষের জন্য একটি কঠোর অভিজ্ঞতা। প্রথমত, মহাজাগতিক বিকিরণ রয়েছে, যা শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলে এবং তার উপরে মাইক্রোগ্র্যাভিটি যা শরীর মধ্যস্থ তরল এবং রক্তচাপের উপর হস্তক্ষেপ করে প্রতিনিয়ত। এ ছাড়াও হাওয়ায় ভেসে বেড়ানো এবং বন্ধুবান্ধব, পরিবার ও সমাজ থেকে দীর্ঘ দিনের বিচ্ছেদ মন দুর্বল করে দেয়। মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয় ব্যাপক ভাবে। মহাকাশচারীদের এই ধরনের পরিস্থিতির সঙ্গে বোঝাপড়া করার জন্য বছরের পর বছর প্রশিক্ষণ দেওয়া হয়। তবুও মহাকাশে গিয়ে তাঁদের নানা শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল।

স্পেস হেলথ রিসার্চ অনুযায়ী দীর্ঘ দিন মহাকাশযাত্রা শরীরের প্রায় প্রতিটি তন্ত্র, শরীরের কার্ডিয়োভাসকুলার এবং মেটাবলিক সিস্টেম থেকে শুরু করে ইমিউন সিস্টেমের উপরেও প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদি মহাকাশ মিশনের সময় মহাকাশচারীরা সবচেয়ে বেশি যে সমস্যার মুখোমুখি হয়, তা হল রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া। গবেষণায় দেখা গিয়েছে যে মহাকাশচারীরা মহাকাশে অনেক ক্ষেত্রেই ভাইরাল সংক্রমণে কাবু হন।

অধিকাংশ সময়ই দেখা যায় যে, সেই ভাইরাসগুলি কিন্তু তাঁরা পৃথিবী থেকেই নিজের শরীরে বহন করে নিয়ে যান। অনেক ক্ষেত্রেই মহাকাশচারীদের ত্বকে বিভিন্ন রকম সংক্রমণ শুরু হয়।

মহাকাশে গেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সেই ভাইরাসগুলির আবার সক্রিয় হতে খুব বেশি সময় লাগে না। তবে ভাল বিষয় হল, পৃথিবীতে ফিরে আসার পাঁচ সপ্তাহের মধ্যে রোগ প্রতিরোধ শক্তি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।




চাঁদের মাটিতে সফল অবতরণে মো‌দি‌কে শেখ হা‌সিনার অভিনন্দন

চন্দ্রদীপ ডেস্ক : মহাকাশযান চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করায় ভারতের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি‌কে অভিনন্দন জানিয়েছেন বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। বুধবার (২৩ আগস্ট) এক বার্তায় এ অভিনন্দন জানান শেখ হাসিনা।

ঢাকার ভারতীয় হাই‌কমিশন জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণ উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। ভারতকে বিশ্বের চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করানোর সাফল্যের জন্য তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

শেখ হাসিনা ব‌লেন, এই গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে ও এই ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ ভারতের সঙ্গে আনন্দ করছে, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সকল দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়। মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের বুকে অবতরণ ক‌রে‌ছে ভারত।

গতকাল (বুধবার) বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণ ক‌রে‌ছে ভারত। আর চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে প্রথম দেশ হি‌সে‌বে ইতিহা‌সে নাম‌ লেখায় তারা।

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ এর মাধ্যমে চাঁদে যাত্রা শুরু ক‌রে ভারত।




মার্কিন কংগ্রেসম্যানের ই-মেইল হ্যাক করেছে চীনা হ্যাকার

চন্দ্রদীপ ডেস্ক: চীনের গুপ্তচররা মার্কিন রিপাবলিকান প্রতিনিধি ডন বেকনের ইমেইল হ্যাক করেছে বলে তাকে সতর্ক করেছিল গোয়েন্দা সংস্থা এফবিআই। বেকন সোমবার নিজেই এই তথ্য জানিয়েছেন।

এফবিআই বেকনকে বলেছে, চীনা কমিউনিস্ট পার্টি তার ইমেইল গত ১৬ জুন পর্যন্ত এক মাস ধরে প্রবেশাধিকার পেয়েছিল। সেখানে ব্যক্তিগত ও তার ক্যাম্পেইনের মেসেজগুলো তার হাতড়িয়েছে।

ওয়াশিংটন পোস্টে এই খবর প্রকাশ করে। এরপর বেকন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘটনাটি প্রকাশ করেন। ঘটনাটি ‘মাইক্রোসফ্ট সফ্টওয়্যারের দুর্বলতার’ কারণে ঘটেছিল বলে দাবি করেন তিনি।

