শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল ব্রাজিল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ম্যাচ দেখে মনে হচ্ছিল ড্র নিয়ে মাঠে ছাড়বে ব্রাজিল। তবে সেটা আর হয়নি। শেষ মুহূর্তের গোলে চিলিকে হারিয়েছে দরিভালের দল। তাতে এক ম্যাচ পর জয়ে ফিরল ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার (১১ অক্টোবর) চিলির মুখোমুখি হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি ২-১ গোলে জয় পায় ব্রাজিল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে বসে ব্রাজিল। ফেলিপ লয়োলার ক্রস থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন এডুয়ার্ডো ভার্গাস। এরপর বেশকিছু সুযোগ নষ্ট করে ব্রাজিল। তবে প্রথমার্ধে বাড়ানো সময়ের প্রথম মিনিটে দলকে সমতায় ফেরান ইগোর জেসুস। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই গোল করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয় হাফে দুই দলই অগোছালো খেলা খেলে। বলতে গেলে দুই দলই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এরই মাঝে বেশকিছু পরিবর্তন করে ব্রাজিল কোচ। ম্যাচের ৬৮ মিনিটে সাভিনিহোর বদলি হিসেবে নামেন লুইজ হেনরিক।

আর তিনিই ম্যাচের ব্যবধান গড়ে দেন। ম্যাচের ৮৯তম মিনিটে ডানদিক থেকে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নিয়ে গোল করেন হেনরিক। ম্যাচে বাড়ানো সময়ে কোনো গোল না হলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।

এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের টেবিলে চারে উঠে এলো ব্রাজিল। ইকুয়েডর প্যারাগুয়ের সঙ্গে পয়েন্ট হারানোর কারণে পাঁচে নেমে গেছে। ৯ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ১৩। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।




আজ টিভিতে যা দেখবেন




আর্জেন্টিনাকে রুখে দিলো ভেনেজুয়েলা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: লিওনেল মেসির ফেরার ম্যাচেও জয়বঞ্চিত থাকলো আর্জেন্টিনা। শুরুতে লিড পেলেও দারুণ এক হেডে আলবিসেলেস্তেদের হতাশায় ডোবান ভেনেজুয়েলার ফরোয়ার্ড স্যালোমন রন্দন।

শুক্রবার (১১ অক্টোবর) ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ওতামেন্দি।

সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের পর এবার ভেনেজুয়েলার বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারলো না স্ক্যালোনির শিষ্যদের। একাধিক খেলোয়াড়ের ইনজুরি, প্রথম গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নিষেধাজ্ঞার মধ্যেও স্বস্তি ছিল প্রাণভোমরা লিওনেল মেসির ফেরা। ইনজুরির কারণে আগের দুই ম্যাচ খেলতে পারেননি বিশ্বকাপ জয়ের নায়ক। তবে ফেরার ম্যাচে দ্যুতি ছড়াতে পারেননি তিনি।

আর্জেন্টিনাকে অবশ্য ভেনেজুয়েলা যতটা না রুখতে পেরেছে, তার চেয়ে বেশি রুখেছে মাঠের বাজে কন্ডিশন। খেলা শুরু হওয়ার ঘণ্টা খানেক আগে ভারি বৃষ্টিতে পানি জমে যায় মুনমেন্তাল স্টেডিয়াম। পানির পরিমাণ এত বেশি ছিল যে নির্ধারিত সময়ে খেলাও শুরু করা যায়নি। বৃষ্টি শেষেই পানি নিষ্কাশনে নেমে যান মাঠ কর্মীরা। তবে সেটা খুব একটা কাজে দেয়নি। কারণ খেলোয়াড়রা মাঠে নামার পর তাদের দৌড়ের সময়, বলে শট নেয়ার সময় এমনকি পাসের সময়ও পানি ছিটকাচ্ছিল। যার কারণে ঠিকঠাক পাস নেয়া যাচ্ছিল না। পানির কারণে দ্রুত আক্রমণেও উঠা যাচ্ছিল না। ঝুঁকি ছিল খেলোয়াড়দের ইনজুরিতে পড়ারও।

এত সব প্রতিকূলতার মাঝেও ১৩তম মিনিটে সাফল্যের দেখা পেয়ে যায় সফরকারীরা। লিওনেল মেসির ফ্রি কিক থেকে নেয়া ক্রস প্রথম চেষ্টায় লাফিয়ে ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো। কিন্তু পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। বক্সে জটলার মধ্যে বল পেয়ে যান আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। নিঁখুত শটে জালে জড়ান তিনি। রোমো কোনো সুযোগই পাননি।

