গুগল পিক্সেলের নতুন এআই রিপ্লাই ফিচার

গুগল তার পিক্সেল স্মার্টফোনে নতুন একটি এআই-ভিত্তিক ফিচার যুক্ত করেছে, যা মেসেজিং অ্যাপ্লিকেশনে স্বয়ংক্রিয় ও প্রাসঙ্গিক উত্তর প্রদান করবে। ‘এআই রিপ্লাই’ নামের এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য মেসেজিংকে আরও সহজ ও দ্রুততর করতে ডিজাইন করা হয়েছে।

নাইট টু ফাইভ গুগলের রিপোর্ট অনুযায়ী, এআই রিপ্লাই প্রযুক্তি এমনভাবে তৈরি হয়েছে, যা ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে পারবে। এটি অপর প্রান্তের কথোপকথনের প্রাসঙ্গিকতা ধরে রেখে দ্রুত ও সঠিক প্রতিক্রিয়া জানাবে।

ফিচারের কার্যকারিতা ও ভবিষ্যৎ
ফিচারটি কল রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করবে। এটি মানুষের আবেগ ও প্রাসঙ্গিক তথ্য বুঝে ছোট ছোট বাক্যে উত্তর দেবে, যেমন ‘ক্যান ইউ সে মোর’, ‘কল মি ব্যাক লেটার’। ভবিষ্যতে এটি আরও জটিল প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

এআই রিপ্লাই ফিচারটি ইতোমধ্যে বিটা পর্যায়ে রয়েছে। এটি গুগলের অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর ভিত্তি করে কাজ করবে, যা এটিকে অধিক দক্ষ ও প্রাসঙ্গিক উত্তর দেওয়ার সক্ষম করে তুলবে।

গুগল পিক্সেল স্মার্টফোনের আগের একটি বৈশিষ্ট্য ‘কল স্ক্রিন’ ইতিমধ্যে ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয়। এটি টেলি মার্কেটিং ও অজানা কলের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিত। নতুন এআই রিপ্লাই ফিচারটি এই কল স্ক্রিন বৈশিষ্ট্যকে আরও উন্নত করে মেসেজিং অভিজ্ঞতা আরও স্বয়ংক্রিয় ও সুবিধাজনক করে তুলবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



হোয়াটসঅ্যাপ চ্যাট ফিরিয়ে আনার সহজ উপায়

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য মেটা নতুন আপডেট নিয়ে আসছে, যা ভুল করে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পুনরুদ্ধারকে আরও সহজ করবে। এতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা হবে উন্নত এবং ঝামেলা এড়ানো সম্ভব হবে।

অনেক সময় জরুরি চ্যাট বা মেসেজ ভুল করে ডিলিট হয়ে যায়। আবার, ফোন বদলানোর সময় সব চ্যাট ডিলিট হয়ে যেতে পারে। এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে আছে ইন-বিল্ট টুল। যেমন গুগল ড্রাইভ, আইক্লাউড ব্যাকআপ, এবং অ্যান্ড্রয়েডের স্টোরেজ অপশন। তাছাড়া, কিছু থার্ড পার্টি সফটওয়্যারও ডিলিট হওয়া চ্যাট ফিরিয়ে আনতে কার্যকর।

কীভাবে ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট পুনরুদ্ধার করবেন

গুগল ড্রাইভ বা আইক্লাউড থেকে:

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য:
১. হোয়াটসঅ্যাপের সেটিংস-এ যান।
২. চ্যাটস অপশন সিলেক্ট করুন।
৩. চ্যাট ব্যাকআপ-এ গিয়ে গুগল ড্রাইভ চেক করুন।
৪. হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে পুনরায় ইনস্টল করুন।
৫. ফোন নম্বর যাচাইয়ের পর রিস্টোর ক্লিক করুন।

আইওএস ইউজারদের জন্য:
১. হোয়াটসঅ্যাপ সেটিংস-এ যান।
২. চ্যাটস অপশনে ক্লিক করুন।
৩. আইক্লাউড ব্যাকআপ অপশন দেখুন।
৪. পুনরায় হোয়াটসঅ্যাপ ইনস্টল করে চ্যাট হিস্ট্রি পুনরুদ্ধার করুন।

লোকাল ব্যাকআপ থেকে:

