এএফসি সভাপতি চারদিনের সফরে আসছেন বাংলাদেশ

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বাংলাদেশে চার দিনের সরকারি সফরে আসছেন। ২৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তার এই সফর চলবে। আজ বাফুফের সঙ্গে এএফসির আলোচনায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশে এর আগে ফিফার সাবেক দুই সভাপতি হোয়াও হ্যাভেলেঞ্জ ও সেপ একাধিকবার এসেছেন। এশিয়ার ফুটবলের অন্যান্য শীর্ষ কর্মকর্তাও বাংলাদেশ সফর করেছেন। তবে, পূর্বের সফরের দৈর্ঘ্য সাধারণত এক বা দুই দিনের বেশি হয়নি। এবারই প্রথম ফুটবলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। উল্লেখ্য, শেখ সালমান এএফসির সভাপতি হওয়ার পাশাপাশি ফিফার সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই সফরকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছে। বাফুফে তাদের সকল স্টেকহোল্ডার—ক্লাব, জেলা, একাডেমি, রেফারি ও মিডিয়া—সহ সকলের জন্য সফরসূচি তৈরি করছে।
আগামী কয়েকদিনের মধ্যে বাফুফে তাদের প্রোগ্রামসূচি এএফসিকে জানাবে। দুই পক্ষের আলোচনার পর চূড়ান্ত সফরসূচি মিডিয়ায় প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বাফুফে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








