বাউফলে আইজিএ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি’ প্রকল্পের আওতায় ৬০ দিনব্যাপী আইজিএ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০২মার্চ) দুপুর ২টায় পৌর শহরের এএম কারিগরি প্রশিক্ষণ একাডেমিতে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব ও প্রকল্প পরিচালক ড. মো: গোলাম মোস্তফা।

এই কোর্সে দেশের বিভিন্ন স্থানের ১০০ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছেন। দুই মাস ইলেকট্রিকাল যন্ত্রাংশ, কম্পিউটার, গ্রাফিকস ডিজাইন, সুইং মেশিন ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে তাদের।

এছাড়াও এই কোর্সে প্রশিক্ষনার্থীদের জন্য বিনামূল্যে আবাসন ব্যবস্থা, খাবারের ব্যবস্থাসহ উত্তীর্ণদের পনেরো হাজার পাঁচশত টাকা করে সম্মানির ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, সরকার বেকারত্ব সমস্যা দূর করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি তার একটি অংশ। প্রশিক্ষণ গ্রহণকারীদের ভবিষ্যতে চাকুরি পেতে সরকার সহায়তা করবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আমজাত হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহাবুবা বেগম, এএম কারিগরি প্রশিক্ষণ একাডেমির সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান, পরিচালক ইসরাত জাহান, সিনিয়র ট্রেইনার দূর্জয় দাসসহ প্রমুখ।




আজ দেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে

চন্দ্রদীপ ডেস্ক : সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য আজ (২ মার্চ) দেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজ করবে কনসোর্টিয়াম। এ কাজের জন্য ২ মার্চ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ থাকবে। ফলে বিএসসিপিএলসির ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

তবে কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সি-মি-উই-৫) মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।




আজ সারাদেশে বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কারণে আজ শনিবার (২ মার্চ) দেশের বিভিন্ন জায়গায় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে আজ রক্ষণাবেক্ষণ চলবে। এ কারণে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে।



গুগলের বিরুদ্ধে ১৩ দেশের ৩২ মিডিয়া গ্রুপের মামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে ২৩০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে ইউরোপের ১৩টি দেশের ৩২টি মিডিয়া গ্রুপ। গুগলের কারণে ডিজিটাল বিজ্ঞাপন খাতে ব্যাপকভাবে ক্ষতির শিকার হতে হচ্ছে- এমন অভিযোগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদালতে এ মামলা করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, মামলা করা মিডিয়াগুলো অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, স্পেন ও সুইডেনের। মামলায় বাদিপক্ষের আইনজীবী হিসেবে রয়েছে ইউরোপের দুই শীর্ষস্থানীয় আইনী প্রতিষ্ঠান গেরাডিন পার্টনার্স ও স্টেক।

এক বিবৃতিতে গেরাডিন পার্টনার্স ও স্টেক জানিয়েছে, বিশ্বজুড়ে গুগলের ব্যাপক প্রভাব রয়েছে। আর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে নিজের প্রভাবের গুরুতর অপব্যবহারের অভিযোগ রয়েছে। গুগলের কারণে ডিজিটাল বিজ্ঞাপনের আন্তর্জাতিক বাজার এখন একপ্রকার প্রতিযোগিতাহীন হয়ে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গুগলের কারণে ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে সংবাদমাধ্যমগুলোর আয়ও ব্যাপক হারে কমে গেছে। এমনকি, বিশ্বের প্রায় সব প্রতিষ্ঠান এখন গুগলে বিজ্ঞাপন দিতে অধিক আগ্রহী হওয়ায় অনেক সংবাদমাধ্যম ও মিডিয়া কোম্পানি এখন তাদের নির্ধারিত চার্জ থেকে অনেক কম টাকায় বিজ্ঞাপন প্রকাশ করতে বাধ্য হচ্ছে।

‘গুগলের উচিত ছিল নিজেদের ইচ্ছামতো বিজ্ঞাপন নীতি প্রণয়ন না করে বর্তমান বাজারের সঙ্গে মিল রেখে সুষম একটি নীতি নেওয়া। এ ইস্যুতে এর আগেও প্রতিষ্ঠানটিকে কয়েক বার বার্তা দেওয়া হয়েছে, কিন্তু গুগল তাতে গুরুত্ব দেয়নি।’

এদিকে, পাল্টা বিবৃতি দিয়ে গুগল বলেছে, এই মামলার অভিযোগগুলো কাল্পনিক। সুবিধাবাদী মিডিয়া গ্রুপগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা করেছে। ইউরোপীয় মিডিয়ার সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে গুগল সব সময় চেষ্টা করেছে, এখনো করছে। তাছাড়া ইউরোপীয় সংবাদ সংস্থাগুলোর বেঁধে দেওয়া দরেই বিজ্ঞাপন প্রকাশ করে আসছে গুগল।

