বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে আজ। মিরপুরে সকাল ১০টায় মাঠে গড়াবে খেলা। ইমার্জিং এশিয়া কাপে মাঠে নামবে পাকিস্তান ও ভারত।

ক্রিকেট

মিরপুর টেস্ট–১ম দিন
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
সকাল ১০টা টি স্পোর্টস ও গাজী টিভি

৩য় টি–টোয়েন্টি
যুক্তরাষ্ট্র–নেপাল
সকাল ৬টা সনি স্পোর্টস টেন ৫

ইমার্জিং এশিয়া কাপ
পাকিস্তান শাহীনস–ওমান
বিকেল ৩টা স্টার স্পোর্টস ১ ও পিটিভি স্পোর্ট l

ভারত ‘এ’–আরব আমিরাত
সন্ধ্যা ৭–৩০ মিনিট স্টার স্পোর্টস ১ ও পিটিভি স্পোর্টস

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ
নটিংহাম ফরেস্ট–ক্রিস্টাল প্যালেস
রাত ১টা স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা
ভ্যালেন্সিয়া–লাস পালমাস
রাত ১টা জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট




ফের কপাল পুড়ল দক্ষিণ আফ্রিকার, নিউজিল্যান্ডের বিশ্বকাপ জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: মাসখানেকের মাঝে আরও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারতে হলো দক্ষিণ আফ্রিকাকে। বার্বাডোজের পর দুবাই। পুরুষ ক্রিকেটের পর নারী ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার জন্য ফাইনালের স্ক্রিপ্ট আর বদল হয়নি। দুইবারই রানতাড়া করতে নেমে হারতে হলো প্রোটিয়াদের। দুবাইয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য নিউজিল্যান্ডের জয়ের গল্পটাও কম বীরত্বের না। সুজি বেটস আর সোফি ডিভাইনরা যে এই এক শিরোপার জন্য অপেক্ষা করেছেন ৯ আসর।

২০০৯ এবং ২০১০ সালে পরপর দুই বছর নিউজিল্যান্ডের নারীদের হারতে হয়েছিল বিশ্বকাপের ফাইনালে। আর দক্ষিণ আফ্রিকা এসেছিল ২০২৩ বিশ্বকাপে ঘরের মাঠে ফাইনাল হারের তিক্ততা নিয়ে। শেষ পর্যন্ত অবশ্য জয় হলো হোয়াইট ফার্নসদের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে তারা হারায় ৩২ রানের ব্যবধানে।

নিউজিল্যান্ডের বিশ্ব জয়ে আজ সবচেয়ে বড় ভূমিকা অ্যামেলিয়া কারের। ব্যাট হাতে ৪৩ রান করা অ্যামেলিয়া কার লেগ স্পিনে পরে নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ২৪ রান দেওয়া অ্যামেলিয়া কারই হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। ব্যাট হাতে ১৩৫ রান করে ও ১৫ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন কার।




বিশ্বকাপের ফাইনালসহ টিভিতে খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ (রোববার) মুখোমুখি হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। একইদিন বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড টেস্টেরও ফল আসতে পারে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-চেলসি ম্যাচসহ আরও যা থাকছে–

ক্রিকেট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ (ফাইনাল)
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
রাত ৮টা, নাগরিক ও টফি

বেঙ্গালুরু টেস্ট-৫ম দিন
ভারত-নিউজিল্যান্ড
সকাল ৯-৪৫ মি., টি স্পোর্টস, স্পোর্টস ১৮-১

জাতীয় ক্রিকেট লিগ
ঢাকা মহানগর-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রাজশাহী-খুলনা
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রংপুর-চট্টগ্রাম
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট-ঢাকা বিভাগ
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

১ম ওয়ানডে
শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ৩টা, সনি স্পোর্টস ৫

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
উলভারহ্যাম্পটন-ম্যান সিটি
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল-চেলসি
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১




শিরোপা ধরে রাখার মিশনে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আজ নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারের আসরে প্রতিটি ম্যাচেই জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।

নেপালের মাঠ বাংলাদেশের জন্য বেশ সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে আগের সাফ চ্যাম্পিয়নশিপেও তারা শিরোপা জিতেছিল। এছাড়াও অনূর্ধ্ব-২০ পুরুষ দলও এখানেই শিরোপা জিতেছে। দলের খেলোয়াড়রা ইতোমধ্যে কৃত্রিম টার্ফে প্রশিক্ষণ নিয়েছে এবং শেষ মুহূর্তে প্রাকৃতিক ঘাসের মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছে।

দলের ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার ইনজুরি কাটিয়ে এবার মাঠে ফিরছেন, যা দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে। এছাড়াও স্বপ্না, ঋতুপর্ণা ও সানজিদা ভালো খেলার প্রত্যাশা করেছেন। অন্যদিকে, পাকিস্তান তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫-২ গোলে হেরে টুর্নামেন্টের শুরুতেই চাপে রয়েছে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আশাবাদী যে দলটি আজকের ম্যাচেও তাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সক্ষম হবে।




মিরপুরে ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রায় ১১ মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সোমবার (২১ অক্টোবর) শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার টিকিটের দাম ঘোষণা করেছে, যেখানে সর্বনিম্ন ১০০ টাকার টিকিট কেটে গ্যালারিতে বসে খেলা দেখা যাবে।

বিসিবি মিরপুর টেস্টে পাঁচ ধরনের টিকিট বিক্রি করবে। পূর্ব গ্যালারিতে খেলা দেখতে সর্বনিম্ন ১০০ টাকার টিকিট প্রয়োজন। এই অংশে শেরেবাংলা স্টেডিয়ামের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতা রয়েছে। উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউসে বসে খেলা দেখতে চাইলে ৩০০ টাকার টিকিট কিনতে হবে। ভিআইপি স্ট্যান্ডে বসে দেখতে খরচ হবে ৫০০ টাকা, এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা।

বিসিবি জানিয়েছে, টেস্ট শুরুর আগের দিন থেকে টিকিট বিক্রি হবে। টিকিট স্টেডিয়ামের ১ নম্বর ফটকের পাশের বুথ থেকে কিনতে পারবেন। রোববার সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

শেরেবাংলা স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। চলতি বছর বাংলাদেশ দল দেশের মাটিতে দুটি টেস্ট খেলেছে, একটি সিলেটে এবং অপরটি চট্টগ্রামে।




বাংলাদেশ কোচ সিমন্সের দুই চ্যালেঞ্জ

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ দল যখন পাকিস্তানে টেস্ট সিরিজের জন্য সফরে ছিল তখনই বিসিবি নতুন কোচের জন্য চারধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সেই চেষ্টায় ফিল সিমন্সের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। পাকিস্তান সফরে বাংলাদেশ দল দুটি টেস্ট ম্যাচই জিতে।

বিসিবির সঙ্গে যোগাযোগ এবং বাংলাদেশের কোচ হতে নিজের আগ্রহ প্রসঙ্গে ফিল সিমন্স জানান,‘ পাকিস্তান সফরে বাংলাদেশ যখন ২-০ তে টেস্ট সিরিজ জেতে তখনই আমার আগ্রহের মাত্রা আরো বেড়ে যায়। বিশেষ করে সেই সিরিজে তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। একঝাঁক তরুণ খেলোয়াড়দের দক্ষতা, প্রতিভা ও সক্ষমতা দেখে বাংলাদেশ নিয়ে আমারও আগ্রহের মাত্রা বেড়ে যায়। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে তরুণ খেলোয়াড়রা পরিস্থিতি দারুণভাবে সামাল দেয়।’

পাকিস্তান সফর শেষে বাংলাদেশ দল ভারত সফরে যায়। সেই সফরের ফল আবার পুরো উল্টো। দুটো টেস্ট ম্যাচই হারে বাংলাদেশ প্রতিরোধ ছাড়াই। টি- টোয়েন্টি সিরিজের হারের ধরণ আরো বাজে। একতরফা ভঙ্গিতে তিনটি টি- টোয়েন্টিই জেতে ভারত। দলের সেই ব্যর্থতা প্রসঙ্গে ফিল সিমন্স বলেন, ‘টি- টোয়েন্টিতে বাংলাদেশ ওখানে ভালো করতে পারেনি। তবে মনে রাখতে হবে বাংলাদেশ সেই সিরিজ খেলেছে বিশ্ব সেরা টি- টোয়েন্টি দলের বিপক্ষে।’

বাংলাদেশের কোচের পদের চাকরি নিতে যে দুটি বিষয় সিমন্সকে সবচেয়ে বেশি আগ্রহী করে তুলে তার ব্যাখ্যায় তিনি বলেন, প্রথমত এখানকার তরুণ খেলোয়াড়দের উন্নয়নের চ্যালেঞ্জটা আমাকে আগ্রহী করেছে। দ্বিতীয়ত, টেস্ট এবং ওয়ানডে দলের দায়িত্বও আমি পাচ্ছি। এই দুটো চ্যালেঞ্জ যখন সামনে আসে তখন বাংলাদেশের কোচের দায়িত্ব নিতে হ্যাঁ বলাটা আমার জন্য আর কঠিন কিছু ছিল না।’

নতুন কোচ ফিল সিমন্স আত্মবিশ্বাসী যে এই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর একটা ভালো সুযোগ আছে বাংলাদেশ দলের সামনে। টেস্টে অবশ্য এখনো দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা পেছনের দশ বছরে উপমহাদেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। তবে দক্ষিণ আফ্রিকার এই দুর্বল পরিসংখ্যান জানলেও বাংলাদেশ এই সিরিজে এই দলকে মোটেও হালকা মেজাজে নিচ্ছে না।




মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের দলে নেই হামজা চৌধুরী

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নভেম্বরের ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল দল। তবে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলনে তুষার জানান, “নভেম্বরের ১৩ এবং ১৬ তারিখ আমরা মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবো। অন্যান্য দলের সাথে আলোচনা হয়েছিল, কিন্তু আমরা দুটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “দুটি ম্যাচ খেলতে কিছু অর্থের প্রয়োজন হবে, তবে নির্বাচনের প্রক্রিয়া তাতে কোনও বাধা সৃষ্টি করবে না। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।”

হামজা চৌধুরী সম্প্রতি ইনজুরিতে পড়েছেন এবং তার রিকভারি প্রক্রিয়া চলছে। তুষার জানান, হামজার বিষয়টি নিয়ে ফিফার সাথে আলোচনা চলছে এবং তাদের কিছু অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে।

এদিকে, ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি, তবে বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা বেশি বলে আশা প্রকাশ করেছেন তুষার।




উইন্ডিজদের বিদায় করে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০১৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। সেবারের মতো ২০২৪ বিশ্বকাপেও লড়াই হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে ৮ বছর আগের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়দের হারিয়ে এবার প্রতিশোধটা পূর্ণ করল কিউই মেয়েরা। তারা ১২৮ রানের লো স্কোরিং ম্যাচেও রোমাঞ্চ ছড়িয়ে উইন্ডিজদের বিদায় করলো ৮ রানে হারিয়ে।

শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ইনিংসে নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউইদের চেপে ধরে উইন্ডিজরা। ফলে আগে ব্যাট করতে নেমে সোফি ডিভাইনের নিউজিল্যান্ড কোনোমতে ১২৮ সংগ্রহ করতে সক্ষম হয়। তবে সেই রানকেও যথেষ্ট প্রমাণ করেছেন কিউই বোলাররা। যা তাদের ২০১০ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলে দিলো। প্রথম দুই আসরেই ফাইনাল খেলা কিউইদের স্বপ্নভঙ্গ হয়েছিল দু’বারই।

এদিন দ্বিতীয় সেমিফাইনালে উইন্ডিজ মেয়েদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতে গোছানো ক্রিকেট খেলে নিউজিল্যান্ড। ৪৮ রানে ওপেনিং জুটি ভাঙতেই অল্প সময়ে তারা তিন উইকেট হারিয়ে বসে। এরই মাঝে দুই ওপেনার সুজি বেটস ২৬, জর্জিয়া ফ্লিমার ৩৩ ও অ্যামেলিয়া কের মাত্র ৭ রান করে আউট হয়েছেন। শেষদিকে ব্রুক হ্যালিডে (১৮) ও ইসাবেলা গেজরা (২০) ঝড় তোলার চেষ্টা করেও সেটি বড় করতে পারেননি।




টিভিতে যেসব খেলা দেখবেন আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আজ (শনিবার) থেকে ফের শুরু হচ্ছে ক্লাবগুলোর ব্যস্ত সূচি। রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলোর ম্যাচ রয়েছে। বেঙ্গালুরু টেস্টে চতুর্থ দিনের খেলায় নামবে ভারত-নিউজিল্যান্ড।

ক্রিকেট
বেঙ্গালুরু টেস্ট–৪র্থ দিন
ভারত–নিউজিল্যান্ড
সকাল ৯–৪৫ মিনিট, টি স্পোর্টস ও স্পোর্টস ১৮–১

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম–ওয়েস্ট হাম
বিকেল ৫–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার ইউনাইটেড–ব্রেন্টফোর্ড
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ফুলহাম–অ্যাস্টন ভিলা
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

বোর্নমাউথ–আর্সেনাল
রাত ১০–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

জার্মান বুন্দেসলিগা
লেভারকুসেন–ফ্রাঙ্কফুর্ট
সন্ধ্যা ৭–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

বায়ার্ন মিউনিখ–স্টুটগার্ট
রাত ১০–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

সৌদি প্রো লিগ
আল ইত্তিহাদ-আল কাদিসিয়াহ
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ১

লা লিগা
সেলতা ভিগো–রিয়াল মাদ্রিদ
রাত ১টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট




সাকিব আমাকেও কয়েকবার ফোন করেছে: আসিফ নজরুল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ক্রিকেটার সাকিব আল হাসান আসন্ন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সম্প্রতি দেশে আসতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তাঝুঁকির কারণে শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

তাঁকে কেন্দ্র করে চলমান বিতর্ক নিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘সাকিব কিন্তু আমাকেও কয়েকবার ফোন করেছে। আমি তার সঙ্গে কথাও বলেছি। আমি বলেছি, ও যেন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলে, এটা তো আমার ব্যাপার না।’

গতকাল বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথাগুলো বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘সাকিবের মতো খেলোয়াড় বাংলাদেশের ইতিহাসে আসে নাই। সাকিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। কিন্তু বর্তমানে রাজনীতির কারণে তার জনপ্রিয়তা কমে গেছে।’

তিনি আরও বলেন, ‘এ রকম একটা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্তি… যখন মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ঘরে ঘরে ক্ষোভ, তখন সাকিব একটা পোস্ট দিয়েছে “এনজয়িং মাই লাইফ ইন…”। এটা কি সম্ভব?’

এ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, ‘সাকিবের যেসব আচরণ, যেমন জুয়া, বেটিং ও উচ্ছৃঙ্খল আচরণ, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মনে হয়, এটার জন্যও শেখ হাসিনা সরকার দায়ী। সরকার একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করেছে, যে যন্ত্রে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন।’

দুই দিন পর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে সাকিব আল হাসানের নাম ছিল। কিন্তু তাঁর জায়গায় আজ বাঁহাতি স্পিনার হাসান মুরাদের নাম ঘোষণা করেছে বিসিবি।