দেশে ফিরতে সাকিবের কোনো বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: ক্রিকেটার সাকিব আল হাসান দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, একজন ক্রিকেটার তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক, তার আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না। তবে দেয়ালে লিখনের যে কথা বলছেন বা সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, এটা তো আসলে আবেগের ব্যাপার। তাদেরও ওই অধিকার আছে। গণতান্ত্রিক দেশ, সাংবিধানিক অধিকার আছে যেকোনো ধরনের মুভমেন্ট বা যেকোনো কিছু করার।

আসিফ মাহমুদ বলেন, আমার আহ্বান থাকবে কারও নিরাপত্তা যেন হুমকির মুখে না ফেলি। যদি আইনগত কোনো বিষয় থাকে, আইন তো আইনের গতিতে চলে। এ বিষয়ে তো আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিত। যেহেতু দক্ষিণ আফ্রিকা আসবে, আমাদের পরিবেশটাও ভালো রাখতে হবে। না হলে বাইরের দেশগুলো বাংলাদেশে আসতে নিরাপত্তার অভাবটা অনুভব করবে।

 

গত ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর এখন পর্যন্ত দেশে ফেরেননি সাকিব। যদিও এই সময়ে ঘরের মাটিতে বাংলাদেশও খেলেনি। তবে ভারত সিরিজ চলাকালীনই কানপুরে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।

সবকিছু ঠিক থাকলে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে তা নিয়ে এখনো জলঘোলা চলছে। কেননা সাকিব দেশে থাকাকালীন পর্যাপ্ত নিরাপত্তা চান। একইসঙ্গে দেশ ছাড়ার ব্যাপারে তাকে যেন কোনো বাধার সম্মুখীন না হতে হয়, সেই দাবিও জানিয়েছেন তিনি। এদিকে আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে মিরপুর টেস্ট।




মিরপুরের ‘হোম অফ ক্রিকেটে’ ক্রীড়া উপদেষ্টার নিরাপত্তা পরিদর্শন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ভারত সিরিজের হতাশা কাটিয়ে আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকা দলের আগমন উপলক্ষে ব্যস্ত সময় কাটাচ্ছে মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

এই ব্যস্ততার প্রধান দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের প্রস্তুতি পরিদর্শনে আজ মিরপুরে হাজির হয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার উদ্বেগের কারণে এই সিরিজে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিসিবি ও সরকার মিলে ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

এই সিরিজের আলোচনার কেন্দ্রবিন্দু হল সাকিব আল হাসান। তিনি দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নিতে চান, এবং বিসিবি চায় তাকে এখানেই বিদায় জানাতে। সাকিবের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সেনাবাহিনীর প্রস্তুতি মহড়া পরিদর্শন শেষে ক্রীড়া উপদেষ্টা বিসিবি কর্তাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।




টিভিতে যেসব খেলা দেখবেন আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোববার মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত। একইদিন শুরু হচ্ছে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ।

ক্রিকেট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ইংল্যান্ড-স্কটল্যান্ড
বিকেল ৪টা, নাগরিক ও টফি

অস্ট্রেলিয়া-ভারত
রাত ৮টা, নাগরিক ও টফি

১ম টি-টোয়েন্টি
শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ৫

ফুটবল
উয়েফা নেশনস লিগ
কাজাখস্তান-স্লোভেনিয়া
সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস ২




বড় হারে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

চন্দ্রদ্বীপ ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়টা আগেই মোটামুটি নিশ্চিত হলেও, খাতা-কলমে হিসাবটা বাকি ছিল বাংলাদেশের। গ্রুপপর্বের শেষ ম্যাচে বিবর্ণ পারফরম্যান্সে সেটাই নিশ্চিত করল নিগার সুলতানা জ্যোতির দল। অবশ্য পুরো টুর্নামেন্টেই তাদের চিত্রটা একই ছিল। ব্যাট-বলে আরেকটি ব্যর্থ দিনে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হতো তাদের, তবে আটকে থাকত যদি-কিন্তুর হিসাবে। বাজে ব্যাটিংয়ের পর একই দৃশ্য বোলাররাও মঞ্চায়ন করায় তার আর দরকার পড়েনি। আগে ব্যাট করে বাংলাদেশ সর্বসাকুল্যে ১০৬ রান সংগ্রহ করে।

ব্যাট করতে নেমেই ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশ ওপেনার দিলারা আক্তার আউট হয়ে যান। প্রথম ৫ ওভারেই তারা কোনো বাউন্ডারি মারতে পারেনি, তুলেছিল মাত্র ১০ রান। এমন শুরুর পর সাথি রানির ধীরগতির ইনিংস দলীয় কিছুটা এগিয়ে নিতে থাকে। তবে একবার জীবন পেয়েও ৩০ বলে ১৯ রান করে আউট হয়ে যান এই ওপেনার। তৃতীয় উইকেট জুটিতে সোবহান মোস্তারি ও অধিনায়ক জ্যোতি মিলে যোগ করেন ৪৫ রান।




তামিম ও মুশফিক এবারও ফরচুন বরিশালে

চন্দ্রদ্বীপ নিউজ :: তারা দুজন গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একই দলে খেলেছেন। পাশাপাশি প্রিমিয়ার ক্রিকেট লিগেও তামিম ইকবাল আর মুশফিকুর রহিম ছিলেন একই দলের সদস্য।

বিপিএলের সামনের আসরেও তামিম আর মুশফিক দল পাল্টাবেন না। এ দুজনার এবারের ঠিকানা আগের মতোই ফরচুন বরিশাল।

শনিবার রাতে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই দলে সরাসরি সই করা ক্রিকেটার হলেন তাওহিদ হৃদয়।

আগামী সোমবার বিপিএল ২০২৪-২৫ মৌসুমের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।




বড় হারে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: ম্যাচটার নিয়তি ভারতের ইনিংস শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ২৯৭ রান হজমের পর টি-টোয়েন্টিতে জেতার কথা কল্পনাও করা কঠিন, বিশেষত দলের শক্তি-সামর্থ্য বিচারে তা অসম্ভবের চেয়েও বেশি কিছুই ছিল। বড় হারই অপেক্ষা করছিল বাংলাদেশের জন্য। ২০তম ওভারের শেষ বলটা হওয়ার পর হারের ব্যবধানটা জানা গেল, বাংলাদেশ তুলতে পেরেছে মোটে ১৬৪ রান, ম্যাচটা হেরেছে ১৩৩ রানে।

ইচ্ছে হলেই যেন বল গ্যালারিতে পাঠাচ্ছে ভারত। এমন ম্যাচে বাংলাদেশ শুধু অসহায় ভঙ্গিতে চেয়ে দেখল ভারতের রান আনন্দ।

ওপেনার স্যাঞ্জু স্যামসন আগের দুই ম্যাচে স্কোর তেমন বড় করতে পারেননি। সেই দুঃখ ভুললেন সিরিজের শেষ এবং তৃতীয় ম্যাচে। মাত্র ২২ বলে হাফসেঞ্চুরির আনন্দে ভাসলেন এই মারকুটো ব্যাটার। ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় হাফসেঞ্চুরি পান তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কোনো ব্যাটারের টি-টোয়েন্টিতে এটি দ্রততম হাফসেঞ্চুরি।

একদিনে স্যামসন, অন্যপ্রান্তে সূর্যকুমার। কে কার চেয়ে বেশি শট খেলবেন, কার স্ট্রাইকরেট বেশি থাকবে- যেন সেই প্রতিযোগিতায় মেতে উঠলেন দুজনে। মাত্র ৪৪ বলে এই জুটিতে ১০০ রান যোগ হলো। সূর্যকুমার মাত্র ২৩ বলে হাফসেঞ্চুরির আনন্দে ভাসেন। মাত্র ৪০ বলে সেঞ্চুরি পান স্যামসন। টি- টোয়েন্টিতে এটি তার প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুজনে যোগ করেন রেকর্ড ১৭৩ রান। টি- টোয়েন্টিতে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনো জুটিতে এটি ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড।

শুরুর ১০ ওভারে ভারতের স্কোর গিয়ে পৌছাল ১৫২ রানে। তখনই বোঝা যায় এই ম্যাচে আরো অনেক বড় কিছু অপেক্ষা করছে। সেটাই তারা করে দেখাল। টি- টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ ২৯৭ রানের নতুন রেকর্ড গড়ল ভারত। আগেরটা ছিল ৫ উইকেটে ২৬০ রান, শ্রীলঙ্কার বিরুদ্ধে।

ভারতের ইনিংসের পর বাংলাদেশ শুরুতেই পারভেজ ইমনের উইকেট খোয়ায়। এরপরও লিটন দাসের ব্যাটে চড়ে পাওয়ারপ্লেতে বাংলাদেশ তুলে ফেলে ৫৯ রান। পাওয়ারপ্লে শেষে তার আর তাওহীদ হৃদয়ের জুটি জমে গিয়েছিল যখন, তখন ২০০ ছোঁয়ার একটা সম্ভাবনা জেগে উঠেছিল। তবে লিটনের ৪২ রানে বিদায়ের পর নিঃসঙ্গ হয়ে পড়েন তাওহীদ। ফিফটি পেয়ে ৪২ বলে ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেও তিনি দলকে নিয়ে যেতে পেরেছেন স্রেফ ১৬৪ পর্যন্ত।

ম্যাচটা মাহমুদউল্লাহর শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল, সে ম্যাচে বল হাতে একটা সাফল্য পেয়েছেন তিনি। আউট করেছেন সূর্যকুমারকে। এরপর ব্যাট হাতে করতে পেরেছেন মোটে ৯ বলে ৮। ক্যারিয়ারের শেষ ম্যাচে তার সঙ্গী হয় বিশাল ব্যবধানের হার।




ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে পারেনি সাদা বলের ক্রিকেটেও। টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার তাদের সামনে হোয়ইটওয়াশ এড়ানোর মিশন।

আজ শনিবার (১২ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

টানা দুই ম্যাচ হারের পর একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। গত দুই ম্যাচে ব্যর্থ পারভেজ হোসেন ইমন জায়গা হারাতে পারেন তৃতীয় টি-টোয়েন্টিতে। তার জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার লিটন দাসও সুবিধা করতে পারেননি, তবে অভিজ্ঞতার কারণে তার বিকল্প আপাতত নেই টিম ম্যানেজমেন্টের কাছে।

একাদশে জায়গা হারাতে পারেন জাকের আলি অনিকও। এই উইকেটকিপার ব্যাটারও এই সিরিজে পুরোপুরি ব্যর্থ। তার জায়গায় একজন বোলার খেলাতে পারে বাংলাদেশ। কারণ গত দুই ম্যাচে বোলিংয়ে বেশ ভুগেছে তারা। তাই বোলিংয়ে অপশন বাড়াতে পারে। সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে রাকিবুল হাসানের। এই বাঁহাতি স্পিনারের অভিষেক হতে পারে আজ।
দলে টিকে যেতে পারেন রিশাদ হোসেন। এই লেগি গত ম্যাচে বেশ খরুচে ছিলেন। তবে তার ওপর আস্থা আছে টিম ম্যানেজমেন্টের। তাছাড়া আগের ম্যাচে খেলা তিন পেসারকেই একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তানজিদ তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ (সম্ভাব্য): অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন, সূর্যকুমার যাদব, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।




বরিশাল ছেড়ে খুলনা টাইগার্সে মিরাজ

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: বিপিএলের একাদশ আসরের প্লেয়ার ড্রাফটের আর বেশি সময় বাকি নেই। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে এই ড্রাফট। তবে দলগুলো তাদের স্কোয়াড সাজানোর তোড়জোড় শুরু করেছে আগেভাগেই।

দলগুলো শেষ মুহূর্তে দেশি-বিদেশি খেলোয়াড়দের সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে। খুলনা টাইগার্সও এই সুযোগ কাজে লাগাচ্ছে।

গতবারের মতো এবারও দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সাবেক পেসার তালহা জুবায়ের। তার কোচিংয়ে খুলনা টাইগার্স গত আসরে ভালো শুরু করেছিল, কিন্তু মাঝপথে ছন্দ হারিয়ে সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল।

কোচকে ধরে রাখলেও গেল বারের অধিনায়ককে ধরে রাখছে না খুলনা। ছেড়ে দিয়েছে আগের আসরের অধিনায়ক এনামুল হক বিজয়কে। তার বদলে অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখন শুরু হয়েছে জল্পনা কল্পনা।

এরই মধ্যে দলটা এক চমক দিল। সরাসরি চুক্তির মাধ্যমে তারা ইতিমধ্যে মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে দলটা। সব ঠিক থাকলে তিনিই অধিনায়কত্ব করবেন খুলনার।

গেল বারের অধিনায়ককে ছেড়ে দিলেও দলটি গতবারের স্কোয়াড দুজনকে ধরে রাখছে। সে দুজন হলেন– স্পিনার নাসুম আহমেদ ও ব্যাটসম্যান আফিফ হোসেন।




মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে সন্ধ্যায় ভারতের মুখোমুখি বাংলাদেশ




বাংলাদেশের খেলাসহ আজ টিভিতে যা দেখবেন