সিরিজ বাঁচানোর ম্যাচে রেকর্ড অক্ষত রাখার লড়াই বাংলাদেশের

চন্দ্রদ্বীপ ডেস্ক: টানা জয়ের সুখস্মৃতি নিয়েই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যদিও ব্যাটিং সহায়ক উইকেটে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে না পারার মাশুল গুণতে হয়েছে ৫ উইকেটের হার দিয়ে।
প্রথম ওয়ানডেতে ২৯৪ রানের পুঁজি গড়েও ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারীরা। ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে ক্যারিবীয়রা। ওইদিন ব্যাটিং অর্ডারের চারে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংসটা খেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১০১ বল খরচায় এই রান করেন তিনি। যদিও হারের পর কাঠগড়ায় মিরাজের টেস্ট মেজাজের ব্যাটিং।
তিন ম্যাচ সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টিম টাইগার্সের। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
প্রথম ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাদের টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের ইতি ঘটেছে। এ ছাড়া টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ডটাও হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এ সময় ঘরের মাঠে দু’টি এবং ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে টাইগাররা। রেকর্ড ধরে রাখতে ও সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।