এর আগেও বিজ্ঞাপন সংক্রান্ত নীতির কারণে গুগলকে সাজা পেতে হয়েছে। ২০২১ সালে ফ্রান্সের সংবাদমাধম কর্তৃপক্ষ ও ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন গুগলকে মোট ২২ কোটি ইউরো জরিমানা করেছিল।

সূত্র: রয়টার্স




বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বাতিল করছে অ্যাপল

চন্দ্রদীপ ডেস্ক : মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বৈদ্যুতিক গাড়ি তৈরির এক দশকের দীর্ঘ প্রচেষ্টা থেকে সরে এসেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, মঙ্গলবার অ্যাপলের অভ্যন্তরীণভাবে দেওয়া এই ঘোষণা প্রকল্পে কর্মরত প্রায় দুই হাজার কর্মীকে বিস্মিত করেছে। চিফ অপারেটিং অফিসার জেফ উইলিয়ামস এবং ভাইস প্রেসিডেন্ট কেভিন লিঞ্চ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তারা কর্মীদের বলেছিলেন যে প্রকল্পটি পর্যায়ক্রমে শুরু হবে এবং তাদের অনেককে কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে স্থানান্তরিত করা হবে।

অবশ্য অ্যাপল এবং এর সিইও টিম কুক কখনই প্রকাশ্যে বৈদ্যুতিক গাড়ি প্রকল্পটির বিষয় স্বীকার করেননি।




সত্য তথ্য দিয়ে অপতথ্য ও ভুল তথ্যকে চ্যালেঞ্জ জানাতে চাই’

চন্দ্রদীপ নিউজ: সত্য তথ্য দিয়ে অপতথ্য ও ভুল তথ্যকে চ্যালেঞ্জ জানাতে চান বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিজ দপ্তর কক্ষে বাংলাদেশ সফররত জার্মানীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাক্ষাৎকার প্রদানকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। জার্মানীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক রিচার্ড বাইল, মাইকেল স্ট্যাং, সুসান ক্রুটজম্যান, আলজোসা হার্টম্যান, জুলিয়া থেরাস হেল্ড, নাটালি মেরোথ, বেঞ্জামিন বার্ন্ড থমাস এ সময় উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স উইদাইট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত ২০২৩ সালের প্রতিবেদন ও র‌্যাংকিং এর জবাব প্রদান সংক্রান্ত জার্মান সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ সময় প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি আমি আরএসএফ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন ও র‌্যাংকিং এর ব্যাপারে সমালোচনা নয় বরং প্রকৃত তথ্য তুলে ধরেছি।

কারণ ২০২৪ সালেও এটি তাদের ওয়েবসাইটে আছে। আরএসএফ এর প্রতিবেদনে অনেক ভুল তথ্য আছে এবং এর বিপরীতে প্রকৃত সত্য আমি তথ্য-প্রমাণসহ গণমাধ্যমে তুলে ধরেছি এবং এ সংক্রান্ত একটা চিঠি আরএসএফ-কে পাঠিয়েছি। আমাদের উদ্দেশ্য আরএসএফ এর কাছে সত্য তুলে ধরা এবং আমাদের নিয়ে করা র‌্যাংকিং পুনর্মূল্যায়ন করা।

এ সময় তিনি আরও বলেন, মাঝে মাছে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে খারাপ উদ্দেশ্যে সরকারের কাজের সমালোচনা করে।

বর্তমান সরকার গঠনমূলক সমালোচনা স্বাগত জানায়। আমরা শুধু অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধ করতে চাই। গণমাধ্যম সঠিক তথ্য-প্রমাণসহ সরকারের সমালোচনা করলে সেটি সরকারকে সহযোগিতা করে। কিন্ত ভুল তথ্য দিয়ে কোনকিছুর সমালোচনা করলে সেটা কাউকে সহযোগিতা করে না।

সাক্ষাৎকার প্রদানকালে তিনি আরও যোগ করেন, ডিজিটাল দুনিয়া থেকে জনগণকে নিরাপদ রাখার জন্য সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। এর অপব্যবহার নিয়ে সমালোচনা হওয়ায় সরকার এটি পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করেছে। এটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সৌন্দর্য। তাঁর সরকার সবসময় চাহিদার নিরিখে সবকিছুর সমন্বয় করে, পরিবর্তন করে।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এক প্রশ্বের জবাবে এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশ ডেল্টাকে রক্ষার জন্য বাংলাদেশ ১০০ বছরের ডেল্টা প্ল্যান প্রণয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু উদ্বাস্তুদের জন্য গৃহ নির্মাণ করে দিচ্ছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আরও গবেষণা করা প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশ সব সময় আন্তর্জাতিক ফোরামে জোরালো বক্তব্য তুলে ধরে আসছে। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতা ও বাস্তবসম্মত সমাধানে আসা প্রয়োজন।