১. ফোনের ফাইল ম্যানেজার-এ যান।
২. হোয়াটসঅ্যাপ ডাটাবেস ফোল্ডারে প্রবেশ করুন।
৩. ডিলিট হওয়া ফাইল শনাক্ত করে নাম পরিবর্তন করুন।
৪. হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করে রিস্টোর অপশন সিলেক্ট করুন।

হোয়াটসঅ্যাপের নতুন আপডেট

নতুন আপডেটের মাধ্যমে মেসেজ পুনরুদ্ধার সহজ ও দ্রুততর হবে। ফলে জরুরি চ্যাট হারানোর ভয় কমে যাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বিশ্বজুড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন

মেটা প্ল্যাটফর্মের অধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ আবারও ডাউন হয়ে পড়েছে। বুধবার রাত ১২টা থেকে শুরু হওয়া এই সমস্যায় বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে আউটেজ-ট্র্যাকিং সাইট ডাউনডিটেক্টর ডটকম।

প্রাথমিকভাবে ফেসবুকে ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী সমস্যায় পড়েছেন বলে জানা যায়। এক ঘণ্টার মধ্যেই এই সংখ্যা বেড়ে ১ লাখের অধিক হয়ে যায়। ইনস্টাগ্রামে প্রথমে ৭,৫০০ ব্যবহারকারী সমস্যা জানালেও এটি পরে ৬৪ হাজার ছাড়িয়ে যায়। হোয়াটসঅ্যাপে সমস্যা হয়েছে ১২ হাজারেরও বেশি মানুষের, আর ম্যাসেঞ্জার ব্যবহার করতে না পারার অভিযোগ করেছেন প্রায় ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী।

সমস্যার কারণ

ডাউনডিটেক্টর ডটকম জানিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারের সেবাগুলোতে বড় আকারের আউটেজ লক্ষ্য করা গেছে। এতে মেটার বিভিন্ন মেসেজিং এবং সোশ্যাল মিডিয়া পরিষেবা ব্যবহার করতে সমস্যা হচ্ছে।

ফেসবুকে লগইন করতে গেলে একটি বার্তা দেখাচ্ছে: “আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।” তবে মেটা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

অতীতেও সেবা ব্যাহত

চলতি বছর মার্চ ও এপ্রিল মাসেও প্রযুক্তিগত সমস্যার কারণে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসসহ মেটার বেশ কয়েকটি সেবা কয়েক ঘণ্টা অচল ছিল।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”



ক্ষতিকর অ্যাপ শনাক্তের সহজ উপায়

স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। প্রতিদিনের কাজ সম্পন্ন করতে নানা অ্যাপ ব্যবহারের প্রয়োজন হয়। তবে অনেক সময় ক্ষতিকর অ্যাপ ডাউনলোড হয়ে যায়, যা আমাদের তথ্য নিরাপত্তায় হুমকি তৈরি করে। এমন অ্যাপ থেকে বাঁচতে ভারতে টেলিকম দপ্তর সহজ একটি পদ্ধতি প্রকাশ করেছে।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে তারা জানিয়েছে কীভাবে ক্ষতিকর অ্যাপ চিহ্নিত করবেন। প্রথমে আপনার ফোনে গুগল প্লে-স্টোর খুলুন। এরপর উপরের ডান কোণে থাকা প্রোফাইল অপশন-এ ক্লিক করুন। সেখানে প্লে প্রটেক্ট নামে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন। এরপর স্ক্যান অপশন বেছে নিন। এটি আপনার ফোন স্ক্যান করে ক্ষতিকর বা ভুয়া অ্যাপ শনাক্ত করবে।

কেন এই সতর্কতা জরুরি?

স্মার্টফোনে ক্ষতিকর অ্যাপ লুকিয়ে থাকলে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। এসব অ্যাপ সাধারণত ফাইল ম্যানেজারের এমন কোনো ফোল্ডারে লুকিয়ে থাকে, যা সহজে চোখে পড়ে না।

ক্ষতিকর অ্যাপ কীভাবে ক্ষতি করে?