এরপর ভেজা মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধ লিড নিয়েই শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও খেলা যেভাবে চলছিল তাতে ১-০ গোলে মেসিদের জয়ের দিকেই ম্যাচ এগোচ্ছিল। তবে ৬৫তম মিনিটে দারুণ এক আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। বাঁ কর্নার থেকে সোতেলোর দারুণ এক ক্রস বক্সে পেয়ে লাফিয়ে হেড নেন রন্দন। তার সে হেড লাফিয়েও নাগাল পাননি এমিলিয়ানোর অনুপস্থিতিতে আর্জেন্টিনার গোলবার সামলানো জেরোনিমো রুল্লি। বল জড়ায় জালে। উচ্ছ্বাসে মাতে স্বাগতিকরা।

এরপর লিডে ফিরতে দুদলের মধ্যে চলে ফের আক্রমণ-পাল্টা আক্রমণ। ৪০ শতাংশ সময় বল দখলে রেখে ১৬টি শট নিয়ে ৬টি গোলমুখে রাখে ভেনেজুয়েলা। ৮টি শট নিয়ে ৪টিই গোলমুখে রাখে মেসিরা। কিন্তু ভেজা মাঠে আর কেউই সফলতার মুখ দেখেনি। বিশ্ব চ্যাম্পিয়নদের থেকে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট আদায় করে নেয় ভেনেজুয়েলা।

টানা দুই ম্যাচে জয়হীন থাকলেও এখনো কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে কলম্বিয়া। ১১ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান ভেনেজুয়েলার। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে ব্রাজিল।




বিপিএলের ড্রাফটে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ইমন ও শাকিব খান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। এর আগে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। মাঠে নামার আগেই প্লেয়ার্স ড্রাফট থেকেই লড়াই শুরু করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ড্রাফটের লড়াই জমিয়ে তুলতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের পাশাপাশি উপস্থিত থাকেন দলের অধিনায়ক বা আইকন ক্রিকেটাররা। যেমন— গত বিপিএলের ড্রাফটে সরাসরি উপস্থিত ছিলেন তামিম ইকবাল, নাজমুল হাসান শান্ত এবং মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররা।

তবে আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে আরও বড় চমক দেখতে যাচ্ছে বিপিএল ম্যানেজমেন্ট। এবারের ড্রাফটে সরাসরি উপস্থিত থাকবেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক এবং চিত্রনায়ক শাকিব খান। তার সঙ্গে থাকবেন দেশের আরেক জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে দলটির একটি বিশ্বস্ত একটি সূত্র।

এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। এরই মধ্যে দলটির নাম ঘোষণা করেছেন তারা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে অংশ নেবে দলটি।

ইতোমধ্যেই নিজেদের প্রথম আসরকে সামনে রেখে চমক দেখাতে শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে।

এ ছাড়াও তারা বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলস ও ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার জনসন চালর্সকে।

অন্যদিকে দলটির মেন্টর হিসেবে আসতে চলেছেন একজন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দলটির সঙ্গে আলোচনা চলছে মাইক হাসি, ডেভিড হাসি ও মাইকেল ক্লার্কের সঙ্গে। তাদের ব্যাপারেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।




নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন সাকিব

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান ভক্তদের প্রতি গভীর ভালোবাসা জানিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছেন। ক্রিকেটে তার অসামান্য অবদানের কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘দেশের মানুষের ভালোবাসা ও দোয়া আমাকে বিশ্বমঞ্চে সাকিব আল হাসান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’ সেই সঙ্গে সাকিব বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনে নিজের নীরবতা ও রাজনৈতিক অবস্থান নিয়েও ব্যাখা দিয়েছেন।

বিশ্ব ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি তার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেছেন। ফেসবুকে এক আবেগঘন বার্তায় সাকিব জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য হিসেবে তার সম্পৃক্ততা মূলত নিজের জন্মস্থান মাগুরার উন্নয়নে অবদান রাখার ইচ্ছা থেকে শুরু হয়েছিল। তিনি বলেন, আমি খুবই স্বল্প সময়ের জন্য সংসদ সদস্য ছিলাম এবং তিনি আরও ব্যাখ্যা করেন স্থানীয় উন্নয়নে সরাসরি ভূমিকা রাখার সুযোগ তাকে রাজনীতিতে আগ্রহী করেছিল।

সাকিব উল্লেখ করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক পদ ছাড়া নিজের এলাকার উন্নয়নে কাজ করা অনেক কঠিন। আমাদের দেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখা একটু কঠিন।