রোহিঙ্গা উদ্বাস্তুদের নিয়ে এক প্রশ্নের জবাবে এ সময় মোহাম্মদ আলী আরাফাত বলেন, রোহাঙ্গিদের প্রতি বাংলাদেশ সর্বোচ্চ সহানুভূতি দেখিয়েছে। বর্তমানে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য বড় ধরণের চাপের কারণ। বাংলাদেশ চায় রোহিঙ্গারা তাদের নিজ দেশে সম্মানজনকভাবে ফিরে যাক। গোটা বিশ্বের রোহিঙ্গা উদ্বাস্তুদের নিয়ে দায়িত্ব রয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে উন্নত রাষ্ট্রসমূহের ভূমিকা নেয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ বিষয়ে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখা। তাছাড়া যেসব দেশের সামর্থ্য আছে তারা নিজ নিজ দেশে নিয়ে গিয়ে রোহিঙ্গাদের উন্নত জীবনযাপনে সহযোগিতা দিতে পারে।




মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু!

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তুর সন্ধান পাওয়ার দাবি করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। অস্ট্রেলিয়ার জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল এই অসাধারণ মহাজাগতিক বস্তু শনাক্ত করেছে, যা এখন পর্যন্ত মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে উজ্জ্বল।

ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, এটি মূলত কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের শক্তিচালিত একটি কোয়েসার। বিজ্ঞানীরা বলছেন, তাদের সন্ধান পাওয়া কোয়েসারটিকে যে কৃষ্ণগহ্বরের শক্তিতে চলছে, সেটি এক দিনে একটি সূর্যকে গ্রাস করতে পারে। এর আগে এমন দ্রুত বর্ধনশীল কৃষ্ণগহ্বরের সন্ধান পাওয়া যায়নি বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

খবর অনুসারে, বিশাল এই কৃষ্ণগহ্বরচালিত কোয়াসারটির উজ্জ্বলতা আমাদের সূর্যের তুলনায় ৫০০ ট্রিলিয়ন গুণ ছাড়িয়ে গেছে। এটির কেন্দ্রবিন্দুতে থাকা কৃষ্ণগহ্বরটি সাধারণ নয়। এটির ভর আমাদের সূর্যের ভরের ১৭ বিলিয়ন গুণ। আর এটি প্রতিদিন সূর্যের উপাদানের সমতুল্য বস্তু গ্রাস করে।

নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে গবেষকদের অনুসন্ধানের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ায় ২ দশমিক ৩ মিটার দূরবীন দিয়ে এই আবিষ্কার শুরু হয়েছিল। তবে তাদের ফলাফলের বৈধতা যাচাই করার জন্য, গবেষকরা ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপ থেকে নিশ্চিত হওয়ার চেষ্টা করেছিলেন, যা 8-মিটার আয়না দিয়ে সজ্জিত।

কোয়েসারটির প্রথম খোঁজ পান অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। এটি সূর্যের চেয়ে ১ হাজার ৭০০ কোটি গুণ বেশি ভরসম্পন্ন। এই কোয়েসার থেকে যে আলো নির্গত হয়, তা পৃথিবীতে পৌঁছাতে ১ হাজার ২০০ কোটি বছরের বেশি সময় লাগে।

এটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘জেজিরোফাইভটুনাইন-ফোরথ্রিফাইভওয়ান’। তবে বিজ্ঞানীরা এটিকে সংক্ষেপে ‘কাজার’ নামে ডাকছেন। বেশ কয়েক বছর আগেই এটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। দীর্ঘদিন গবেষণার পর সম্প্রতি এর বিস্তারিত জানানো হলো।

সূত্র: দ্য গার্ডিয়ান




শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে এখনও উত্তপ্ত পবিপ্রবি

মো: আল-আমিন (পটুয়াখালী): শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শিক্ষকদের অবস্থান ধর্মঘট ও ক্লাস বর্জন কর্মসূচি চলছে। অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে তদন্ত কমিটিকে বলা হচ্ছে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে।

পুষ্টি ও বিজ্ঞান অনুষদের শিক্ষক নজরুল ইসলামকে লাঞ্ছিত করার প্রতিবাদে রোববার সকাল থেকেই ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা। ভবনে তালা দিয়ে বিভিন্ন শ্লোগানে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

অন্যদিকে একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষকরা। ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দেন তারা।
এমন পরিস্থিতিতে দুপুর দেড়টায় আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য।

পরে তিনি জানান, তদন্ত কমিটি গঠনসহ অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এরপরই আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। তবে কার্যকরী ব্যবস্থা নেয়া না হলে তিনদিন পর আবারো আন্দোলন শুরুর হঁশিয়ারি দেন তারা।

এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে প্রশাসনিক কর্মকর্তা শামসুল হকের হাতে লাঞ্ছিত হন পুষ্টি ও বিজ্ঞান অনুষদের শিক্ষক নজরুল ইসলাম।




বিশ্বে প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করল জাপান

চন্দ্রদীপ ডেস্ক : মহাকাশ দূষণ মোকাবিলায় এক অভিনব উপায় বের করেছেন জাপানের বিজ্ঞানীরা। বিশ্বে প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) তৈরি করেছে দেশটি।

ম্যাগনোলিয়া কাঠের তৈরি লিগনোস্যাট প্রোব নামের স্যাটেলাইটটি নিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) নানা পরীক্ষা–নিরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, এ কাঠের তৈরি স্যাটেলাইট তুলনামূলক স্থিতিশীল ও ফাটল রোধী। চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের রকেটে করে এই স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে।

জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং কাঠের ব্যবসায়িক প্রতিষ্ঠান সুমিৎমো ফরেস্ট্রি মিলে এই কাঠের স্যাটেলাইটটি তৈরি করেছেন। কাঠের মতো ক্ষয়যোগ্য উপকরণ বর্তমানে উপগ্রহ নির্মাণে ব্যবহৃত ধাতুগুলোর পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাজ করতে পারে কি না তা দেখার জন্য তাঁরা এ পরীক্ষা করেন।

জাপানি নভোচারী এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ের একজন মহাকাশ প্রকৌশলী তাকাও দোই সম্প্রতি সতর্ক করে বলেন, ‘মেয়াদোত্তীর্ণ হওয়া বা অন্য কোনো কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় স্যাটেলাইট পুড়ে যায় এবং ক্ষুদ্র অ্যালুমিনা কণা (অ্যালুমিনিয়াম অক্সাইড) তৈরি করে। এ কণাগুলো বহু বছর ধরে ওপরের স্তরের বায়ুমণ্ডলে ভাসতে থাকবে। অবশেষে, এটি পৃথিবীর পরিবেশের ওপর প্রভাব ফেলবে।’

এ সমস্যা মোকাবিলা করতে কিয়োটো গবেষকেরা মহাকাশে উৎক্ষেপণের সময়কার তীব্র ঝাঁকি ও পৃথিবীর চারপাশে কক্ষপথে দীর্ঘসময় ধরে আবর্তন কতটা সহ্য করতে পারে তা নির্ধারণ করতে কাঠের ধরন মূল্যায়ন করার জন্য একটি প্রকল্প তৈরি করেন। মহাকাশের মতো পরিবেশ তৈরি করে পরীক্ষাগুলো প্রথম পরীক্ষাগারে চালানো হয়েছিল। কাঠের নমুনাগুলোতে ভরের কোনো পরিমাপযোগ্য পরিবর্তন বা ক্ষতির লক্ষণ দেখা যায়নি।

প্রকল্পের প্রধান কোজি মুরাতা বলেন, ‘কাঠের এই পরিস্থিতি সহ্য করার ক্ষমতা আমাদের অবাক করে দিয়েছিল।’

পর্যবেক্ষণের পর নমুনাগুলো আইএসএসে পাঠানো হয়। সেখানে এ নমুনাগুলো পরীক্ষামূলকভাবে মহাকাশে পাঠানো হয় এবং প্রায় এক বছর পর পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। এবারও এগুলোর মধ্যে কোনো ধরনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

মুরাতা এ ঘটনাটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মহাকাশে কাঠকে পোড়ানোর জন্য কোনো অক্সিজেন নেই এবং কাঠকে পচানোর জন্য কোনো অণুজীবও নেই।

সম্প্রতি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে এসেছে, স্যাটেলাইটগুলো বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের ফলে অ্যালুমিনিয়াম কণা ওজোন স্তরের মারাত্মক ক্ষয় ঘটাতে পারে। এ ওজোন স্তর পৃথিবীকে সূর্যের অতিবেগুনি বিকিরণ থেকে রক্ষা করে এবং বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যালোকের মাটিতে পৌঁছানোর পরিমাণকেও প্রভাবিত করতে পারে।

তবে লিগনোস্যাটের মতো কাঠের তৈরি স্যাটেলাইটের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হবে না। মিশন শেষে বায়ুমণ্ডলে আবার প্রবেশের সময় এটি পুড়ে যে ছাই তৈরি হবে সেটি মাটিতে দ্রুতই মিশে যাবে।




কেনাকাটার সুবিধার্থে গুগল সার্চে আসছে প্রাইস ফিল্টার ফিচার