একদিনে দু’বার অলআউট হয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: একদিকে পুরো দেশ ব্যস্ত বাংলাদেশ নারী দলের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা উৎসবে। অন্যদিকে, মুদ্রার সম্পূর্ণ বিপরীত চিত্র বাংলাদেশ ক্রিকেটে। ঢাকার ছাদখোলা বাসে মেয়েদের সেই উচ্ছ্বাসে মাতোয়ারা সাধারণ মানুষ, আর চট্টগ্রামে রাজ্যের বিষাদ নামিয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল। বাংলাদেশকে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে দক্ষিণ আফ্রিকা।

মিরপুর টেস্টের পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে চরম ব্যর্থতা দেখিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগের ম্যাচ হারায় দ্বিতীয় ও শেষ টেস্টে কেবল তারা ধবলধোলাই এড়াতে পারত। আরও একবার বেহাল ব্যাটিংয়ে সেটিকে অসম্ভব প্রমাণ করেছেন শান্ত-মুশফিক ও সাদমান ইসলামরা। দুটি ইনিংসেই বাংলাদেশের তাড়না ছিল যেন কত দ্রুত ম্যাচটি শেষ করা যায়! দক্ষিণ আফ্রিকার টেল-এন্ডার ব্যাটাররাও যেখানে সেঞ্চুরি ও ফিফটি করেছে, সেখানে টাইগাররা কত দ্রুত আউট হওয়া যায় সেই প্রতিযোগিতায় নেমেছিল!

তৃতীয় দিনে বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে ১৬ উইকেট হারিয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে। তবে অল্পের জন্য বেঁচে গেছে সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট হার থেকে। এর আগে রেকর্ড সর্বোচ্চ ইনিংস ও ৩১০ রানের ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেটি ছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রাকালে। আজকের হারটি সে হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ লজ্জার রেকর্ড। সেটিও সম্ভব হতো না টেল-এন্ডারে হাসান মাহমুদ ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা অলআউট হয়েছে ১৪৩ রানে।




ছাদখোলা বাসে নারী ফুটবল দলের বিজয় প্যারেড শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল ছাদখোলা বাসে চড়ে বাফুফের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার পর ঢাকার রাস্তায় হাজারো সমর্থক তাদের বরণ করে নিতে হাজির হন।

আজ দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা ঢাকায় পা রাখেন। সংবাদকর্মীদের সামনে কথা বলেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। এরপর ফুটবলাররা বাসে উঠে বাফুফের দিকে যাত্রা করেন।

এই বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে চলে যাবে, এরপর এফডিসির সামনে এসে সাতরাস্তায় নামবে। এরপর মগবাজার ফ্লাইওভারে উঠবে এবং কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ ও শাপলা চত্বর হয়ে শেষে বাফুফে ভবনে পৌঁছাবে।

বাফুফে ভবনে আনুষ্ঠানিকতা হবে, যেখানে আরও সমর্থক উপস্থিত থাকবেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের বরণ করে নেবেন।

বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে, গত বুধবার কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে এই সাফল্য অর্জন করে।

 




আফগানিস্তান সিরিজে থাকছেন না সাকিব!

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কদিন ধরেই হচ্ছিল।

সাকিব প্রসঙ্গে গতকাল গণমাধ্যমে কথা বলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছিলেন আসন্ন সিরিজে সাকিবের অ্যাভেইলেবল থাকার কথা। তবে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে বোর্ড সভাপতি সাকিবের না খেলারই আভাস দিলেন।

দলে ফিরতে সাকিবের আরেকটু সময় দরকার বলে মত বিসিবি সভাপতি ফারুক আহমেদের। তিনি বলেন, ‘সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নাই ও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।’




মুমিনুলের ফিফটিতে মান বাঁচানোর চেষ্টায় বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: তৃতীয় দিনের প্রথম সেশনে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটারদের এমন ব্যর্থতায় ফলোঅনের শঙ্কায় পড়েছে দল। যদিও তাইজুল ইসলাম ও মুমিনুল হক চেষ্টা করছেন দলকে টেনে তুলতে। ইতোমধ্যেই ব্যক্তিগত ফিফটি পেয়েছেন মুমিনুল।