তবে, সাকিব তার পরিচয়ের মূলে এখনো একজন ক্রিকেটার হিসেবেই নিজেকে দেখেন। তিনি বলেন, আমি যেখানে যেমনই থাকি না কেন, আমার অন্তরে সবসময় ক্রিকেটকে ধারণ করেছি এবং এভাবেই ক্রিকেটের প্রতি তার নিবেদনকে পুনর্ব্যক্ত করেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নেওয়া সাকিব তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেও, তার বক্তব্যে স্পষ্ট, তার অন্তরে ক্রিকেট এবং মাগুরার উন্নয়নের প্রতি দায়বদ্ধতা সমানভাবে জায়গা করে নিয়েছে।




উইন্ডিজের কাছে হেরে বিদায়ের পথে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ নিউজ :: ভুল যা করার সেটা ব্যাটিংয়েই করে এসেছিল বাংলাদেশ। ১০৩ রানের মামুলি সঞ্চয় দিয়ে ম্যাচ জেতা যায় না। ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে লো স্কোরের এই ম্যাচ জিতে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো। আর বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে দুটিতে হার এবং একটি জয় নিয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের পথে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটা এখন কেবল আনুষ্ঠানিকতার অংশ হতে চলেছে।

শারজায় টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা হয় বেশ ইতিবাচক মেজাজে। পাওয়ার প্লে’র শেষ বলে ৩৩ রানে দুই ওপেনার ফিরে গেলেও তৃতীয় উইকেট জুটিতে বেশ দাপটের সঙ্গেই সামনে বাড়ে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ও ইনফর্ম ব্যাটার সোবহানা মুস্তারি এই জুটিতে ৪০ রান যোগ করেন। মুস্তারি ১৬ রান করে আউট হন। অধিনায়ক নিগার সুলতানা শেষ ওভারে আউট হওয়ার আগে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন।

২০ ওভারকে দুই ভাগ করলে উভয় ভাগে বাংলাদেশের রান যোগের মাত্রাটা হল প্রায় সমান সমান। প্রথম ১০ ওভারে জমা হলো ৫৮ রান। পরের ১০ ওভারে যোগাড় ৪৫। অথচ শেষের অংশে বেশি রান জমা হওয়ার কথা। উইকেটও তখন হাতে ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের নিখুঁত স্পিন বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটাররা রান তোলার গতি বাড়াতে পারেনি।

জয়ের জন্য ১০৪ রানের মামুলি স্কোর তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই মারমুখি ভঙ্গিতে ব্যাট চালায়। ওপেনিং জুটিতেই তারা জমা তুলে ৫২ রানের। ম্যাচের ফয়সালা মূলত সেখানেই হয়ে যায়। বাংলাদেশের স্কোর টপকে যেতে মাত্র ১২.৫ ওভার খেলতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। শুরুর চার ব্যাটার যে কায়দায় ব্যাট করেন সেটাই তাদের সহজে ম্যাচ জেতায়।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১০৩/৮, ২০ ওভার (দিলারা ১৯, মুস্তারি ১৬, নিগার সুলতানা ৩৯, কারিশমা রামহারাক ৪/১৭, ফ্লেচার ২/২৫)।
ওয়েস্ট ইন্ডিজ: ১০৪/২, ১২.৫ ওভার (ম্যাথুস ৩৪, টেইলর ২৭, ক্যাম্পবেলে ২১, ডটিন ১৯*, নাহিদা ১/২২, মারুফা ১/২০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।




হ্যারিকেন ‘মিল্টন’ উপেক্ষা করে ভেনেজুয়েলায় মেসির দল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ সামনে রেখে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি শহরে ক্যাম্প করেছিল আর্জেন্টিনা। এরই মধ্যে ফ্লোরিডায় আঘাত হেনেছে ‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরি-৩ হ্যারিকেন মিল্টন। যে কারণে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের ভেন্যু মাতুরিনে যাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছিল আলবিসেলেস্তেদের। শঙ্কা জেগেছিল ম্যাচ খেলা নিয়ে। সে ক্ষেত্রে পয়েন্ট হারাতে হতো তাদের। তবে অবশেষে শঙ্কার মেঘ কেটে গেছে।

বৈরি আবহাওয়া উপেক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় পৌঁছেছে আর্জেন্টিনা দল।

অক্টোবরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে সেই ম্যাচ দুটি সামনে রেখে ফ্লোরিডায় অনুশীলন ক্যাম্প করেছিল লিওনেল মেসির দল। সেখান থেকেই প্রথম ম্যাচের ভেন্যু ভেনেজুয়েলার মাতুরিনে উড়াল দেয়ার কথা ছিল আর্জেন্টিনার। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বাধ সাধে প্রকৃতি। ক্যাটাগরি-৩ হ্যারিকেন মিল্টনের কারণে ক্রমেই আবহাওয়া বিরূপ হয়ে ওঠে।

আবহাওয়া এতোই খারাপ হয়ে উঠেছিল যে, ভেনেজুয়েলার উদ্দেশ্যে আর্জেন্টিনার যাত্রা করাই অসম্ভব হয়ে পড়ে। মায়ামি থেকে ভেনেজুয়েলায় যাওয়ার একমাত্র উপায় আকাশপথ। কিন্তু বিমানের সকল ফ্লাইটই বাতিল হওয়ায় আটকে পড়ে আলবিসেলেস্তেরা। ফলে এক পর্যায়ে ম্যাচটি স্থগিত হওয়ার সম্ভাবনাও জাগে। শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত আর্জেন্টিনা ভেনেজুয়েলায় যেতে না পারলে প্রতিপক্ষকে জয়ী ঘোষণাও করা হতে পারে।

তবে সব শঙ্কা দূর হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল মাতুরিনে পৌঁছেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে। গতকাল বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ২টায় কলম্বিয়ার (সরাসরি মাতুরিনে ফ্লাইট নেই) উদ্দেশ্যে যাত্রা করে এবং আনুমানিক সকাল ৭টায় ব্রানকুইলা শহরে পৌঁছে। সেখান থেকে সকাল ১০টা নাগাদ ভেনেজুয়েলায় উপস্থিত হয় মেসি ও তার দল।




বাংলাদেশের খেলাসহ আজ টিভিতে যা দেখবেন




ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ সাকিবের

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অবশেষে মুখ খুললেন সাকিব আল হাসান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে জানান দিলেন নিজের অবস্থান। দেরি করে হলেও বুঝতে পেরেছেন দেশ ও জাতির চাহিদা। করেছেন দুঃখ প্রকাশ। সেই সাথে দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে সবার সমর্থন চাইলেন তিনি।

বুধবার এই প্রসঙ্গে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাকিব আল হাসান। যেখানে নিজের সীমাবদ্ধতা ও দায়বদ্ধতা নিয়ে কথা বলেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। ছাত্র আন্দোলনে নিজের নীরব ভূমিকা নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি।

সাকিবের স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো
‘আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়।

এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনঃক্ষুণ্ন হতাম। আমি খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ আমার মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়া।

আপনারা জানেন যে, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোন দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন। আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়া আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। যাইহোক দিনশেষে আমার পরিচয় আমি একজন বাংলাদেশের ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থাতেই থেকেছি অন্তর থেকে ক্রিকেটাকেই ধারণ করেছি।

এই ক্রিকেটকে ধারণ করে বিশ্বসেরা অলরাউন্ডারের সম্মান অর্জন করার পথে এগিয়ে নিয়ে গেছেন আপনারা। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে আজকের সাকিব আল হাসান বানিয়েছে। আমি যখন দেশের জন্য ক্রিকেটের মাঠে ব্যাট ধরেছি তখন আমার সাথে ব্যাট ধরেছেন আপনারা সবাই। গ্যালারি থেকে আপনাদের চিৎকার, আপনাদের সমর্থন আমাকে ভালো খেলার অনুপ্রেরণা যুগিয়েছে। ক্রিকেট ম্যাচের দিন চায়ের দোকানে টেলিভিশনের সামনে উপচেপড়া ভিড় আমাকে শক্তি যুগিয়েছে।

আমি জিতলে, আপনারা সবাই জিতেছেন। আমি হেরে গেলে, হেরে গেছেন আপনারা সবাই! আপনারা জানেন, খুব শীঘ্রই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা। এই ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা! তাই আমার শেষ ম্যাচে, এই গল্পের শেষ অধ্যায়ে, আমি আপনাদেরকে পাশে চাই। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে বিদায় নিতে চাই। বিদায়বেলায়, সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই, যাদের হাতের তালি আমার ভালো খেলতে বাধ্য করেছে। বিদায়বেলায়, সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই, আমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে। আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে।

আমি আশা করি, শুধু আশা না বিশ্বাস করি, এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সাথে থাকবেন। সবাই সাথে থেকে সেই গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক আমি নই, আপনারা!

উল্লেখ্য, গত জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের একদফা আন্দোলন; এসবে নীরব ভূমিকা পালন করেন সাকিব আল হাসান। যা নিয়ে সমর্থক মহলে বেশ ক্ষোভের সৃষ্টি হয়।

সেই ক্ষোভের আরো বড় কারণ, চলতি বছরেই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তার সংসদ সদস্য হওয়া। যার জেরে সরকার পতনের পর ছাত্র আন্দোলন পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগ এনে মামলা করা হয়।

যার কারণে তার দেশে আসা নিয়ে দেখা দিয়েছে সংশয়। নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা ঘরের মাঠে খেলার ইচ্ছে প্রকাশ করলেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই মামলা। দেখা যাক সব কিছু সামলে সাকিব ফিরতে পারেন কিনা দেশে।




ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