এ ধরনের অ্যাপ আপনার ব্যাংকিং অ্যাপের লগইন তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য, ওটিপি, ই-মেইলের পাসওয়ার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। ফলে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।

সতর্ক থাকার উপায়

প্রতিবার অ্যাপ ইনস্টল করার আগে সেটির রিভিউ এবং রেটিং যাচাই করুন।

অনুমোদিত এবং পরিচিত ডেভেলপারদের অ্যাপ ইনস্টল করুন।

ফোনের অজানা সোর্স থেকে অ্যাপ ইনস্টল বন্ধ রাখতে সেটিংস পরিবর্তন করুন।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”



গুগল ক্রোমে আসছে নতুন তথ্য যাচাই ফিচার

প্রতিদিন আমাদের বিভিন্ন কাজের জন্য তথ্য প্রয়োজন হয় এবং সেই তথ্য আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করি। তবে অনেকেই জানেন না, এসব তথ্য সত্য কি না। এবার গুগল ক্রোম ব্রাউজারে আসছে এমন একটি নতুন ফিচার যা তথ্য যাচাইয়ের কাজটিকে সহজ করে তুলবে।

এদিকে, গুগল ক্রোমে যুক্ত হতে চলেছে একটি নতুন ফিচার, যার নাম ‘স্টোর রিভিউস’। এই ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ওয়েবসাইটের তথ্যের সত্যতা যাচাই করবে এবং একটি সারাংশ তৈরি করবে। এরপর, ব্যবহারকারীরা যখন সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে সারাংশটি তাদেরকে প্রদর্শন করবে। এর ফলে তারা জানতে পারবেন ওয়েবসাইটের তথ্য কতটা সঠিক বা গ্রহণযোগ্য।

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি চালু হলে, ক্রোম ব্রাউজারে একটি পপআপ প্যানেল দেখা যাবে যেখানে বিভিন্ন ওয়েবসাইটের তথ্যের সারাংশ থাকবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন।

এছাড়া, ইনস্টাগ্রাম স্টোরিজে সম্প্রতি এসেছে নতুন একটি ফিচার, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সহজ তথ্য শেয়ারিংয়ের সুযোগ তৈরি করবে।

ক্রোম ব্রাউজারের ভবিষ্যৎ নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং বেশ কিছু অঙ্গরাজ্য গুগলের বিরুদ্ধে বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগ করেছে। যদি এসব অভিযোগ প্রমাণিত হয়, তাহলে গুগলকে ছয় মাসের মধ্যে ক্রোম ব্রাউজার বিক্রি করতে হতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



নতুন ব্যান্ডউইডথ প্যাকেজে সাশ্রয়ী ইন্টারনেট সেবা

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) গ্রাহকদের দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে নতুন দুটি বোনাস ব্যান্ডউইডথ প্যাকেজ চালু করেছে। এই উদ্যোগ গ্রাহকদের খরচ কমিয়ে ইন্টারনেট সেবাকে আরও কার্যকর করবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন প্যাকেজ দুটি হলো— ‘আইপিএলসি বোনাস ব্যান্ডউইডথ’ এবং ‘লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ’। শূন্য বকেয়া রাখা গ্রাহকদের জন্য এই প্যাকেজে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

প্যাকেজগুলোর বিবরণ:
প্রথম প্যাকেজ আইপিএলসি বোনাস ব্যান্ডউইডথ। এই প্যাকেজের আওতায় নতুন ১০০জি আইপিএলসি সার্কিট সংযোগ নেওয়া গ্রাহকরা বোনাস হিসেবে তিনটি ১০জি সার্কিট বিনামূল্যে পাবেন। তবে বিল অবশ্যই প্রি-পেইড ভিত্তিতে পরিশোধ করতে হবে এবং কোনো বকেয়া রাখা যাবে না।

দ্বিতীয় প্যাকেজ লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ। এটি আইপি ট্রানজিট সেবার গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই প্যাকেজে শূন্য বকেয়া থাকা গ্রাহকরা ৫০% অতিরিক্ত ব্যান্ডউইডথ বোনাস পাবেন। তবে সুবিধাটি শুধুমাত্র কুয়াকাটা ও কক্সবাজার পপের মাধ্যমে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে এই বোনাস দেওয়া হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিএসসিপিএলসির ওয়েবসাইটে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন এই প্যাকেজ চালু করায় ইন্টারনেট সেবার গুণগত মান বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ফেসবুক পাসওয়ার্ড রিসেটের সহজ উপায়

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, যা ব্যবহারে বয়স্ক থেকে শুরু করে তরুণ প্রজন্মও পিছিয়ে নেই। তবে অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান, এবং রেজিস্টার্ড মোবাইল বা ইমেইলে অ্যাক্সেস না থাকায় বিপাকে পড়েন। কিন্তু এ সমস্যার সহজ সমাধান রয়েছে।

ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে:
১. আপনার ব্রাউজারে facebook.com/login/identify টাইপ করে প্রবেশ করুন।
২. সচল একটি ইমেইল ঠিকানা বা ফোন নম্বর লিখুন। প্রয়োজনে অ্যাকাউন্টের নাম বা ইউজারনেম দিন।
৩. আপনার অ্যাকাউন্ট শনাক্ত হলে ‘No longer have access to this?’-এ ক্লিক করুন।
৪. ফেসবুকের চাওয়া তথ্যগুলো পূরণ করুন এবং নতুন একটি কনট্যাক্ট ইনফরমেশন দিন, যা পূর্বে ওই অ্যাকাউন্টে ব্যবহৃত হয়নি।
৫. সমস্ত সিকিউরিটি চেক সম্পন্ন হওয়ার পর নতুন পাসওয়ার্ড সেট করুন।

এভাবে সহজেই আপনার হারানো ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




হোয়াটসঅ্যাপে টাইপিং ইন্ডিকেটর ও ‘লিস্টস’ ফিচার নিয়ে এলো মেটা

হোয়াটসঅ্যাপ এখন শুধু বার্তা আদান-প্রদানের মাধ্যম নয়, এটি ব্যবহারকারীদের জন্য আরও সহজ এবং কার্যকরী অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছে। মেটা সম্প্রতি হোয়াটসঅ্যাপে নতুন দুটি ফিচার যুক্ত করেছে, যা চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

টাইপিং ইন্ডিকেটর ফিচার

নতুন ফিচার হিসেবে ‘টাইপিং ইন্ডিকেটর’ চালু করা হয়েছে। এটি ব্যবহারকারীদের টাইপ করার সময় তাদের কার্যকলাপ দেখাবে। সংবাদমাধ্যম এমএসএন জানায়, যখন কেউ টাইপ করতে শুরু করবেন, তখন ওয়ান-অন-ওয়ান চ্যাট কিংবা গ্রুপ চ্যাটে বাকিরা দেখতে পাবেন তিনটি বিন্দুর একটি ‘বাবল’। এর পাশেই থাকবে ইউজারের প্রোফাইল ছবি, যা বুঝিয়ে দেবে কে টাইপ করছেন।

আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই ফিচারটি কার্যকর করা হয়েছে। বিশেষ করে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এটি অত্যন্ত উপকারী হবে। ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন গ্রুপে এই মুহূর্তে কারা সক্রিয় আছেন। এটি ‘রিয়েল টাইম’ ভাবনার আদান-প্রদানকে সহজ এবং কার্যকর করবে।

‘লিস্টস’ ফিচার

হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে যার নাম ‘লিস্টস’। এটি ব্যবহারকারীদের চ্যাট আলাদা ভাবে সাজাতে সহায়তা করবে। উদাহরণস্বরূপ, আপনি চাইলে চ্যাটগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করতে পারবেন, যেমন: পরিবার, অফিস, বা প্রতিবেশী।

যারা প্রতিদিন বহু গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট পরিচালনা করেন, তাদের জন্য এটি বেশ কার্যকর। প্রতিটি বিভাগ আলাদা স্পেস দেওয়ার ফলে চ্যাটিং অভিজ্ঞতা আরও সুসংহত হবে।

নতুন ফিচারের উদ্দেশ্য

মেটার মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ফিচার তৈরি করা। এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের চ্যাটিংকে আরও স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



গিজার বিস্ফোরণ ঠেকাতে সতর্ক থাকুন

শীতকালে বাসাবাড়িতে গিজার ব্যবহার বেড়ে যায়। গোসলের জন্য কিংবা খাওয়ার পানি গরম করতে গিজার অত্যন্ত প্রয়োজনীয় একটি যন্ত্র। তবে সামান্য অবহেলা থেকে এই যন্ত্র হয়ে উঠতে পারে বিপজ্জনক। গিজারের ত্রুটি থেকে ঘটতে পারে বিস্ফোরণ বা আগুন লাগার মতো ভয়াবহ দুর্ঘটনা। তাই এর সঠিক ব্যবহার এবং নিয়মিত পরীক্ষা অত্যন্ত জরুরি।

গিজার বিস্ফোরণের কারণ

বিশেষজ্ঞদের মতে, গিজারের অভ্যন্তরে তাপমাত্রা এবং চাপ বেড়ে গেলে এটি ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এমনটি সাধারণত ঘটে যখন গিজারের সুইচ দীর্ঘ সময় চালু থাকে বা এর থার্মোস্ট্যাট কাজ করা বন্ধ করে দেয়।