লাঞ্চ বিরতির আগে পর্যন্ত ৩৭ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে বাংলাদেশ। এখনও দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪৩৮ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

৪ উইকেটে ৩৮ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। গতকাল ঠিক যেখানে শেষ করেছিল স্বাগতিকরা, আজ ঠিক সেখান থেকেই শুরু করেছে। দিন বদলালেও বাংলাদেশের পারফরম্যান্সে বদল আসেনি। আজ আর ১০ রান যোগ করতেই আরো চার ব্যাটারকে হারিয়েছে তারা। সবমিলিয়ে দলীয় ফিফটির আগেই সাজঘরে ফিরেছেন ৮ ব্যাটার।

গতকালের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক আজ দিনের শুরু করেন। ব্যাট হাতে অফফর্মে থাকা বাংলাদেশ ব্যাটার সকালে বেশিক্ষণ টিকতে পারলেন না। কাগিসো রাবাদার বাইরে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন। তিনি ফিরেছেন ৯ রানে।

অভিজ্ঞ মুশফিক উইকেটে এলেন আর গেলেন। মাঝে টিকতে পেরেছেন কেবল ২ বল। ড্যান প্যাটেরসনের বলে ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন তিনি। মুশফিক ডাক খেয়ে ফিরলে উইকেটে আসেন মেহেদি হাসান মিরাজ। ইনফর্ম এই ব্যাটার ৩ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি।

মিরাজ ফেরার এক বল পরই মাহিদুল ইসলাম অঙ্কনকেও ফিরিয়েছেন রাবাদ। অভিষেক ইনিংসে সিলভার ডাক খেয়েছেন তিনি। তাতে ৪ উইকেটে ৪৬ থেকে ২ রান যোগ করতেই আরো ৪ উইকেট হারায় বাংলাদেশ। অঙ্কনকে আউট করে ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন রাবাদা।

৪৮ রানে ৮ উইকেট হারানোর পর দলকে খাদের কিনারা থেকে টেনে তুলার চেষ্টা করছেন মুমিনুল ও তাইজুল। দুজনে মিলে নবম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ৮৯ রান যোগ করেছেন তারা। মুমিনুল ৭৬ বলে ফিফটি স্পর্শ করেছেন।

এই টেস্টে ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে প্রথম ইনিংসে অন্তত ৩৭৬ রান করতে হবে।




বাংলাদেশের খেলাসহ টিভিতে যা দেখবেন

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন আজ। মেয়েদের বিগ ব্যাশ লিগ ও সৌদি প্রো লিগে আছে একটি করে ম্যাচ।

চট্টগ্রাম টেস্ট–৩য় দিন
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
সকাল ১০টা , গাজী টিভি ও টি স্পোর্টস

মেয়েদের বিগ ব্যাশ লিগ
সিডনি থান্ডার–হোবার্ট হারিকেন্স
দুপুর ২-১৫ মিনিট , স্টার স্পোর্টস সিলেক্ট ১

টেনিস: প্যারিস মাস্টার্স
শেষ ষোলো পর্ব
বিকেল ৪টা , সনি স্পোর্টস টেন ৫

সৌদি প্রো লিগ
আল ইত্তিহাদ–আল আহলি
রাত ১২টা , সনি স্পোর্টস টেন ২

এইচজেএস




সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

চন্দ্রদ্বীপ নিউজ :: নেপালে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ অক্টোবর) স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ নারী দল।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এক অভিনন্দন বার্তায় বলেন, এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছো।

এদিকে বুধবার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এতে আরও বলা হয়, শিরোপা জয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এরপর মুঠোফোনেও তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

এছাড়াও সাফজয়ী নারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। নারীদের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবিও।

উল্লেখ্য, ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে।




টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। গোলের জন্য মরিয়া দুই দলই বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তারই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা। সেখান থেকে তিনি প্লেসিংয়ে গোল করেন।

তবে সেটি টিকেছে কেবল ৩ মিনিট। আমিশা কার্কির গোলে স্বাগতিক নেপালও সমতায় ফেরে। মধ্যমাঠ থেকে দারুণ থ্রু পাস ঠেলেন সতীর্থ আমিশাকে। সেখানে বাংলাদেশের ডিফেন্স পরাস্ত হয়। আগুয়ান গোলরক্ষক রুপ্না চাকমাকে পরাস্ত করেন আমিশা। ১-১ সমতা নিয়ে জমে উঠেছে সাফের ফাইনাল। স্বাগতিক প্রায় ২০ হাজার দর্শকের শোরগোল সেই রোমাঞ্চ আরও বাড়িয়ে তোলে।




