স্মার্টফোনে স্প্যাম কল ও মেসেজ বন্ধ করবেন যেভাবে

স্মার্টফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। যোগাযোগ, শপিং, টিকিট বুকিং, সিনেমা দেখা—সবই সম্ভব একটি ফোনে। কিন্তু স্প্যাম কল ও মেসেজ অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। জরুরি মিটিং বা গুরুত্বপূর্ণ সময়ে এমন স্প্যাম কল রিসিভ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। তবে চিন্তার কিছু নেই, কিছু সহজ উপায়ে ফোন থেকেই এই বিরক্তিকর স্প্যাম কল ও মেসেজ বন্ধ করা যায়।

স্প্যাম কল ব্লক করার উপায়

১. অ্যাপ ব্যবহার করুন:
স্প্যাম কল ব্লক করতে অ্যাপ ব্যবহার একটি কার্যকর পদ্ধতি। জনপ্রিয় অ্যাপ ট্রুকলার এর সাহায্যে সহজেই স্প্যাম কল ব্লক করা যায়। এটি স্প্যাম নম্বর সনাক্ত করে এবং স্বয়ংক্রিয়ভাবে ব্লক করতে সাহায্য করে।

২. ম্যানুয়ালি কল ব্লক করুন:
অতিরিক্ত অ্যাপ ছাড়াই স্প্যাম কল ব্লক করতে চাইলে ম্যানুয়ালি তা করা সম্ভব।

প্রথমে ফোনের ডায়ালার খুলুন।

যে নম্বরটি থেকে স্প্যাম কল আসে সেটিতে ক্লিক করুন।

“অ্যাড টু ব্ল্যাকলিস্ট” অপশনটি নির্বাচন করুন।

নিশ্চিত করতে “ওকে” বাটনে ক্লিক করুন।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপেও স্প্যাম কল থেকে রেহাই পাওয়ার উপায় এসেছে। “সাইলেন্স আননোন কলারস” নামের ফিচারটি চালু করলে অপরিচিত নম্বর থেকে আসা স্প্যাম কল সাইলেন্ট হয়ে যাবে। পরবর্তীতে নোটিফিকেশন থেকে সেসব কলের তথ্য দেখা যাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটার ক্যাবল বসানোর উদ্যোগ নিয়েছে মেটা

ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে মেটা। জনপ্রিয় এই তিনটি সোশ্যাল মিডিয়ার মূল সংস্থা মেটা তাদের ব্যবহারকারীদের জন্য উন্নত সেবা দিতে সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের ক্যাবল বসানোর পরিকল্পনা করেছে। এই প্রকল্পে প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ হাজার কোটি টাকা।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী প্রতিষ্ঠান মেটা তাদের ডেটা ট্রাফিক শক্তিশালী করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে এই উদ্যোগ নিয়েছে। মেটার পরিসংখ্যান অনুযায়ী, তাদের প্ল্যাটফর্মগুলো সব ইন্টারনেট ট্রাফিকের ১০ শতাংশ এবং মোবাইল ইন্টারনেটের ২২ শতাংশ ব্যবহার করে।

মেটার এই ক্যাবল আমেরিকার পূর্ব উপকূল থেকে শুরু হয়ে দক্ষিণ আফ্রিকা, ভারত, এবং অস্ট্রেলিয়া হয়ে আমেরিকার পশ্চিম উপকূলে পৌঁছাবে। ডব্লিউ আকৃতির এই সাব-সি ক্যাবল বিশ্বের ডেটা নেটওয়ার্ক ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনবে। বিশেষজ্ঞদের মতে, এটি মেটার ডেডিকেটেড ডেটা ট্রাফিক রুট হিসেবে কাজ করবে এবং প্রযুক্তিগত উন্নতির মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।

তবে প্রকল্পটি সম্পন্ন করতে মেটার সামনে রয়েছে কিছু বড় চ্যালেঞ্জ। সাব-সি ক্যাবল বিছানোর জন্য প্রয়োজনীয় জাহাজের সংখ্যা সীমিত এবং এই ক্যাবল তৈরির চাহিদা অনেক বেশি। মেটা প্রাথমিকভাবে ২ বিলিয়ন ডলারে প্রকল্প শুরু করতে চাইলেও, এর মোট ব্যয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

মেটা জানিয়েছে, প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ২০২৫ সালের শুরুর দিকে এর বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। এতে ক্যাবল স্থাপনের রুট, ধারণক্ষমতা, এবং বাজেট সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হবে।

বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহার আরও সহজ এবং দ্রুত করতে মেটার এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




২৭০০ বছর আগের বিশাল সৌরঝড়ের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সম্প্রতি বিজ্ঞানীরা ২,৭০০ বছর আগের এক বিশাল সৌরঝড়ের প্রমাণ পেয়েছেন। গবেষণাটি ‘কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ জার্নালে প্রকাশিত হয়। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. ইরিনা প্যানিউশকিনা ও রেডিওকার্বন বিশেষজ্ঞ ড. টিমোথি জুল জানান, ‘মিয়াকে ইভেন্ট’ নামে পরিচিত এই সৌরঝড় প্রাচীন গাছের রিংয়ে চিহ্ন রেখে গেছে।

২০১২ সালে জাপানি পদার্থবিজ্ঞানী ফুসা মিয়াকে প্রথম এই ইভেন্ট আবিষ্কার করেন।

মিয়াকে ইভেন্টে রেডিওকার্বন আইসোটোপের মাত্রা আকস্মিকভাবে বেড়ে যায়। গত ১৪,৫০০ বছরে মাত্র ছয়বার এ ধরনের ঘটনা ঘটেছে।
রেডিওকার্বন গঠিত হয় যখন মহাজাগতিক রশ্মি বায়ুমণ্ডলের নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। এটি কার্বন ডাই-অক্সাইডে রূপান্তরিত হয়ে গাছের ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় মিশে যায়।

ড. প্যানিউশকিনা জানান, এই রেডিওকার্বন গাছের রিংয়ে জমা হয়ে বছরের পর বছর ধরে সৌর কার্যকলাপের রেকর্ড রাখে।
গবেষকরা প্রাচীন গাছের রিংয়ের তথ্যের সঙ্গে মেরু অঞ্চলের বরফের স্তরে আটকে থাকা বেরিলিয়াম-১০ আইসোটোপের তুলনা করেছেন। উভয় আইসোটোপ সৌর কার্যকলাপ বৃদ্ধির সময় বাড়ে, যা অতীতের ঘটনাগুলোর দ্বৈত প্রমাণ দেয়।

বিজ্ঞানীরা এই ডেটা বিশ্লেষণ করে নিশ্চিত করেন, প্রায় ৬৬৪–৬৬৩ খ্রিস্টপূর্বাব্দে এই সৌরঝড় সংঘটিত হয়েছিল।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এমন সৌরঝড় বর্তমান সময়ের প্রযুক্তি-নির্ভর সমাজে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। স্যাটেলাইট নেটওয়ার্ক, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা এবং যোগাযোগব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।
গবেষণার এসব তথ্য সৌর কার্যকলাপ বোঝার পাশাপাশি ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে সহায়তা করবে।




সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণে আজ দিবাগতো রাতে  সাময়িক ইন্টারনেট ব্যাঘাতের সম্ভাবনা

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) রোববার (১ ডিসেম্বর) রাতে সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করবে। এ জন্য দেশের ইন্টারনেট সেবায় তিন ঘণ্টার জন্য সাময়িক ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে।

রোববার দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের চেন্নাই ও সিঙ্গাপুর প্রান্তে ত্রুটি নিরসনের জন্য কাজ চলবে। কক্সবাজারের ল্যান্ডিং স্টেশন থেকে শুরু হয়ে এই কাজ চেন্নাই ল্যান্ডিং স্টেশন এবং সিঙ্গাপুরের টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছাকাছি অংশে পরিচালিত হবে। ফলে এই সময়ে সিমিইউ-৪ রুটে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

বিএসসিপিএলসি জানিয়েছে, এই সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। প্রতিষ্ঠানটি সিমিইউ-৪ এবং সিমিইউ-৫ সাবমেরিন ক্যাবল সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করে থাকে।