গ্যাস লিকও গিজারের আরেকটি বড় সমস্যা। গ্যাস গিজারের ক্ষেত্রে পাইপ ফুটো হয়ে গ্যাস লিক করলে দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়ে যায়। পচা ডিমের গন্ধ পেলেই বুঝতে হবে গ্যাস লিক করছে।

গিজার দুর্ঘটনা এড়ানোর উপায়

1. গিজারের সুইচ বন্ধ রাখুন:
গিজার ব্যবহার শেষে সুইচ বন্ধ রাখুন। এটি তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার ঝুঁকি কমাবে।

2. তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন:
গিজারের তাপমাত্রা ৫৫-৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। এতে বিস্ফোরণের সম্ভাবনা কমে।

3. গরম পাইপ অন্তরক করুন:
গিজারের গরম পাইপগুলো অন্তরক রাখুন, যাতে তাপ কম বের হয় এবং যন্ত্রটি কম বিদ্যুৎ খরচ করে নিরাপদে কাজ করতে পারে।

4. ভালভ নিয়মিত পরীক্ষা করুন:
গিজারের ভালভ নিয়মিত পরীক্ষা করুন। ভালভ সঠিকভাবে কাজ না করলে চাপ বেড়ে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে। কোনো সমস্যা দেখলে দ্রুত ভালভ পরিবর্তন করুন।

5. গ্যাস লিক পরীক্ষা করুন:
গ্যাস গিজারের ক্ষেত্রে গ্যাস লিকের কোনো গন্ধ পেলে সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ করুন। প্রয়োজনে বাথরুম খালি করুন এবং দ্রুত সার্ভিসিং করান।

 

সতর্ক থাকুন, নিরাপদে থাকুন

গিজার ব্যবহারে সাবধানতা এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা দুর্ঘটনার ঝুঁকি কমায়। ছোট্ট ভুল থেকেও বড় বিপদ হতে পারে, তাই গিজারের ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




অনলাইন গেম খেলার সতর্কতা: প্রতারণা এড়াতে যা করবেন

বর্তমানে আট থেকে আশি, প্রায় সকল বয়সের মানুষ অনলাইনে গেম খেলার প্রতি আকৃষ্ট। তবে এই শখ কখনো কখনো বিপদের কারণ হতে পারে। সাইবার অপরাধীরা অনলাইন গেমের মাধ্যমে অনেকের অর্থ এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। তাই অনলাইন গেম খেলার সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা জরুরি।

বিশ্বস্ত এবং নিরাপদ গেম ডাউনলোড

যে গেম খেলতে চান, তা সবসময় ভেরিফায়েড অ্যাপ স্টোর থেকেই ডাউনলোড করুন। আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে অনিরাপদ কোনো অ্যাপ ডাউনলোড করবেন না।

লিংকে ক্লিক করা এড়ানো

অপরিচিত সোশ্যাল মিডিয়া লিংক কিংবা মেসেজে আসা গেমের বিজ্ঞাপনে ক্লিক করবেন না। এতে ফাঁদে পড়ার আশঙ্কা থাকে।

হার্ডওয়্যার এবং সফটওয়্যার আপডেট

আপনার গ্যাজেট নিয়মিত আপডেট রাখুন। নিরাপত্তার জন্য ভেরিফায়েড অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিম্যালওয়্যার ব্যবহার করুন।

ব্যক্তিগত তথ্য সুরক্ষা

গেম খেলতে গিয়ে কখনোই অনলাইন প্রতিপক্ষের সঙ্গে ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ার করবেন না। এছাড়া লিঙ্কের মাধ্যমে কোনো পেমেন্ট অফারে সাড়া দেবেন না।

নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার

গেম খেলার জন্য সুরক্ষিত নেটওয়ার্ক এবং ভিপিএন ব্যবহার করুন। একই গ্যাজেট থেকে অফিসের কাজ বা অনলাইন ব্যাঙ্কিং এড়িয়ে চলুন।

ব্যাকআপ এবং সুরক্ষা

গ্যাজেটে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ নিন এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। গেমিং অ্যাপ ব্যবহারে ভিন্ন ইমেল আইডি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।

অনলাইন গেম খেলা নিরাপদ করতে এই সতর্কতাগুলো মেনে চলুন। এতে আপনার শখও পূরণ হবে এবং সাইবার প্রতারণা থেকেও সুরক্ষিত থাকবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম