রিশাদের দুর্দান্ত ফিনিশিং, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে চিটাগং কিংসের প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ১৯৫ রানের লক্ষ্য ছুঁয়ে ইতিহাস গড়ল বরিশাল।

ফাইনালে উত্তেজনার পরিপূর্ণ ম্যাচ

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস। জবাবে, ১৯.৩ ওভারে ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল, যা বিপিএল ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

উড়ন্ত সূচনা ফরচুন বরিশালের

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক তামিম ইকবাল ও তাওহিদ হৃদয় ৭৬ রানের দারুণ জুটি গড়েন। তামিম মাত্র ২৫ বলে অর্ধশতক তুলে নেন। তবে নবম ওভারে শরিফুল ইসলামের বলে তামিম (৫২) ও ডেভিড মালান (১) ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বরিশাল। হৃদয়ও বড় ইনিংস খেলতে পারেননি, ২৮ বলে ৩২ রান করেন।

রিশাদের ব্যাটে নাটকীয় সমাপ্তি

শেষদিকে ফরচুন বরিশালের জয়ের পথ মসৃণ করেন রিশাদ হোসেন। ৬ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে শিরোপা এনে দেন এই তরুণ ক্রিকেটার।

চিটাগং কিংসের দুর্দান্ত ব্যাটিং

এর আগে চিটাগং কিংসের হয়ে ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে দারুণ সূচনা এনে দেন। বিপিএল ফাইনালে প্রথমবারের মতো এক দলের দুই ওপেনার অর্ধশতক হাঁকান। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তোলে চিটাগং। ইমন ৩০ বলে হাফ-সেঞ্চুরি করেন, আর নাফে ৪৪ বলে ৬৬ রান করেন।

তবে নাফে ফিরে যাওয়ার পরেও ইমন ও গ্রাহাম ক্লার্ক চিটাগংয়ের রানের গতি ধরে রাখেন। ক্লার্ক ২৩ বলে ৪৪ রান করেন, তবে রান আউট হয়ে ফিরে যান। ইমন অপরাজিত থাকেন ৪৯ বলে ৭৮ রান করে।

মোহাম্মদ আলির দুর্দান্ত বোলিং

চিটাগং কিংসের রান আরও বড় হতে পারতো, কিন্তু ফরচুন বরিশালের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেন। বিশেষ করে পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ১ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বরিশালের অবিস্মরণীয় জয়

ফাইনালে রেকর্ড রান তাড়া করে জয় তুলে নিয়ে বিপিএলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল ফরচুন বরিশাল। বিশেষ করে রিশাদ হোসেনের শেষ মুহূর্তের দুর্দান্ত ব্যাটিং এই জয়ে বড় অবদান রাখে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যেতে চান তামিম

বিপিএল ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, যদি তারা চ্যাম্পিয়ন হতে পারে, তবে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবেন। তিনি তার আশা ব্যক্ত করে বলেন, “অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি; ইচ্ছা আছে লঞ্চে করে বরিশাল যাব। আমার মনে হয় (এর আগে) কোনো কারণে যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই যাব।”

তামিম ইকবাল আরও বলেন, “আমরা খুবই ভাগ্যবান যে, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা; যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি, গ্রুপপর্ব হোক বা কোয়ালিফায়িং হোক, বরিশালের দর্শক সবসময় ছিল। আমরা অনেক ভাগ্যবান।”

এবারের বিপিএলে বরিশালের সমর্থকরা অনেক বড় ভূমিকা পালন করেছে। প্রতিটি ম্যাচে শেরে বাংলার গ্যালারি বরিশাল সমর্থকদের আগ্রহে ভরে উঠেছে, আর গ্যালারিতে “বরিশাল-বরিশাল” ধ্বনিতে পুরো স্টেডিয়াম কেঁপে ওঠে।

তামিম আশা প্রকাশ করেছেন যে, ৭ ফেব্রুয়ারি ফাইনালে বরিশাল সমর্থকরা গগনবিদারি চিৎকার, করতালি ও স্লোগানে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামকে মাতিয়ে তুলবে। তিনি বলেন, “ফরচুন বরিশাল ক্যাপ্টেন হিসেবে আমি খুবই ভাগ্যবান, কারণ আমাদের সাপোর্টাররা সবসময় আমাদের পাশে ছিল।”

এদিকে, তামিমের এই আকাঙ্ক্ষা এবং সমর্থকদের উচ্ছ্বাস বিপিএল ফাইনালে বরিশালের বিশেষ জয়গানের মতো পরিবেশ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সুমাইয়াকে হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাতসুসিমা সুমাইয়া। তিনি আজ (মঙ্গলবার) একটি ফেসবুক স্ট্যাটাসে গত কয়েকদিন ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। যা নিয়ে বেশ ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন সুমাইয়া। কোচ পিটার বাটলারকে ১৮ জন নারী ফুটবলার বয়কট করেছেন। এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে ইংরেজি চিঠি লেখার পর থেকেই এমন আক্রমণের শিকার হচ্ছেন তিনি।

সুমাইয়ার এই স্ট্যাটাসের পর ক্রীড়াঙ্গনে ঝড় উঠেছে। বেশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাগরিক সমাজও। সুমাইয়ার স্ট্যাটাসের ঘণ্টা ছয়েক পর বাফুফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে। মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সুমাইয়াকে দেওয়া হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে উল্লেখ রয়েছে বাফুফে।

সুমাইয়াকে নিয়ে বাফুফের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মাতসুসিমা সুমাইয়াকে লক্ষ্য করে হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে। বাফুফে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। কোনো ক্রীড়াবিদকে তাদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য অপব্যবহারের সম্মুখীন হতে হবে না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বাফুফে এখনও কোনো থানায় জিডি বা আইনি পদক্ষেপ নেয়নি। সমালোচনা এড়াতে শুধু বিবৃতিতেই সীমাবদ্ধ, নাকি সামনে আনুষ্ঠানিকভাবে কোনো আইনী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার বিষয়। নারী ফুটবলাররা কোচের বিপক্ষে বিদ্রোহ ঘোষণার পর থেকে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন। অনেক কুরুচিপূর্ণ মন্তব্যও আসছে সামাজিক মাধ্যমে, যা নারী ফুটবলের সংকট আরও ঘনীভূত করছে। সাধারণ ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে এ নিয়ে একটি বিবৃতির প্রয়োজন থাকলেও, তা যেন বাফুফের কাছে এখনও নিষ্প্রয়োজনীয় বিষয়!



আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ, মুখোমুখি চিটাগং কিংস ও খুলনা টাইগার্স।

বিপিএল: ২য় কোয়ালিফায়ার

চিটাগং-খুলনা
সন্ধ্যা ৬-৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি

এসএ-২০: এলিমিনেটর
জোবার্গ-ইস্টার্ন কেপ
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস ১

ডালাস ওপেন
ভোর ৫টা, ইউরোস্পোর্ট

আমরো ওপেন
বিকেল ৪-৩০ মি., ইউরোস্পোর্ট

 




বরিশালের ‘লঞ্চে’ নিশাম, থামাবে কে?

বিপিএল ২০২৫-এ হেসেখেলেই ফাইনালে উঠে এসেছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের শুরু থেকে তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত, এবং কোয়ালিফায়ার পর্যন্ত পৌঁছাতে তাদের বেশি কষ্ট করতে হয়নি। দলের ক্রিকেটাররা নিজেদের খেলায় যা বিশ্বাসযোগ্যতা দেখিয়েছেন, তার ফলস্বরূপ ফাইনালে তারা এখন শক্তিশালী অবস্থানে রয়েছে।

এখন দলের শক্তি আরও বাড়ানোর জন্য আসছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। তার যোগদান নিশ্চিতভাবে বরিশালের শক্তি বাড়াবে, তবে প্রশ্ন রয়ে গেছে, নিশাম কাকে সরিয়ে খেলবেন?

ফরচুন বরিশালের শক্তি তাদের পরিচিত ক্রিকেটারদের মধ্যে। গত কয়েক ম্যাচে কাইল মায়ার্স, ডেভিড ম্যালান, মোহাম্মদ নবী এবং মোহাম্মদ আলী দারুণ পারফর্ম করেছেন। বিশেষ করে, ডেভিড ম্যালান ৮ ম্যাচে ১৫৭ স্ট্রাইক রেটে ৩১৫ রান করেছেন, আর মায়ার্স দলের মূল পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সফলভাবে পারফর্ম করছেন।

এমন অবস্থায়, প্রশ্ন উঠেছে, নিশাম কোন জায়গায় খেলবেন? বিশেষ করে, মায়ার্সের জায়গায় তাকে খেলানো হবে কিনা, তা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। মায়ার্সও ইতোমধ্যেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে পারফর্ম করে আসছেন।

আরেকটি সম্ভাবনা হল, নবীর জায়গায় নিশামকে খেলানো হতে পারে। নবী এবারের বিপিএলে ১০ ম্যাচে ৬৩ রান এবং ৮টি উইকেট নিয়েছেন, তবে তার পারফরম্যান্স সেভাবে চোখে পড়েনি। এমন পরিস্থিতিতে, জিমি নিশামকে তার জায়গায় নেওয়া ঝুঁকিপূর্ণ হলেও, দলের পক্ষে উপকারি হতে পারে।

গত মৌসুমে, নিশাম রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এবং মিরপুরে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তার সেই পারফরম্যান্স এখনো মনে রাখা হয়, যা তাকে বরিশালের জন্য একটি শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত করতে সহায়তা করবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




চিটাগংকে উড়িয়ে সবার আগে ফাইনালে বরিশাল

চিটাগং কিংসকে হারিয়ে প্রথম দল হিসেবে বিপিএল ২০২৫-এর ফাইনালে পৌঁছেছে ফরচুন বরিশাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে তামিম ইকবালের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এক-sided জয় লাভ করে তারা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে চিটাগং কিংস সংগ্রহ করে ১৪৯ রান। দলের একমাত্র আস্থার প্রতীক ছিলেন শামীম হোসেন পাটোয়ারী, যিনি ৪৭ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে, পুরো ইনিংসে একাধিক বোলিং দাপটের মাঝে বিশেষ করে মোহাম্মদ আলী এবং কাইল মায়ার্স চিটাগংয়ের ব্যাটিংকে বিপর্যস্ত করে ফেলেন।

ফরচুন বরিশালের লক্ষ্য ছিল ১৫০ রানের, যা তারা সহজেই ১৬ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে অর্জন করে ফাইনালে পৌঁছে যায়। তামিম ইকবাল এবং তাওহীদ হৃদয়ের উদ্বোধনী জুটির ৫৫ রানের পার্টনারশিপে তারা শুরুর দিকে ভালো অবস্থানে পৌঁছায়। তবে তামিম ২৬ বলে ২৯ রান করে আউট হয়ে যান, যখন তিনি খালেদ আহমেদের বলে খাওয়াজা নাফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

চিটাগংয়ের ইনিংস শুরু থেকেই বেশ সমস্যায় পড়েছিল। প্রথম ৫ ওভার ৩ বলে তারা হারায় ৪ উইকেট। কাইল মায়ার্সের বোলিং তোপে পাকিস্তানি ব্যাটসম্যান খাওজানাফ এবং গ্রাহাম ক্লার্ক আউট হন। এরপর, মোহাম্মদ আলী বোল্ড করে দেন অধিনায়ক মোহাম্মদ মিথুনকে, আর হায়দার আলীও ইবাদত হোসেনের বলেই দ্রুত আউট হয়ে যান।

এখন পরিস্থিতি সামাল দেন পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারী। পঞ্চম উইকেটে তারা ৪৮ বল খেলে ৭৭ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে ইমন ৩৬ বলে ৩৬ রান করে বিদায় নেন রিশাদ হোসেনের বল থেকে। তার বিদায়ের পর একাই লড়াই করেন শামীম, যার মারকুটে ব্যাটিং দলকে ১৪০ এর গণ্ডি পার করায়। দলীয় ১৪৪ রানে শামীম ৪ ছক্কা এবং ৯ চারে ৭৯ রান করে মোহাম্মদ আলীর বলে আউট হন।

ফরচুন বরিশালের বোলিং আক্রমণে মোহাম্মদ আলী ছিলেন সবচেয়ে কার্যকর। তিনি একাই ৫ উইকেট নেন, তার মধ্যে ৪টি উইকেট তিনি ১৯তম ওভারে তুলে নেন। এছাড়া, কাইল মায়ার্স ২টি, আর এক করে উইকেট নেন ইবাদত হোসেন ও রিশাদ হোসেন।

ফাইনালে পৌঁছানোর জন্য বরিশাল এবার অপেক্ষা করছে পরবর্তী কোয়ালিফায়ারের জয়ী দলের।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিপিএল অভিষেকেই রেকর্ড গড়লেন বরিশালের পাকিস্তানি পেসার আলী

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২০২৫-এর অভিষেকে এক নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে রেকর্ড গড়লেন ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। তার অসাধারণ বোলিংয়ে এক ওভারে ৪ উইকেট তুলে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল-এর প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে এক ওভারে চারটি উইকেট তুলে নিয়েছেন আলী, যা তাকে বিপিএলে এক ওভারে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডধারী বোলার বানিয়েছে। এই পারফরম্যান্সটি তার ক্যারিয়ার সেরা বোলিংও বটে। চার ওভারে ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি, যা এক কথায় অসাধারণ।

বিপিএলে এই কীর্তি আগে কখনও দেখা যায়নি। চিটাগংয়ের ইনিংসের ১৯তম ওভারে আলী ২ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন। প্রথম বলেই তিনি বোল্ড করে দেন সৈয়দ খালেদ আহমেদকে, যিনি ৮ বলে ১ রান করেছিলেন। এরপর শামীম হোসেন পাটোয়ারীকে তিনি আউট করেন বড় শট খেলার চেষ্টায়, ইবাদত হোসেনের হাতে ক্যাচ দিয়ে। শামীম ৪৭ বলে ৭৯ রান করেন। এরপর, শেষ দুই বলে আরাফাত সানি ও আলিস আল ইসলামকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন আলী।

বিপিএলে এক ওভারে ৪ উইকেট নেওয়ার রেকর্ডটি আলীর নামে হওয়ার পর, তার এই কীর্তি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। বিপিএল-এর অভিষেক ম্যাচে বরিশাল এই দুর্দান্ত বোলিংয়ের পর চিটাগং কিংসকে ১৪৯ রানে থামাতে সক্ষম হয়।

এদিকে, চিটাগং কিংস শিরোপাধারী ফরচুন বরিশালের বিপক্ষে ৯ উইকেটে ১৪৯ রান করে ম্যাচটি হারিয়েছে। ফলে, এখন তাদের সামনে আরও একটি সুযোগ রয়েছে ফাইনালে পৌঁছানোর জন্য, যা তারা আগামী বুধবার খুলনা টাইগার্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে পেতে পারে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  স্বপ্নের মতো এক শুরু ছিল রংপুর রাইডার্সের। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল তারা। এমন শুরুর পর শেষের বাস্তবতা হয়তো কল্পনাও করেনি রাইডার্সরা! গ্রুপ পর্বের শেষ চার ম্যাচে টানা হারে এলিমিনেটরে জায়গা হয় তাদের। এলিমিনেটরে ‘ডু অর ডাই’ ম্যাচ হওয়ায় মাঠে নামার আগে স্কোয়াডের শক্তি বাড়ায় রংপুর। নতুন করে তিন বিদেশি তারকাকে উড়িয়ে আনা হয়। আন্দ্রে রাসেল-টিম ডেভিডদের অন্তর্ভুক্তিতে ফেভারিট তকমা নিয়েই আজ মাঠে নেমেছিল রাইডার্সরা। তবে মাঠের পারফরম্যান্সে সেটার কোনো ছাপই রাখতে পারল না তারা।

খুলনা টাইগার্সের স্পিন জালে ফেসে চোখে সর্ষে ফুল দেখেছেন রংপুরের ব্যাটাররা। নাসুম আহমেদ-মেহেদি হাসান মিরাজদের ঘূর্ণিতে রীতিমতো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা রাইডার্সদের! প্রথম সারির পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এমনকি পুরো ইনিংসে মাত্র দুই ব্যাটার তা করতে পেরেছেন। ব্যাটিং ব্যর্থতায় এলিমিনেটরেই থামতে হলো এক সময়ের টেবিল টপারদের। ৯ উইকেটের জয়ে কোয়ালিফায়ারে ওঠল খুলনা।
৮৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই মিরাজকে হারায় খুলনা। ইনফর্ম এই ব্যাটারের ব্যর্থতার পরও জয় পেতে খুলনাকে খুব বেশি বেগ পেতে হয়নি। দ্বিতীয় উইকেট জুটিতে অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে বাকি পথটা দাপটের সঙ্গেই পাড়ি দিয়েছেন নাঈম শেখ।

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন নাঈম। অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিতে নাঈমের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে অপরাজিত ৪৮ রান। আর রস অপরাজিত ছিলেন ২৭ বলে ২৯ রান করে।

এর আগে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন রংপুর অধিনায়ক নুরুল হাসান। ব্যাট করতে নেমে মহাবিপদে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। ইনিংসের দ্বিতীয় বলে সিঙ্গেল নিতে গিয়ে জেমস ভিন্সের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েন সৌম্য। পরের ওভারে নাসুমের শিকার হয়ে ফিরেছেন ভিন্স। ৭ বলে মোটে ১ রান করতে পেরেছেন এই ব্যাটার।

পরপর দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরতে পারেননি সাইফ হাসান ও শেখ মেহেদীরা। নাসুম আহমেদের দারুণ এক ডেলিভারিতে স্ট্যাম্প উপড়ে গেছে মেহেদীর। পরের ওভারে খুলনা কাপ্তান মেহেদী হাসান মিরাজের বলে মোহাম্মদ নেওয়াজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফও। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০ বলে ৪ রান।

আজ ব্যাটিংয়ে কিছুটা ওপরের দিকে খেলার সুযোগ পেয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনিও। হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ হয়েছেন। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। এক চারের মারে ৮ বলে ৮ রানে থেমেছে তার লড়াই। টপ-অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় রংপুর।

অধিনায়ক নুরুল হাসান সোহান দলকে টেনে তোলার চেষ্টায় ছিলেন। মিরাজের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২৩ রান। প্লে-অফের জন্য উড়িয়ে আনা হয়েছিল ক্যারিবীয় ব্যাটিং দানব আন্দ্রে রাসেলকে। সেই সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার টিম ডেভিড। দুজনই ব্যর্থ হয়েছেন। ডেভিড করেছেন ৯ বলে ৭ রান। রাসেল ৯ বলে ৪ রান করেন।

শেষ দিকে লড়াই চালিয়েছেন আকিফ জাভেদ। ১৮ বলে ৩২ রানের ঝলমলে ইনিংস খেলে দলের রানটাকে ৮৫ পর্যন্ত টেনে নেন আকিফ। খুলনার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। ১টি করে উইকেট শিকার করেন হাসান মাহমুদ, মোহাম্মদ নওয়াজ এবং মুশফিক হাসান।




টিভি পর্দায় আজকের খেলার সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিপিএলে প্লে-অফ পর্ব শুরু আজ। এলিমিনেটরে মুখোমুখি রংপুর ও খুলনা, প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি বরিশাল ও চিটাগং।

বিপিএল: এলিমিনেটর
রংপুর-খুলনা
বেলা ১-৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি

বিপিএল: ১ম কোয়ালিফায়ার
বরিশাল-চিটাগং
সন্ধ্যা ৬-৩০ মি., টি স্পোর্টস ও গাজী টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ
চেলসি-ওয়েস্ট হাম
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১




বিপিএলের প্লে-অফে ৪ দল চূড়ান্ত, দেখুন সময়সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ৪২ ম্যাচের লিগপর্ব শেষে চূড়ান্ত লড়াইয়ের দোরগোড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বর্তমানে টিকে আছে আর ৪টি দল। এক মাসের লড়াই শেষে বাকি ৪ দল ছিটকে গেছে। টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এ ছাড়া যথাক্রমে চিটাগাং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের শেষ চার নিশ্চিত হয়েছে।

সর্বশেষ দল হিসেবে গতকাল প্লে-অফ নিশ্চিত করে মেহেদী হাসান মিরাজের খুলনা। তাদের সঙ্গে লড়াইটা ছিল চলতি বিপিএলের সবচেয়ে আলোচিত-সমালোচিত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর। দুই দলই সমান ৬ জয়ে ১২ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে এগিয়ে থাকায় পরের পর্বের টিকিট কেটেছে ‍খুলনা। বিপরীতে বেশ কয়েকদিন আগেই লিগপর্বের শেষ ম্যাচ খেলা রাজশাহীর বিদায় নিশ্চিত হলো গতকাল।

টানা ৮ জয়ে এবার দুর্দান্ত মৌসুমের আভাস দেওয়া রংপুর রাইডার্স লিগপর্বের শেষ চার ম্যাচেই হেরেছে। ‍নুরুল হাসান সোহানের দলটিকে হারিয়েই প্লে-অফে ওঠে খুলনা। বিপিএলের প্রথমদিকে টানা টেবিলে দাপট দেখানো রংপুর শেষ চার খেলবে তৃতীয় নম্বর দল হিসেবে। যদিও তাদের সমান ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চিটাগাং। মোহাম্মদ মিঠুনের দলটির নেট রানরেট বেশি।

বিপিএলের প্লে-অফ ও ফাইনালের সময়সূচি
তারিখ  ম্যাচ  সময়
৩ ফেব্রুয়ারি রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স (এলিমিনেটর) দুপুর ১–৩০ মিনিট
৩ ফেব্রুয়ারি ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংস (প্রথম কোয়ালিফায়ার) সন্ধ্যা ৬–৩০ মিনিট
৫ ফেব্রুয়ারি এলিমিনেটরে বিজয়ী বনাম প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল (দ্বিতীয় কোয়ালিফায়ার) সন্ধ্যা ৬–৩০ মিনিট
৭ ফেব্রুয়ারি ফাইনাল (প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী) সন্ধ্যা ৭টা