৫৭৭ রানে ইনিংস ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

চন্দ্রদ্বীপ ডেস্ক: মিরপুরের উইকেটে বোলাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পেয়েছিলেন। তবে চট্টগ্রামে দাপট দেখালেন প্রোটিয়া ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিন ব্যাটার। বাংলাদেশি বোলারদের ভুগিয়ে রীতিমতো রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।

নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেছেন টনি ডি জর্জি। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন ট্রিস্টিয়ান স্টাবস ও উইয়েন মুল্ডার। বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।

২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেন টনি ডি জর্জি। সেটাকে দেড়শতে নিয়ে যেতে খুব একটা বেগ পেতে হয়নি প্রোটিয়া ওপেনারের। দিনের ৮ ওভার শেষ হতেই পেয়ে যান দেড়শ রানের দেখা। তাইজুল ইসলামকে চার মেরে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ড্যাডি সেঞ্চুরি।

দ্বিতীয় ওভারে হাসানের বলে বেডিংহামকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচেছেন তিনি। এরপর স্ট্যাম্পিংয়ের আবেদনও ছিল তার বিপক্ষে। সেখানেও বেঁচে গিয়েছেন তিনি। দিনের প্রথম ৯ ওভার শেষে উঠেছে ৩৫ রান। ডি জর্জির দেড়শ রানের পর ফিফটি তুলে নেন বেডিংহাম। অবশ্য চারশর ঠিক আগেই তাইজুলের স্পিন বাংলাদেশ শিবিরে এনে দেয় আনন্দের উপলক্ষ্য।




চারশ পেরিয়ে লাঞ্চে প্রোটিয়ারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। রান হয়েছে ১০৬। বাংলাদেশ উইকেট নিয়েছে ৩টি। দক্ষিণ আফ্রিকা ওভারপ্রতি রান তুলেছে ৩.৬৬ করে। দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের পক্ষে মনে হলেও আপাতত এই টেস্টে অনেকটাই পিছিয়ে আছে টাইগাররা। ৫ উইকেট হারালেও দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে জমা করে ফেলেছে ৪১৩ রান।

আগের দিনের মতো এদিনও বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটশিকারী তাইজুল ইসলাম। পূরণ করেছেন ফাইফার। মিরপুর টেস্টের পর চট্টগ্রামেও পেলেন ৫ উইকেট।

২ উইকেটে ৩০৭ রানে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। সঙ্গে আরও একবার বাংলাদেশের জন্য লম্বা দিনের বার্তা। ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেছেন টনি ডি জর্জি। সেটাকে দেড়শতে নিয়ে যেতে খুব একটা বেগ পেতে হয়নি প্রোটিয়া ওপেনারের। দিনের ৮ ওভার শেষ হতেই পেয়ে যান দেড়শ রানের দেখা। তাইজুল ইসলামকে চার মেরে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ড্যাডি সেঞ্চুরি।




বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: টানা দ্বিতীয়বার আঞ্চলিক শ্রেষ্ঠত্বের সাফ শিরোপা ঘরে আনতে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশের নারী দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল। এছাড়া ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম টেস্টে মাঠে নামবে।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ
ফাইনাল
বাংলাদেশ–নেপাল
সন্ধ্যা ৬–৪৫ মিনিট, কান্তিপুর ম্যাক্স এইচডি ইউটিউব চ্যানেল

ক্রিকেট

চট্টগ্রাম টেস্ট–২য় দিন
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
সকাল ১০টা, গাজী টিভি ও টি স্পোর্টস

মেয়েদের বিগ ব্যাশ লিগ
ব্রিসবেন হিট– মেলবোর্ন রেনেগেডস
দুপুর ২–১০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট

ফুটবল

ইন্ডিয়ান সুপার লিগ
হায়দরাবাদ–মোহনবাগান
রাত ৮টা, স্পোর্টস ১৮–১

ডাচ এরেডিভিজি
ফেইনুর্ড–আয়াক্স
রাত ১১টা, ইউরোস্পোর্ট