বাংলাদেশ বর্তমানে সিমিইউ-৪ এবং সিমিইউ-৫ সাবমেরিন ক্যাবল ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক ভয়েস ও ডেটা সেবা পরিচালনা করছে। সিমিইউ-৪ এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে এবং সিমিইউ-৫ এর ল্যান্ডিং স্টেশন পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ইনস্টাগ্রাম থেকে সরাসরি গান যোগ করুন স্পটিফাইয়ে

মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম ও মিউজিক অ্যাপ স্পটিফাইয়ের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ইনস্টাগ্রামে স্ক্রল করার সময় যদি কোনো গান আপনার মন কাড়ে, সেটি সরাসরি স্পটিফাই লাইব্রেরিতে সংযুক্ত করার সহজ পদ্ধতি এখন হাতের নাগালে।

ইনস্টাগ্রামের নতুন ফিচারের মাধ্যমে পছন্দের গানকে সরাসরি স্পটিফাই প্লেলিস্টে যুক্ত করা যাবে। রিলস বা স্টোরিজে শোনা যে কোনো গানের পাশে থাকা মিউজিক আইকনে ক্লিক করলেই ‘অ্যাড’ অপশন দেখাবে।

কীভাবে কাজ করবে এই ফিচার?

১. ইনস্টাগ্রামে রিলস বা স্টোরিজ স্ক্রল করার সময় গানটি ভালো লাগলে মিউজিক আইকনে ট্যাপ করুন।
২. ‘অ্যাড টু স্পটিফাই’ অপশন পেয়ে যাবেন।
৩. প্রথমবার এটি করতে গেলে ইনস্টাগ্রাম আপনাকে স্পটিফাই অ্যাকাউন্ট লিঙ্ক করতে বলবে।
৪. লিঙ্ক করার জন্য ‘লিঙ্ক স্পটিফাই’ বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট লগ ইন করুন এবং শর্তাবলীতে সম্মতি জানান।
৫. একবার লিঙ্কড হয়ে গেলে, আপনার পছন্দের গানটি সরাসরি স্পটিফাই প্লেলিস্টে যুক্ত হয়ে যাবে।

গানপ্রেমীদের জন্য সুবিধা

এই ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রাম ও স্পটিফাইয়ের ব্যবহার আরও সহজ ও উপভোগ্য হবে। যদিও ইনস্টাগ্রামে সরাসরি প্লেলিস্ট দেখার অপশন এখনও নেই, তবে এই নতুন ফিচার ব্যবহারকারীদের গান খুঁজে পেতে এবং সংরক্ষণ করতে অনেকটাই সুবিধা দেবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মাইক্রোসফটের বিরুদ্ধে এআই প্রশিক্ষণে তথ্য ব্যবহারের অভিযোগ

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে চলছে প্রযুক্তি সংস্থাগুলোর ব্যাপক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম। তবে এই উন্নয়নের পেছনে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগ উঠে এসেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে।

তথ্য নিয়ে এআই প্রশিক্ষণের অভিযোগ

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশন (যার মধ্যে রয়েছে ওয়ার্ড ও এক্সেল) থেকে গ্রাহকদের তথ্য সংগ্রহ করে এআই মডেলকে প্রশিক্ষিত করছে। এ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মাইক্রোসফটের প্রতিক্রিয়া

তবে মাইক্রোসফট এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের ‘কানেক্টেড এক্সপিরিয়েন্স’ ফিচারটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারা স্পষ্ট জানায়, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য এআই প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয় না। বরং অনলাইনে উন্মুক্ত ডেটা, যেমন ইমেজ সার্চ বা সাধারণত লভ্য তথ্য ব্যবহার করা হয়।

ভুল বোঝাবুঝির সূচনা

২০২৪ সালের ২১ অক্টোবর মাইক্রোসফটের প্রকাশিত একটি ‘লার্নিং ডকুমেন্ট’ থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এতে বলা হয়েছিল, এআই মডেলের প্রশিক্ষণে নানা অভিজ্ঞতা কাজে লাগানো হলেও, ট্রেনিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস (এলএলএম)-এর ক্ষেত্রে গ্রাহকদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।

সংস্থার অবস্থান

মাইক্রোসফটের মুখপাত্র রয়টার্সকে বলেন, “এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। মাইক্রোসফট কখনোই গ্রাহকদের তথ্য ব্যবহার করে না।”

উদ্বেগের কারণ

কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যক্রম উন্নত করার প্রয়াসে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। যদিও মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানগুলো এ ধরনের অভিযোগ বারবার অস্বীকার করে আসছে, তবুও গ্রাহকদের আস্থা ধরে রাখতে তাদের আরও স্বচ্ছ নীতি গ্রহণ প্রয়োজন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মেসেঞ্জারে নতুন ফিচার: যোগাযোগে নতুন যুগের সূচনা

ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য মেটা নিয়ে এসেছে উন্নত ফিচারের এক ঝাঁক। এবার ব্যবহারকারীরা পাবেন এইচডি ভিডিও কল, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাকগ্রাউন্ড এবং আরও অনেক নতুন সুবিধা।

মেসেঞ্জারের নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে:

এইচডি ভিডিও কল: এবার থেকে ভিডিও কলের গুণমান হবে আরও উন্নত। কল চলাকালীন শব্দ দূরীকরণ প্রযুক্তি এবং স্পষ্ট ভিডিও কল ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে করবে আরও উন্নত।

অডিও ও ভিডিও বার্তা পাঠানোর সুবিধা: মেসেঞ্জারে এখন আপনি অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করে পাঠাতে পারবেন, যা কলের উত্তর না পেলেও বার্তা পৌঁছে দেবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড: ভিডিও কলিংয়ে ব্যবহারকারীরা বিভিন্ন আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন, যা কলিং অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।

সিরি সহায়তা: আইওএস ব্যবহারকারীরা মেসেঞ্জারে কল করা বা বার্তা পাঠানোর জন্য সিরি-র সাহায্য নিতে পারবেন।

ফেসবুক মেসেঞ্জারের এই পরিবর্তনের গুরুত্ব
নতুন ফিচারগুলো শুধুমাত্র ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে উন্নত করবে না, বরং মেসেঞ্জারকে যোগাযোগের ক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। যোগাযোগ হবে আরও সহজ, দ্রুত এবং উপভোগ্য।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




টেলিটকের অনলাইন সিম সেবা চালু

বাংলাদেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে টেলিটক অনলাইন সিম সেবা চালু করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১টি পোস্ট অফিসে কমার্শিয়াল পাইলটিং হিসেবে এই সেবা শুরু হয়। খুব শিগগিরই দেশের সব জেলার পোস্ট অফিসে এই সেবা বিস্তৃত হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের সুবিধার্থে এই সেবা চালু করেছে। বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে একীভূত হয়ে, পোস্ট অফিস এবং বিলি বণ্টন ব্যবস্থাকে কাজে লাগিয়ে টেলিটক সিম গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। গ্রাহক অনলাইনে সিম নম্বর পছন্দ করে নির্দিষ্ট পোস্ট অফিস থেকে বা ঘরে বসে সিম সংগ্রহ করতে পারবেন।

টেলিটক অনলাইন সিম নিতে হলে গ্রাহককে নির্দিষ্ট পোস্ট অফিস থেকে সিম নিতে ২৫০ টাকা এবং বাসায় ডেলিভারির জন্য ৩০০ টাকা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। অর্ডারকৃত সিমের ডেলিভারি স্ট্যাটাস জানতে গ্রাহক অটোমেটেড ট্র্যাকিং নম্বর ব্যবহার করতে পারবেন। সিম অর্ডারের জন্য টেলিটকের ওয়েবসাইটে ‘অনলাইন সিম’ মেন্যুতে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিসেটের নতুন সুবিধা

বিশ্বব্যাপী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার খবর এসেছে। মেটার মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবার অ্যাপ রিসেট করার সুযোগ দিচ্ছে। ব্যবহারকারীরা এখন তাদের এক্সপ্লোর, রিলস এবং ফিড সেকশনে প্রদর্শিত কনটেন্ট সম্পূর্ণ ক্লিয়ার করে নতুন করে সেট করতে পারবেন।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে প্রায়ই রেকমেন্ডেশন নিয়ে অসন্তোষ দেখা যায়। অনেক সময় অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত কনটেন্টও এক্সপ্লোর বা ফিডে প্রদর্শিত হয়। এবার সেই সমস্যার সমাধান করতে ইনস্টাগ্রাম নিয়ে এসেছে ‘রিসেট ফিচার’। এর মাধ্যমে রেকমেন্ডেশন তালিকা রিফ্রেশ করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্টগুলো আনফলো করার সুযোগও থাকছে।

কীভাবে কাজ করবে রিসেট ফিচার?

ইনস্টাগ্রামের এই নতুন ফিচারটি ব্যবহার করে অ্যাপটি সম্পূর্ণ নতুন করে সাজানো সম্ভব। রিসেট করার পর, ব্যবহারকারীদের কনটেন্ট রেকমেন্ডেশন তাদের আগ্রহ অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে। কনটেন্ট রেকমেন্ডেশন ব্যবহারকারীর দেখা পোস্ট এবং আলাপচারিতার ভিত্তিতে আরও ব্যক্তিগতকৃত হতে শুরু করবে।

রিসেট ফিচার ব্যবহারের ধাপ:

1. ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।

2. Settings অপশনে যান।

3. Content Preferences অপশনে ক্লিক করুন।

4. ‘Reset Suggested Content’-এ ক্লিক করুন।

 

এই রিসেট প্রক্রিয়ার সময় আপনি ফলো করা অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী যেগুলো পছন্দ নয় সেগুলো আনফলো করতে পারবেন।

আপাতত পরীক্ষামূলক পর্যায়ে

মেটা জানায়, নতুন এই ফিচারটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এটি সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



চিঠি ডট মি অ্যাপ: গোপনীয়তার বিপদে সাবধানতা অবলম্বন করুন

সম্প্রতি, “চিঠি ডট মি” নামের একটি অ্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ আলোচিত হয়ে উঠেছে। এই অ্যাপটি ব্যবহারকারীদের পরিচয় গোপন রেখে মনের কথা প্রকাশ করার সুযোগ দেয়, এবং এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে, অ্যাপটির মাঝে যে বিপদ লুকিয়ে আছে তা হতে পারে ভয়ংকর, কারণ এটি ব্যবহারকারীদের গোপনীয় তথ্য ফাঁস করার ঝুঁকি তৈরি করতে পারে।

অ্যাপটি ডাউনলোড করার সময় শর্তাবলীতে স্পষ্টভাবে বলা রয়েছে যে, কিছু পরিমাণ তথ্য তারা সংগ্রহ করবে। এর সাথে আরো উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে অতিরিক্ত তথ্যও তারা নিতে পারে, তবে এর সুরক্ষা সম্পর্কে কিছুই নিশ্চিত নয়। অর্থাৎ, এই অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা তথ্য সুরক্ষিত কিনা, তা নিশ্চিত করা হয়নি। অ্যাপটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস এবং মোবাইলের ইউনিক আইডি অ্যাক্সেস করার পাশাপাশি ব্যবহারকারীর সার্চ হিস্ট্রিও সংগ্রহ করতে পারে, ফলে সেই তথ্য অন্যের কাছে চলে যেতে পারে যেকোনো সময়।

এছাড়া, এই অ্যাপটি যোগাযোগের জন্য একটি সাধারণ জিমেইল আইডি (chithi.me.app@gmail.com) ব্যবহার করছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো ব্যক্তি সহজেই এমন আইডি তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, এবং এই ধরনের অপরাধীকে চিহ্নিত করা কঠিন হতে পারে।

এমন পরিস্থিতিতে, “চিঠি ডট মি” অ্যাপ ব্যবহার করার আগে ব্যবহারকারীদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং নিজেদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম