সাকিবের আঙুলে ‘অস্ত্রোপচার’, তামিমের ইঙ্গিত কোন দিকে

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: চেন্নাই টেস্টটি একদমই ভালো কাটছে না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের, বিশেষ করে বোলিংয়ে। প্রথম ইনিংসে ৮ ওভার বল করে ৫০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার বল করে ৭৯ রান দিয়েও পাননি উইকেটের দেখা। এর মধ্যে প্রথম ইনিংসে সাকিবকে বোলিংয়ে দেখা গেছে ৫২ ওভার পার হওয়ার পর।

দলের সবচেয়ে অভিজ্ঞ ও সফলতম বোলারকে এত পরে বোলিংয়ে আনা নিয়েও উঠেছে প্রশ্ন। বিষয়টি নিয়ে কথা উঠেছে ধারাভাষ্য কক্ষেও। কথা হয়েছে তার কম বোলিং করা ও বোলিংয়ের ধার কমে নিয়ে যাওয়া নিয়েও।

সাকিবের বোলিং নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ধারাভাষ্যের দায়িত্বে থাকা মুরালি কার্তিক। চেন্নাই টেস্টের তৃতীয় দিন সকালে সাকিবের সঙ্গে কথা বলেছেন তিনি। কার্তিক জানিয়েছেন, সাকিবের বোলিং আঙুলে (তর্জনি) অস্ত্রোপচার করানো হয়েছে। এজন্য ঠিকভাবে আঙুল নাড়াতে পারছেন না সাকিব। বল গ্রিপেও সমস্যা হচ্ছে। এছাড়া কাঁধেও সমস্যা আছে তার।

সাকিবের শারীরিক অবস্থা নিয়ে অবশ্য বিসিবি কিছুই জানায়নি। এই বিষয়টি নিয়েই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উদ্দেশে ধারাভাষ্যের দায়িত্বে থাকা তামিম ইকবাল বলেছেন, ‘মুরালি কার্তিক যা বললেন, সত্যিই যদি সাকিবের আঙুলে সমস্যা থাকে, তাহলে তো টিম ম্যানেজমেন্টের আগে থেকেই তা জানার কথা। তিনি ঠিকমতো বল করতে পারছেন না, মানে বাংলাদেশ কার্যত চার জন প্রথম সারির বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের তো এটা জানার কথা! অবশ্যই এই ব্যাপারটি তাদের দেখা উচিত।’

তামিম কোন দিকে ইঙ্গিত করেছেন সেটি সহজেই অনুমেয়। সাকিব ছাড়াও ভারত সফরে বাংলাদেশ দলে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের মতো স্পিনার আছে। সেক্ষেত্রে সাকিবের বিকল্প হিসেবে তাদের কেউ সুযোগ পেতেই পারতেন।

 




শান্ত’র ফিফটিতে ব্যবধান কমিয়ে দিন শেষ করল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ নিউজ :: চেন্নাইয়ের ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনের বলে স্কয়ার লেগের ওপর দিয়ে উড়িয়ে মারলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছক্কা মেরে হাফ সেঞ্চুরিতে পৌঁছে গেলেন বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলক স্পর্শ খেলতে তিনি নিলেন মাত্র ৫৫ বল। তবে এমন ইতিবাচক ব্যাটিংয়ের দিনেও দেড় শ রানের আগে ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তাতে অবশ্য জয়ের লক্ষ্য থেকে কমেছে ব্যবধান। পরে আলোক স্বল্পতার কারণে প্রথমে খেলা বন্ধু ও পরে দিনের খেলা শেষ করার ঘোষণা দেন আম্পায়াররা।

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বাংলাদেশের জয়ের আশা নেই বললেই চলে। প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৭ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানে। বিশাল এই লক্ষ্য তাড়ায় ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে দিন দিন শেষ করেছে বাংলাদেশ। জয়ের থেকে এখনো ৩৫৭ রান দূরে টাইগাররা।

গতকালের ৩ উইকেট হারিয়ে ৮১ রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে ভারত। এদিন দুর্দান্ত ব্যাটিং করেন ঋশাভ পন্থ ও শুভমান গিল। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। মেহেদী হাসান মিরাজের বলে আউট হওয়ার আগে ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রান করেন পন্থ। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। চতুর্থ উইকেট জুটিতে শুভমান গিলের সঙ্গে ২১৭ বলে ১৬৭ রানের জুটি গড়েন তিনি।

পন্থ আউট হলেও লোকেশ রাহুলকে নিয়ে উইকেটে অপরাজিত ছিলেন গিল। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরির দেখা পান তিনি। ১৭৬ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত থাকেন। তাতে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করলে ৫১৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশে। জাকির হাসান ও সাদমান ইসলামের ওপেনিং জুটিতে আসে ৬২ রান। ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে এটিই সর্বোচ্চ ওপেনিং রানের জুটি। তবে ভালো শুরু করেও সেটি ধরে রাখতে পারেননি তারা। দলীয় ৬২ রানে জাকির হাসানকে ফেরান জাসপ্রিত বুমরাহ। ৪৭ বলে ৩৩ রান করেন তিনি। আরেক ওপেনার সাদমান ৩৫ রান করে ফেরেন অশ্বিনের বলে। তিনে নেমে দারুণ ব্যাটিং করতে থাকেন শান্ত। সাদমানের ফেরার পর মুমিনুলও সেট হয়ে আউট হয়েছেন দলীয় ১২৪ রানে তৃতীয় ব্যাটার হিসেবে প্যাভিলিয়নের পথ ধরা মুমিনুল করেছেন ১৩ রান। পাঁচে নেমে মুশফিক চার-ছক্কায় দারুণ শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ রান করে দলীয় ১৪৬ রানে আউট হন তিনি।

এরপর জুটি বাধেন শান্ত ও সাকিব। এই সময়ে হাফ সেঞ্চুরিও পেয়ে যান বাংলাদেশ অধিনায়ক। টেস্টে ১০ ইনিংস পর ফিফটি পেলেন তিনি। এর আগে গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চাশের দেখা পেয়েছিলেন তিনি। সেই ইনিংসে পরে সেঞ্চুরিও করেন তিনি। টেস্টে আজকের ফিফটি শান্তর ক্যারিয়ারের চতুর্থ। ফিফটি করা শান্ত অপরাজিত ছিলেন ৬০ বলে ৫১ রান করে। আরেক পাশে ১২ বলে ৫ রান নিয়ে অপরাজিত সাকিব। পরেে বাজে আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যায় দিনের খেলা।




সেঞ্চুরিয়ান পন্থকে ফেরালেন মিরাজ, শতক পেলেন গিলও

চন্দ্রদ্বীপ নিউজ :: ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি করা ঋষভ পন্থকে অবশেষে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। ৫৬তম ওভারের তৃতীয় বলে নিজের বলেই ক্যাচ নেন বাংলাদেশ স্পিনার। বাঁহাতি পন্থ ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রান করেছেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। চতুর্থ উইকেট জুটিতে শুভমান গিলের সঙ্গে ২১৭ বলে ১৬৭ রানের পার্টনারশিপ গড়েছেন তিনি। গিল পঞ্চম টেস্ট সেঞ্চুরি করে অপরাজিত আছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৬৩ রান করেছে ভারত। গিল ১০৬ ও লোকেশ রাহুল ১১ রানে ব্যাট করছেন। দলটির লিড দাঁড়িয়েছে ৪৯০ রান।

গতকাল ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দিন শেষ করেছে ভারত। গতকালই তাদের লিড দাঁড়িছিল ৩০৮ রান।

এর আগে চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত শুরু এনেও সেটি ধরে রাখা যায়নি। প্রথম ইনিংসে ৩৭৬ রানের বড় স্কোর গড়েছে রোহিত শর্মার দল। যেখানে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসারদের তোপে মাত্র ১৪৯ রানে অলআউট হয় নাজমুল হাসান শান্তর দল। ২২৭ রানে এগিয়ে থাকলেও বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে ব্যাটিংয়ে নামে ভারত।



১৪৯ রানেই অলআউট বাংলাদেশ




ফলো অন এড়াতে কত রান প্রয়োজন বাংলাদেশের?




৫ উইকেট নিয়ে ভারতের মাটিতে যে ইতিহাস গড়ল হাসান মাহমুদ

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: চেন্নাইয়ে ভারতে বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বুমরাহর উইকেট তুলে নেওয়াম মধ্য দিয়েই বাংলাদেশি প্রথম বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট নিয়েছেন ডান হাতি পেসার হাসান মাহমুদ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারতে বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এই অনন্য কীর্তি গড়েন পেসার হাসান মাহমুদ।

গতকাল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম দিনে বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। একের পর এক ভারতীয় ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান তিনি। প্রথম দিনে হাসান তুলে নেন- রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি ও রিষভ পান্তের মতো উইকেট। খেলার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসেই প্রথম বাংলাদেশি হিসেবে গড়ে ফেলেন নতুন ইতিহাস।

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত। বাংলাদেশের হয়ে পেসার হাসান মাহমুদ নিয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। এর আগে সর্বশেষ টেস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ৫ উইকেট সংগ্রহ করেছিলেন টাইগার পেসার হাসান মাহমুদ।

সংক্ষিপ্ত স্কোর

ভারতের প্রথম ইনিংসে ৯১.২ ওভারে ৩৭৬/১০ (জেয়েসওয়াল ৫৬, রোহিত ৬, শুভমান ০, কোহলি ৬, রিষভ ৩৯, রাহুল ১৬, জাদেজা ৮৬, অশ্বিন ১১৩, আকাশ ১৭, বুমরাহ ৭, সিরাজ ০*)

বাংলাদেশ লাঞ্চ বিরতির আগে প্রথম ইনিংসে ৯ ওভারে ২৬/৩ (সাদমান ২, জাকির ৩, শান্ত ১৫*, মুমিনুল ০, মুশফিকুর ৪*)




হাসানের ফাইফারে চারশ’র আগেই থামল ভারত

চন্দ্রদ্বীপ নিউজ :: ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে আজকের দিনে আর ৩৭ রান যোগ করতেই শেষের চার উইকেট হারিয়েছে স্বাগতিকরা। যেখানে একাই ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বাকি একটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। তাতে ইনিংসে ৫ উইকেট শিকার করার কীর্তি গড়লেন এই ডানহাতি পেসার।

নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৮৩ রানে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান। তাছাড়া ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন তাসকিন।

দ্বিতীয় দিনে মাত্র ৪ রান যোগ করতেই জাদেজাকে হারায় ভারত। ইনিংসের ৮৩তম ওভারের প্রথম বলটি খাটো লেংথে করেছিলেন তাসকিন, সেখানে জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮৬ রান করে জাদেজা ফেরায় ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।

নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন। ইনিংসের ৮৫তম ওভারের পঞ্চম বলটি খানিকটা খাটো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে পুল করতে গিয়ে ভুল করেছিলেন আকাশ দীপ।

টাইমিং না হওয়ায় বল উপরে উঠে যায়, কিন্তু দূরত্ব পাননি। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান খানিকটা পিছিয়ে বলের নাগালও পেয়েছিলেন তবে হাতে জমাতে পারেননি। তাতে ব্যক্তিগত ৮ রানে জীবন পান আকাশ। তবে তাকে বেশি দূর এগোতে দেননি তাসকিন। এই ডানহাতি পেসারের করা ৮৯তম ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন আকাশ। শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে ১৭ রান এসেছে তার ব্যাট থেকে।

দিনের তৃতীয় উইকেটও গেছে তাসকিনের ঝুলিতে। ইনিংসের ৯১তম ওভারের পঞ্চম বলটি অফ স্টমাপের অনেকটা বাইরে করেছিলেন তাসকিন। সেখানে জায়গায় দাঁড়িয়ে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন অশ্বিন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১৩ রান।

ইনিংসের শেষ উইকেট নিয়ে নিজের ফাইফার পূরণ করেছেন হাসান। ৯২তম ওভারের দ্বিতীয় বলে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন বুমরাহ। এই উইকেটের মাধ্যমে ব্যাক টু ব্যাক ইনিংসে ৫ উইকেট শিকার করেন হাসান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৮৩ রানে নিলেন ৫ উইকেট। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট পেলেন হাসান।

 




মোদিকে টপকে ভারতসেরা জয়সোয়াল, বিশ্বসেরা এক বাংলাদেশি

চন্দ্রদ্বীপ নিউজ :: দারুণ ফর্মে আছেন ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল। গত বছরের জুলাইতে অভিষেক হওয়ার পর এখনো পর্যন্ত ১০টি টেস্ট খেলেছেন তিনি। এই সময়ে ৫টি ফিফটি ও ৩ সেঞ্চুরিতে ১ হাজার ৮৪ রান করেছেন তিনি। আজও বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে অর্ধশতক হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

আজকের হাফ সেঞ্চুরির মাধ্যমে দারুণ এক রেকর্ডও গড়ে ফেললেন জয়সোয়াল। ঘরের মাঠে চলমান ম্যাচসহ ৬টি টেস্ট খেলেছেন তিনি। সবগুলো ম্যাচেই কমপক্ষে পঞ্চাশ রান এসেছে জয়সোয়ালের ব্যাটে। ভারতের হয়ে অভিষেকের পর সবচেয়ে বেশি টানা পঞ্চাশ ছাড়ানো ইনিংস এতদিন ছিল রুশি মোদির দখলে। এবার সেটি কেড়ে নিলেন জয়সোয়াল।

১৯৪৬ থেকে ১৯৫২ সালের মধ্যে ১০ টেস্ট খেলা মোদির ঘরের মাঠে অভিষেকের পর টানা ৫ টেস্টে পঞ্চাশ ছাড়ানো ইনিংস ছিল। আজ ৫৬ রান করে সেই তালিকায় মোদিকে টপকে গেলেন জয়সোয়াল।

ভারতের রেকর্ড জয়সোয়াল গড়লেও এই তালিকার বিশ্ব রেকর্ড এক বাংলাদেশির দখলে। তিনি ব্যাটার চেন্নাই টেস্টের একাদশে থাকা ব্যাটার মুমিনুল হক। ২০১৩ সালের গল টেস্টে অভিষেক হয়েছিল মুমিনুলের। সেই বছরই অক্টোবরে ঘরের মাঠে প্রথম টেস্ট খেলেন তিনি। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে অর্ধশতক করেছিলেন এই বাঁহাতি। এরপর ঘরের মাঠে খেলা ৮ ম্যাচেই কমপক্ষে ফিফটি পেয়েছেন মুমিনুল।

জয়সোয়াল আজকে আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ঘরের মাঠে প্রথম ১০ ইনিংসে ৭৫০ রান করার কীর্তি গড়লেন তিনি। এর আগের কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলির। ১৯৩৫ সালে ঘরের মাঠে প্রথম ১০ ইনিংসে ৭৪৭ রান করেছিলেন হেডলি।

ঘরের মাঠে টেস্টে ১০ ইনিংস পর সর্বোচ্চ রান

*৭৫৫-যশস্বী জয়সোয়াল (ভারত)

*৭৪৭-জর্জ হেডলি (ওয়েস্ট ইন্ডিজ)

*৭৪৩-জাভেদ মিয়াদাঁদ (পাকিস্তান)

*৬৮৭-ডেভ হটন (জিম্বাবুয়ে)

*৬৮০-স্যার ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)




৮ উইকেটের বড় জয়ে শেষ করল বাংলাদেশ




হাসান মাহমুদ ঝড়ে ভালো অবস্থানে বাংলাদেশ, ৬ উইকেট হারাল ভারত

চন্দ্রদ্বীপ নিউজ: হাসান মাহমুদের চার ধাক্কার পর নাহিদ রানা ও মেহেদী মিরাজ পরপর উইকেট নিয়েছেন। রানার ১৪৮ গতির গোলায় ফিফটি করে আউট হন জশস্বী জয়সোয়াল। তিনি ৫৬ রান করেন। পরের ওভারে কেএল রাহুল ১৬ রান করে মিরাজের বলে আউট হন।

ভারত ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা ও রবিশচন্দন অশ্বিন।

টস জয় বাংলাদেশের: চেন্নাই টেস্টে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। একাদশে নিয়েছেন তিন পেসার। ভারতের একাদশেও তিন পেসার।

সাদমান-ঋষভ একাদশে: বাংলাদেশ একাদশে রেখেছে ওপেনার সাদমান ইসলামকে। নিয়মিত ওপেনার মাহমুদুল জয় পাকিস্তান সিরিজে ইনজুরিতে থাকায় খেলতে পারেননি। তার জায়গায় ঢুকে সাদমান ভালো খেলে একাদশে জায়গা করে নিয়েছেন।

ভারত ঋষভ পান্ত ও কেএল রাহুলকে একাদশে রেখেছে। পান্ত ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশে এসে টেস্ট সিরিজ খেলেন। এরপর সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হওয়ার পর এবারই প্রথম টেস্টে ফিরলেন। ইনজুরির কারণে রাহুলও সর্বশেষ সিরিজে খেলতে পারেননি।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারতের একাদশ: রোহিত শর্মা, জশস্বী জয়সোয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিশচন্দন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দ্বীপ ও মোহাম্মদ সিরাজ।