এই হ্যাকিং ক্যাম্পেইনের ফলে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের হাজারো ইমেল চুরি হয়ে গেছে বলে জানানো হয়েছে। এসব কর্মকর্তাদের তালিকায় মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো এবং চীনে মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসও রয়েছেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের অ্যাকাউন্টগুলো যে হ্যাকিংয়ের লক্ষ্যবস্তু, সেই বিষয়টি নিয়ে এর আগে প্রতিবেদন প্রকাশ করেছিল সিএনএন। বেকন বলেন, “এই সাইবার অপারেশনে অন্যান্য ভুক্তভোগীও ছিল। চীনের কমিউনিস্ট সরকার আমাদের বন্ধু নয়। সাইবার গুপ্তচরবৃত্তি পরিচালনায় তারা খুব সক্রিয়।




চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস গড়ল ভারত

চন্দ্রদীপ নিউজ ডেস্ক : চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসেবে পা রাখলো ভারত। বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬ টায় দেশটির চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করতে শুরু করে। পরে ৬টা ৪মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস গড়ে চন্দ্রযান-৩। পৃথিবীর আর কোনও দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ভারতীয়দের পাখির চোখ ছিল চন্দ্রপৃষ্ঠের সেই অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে।

দেশটির মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণের দৃশ্য। দেশটির লাখো মানুষ সাক্ষী হন এই ঐতিহাসিক মুহূর্তের।

ইসরোর এক্স বার্তা, আমি গন্তব্যে পৌঁছে গিয়েছি
চাঁদের মাটিতে বিক্রমের অবতরণের পরপরই ইসরোর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বার্তা দেওয়া হয়। চন্দ্রযান-৩ এর পক্ষে ইসরোর সেই বার্তায় লেখা হয়েছে, ‘ভারত, আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি।’




টিকটক-টেলিগ্রাম-ওয়ানএক্সবেট নিষিদ্ধ করল সোমালিয়া

চন্দ্রদীপ ডেস্ক : অশ্লীল কনটেন্ট আর মিথ্যার প্রচারণা ঠেকাতে জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক, মেসেজিং অ্যাপ টেলিগ্রাম এবং অনলাইন-বেটিং ওয়েবসাইট ওয়ানএক্সবেটকে নিষিদ্ধ করেছে সোমালিয়া। রোববার দেশটির যোগাযোগ মন্ত্রী জামা হাসান খলিফ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বলে সোমবার খবর দিয়েছে রয়টার্স।

বিবৃতিতে বলা হয়েছে, যোগাযোগ মন্ত্রী ইন্টারনেট কোম্পানিগুলোকে এসব অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশের সন্ত্রাসী এবং অনৈতিক গোষ্ঠীগুলো জনসাধারণের মাঝে ধারাবাহিকভাবে ভয়ানক ছবি ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য এসব অ্যাপ ব্যবহার করে।

দেশটির স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সদস্যরা প্রায়ই টিকটক ও টেলিগ্রামে তাদের কার্যক্রম সম্পর্কে পোস্ট করে।

আগামী পাঁচ মাসের মধ্যে সামরিক অভিযান চালিয়ে আল-কায়েদার অনুসারী আল-শাবাব গোষ্ঠীকে নির্মূল করার হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। তার এই সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন পূর্ব আফ্রিকার দেশটির যোগাযোগ মন্ত্রী।

সোমালিয়ার সরকারের নিষিদ্ধ করার সিদ্ধান্তের ব্যাপারে রয়টার্স জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি টিকটক, টেলিগ্রাম এবং ওয়ানএক্সবেট।

নিষিদ্ধের আদেশ বাস্তবায়নের জন্য সোমালিয়ার ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী কোম্পানিগুলোকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অনলাইনে বাজি ধরার জন্য সোমালিয়া ওয়ানএক্সবেট তুমুল জনপ্রিয়। বিশেষ করে বিভিন্ন ফুটবল খেলাকে কেন্দ্র করে দেশটিতে এই ওয়েবসাইটে বিপুল পরিমাণ অর্থের বাজি হয়।

এদিকে, চীনের সরকারের সাথে কথিত সম্পর্কের অভিযোগে টিকটককে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির মন্টানা রাজ্য মে মাসে প্রথম এই অ্যাপটি নিষিদ্ধ করেছে।




যেমন ছিলো প্রথম স্মার্ট ফোন

চন্দ্রদ্বীপ আইসিটি ডেক্স: আজকাল স্মার্ট ফোন ছাড়া জীবনটা কল্পনাই করা যায় না। জীবন যেমন সহজ করেছে তেমনি একাকিত্ব দূর করতেও ভূমিকা রাখছে এই স্মার্ট ফোন। নেতিবাচক দিকও অবশ্য কম নেই তবে সব ছাপিয়ে বর্তমান দুনিয়া এক অর্থে অচলই বলা যায় এটি ছাড়া।

যদিও বর্তমানে দামি-কমদামি, ব্রান্ড-নন ব্রান্ড হাজারো ধরনের, বাহারি ফিচার সংবলিত স্মার্ট ফোন রয়েছে। তবে আজকের এই দিনে ১৬ আগস্ট, ১৯৯৪ সালে প্রথম যে ফোনটির মাধমে যাত্রা শুরু হয়ে ছিল এই স্মার্ট ফোনের সেখানে কিন্তু এতো কিছু ছিল না।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম এটি বাজারে ছাড়ে। যেটিকে বলা হতো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট (পিডিএ)। ‘আইবিএম সাইমন’ নামের এই পিডিএ ব্যবহার করে ফোন কল করা যেত। করা যেত ই-মেইল ও ফ্যাক্স আদান-প্রদান। এমনকি নোট নেওয়ার সুবিধাও ছিল এতে। আইবিএমের এই পিডিএ–কেই বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে গণ্য করা হয়।

শুভ জন্মদিন তোমাকে- এতোটুকু তো বলাই যায়!




আগামীতে মোবাইল ফোনের স্থান যে নেবে

চন্দ্রদীপ নিউজ ডেস্ক:  একবার ভেবে দেখুনতো, আপনার কাছে কোন মোবাইল ফোন নেই, হোক সেটা বাটন কিংবা স্মার্ট।  কেমন লাগে? ভাবনা কি আর এগুতে পারছে? নিশ্চয়ই না। অফিস, বিনোদন, বাসা-বাড়ি, ধর্ম-কর্ম কোন ক্ষেত্রে লাগেনা মোবাইল ফোন? প্রয়োজন অপ্রয়োজনে, জরুরি বিনা জরুরি সবসময়েই বন্ধুর মতো পাশে থাকে যে যন্ত্র তার ব্যাপারেই যদি কেউ বলে স্মার্ট ফোন আর থাকবেনা তখন কেমন লাগে? সেটা কি বিশ্বাসযোগ্য হয়? আর তা যদি বলেন বিল গেটসের মতো লোক তখন একটু খটকা লাগে বৈকি! তিনি এমন  কথা বলেছেন যা মোবাইল ফোনের ভবিষ্যতকে অনিশ্চিয়তার মধ্যে ফেলে দিয়েছে।

স্মার্ট ফোন কি সত্যিই শেষ হয়ে যাবে : আজকের আধুনিক যুগে প্রযুক্তি খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। কিপ্যাড ছেড়ে আমরা পৌঁছে গেছি টাচপ্যাডে। এমতাবস্থায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক বিশেষ ধরনের দাবি রেখেছেন। বিল গেটস বলেছেন যে আগামী সময়ে, ইলেকট্রনিক ট্যাটু স্মার্ট ফোনের জায়গা নিতে পারে, যার কারণে স্মার্ট ফোনগুলি বাজার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই ইলেকট্রনিক ট্যাটুগুলি CHAOTIC MOON নামে একটি সংস্থা চালু করেছে, যা এক ধরণের জৈব প্রযুক্তির উপর ভিত্তি করে ট্যাটু তৈরি করে।

এই ট্যাটুগুলির মাধ্যমে, মানবদেহ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়, যার কারণে এগুলি বর্তমানে খেলাধুলা এবং চিকিৎসা লাইনে ব্যবহৃত হয়। সংস্থাটি এই ট্যাটুগুলি নিয়ে আরো নানান ধরনের পরীক্ষা নিরিক্ষা করছে যা ভবিষ্যতে স্মার্ট ফোনের জায়গা নিতে পারে।

বড় কথা বললেন নোকিয়ার সিইও : নোকিয়া কোম্পানির সিইও পেক্কা লুন্ডমার্কও স্মার্ট ফোনের অদৃশ্য হওয়ার বিষয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন, যার মতে 6G প্রযুক্তি ২০৩০ সাল নাগাদ শুরু হবে এবং সেই সময়ে স্মার্ট ফোন তার সাধারণ ইন্টারফেসে থাকবে না। নোকিয়ার সিইও বলেন, ২০৩০ সালের মধ্যে মোবাইল ফোনের জায়গায় স্মার্ট চশমা বা অন্য কোনো ধরনের পণ্য ব্যবহার করা হবে, যা সরাসরি আমাদের শরীরের সাথে কানেক্টেড হবে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই বিষয়টি আমাদের জীবনকে আবার পুরোপুরি বদলে দেওয়ার কাজ করবে।




এ সপ্তাহেই চন্দ্রযান পাঠাবে রাশিয়া

কয়েকদশক পরে আবার চাঁদে অভিযানের ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, চলতি সপ্তাহেই চন্দ্রযান উৎক্ষেপণ করবে তারা। এর মধ্যদিয়ে দীর্ঘ প্রায় ৫০ বছর পর দেশটি চাঁদে অভিযান চালাতে যাচ্ছে। খবর এএফপির।

রাশিয়া এমন সময়ে চন্দ্রাভিযানের ঘোষণা দিল যখন ভারতের চন্দ্রযান-৩ চাঁদের পথে এগিয়ে চলেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার চন্দ্রযান উৎক্ষেপণ করা হবে।

রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস বলছে, শুক্রবার সকালের দিকে লুনা-২৫ নভোযান দিয়ে চাঁদে অভিযান চালাবে তারা। এতে একটি ল্যান্ডার থাকবে। যদি সবকিছু ঠিক থাকলে উড্ডয়নের পাঁচদিন পরই এটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে।

রাশিয়া সর্বপ্রথম ও সবর্শেষ চন্দ্র অভিযান পরিচালনা করেছিল এখন থেকে প্রায় পাঁচ দশক আগে ১৯৭৬ সালে। তবে সম্প্রতি মহাকাশ কর্মসূচি পুনরায় শুরু করার জন্য জোর দিচ্ছে মস্কো।

 

 




ল্যাপটপ কোলে নিয়ে কাজ করলে যে ক্ষতি পারে

তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব বিকাশের ফলে বিশালাকার কম্পিউটারের পরিবর্তে ল্যাপটপের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। এটি বহনযোগ্য হওয়ায় যে কোনো কাজে সেটিকে ব্যবহার করা হচ্ছে। ফলে অনেক সময় ল্যাপটপ কোলে নিয়েই অনেকে কাজ করেন। তবে কেউ খেয়াল করেন না যে, ল্যাপটপ কোলে নিয়ে কাজ করলে কী কী সমস্যা হতে পারে। কোলে রেখে কাজ করলে মানুষের শরীরে প্রভাব ফেলার পাশাপাশি যন্ত্রেরও ক্ষতি হয়।

বলা হয় কোলে রেখে কাজ করলে ল্যাপটপ থেকে তৈরি তাপের ফলে টেস্টিকুলার ক্যানসার হওয়ার শঙ্কা থাকে। যদিও ল্যাপটপের তাপের সঙ্গে এ ধরনের স্বাস্থ্যগত সমস্যার কোনো গবেষণাভিত্তিক প্রমাণ নেই।

মানুষের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও ল্যাপটপ কোলে রেখে কাজ করলে যন্ত্রটিরও ক্ষতির ঝুঁকি থাকে। ল্যাপটপে ছোট ছোট কিছু ফ্যান থাকে। যেগুলো খুবই দ্রুত চলে এবং বাতাস চলাচলে সাহায্য করে অভ্যন্তরীণ যন্ত্রগুলোকে ঠাণ্ডা রাখে। কিন্তু কোলে রেখে ল্যাপটপে কাজ করলে এসব ফ্যান চালু হতে সমস্যা হয়। এমনকি প্রয়োজনীয় বাতাস চলাচলে বাধাগ্রস্ত হয়। ফলে অনেক সময় ধরে ব্যবহারে ল্যাপটপ গরম হয়ে যায়।

ধারাবাহিকভাবে কোলে রেখে ল্যাপটপে কাজ করলে অনেক যন্ত্রাংশের ক্ষতি হতে পারে। শুধু তা-ই নয়, ব্যাটারির স্থায়িত্বও কমে আসতে পারে।

এলজির তথ্যপ্রযুক্তি পণ্য বিশেষজ্ঞ থমাস এপস বলেন, ল্যাপটপ নাম হলেও যন্ত্রটি নরম জায়গায় রেখে কাজ করলে ব্যাটারির ক্ষতি হয়। ল্যাপটপ বসানোর জায়গা নরম হলে তা বাতাস চলাচলের ফোকরগুলোকে ঢেকে রাখে। ফলে ল্যাপটপের ফ্যান সঠিকভাবে চলতে পারে না। এতে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে ব্যাটারির ক্ষতি করে।

এসব সমস্যা সমাধানে ল্যাপটপ ডেস্ক বা টেবিলের সমতল জায়গায় বসিয়ে উঁচু স্থানে রেখে কাজ করতে হবে। ফলে প্রয়োজনীয় বাতাস চলাচলে সমস্যা হবে না। এ ছাড়া ল্যাপটপের জন্য কুলিং প্যাডও ব্যবহার করা যেতে পারে।




পিরোজপুরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের উদ্বোধন

এস এম পারভেজ (পিরোজপুর): জেলার মঠবাড়িয়া উপজেলার নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরন উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরন উদ্বোধন করেন জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুস্তম আলী ফরাজী এমপি।

এ সময় প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল অঞ্চল বরিশাল মো. আলাউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ সাখাওয়াদ হোসেন, পিরোজপুর জেলা নির্বাচন অফিসার মো.মিজানুর রহমান উপস্থিত ছিলেন । এ ছাড়াও মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক বলেন, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।