মুশফিকের শততম টেস্টের মঞ্চ তৈরি, নভেম্বরে আসছে আয়ারল্যান্ড

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একটি বিশেষ মুহূর্তের অপেক্ষা। সব ঠিক থাকলে নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে অনুষ্ঠিত হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ। দেশের হয়ে এটি প্রথমবারের মতো কোনো ক্রিকেটারের জন্য মাইলফলক।
২০০৫ সালে লর্ডসে অভিষেকের পর থেকে মুশফিক দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দলের নির্ভরতার প্রতীক হিসেবে মাঠে নামছেন। মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেকের পর আজ তিনি দেশের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক।
এখন পর্যন্ত ৯৮ ম্যাচে মুশফিকুর রহিমের সংগ্রহ ৬,৩২৮ রান। তার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি, ৩টি ডাবল সেঞ্চুরি এবং ২৭টি অর্ধশতক। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার ২১৯ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশের যে কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ।
নতুন সূচি অনুযায়ী, ১১ নভেম্বর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১৯ নভেম্বর সিলেটে। আয়ারল্যান্ড মূলত ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল, তবে তারা টেস্টকে অগ্রাধিকার দিয়েছে।
এই সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ নভেম্বর, আর শেষ ম্যাচ ২ ডিসেম্বর ঢাকায়।
এর আগে, বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। অক্টোবরের মাঝামাঝি থেকে ১ নভেম্বর পর্যন্ত টাইগাররা তাদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ফাঁকা সময় থাকবে, সম্ভাব্যভাবে সেই সময়েই আয়োজন হতে পারে বিপিএলের। ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








